পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো কেন কোনো দেশ দাবি করে না?

পৃথিবীর সেসব ভূখন্ড যেটি কারো মালিকানাধীন নয়
ছবির ক্যাপশান, পৃথিবীর বেশিরভাগ অংশই শুষ্ক স্থলের চেয়ে মহাসাগরেই ঢাকা বেশি
    • Author, লিজি ম্যাকনিল এবং জস ম্যাক ম্যান
    • Role, বিবিসি নিউজ, মুন্ডো
  • Published
  • পড়ার সময়: ৮ মিনিট

যুদ্ধ বা সংঘাতের সময় স্থল ও জলপথ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সবসময়ই বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে। ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালির সার্বভৌমত্ব নিয়ে চলমান সামুদ্রিক বিরোধ এরই সাম্প্রতিক কিছু উদাহরণ।

এত কিছুর মাঝে কখনো কি আপনার মনে হয়েছে, পৃথিবীতে এমন কোনো জায়গা আছে কী, যেটি কারও নয়?

পৃথিবীর কোনো এক কোণে বা স্থানে এমন একটি চমৎকার রোমান্টিক গল্প রয়েছে, যেটির ওপর কারও কোনো দাবি থাকতে পারে না!

দৈনন্দিন জীবনের হতাশাগ্রস্ত খবরের শিরোনাম আর নানা চাপের বাইরে অদ্ভুত এক শান্তির ঠিকানা।

আদতে এমন কোনো জায়গা বাস্তবে এখনো টিকে আছে কী না, সে বিষয়ে কথা হয়েছিল ব্রিটিশ ইউটিউব জুটি ম্যাপমেন এর সদস্য ও ভূতাত্ত্বিক মার্ক কুপার-জোন্সের সাথে।

"পৃথিবীর উপরিভাগের ঠিক কতটুকু অংশ কারও মালিকানাধীন নয়, সেটি খুবই কৌতূহলোদ্দীপক একটি প্রশ্ন, কিন্তু এর পুরোটাই নির্ভর করে বিষয়টিকে ঠিক কীভাবে উপস্থাপন করছেন আপনি সেটির ওপর," সতর্ক করে বলেন তিনি।

এর কারণ হলো পৃথিবীর বেশিরভাগ অংশই শুষ্ক স্থলের চেয়ে মহাসাগরেই ঢাকা বেশি। তাই মহাসাগর দিয়েই শুরু করাটাই সম্ভবত সবচেয়ে ভালো হবে।

কুপার-জোন্স বলেন, "যে কোনো দেশের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭০ কিলোমিটার) দূরে গেলেই আপনি এমন এক এলাকায় পৌঁছে যাবেন, যাকে বলা হয় উন্মুক্ত সাগর।"

"আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী, এই উন্মুক্ত সাগর মূলত সমগ্র মানবজাতির কল্যাণের জন্য উন্মুক্ত। সেখানে যে কেউ মাছ ধরতে পারেন কিংবা বৈজ্ঞানিক গবেষণা চালাতে পারেন," বলেন এই ভূ-তাত্তিক।

সমুদ্রের মালিক কেউ হতে পারে না, এই ধারণাটি সপ্তদশ শতাব্দী থেকেই প্রচলিত রয়েছে।

সেসময় ডাচ স্কলার হুগো গ্রোশিয়াস ল্যাটিন ভাষায় 'মারে লিবেরাম' নামে একটি প্রবন্ধ লিখেছিলেন যেটির অর্থ 'ফ্রি সি বা উন্মুক্ত সাগর'।

তিনি যুক্তি দেখিয়েছিলেন যে, আপনি কেবল সেটিরই মালিক হতে পারেন, যেটি ধ্বংস বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

কিন্তু মহাসাগর এতোই বিশাল যে এটি কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। এভাবেই আন্তর্জাতিক জলসীমার ধারণার জন্ম হয় এবং এখানে পৃথিবীর এক বিশাল অংশের কথাই আলোচনা করছি।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম বা বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) তথ্য অনুযায়ী, পৃথিবীর মোট ভূ-পৃষ্ঠের প্রায় ৪৩ শতাংশই এই দলের অন্তর্ভূক্ত।

কিন্তু ড্রাই ল্যান্ড বা শুকনো ভূমির কী হবে? এমন কোনো জায়গা আছে কী- যেটির প্রকৃত কোনো মালিক নেই?

চলুন এবার আরেকটি ল্যাটিন শব্দ জেনে আসি।

বর্তমানে টেরা নুলিয়াস বলতে সাধারণত এমন একটি এলাকাকে বোঝানো হয়, যেটি কোনো দেশ দাবি করে না এবং যেটি কোনো স্বীকৃত সরকারের সার্বভৌমত্বের অধীনেও নেই
ছবির ক্যাপশান, বর্তমানে টেরা নুলিয়াস বলতে সাধারণত এমন এলাকাকে বোঝায়, যেটি কোনো দেশ দাবি করে না

টেরা নুলাস

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

ভূগোলবিদ কুপার জোন্স ব্যাখ্যা করেন, 'টেরা নুলাস' বা নো-ল্যান্ড বা জনশূন্য ভূমি কেবল একটি নাম নয় বরং এটি এমন একটি নীতি যার মাধ্যমে যে কেউ এমন জমি দাবি করতে পারেন যা আগে কখনো অন্য কেউ দাবি বা দখল করেনি।

কুপার জোন্স বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, "এই ধারণাটি কিছু বিতর্কিত উপায়ে ব্যবহার করা হয়েছিল, বিশেষ করে কলোনিয়াল এক্সপান্সন অথবা ঔপনিবেশিক সম্প্রসারণের যুগে ব্যবহৃত হয়েছিল।"

"যদিও ঔপনিবেশিক অঞ্চলগুলোতে অনেক মানুষের বসবাস ছিল কিন্তু যেহেতু তারা নিজেদের জন্য কোনো স্বীকৃত রাষ্ট্র গড়ে তোলেনি, তাই সেই অঞ্চলগুলোকে টেরা নুলিয়াস বা দখলমুক্ত ঘোষণা করা হতো যাতে এটি প্রমাণ করা যায় যে সেগুলো দখলের জন্য উন্মুক্ত রয়েছে।"

তিনি আরো বলেন, "এমনকি আজো আপনি এমন মানচিত্র খুঁজে পাবেন যেখানে পুরো আফ্রিকাকে টেরা নুলিয়াস হিসেবে দেখানো হয়েছে। যদিও সেখানে বহু মানুষের বসবাস ছিল।"

"এটা এরকম বলার মতো ছিল যে, এই জায়গাটি ব্রিটেন, স্পেন বা অস্ট্রিয়ার মতো দেখতে নয়, তাই হয়তো আমরা এটি রেখে দিতে পারি।"

বর্তমানে টেরা নুলিয়াস বলতে সাধারণত এমন একটি এলাকাকে বোঝানো হয়, যেটি কোনো দেশ দাবি করে না এবং যেটি কোনো স্বীকৃত সরকারের সার্বভৌমত্বের অধীনেও নেই।

কিন্তু বর্তমানে প্রায় সবকিছুই কারো না কারো মালিকানাধীন। এর ব্যতিক্রম কেবল কয়েকটি ছোট অঞ্চল এবং একটি বিশাল ব্যতিক্রম রয়েছে।

মেরি বার্ড'স ল্যান্ড

এ ধরনের সবচেয়ে বড় এলাকাটি রয়েছে অ্যান্টার্কটিকায়, যেটির আয়তন এক দশমিক ছয় মিলিয়ন স্কয়ার কিলোমিটার বা ১৬ লাখ বর্গকিলোমিটারেরও বেশি।

এই এলাকাটি কোনো দেশ দাবি করেনি এমনকি কারো নিয়ন্ত্রণেও নেই। এই এলাকাটির নাম ল্যান্ড অফ মেরি বার্ড এবং এই নামের পেছনেও একটি গল্প রয়েছে।

বিষয়টি ব্যাখ্যা করে কুপার-জোন্স বলেন, "প্রায় একশো বছর আগে মার্কিন নৌ-বাহিনীর ক্যাপ্টেন ও অ্যান্টার্কটিকার একজন অভিযাত্রী রিচার্ড বার্ড এর নামকরণ করেছিলেন।"

"বরফে ঢাকা এই বিশাল বুনো এলাকার মধ্যে দিয়ে ভ্রমণের সময় তার স্ত্রী মেরি তাকে নিয়মিত চিঠি লিখতেন। তিনি তার স্ত্রীর নামানুসারে সবচেয়ে দুর্গম এলাকাটির নামকরণ করেন," বলেন কুপার-জোন্স।

তিনি বলেন, "তাই যদি এই বিশাল এলাকার ওপর কারো কোনো দাবি থেকে থাকে, তাহলে সেটি মেরি বার্ডের। কিন্তু তিনি মারা গেছেন প্রায় ৬০ বছর হয়ে গেছে।"

১৯৫৯ সালে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে বরফে ঢাকা এই মহাদেশে নতুন করে আঞ্চলিক দাবি জানানো বন্ধ হয়ে যায় এবং বিশেষ করে শান্তি ও বিজ্ঞানের জন্য নিবেদিত একটি আন্তর্জাতিক ব্যবস্থার অধীনে এই এলাকাকে নিয়ে আসা হয়।

কিন্তু যে সাতটি দেশ আনুষ্ঠানিকভাবে তাদের আঞ্চলিক দাবি পেশ করেছিল, তারাও কখনো মেরি বার্ড ল্যান্ডের ওপর কোনো দাবি জানায়নি।

এই দেশগুলোর মধ্যে রয়েছে, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, চিলি, ফ্রান্স, নিউজিল্যান্ড, নরওয়ে এবং যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র বা রাশিয়া কেউই মেরি বার্ডস ল্যান্ডের দাবিদার নয়।

যদিও তারা এই ভূমির প্রতি তাদের দাবির ভিত্তি বজায় রেখেছে এবং ভবিষ্যতে দাবি জানানোর অধিকার নিজেদের কাছে সংরক্ষিত রেখেছে।

তাহলে কেন এখনো এই এলাকাটির কোনো মালিকানা নেই?

ভূগোলবিদ কুপার-জোন্স ব্যাখ্যা করে বলেন, এর একটি কারণ হলো, এলাকাটি খুবই দুর্গম স্থানে অবস্থিত।

তিনি বলেন, "অ্যান্টার্কটিকার মানদণ্ডে বিচার করলেও এটি অ্যান্টার্কটিকা থেকেও অনেক দূরের একটি জায়গা। এর উপকূলীয় এলাকা অন্য কোনো অঞ্চলের কাছাকাছি নয়, দক্ষিণ আমেরিকার শেষ প্রান্ত থেকেও নয়, অস্ট্রেলিয়া থেকেও নয় এবং অন্য কোথাও থেকে তো নয়ই।"

তিনি বলেন, "ওই এলাকায় পৌঁছানো খুবই কঠিন। মানচিত্র তৈরির কাজে নিয়োজিত জাহাজগুলো ছাড়া খুব কম জাহাজই এই এলাকার ওপর দিয়ে যাতায়াত করে।"

"পরিস্থিতি এখনও এমনই রয়েছে। তবে যখনই সেখানে খুব মূল্যবান কিছু পাওয়া যাবে কিংবা অ্যান্টার্কটিকার বরফের স্তর গলতে শুরু করবে, তখন আপনি নিশ্চিত থাকতে পারেন যে হঠাৎ করেই এই এলাকাটি কোনো না কোনো সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে," বলেন এই ভূগোলবিদ।

অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় সমস্ত ভূখণ্ডই কোনো না কোনো দেশের অংশ। কিন্তু এখানে দুইটি উল্লেখযোগ্য ব্যতিক্রম রয়েছে, যেগুলো ভূ-রাজনীতির এক অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্য।

এগুলোর অস্তিত্ব টিকে থাকার একমাত্র কারণ হলো, এর সাথে জড়িত দেশগুলো বৃহত্তর সুবিধা পাওয়ার আশায় এই অঞ্চলগুলোর ওপর নিজেদের দাবি ছেড়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে।

লিবারল্যান্ডের প্রেসিডেন্ট তার দাবি করা ভূখণ্ড পরিদর্শনের সময়
ছবির ক্যাপশান, ২০১৫ সালে চেক রাজনীতিবিদ ভিট জেডলিকা এই ভূমিতে 'লিবারল্যান্ড' প্রতিষ্ঠা করেন

বির তাওইল

মিশর এবং সুদানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই বির তাওইল। এক শতাব্দীরও বেশি সময় আগে ব্রিটিশরা এই দেশ দুইটির মাঝে ভিন্ন দুইটি সীমান্ত রেখা টেনেছিল।

আর এ কারণেই এলাকাটি এক অদ্ভুত জটিল পরিস্থিতিতে পড়েছে। ১৮৯৯ সালে প্রথম সীমানা নির্ধারণ করা হয়েছিল। সেটি ছিল একদম সোজাসাপ্টা।

কুপার-জোন্স বেশ কৌতুক করে বলেন, "আমরা সোজা দাগ টানতে বেশ ওস্তাদ ছিলাম।"

এরপর ১৯০২ সালে ব্রিটিশরা একটি পৃথক প্রশাসনিক সীমানা তৈরি করতে চেয়েছিল।

"এ যাত্রায় তারা আরো একটু সৃজনশীল উপায় অবলম্বন করেছিল। তারা একটি বাঁকানো রেখা তৈরি করে যেটি এস আকৃতির মতো। এটি প্রথম রেখা থেকে নিচের দিকে নেমে আবার ওপরের দিকে বাঁক নিয়েছে," ব্যাখ্যা করে বলেন কুপার-জোন্স।

এর ফলে যেটি দাঁড়িয়েছিল সেটি হলো, দুই দেশই পৃথক দুইটি সীমানাকে সঠিক বলে স্বীকৃতি দেয়। আর এই দুইটির মাঝখানে রয়েছে "হালায়েব ট্রায়াঙ্গেল বা হালায়েব ত্রিভুজ"। এটি বসবাসের উপযুক্ত জমির একটি অংশ।

প্রথম সীমান্ত রেখা অনুযায়ী, এটি মিশরের অংশ আর দ্বিতীয় রেখা অনুযায়ী, এটি সুদানের অংশ।

কিন্তু দ্বিতীয় সীমান্ত রেখাটি আরো ছোট ও কম মূল্যবান একটি এলাকাও রেখে দিয়েছিল। সেটির নাম বির তাওইল। এখানেই রয়েছে এক মজার প্যাঁচ।

ব্রিটিশদের তৈরি ওই এস আকৃতির সীমান্তের কারণে, কোনো দেশ যদি বির তাওইলের ওপর মালিকানা দাবি করে, তাহলে তাকে হালায়েব ত্রিভুজের ওপরের দাবি ছেড়ে দিতে হবে।

কিন্তু উভয় দেশই হালায়েবের মালিকানা দাবি করে। আর দুই দেশই বির তাওইলের দাবি অস্বীকার করে। ফলে বাস্তবে, বির তাওইল নামেই টেরা নুলিয়াস বা মালিকানাবিহীন ভূমি হিসেবে রয়ে গেছে।

কিন্তু কেউ যদি এটি পাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কী হবে?

২০১৪ সালে জেরেমি হ্যাটন নামের এক ব্যক্তি নিজের ভাগ্য পরীক্ষা করতে সেখানে গিয়েছিলেন।

কুপার-জোন্স বলেন, "তিনি একজন আমেরিকান ছিলেন, যিনি সেখানে পৌঁছেছিলেন। তিনি মরুভূমিতে তার পতাকা ওড়ান। এরপর একটি সংবাদ অনুষ্ঠানে গিয়ে ঘোষণা দেন যে, তিনি এখন একটি নতুন দেশের মালিক।"

তিনি বলেন, "এই এলাকাটি তিনি দখল করেছিলেন যাতে তার মেয়ে একজন সত্যিকারের রাজকন্যা হতে পারে। এই কথা শুনে তিনি নিশ্চয়ই বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন।"

"আমার মনে হয় না জেরেমি তার নতুন দেশের জন্য আন্তর্জাতিকভাবে বিশেষ কোনো স্বীকৃতি পেয়েছেন। কিন্তু আরো কিছু মানুষ রয়েছে যারা এক পা বাড়িয়ে এটি দখলের চেষ্টা করেছে," বলেন কুপার-জোন্স।

গার্নিয়া সেগা

টেরা নুলিয়াস বা মালিকানাবিহীন ভূমির দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে।

১৯৪৫ সালে এই দেশ দুইটির মধ্যকার আনুষ্ঠানিক প্রশাসনিক সীমানা নির্ধারিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং সদ্য প্রতিষ্ঠিত সমাজতান্ত্রিক ফেডারেল রিপাবলিক অব যুগোস্লাভিয়ার আমলেই এটি ঘটেছিল।

এই সীমানাটি ছিল একটি প্রাকৃতিক সীমানা, দানিউব নদী। তবে এর সীমানা নির্ধারণ করা হয়েছিল ১৯ শতকের পুরোনো অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের ভূমি রেকর্ডের মানচিত্র অনুযায়ী।

এই মানচিত্রগুলোর হালনাগাদ করা হয়নি। সেগুলোতে নদীর পুরোনো আঁকাবাঁকা গতিপথই দেখানো হয়েছিল। কিন্তু দার্শনিক হেরাক্লিটাসের বক্তব্য অনুযায়ী, নদীর গতিপথ তো বদলাতেই থাকে। এই ক্ষেত্রে আরো বড় পরিবর্তনটি হয়েছিল।

উনিশ শতকের শেষের দিকে এবং বিংশ শতকের শুরুর দিকে নদীকে সরল পথে নিতে এবং জলপথে পরিবহন সহজ করার জন্য বড় বড় প্রকৌশল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল।

কুপার জোন্স বলেন, "এর ফলে ক্রোয়েশিয়ার প্রচুর ভূখণ্ড কমে যেত আর সার্বিয়া প্রচুর ভূখণ্ড পেয়ে যেত। ক্রোয়েশিয়া বলে, নদীর পুরোনো সেই আঁকাবাঁকা গতিপথই হলো সীমানা, যেখানে এখন আর পানি প্রবাহিত হয় না। অন্যদিকে সার্বিয়া বলে, নদী এখন যে পথ দিয়ে প্রবাহিত হয়ে চলেছে, সেটিই হলো সীমানা।"

কিন্তু নদীটি বেশ সোজা পথে প্রবাহিত হওয়ার কারণে ক্রোয়েশিয়ার অংশের দিকে ছোট একটি জমির টুকরো বাদ পড়ে যায়। এটিই গোর্নিয়া সেগা নামে পরিচিত।

কিন্তু বির তাওইলের মতোই, এই এলাকার মালিকানা দাবি করার অর্থ হলো, দানিউব নদীর নতুন গতিপথকেই সীমানা হিসেবে মেনে নেওয়া।

এর মানে দাঁড়াত, যে ভূখণ্ডগুলো সার্বিয়ার ভাগে চলে গেছে, সেগুলোর ওপর থেকে নিজেদের সব দাবি চিরতরে ছেড়ে দেওয়া। এর ফলে, দুই দেশই দাবি করে যে এই জমিটি অন্য কোন দেশের অধীনে।

আর এভাবেই এটিও আরেকটি টেরা নুলিয়াস বা মালিকানাবিহীন ভূমিতে পরিণত হয়। কেউ কি কখনো এই ভূমি দাবি করার চেষ্টা করেছে?

হ্যাঁ, ২০১৫ সালে চেক রাজনীতিবিদ ভিট জেডলিকা এই ভূমিতে 'লিবারল্যান্ড' প্রতিষ্ঠা করেন। এটি উদারনৈতিক মতাদর্শে অনুপ্রাণিত একটি ছোট মডেল রাষ্ট্র, যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।

"এই ৭০০ হেক্টর এলাকার প্রেসিডেন্ট হিসেবে তিনি নিজেকে ঘোষণা করেছেন। নাগরিকত্বের জন্য প্রায় দশ ডলার ফি নেয় তারা এবং তাদের হাজারেরও বেশি নাগরিক রয়েছে। তাই তারা বেশ ভালোভাবেই ব্যবসা চালিয়ে যাচ্ছে," বলেন কুপার-জোন্স।

তিনি আরো বলেন, "তবে তারা যখনই তাদের এই 'দেশে' প্রবেশ করার চেষ্টা করে তখনই ক্রোয়েশীয় পুলিশ তাদের গ্রেফতার করে। তাদেরকে দুই রাত জেলেও কাটাতে হয়েছে। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে তারা এই ব্যবসা থেকে বেশ ভালো টাকা কামাচ্ছে।"

লিবারল্যান্ড আন্তর্জাতিক আইনের শর্তগুলো পূরণ করতে পারে সেই চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে।

বিশেষ করে মন্টেভিডিও কনভেনশনের শর্ত, যেখানে বলা হয়েছে, একটি কার্যকরী রাষ্ট্র হিসেবে বিবেচিত হতে হলে কোনো ভূখণ্ডের স্থায়ী জনসংখ্যা থাকতে হবে।

লিবারল্যান্ড সরকার তাদের অফিসিয়াল ফোরামে বেশ গর্বের সাথে দাবি করে, ২০২৩ সালের অগাস্ট মাসে সেখানে জনবসতি স্থাপন শুরু হয়েছে এবং এই কাজ এখনো চলমান রয়েছে।

কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার ক্যামেরা সেখানকার এক সম্পূর্ণ ভিন্ন চিত্রই তুলে ধরে। গোর্নিয়া সেগা এলাকাটি ইউরোপীয় ইউনিয়নের একটি বহিঃসীমানায় অবস্থিত।

তাই ক্রোয়েশীয় সীমান্ত পুলিশ সেখানকার স্থল ও জলপথের চলাচল কঠোরভাবে নজরদারি করে। লিবারল্যান্ডের স্থায়ী কোনো স্থাপনা তৈরির প্রতিটি প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায় যখন ক্রোয়েশীয় পুলিশ তাদের অস্থায়ী ক্যাম্পগুলো ধ্বংস করে দেয়।

যদিও লিবারল্যান্ড একটি সমৃদ্ধ ডিজিটাল দেশ, যেটি কেবল এর নাগরিকদের মনেই বেঁচে আছে।

কিন্তু বাস্তবে এই দেশ এখনো একটি টেরা নুলিয়াস বা মালিকানাবিহীন ভূমি হিসেবেই রয়ে গেছে।

সুতরাং, পৃথিবীর মোট ভূখণ্ডের প্রায় ৪৩ শতাংশই মালিকানাবিহীন, যার সিংহভাগই হলো জলরাশি।

অ্যান্টার্কটিকার সেই বিশাল বরফে আবৃত ভূখণ্ডসহ সমস্ত মালিকানাবিহীন স্থলভাগ পৃথিবীর মোট পৃষ্ঠের এক তৃতীয়াংশেরও কম।