দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ

হুথি যোদ্ধাদের প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে
Published
পড়ার সময়: ৪ মিনিট

সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। অন্যদিকে, লোহিত সাগর উপকূলের জেদ্দা বন্দরের কাছে একটি হুথি ড্রোন ধ্বংস করার দাবি করেছে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

ইয়েমেনের একটি বন্দরে সৌদি হামলার জবাবে হুথিরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও তীব্র আকার ধারন করেছে।

এদিকে, দুবাইয়ের ৫০ নটিক্যাল মাইল পশ্চিমে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় একটি বিস্ফোরণের খবর পেয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন যে, জেদ্দা এবং জাজান বন্দরে তাদের চালানো হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের লোহিত সাগর উপকূলের হোদাইদাহ বন্দরে হামলা চালানোর কথা জানিয়েছিল।

অন্যদিকে, হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জাজান বন্দরে এসে পড়ার বিষয়ে জানান সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এ বিষয়ে লেখেন তিনি।

এ ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক নিহত বা আহত হননি বলেও জানান মি. মালিকি। নিক্ষেপ করা ওই বস্তুটির প্রকৃতি নির্ধারণের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

সৌদি সামরিক জোট এক বিবৃতিতে জানিয়েছে, জেদ্দা বন্দরের কাছে ড্রোনটি বিধ্বস্ত হলেও এর কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

ক্ষতিগ্রস্ত একটি ঘরের সামনে দিয়ে দুই ব্যক্তি হেটে যাচ্ছেন
ছবির ক্যাপশান, পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি বাড়ছে (ফাইল ছবি)
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

হুথিরা এর আগে সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং অর্থনৈতিকভাবে রিয়াদের গুরুত্বপূর্ণ জেলাকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল।

জেদ্দা বন্দর সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অন্যতম প্রধান বন্দর এবং এটি দেশের অভ্যন্তরে পণ্য ও কন্টেইনার চলাচলের একটি প্রধান কেন্দ্র।

এদিকে, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে যে, তারা সংযুক্ত আরব আমিরাতের জলসীমায়, দুবাইয়ের ৫০ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ঘটনার বার্তা পেয়েছে।

এই প্রতিবেদন অনুসারে, ওই এলাকায় থাকা একটি তেল ট্যাঙ্কারের ক্যাপ্টেন জানিয়েছেন যে, কোনো অজ্ঞাত বস্তুর আঘাতের কারণে জাহাজটির কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইউকেএমটিও সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে একটি তেল ট্যাঙ্কারের ক্যাপ্টেনের উদ্ধৃতি দিয়ে বলেছে যে, জাহাজটির কাছে একটি অজ্ঞাত বস্তুর আঘাতে বিস্ফোরণটি ঘটে।

তবে, ট্যাংকারটির সব নাবিক নিরাপদে আছেন এবং তাদের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া, জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি বা পরিবেশ দূষণের খবরও পাওয়া যায়নি বলেও জানানো হয়।

সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এবং ইয়েমেন এর হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র আকার ধারন করেছে।

ইয়েমেনের হুথিরা বুধবার জানিয়েছে যে, তারা রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের আর্থিক জেলায় হামলা চালিয়েছে। যদিও হুথিদের একটি ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি আরব।

অবশ্য, স্যাটেলাইট চিত্রে আনুমানিক ৬০০ বর্গ কিলোমিটার আয়তনের ওই স্থাপনাটির ওপর ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে।

এর আগে সৌদিআরবের বিমানবন্দরেও হামলা চালিয়েছিল হুথিরা (ফাইল ছবি)
ছবির ক্যাপশান, এর আগে সৌদিআরবের বিমানবন্দরেও হামলা চালিয়েছিল হুথিরা (ফাইল ছবি)

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার ঘোষণা করেছে যে, তারা সৌদি আরবের লোহিত সাগর উপকূলে জেদ্দা বন্দরের কাছে একটি হুথি ড্রোন ধ্বংস করেছে।

যার কিছুক্ষণ পরেই ইয়েমেনের হুথিরা ঘোষণা দেয় যে, ইয়েমেনের একটি বন্দরে সৌদি আরবের হামলার জবাবে তারা সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালিয়েছে।

হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের লোহিত সাগর উপকূলের হোদাইদাহ বন্দরে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরেই, এই হামলাগুলো চালানো হয়।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট- হোদাইদাহ, সা'দা ও আমরান অঞ্চলে অভিযানের দায় স্বীকার করার পর, লোহিত সাগর উপকূলের সৌদি বন্দরগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছিল হুথিরা।

হুথি সামরিক মুখপাত্র হাইয়া সারি এক বিবৃতিতে জানিয়েছিলেন যে, "সৌদি জোট যদি হোদাইদাহ বন্দরে বোমা হামলা করে, তাহলে জেদ্দা বন্দর এবং লোহিত সাগর উপকূলের সব সৌদি বন্দর আমাদের বাহিনীর লক্ষ্যবস্তু হবে।"

সৌদি বন্দরগুলোতে কর্মরত ব্যাক্তিদেরকে অবিলম্বে সেখান থেকে সরে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি।

"আমরা এই বন্দরগুলোতে এবং এর আশপাশে কর্মরত কর্মচারী ও শ্রমিকদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে এবং দূরে থাকতে সতর্ক করছি," বলেন মি. সারি।

এছাড়াও, হুথিরা শিপিং কোম্পানিগুলোকে এই বন্দরগুলো থেকে অবিলম্বে তাদের জাহাজ সরিয়ে নেওয়ারও আহ্বান জানায়।