লাইভ , বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করার পরও বুধবার সকালে সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. শেখ হাসিনার বাংলাদেশে যাওয়ার বিষয়টি সাবেক প্রধানমন্ত্রীর এবং বাংলাদেশ সরকারের বিষয়: জয়সওয়াল

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
    ছবির ক্যাপশান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে যাওয়ার বিষয়টি তার ও বাংলাদেশ সরকারের বিষয়।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে যেতে চাওয়ার বিষয়টি প্রত্যপর্ণ চুক্তির বাইরের বিষয় বলেও তিনি মন্তব্য করেন।

    বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব উত্তর দেন।

    মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে একজন সাংবাদিক জানতে চান, ''শেখ হাসিনাকে বাংলাদেশ যে প্রত্যপর্ণ চেয়েছে, সেই বিষয়ে কোনো আপডেট আছে কিনা?''

    এই প্রশ্নের জবাবে মি. জয়সওয়াল বলেন, ''প্রত্যপর্ণ ইস্যুতে আমি আগে যেমনটা বলেছিলাম, বাংলাদেশ থেকে যে অনুরোধ এসেছে, সেটা আমাদের বর্তমানে প্রচলিত নিয়মকানুনের সাথে মিলিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। কোনো ক্ষেত্রে কোনো নাগরিক যদি স্বইচ্ছায় ট্রাভেল ডকুমেন্ট নিয়ে নিজ দেশে ফেরত যেতে চান, সেটা প্রত্যপর্ণ চুক্তিতে থাকা অনুরোধের বাইরের বিষয়।''

    আরেকজনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ''শেখ হাসিনার বাংলাদেশে যাওয়ার বিষয়টি সাবেক প্রধানমন্ত্রীর এবং বাংলাদেশ সরকারের বিষয়।''

    সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ''বাংলাদেশে নড়াইলের মতো কিছু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, সেই বিষয়ে ভারতের অবস্থান কি? সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বলেছেন, এসব বিষয় সেখানে সমস্যা তৈরি করছে। তিনি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে জানিয়েছেন। এ নিয়ে বাংলাদেশের সাথে কি ভারতের কোনো কথাবার্তা হচ্ছে?''

    জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ''বাংলাদেশে যেসব সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা ঘটছে, তাতে অবশ্যই আমরা উদ্বিগ্ন। এসব ঘটনা যথাযথভাবে তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই।''

    আরেকজন সাংবাদিক জানতে চান, গঙ্গা পানি চুক্তি ইস্যুতে যৌথ নদী কমিশনের আওতায় সর্বশেষ বৈঠক হয়েছে ঢাকায়। সেটাই শেষ বৈঠক বলে আমাদের জানানো হয়েছে। তাহলে এই পানি চুক্তির ভবিষ্যৎ কি?

    মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ''এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা করার একটি প্রচলিত কাঠামো রয়েছে। আমাদের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে, যারা আন্তঃসীমান্ত সব নদী নিয়ে কাজ করে, যার মধ্যে গঙ্গাও রয়েছে।''

    সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, ''সম্প্রতি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, টন টন বিস্ফোরক ও অন্যান্য অস্ত্র নিয়ে বাংলাদেশের মোংলা বন্দরগামী একটি জাহাজ তারা আটক করেছে। এসব বিস্ফোরক কাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল? ভারতের সরকার কি এই বিষয়ে কিছু জানে?''

    এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ''আমরাও এই ধরনের কিছু প্রতিবেদন দেখেছি। এক্ষেত্রে আমাদের স্বার্থের বিষয় বিবেচনায় রেখে আমরা পুরো ঘটনার দিকে নজর রাখছি এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।''

  2. বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    শুল্ক আরোপের হার
    ছবির ক্যাপশান, ইউরোপীয় ইউনিয়ন এবং ১৩টি দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

    বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

    নিজেদের অন্যতম প্রধান কয়েকটি বাণিজ্যিক অংশীদারের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন নিয়ে ‘সেকশন ৩০১’ তদন্তের পর এই শুল্ক আরোপ করা হচ্ছে।

    এর আওতায় থাকা দেশগুলো হলো, বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান এবং ভারত।

    বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে আলাদা আলাদা শুল্কহার প্রযোজ্য হবে।

    তবে বাংলাদেশের ওপর নতুন করে কত শুল্ক আরোপ করা হচ্ছে, তা এখনো ঘোষণা করা হয়নি।

    সবচেয়ে বেশি হারে শুল্কের মুখে পড়েছে চীন, যার হার “সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত”, এরপরে ভিয়েতনামের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত, এবং বাকিগুলোর ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

    তবে প্রেসিডেন্ট ট্রাম্প আগে যে শুল্কসীমায় সম্মত হয়েছিলেন, তার কারণে এসব শুল্কের কয়েকটি কার্যত কিছুটা কমে আসবে।

    বর্তমানে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে গত জুলাই মাসে আরোপ করা অতিরিক্ত ১০ শতাংশ শুল্কসহ ২৫.৬২ শতাংশ শুল্ক দিতে হয়।

  3. সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে স্যাটেলাইট ছবিতে

    সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে স্যাটেলাইট ছবিতে
    ছবির ক্যাপশান, সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরা

    সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের অর্থনৈতিক এলাকায় হামলার দাবি করেছে ইয়েমেনি হুতিরা।

    হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, শোধনাগারে ওই হামলার ফলে আগুন লেগেছে, আর রিয়াদের অর্থনৈতিক এলাকাকে তিনটি ধাপে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

    সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরা এবং দেশটির অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র।

    এর আগে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা এলাকায় চারটি ড্রোন ধ্বংস করেছে।

    নাসার ফায়ার ট্র্যাকিং সিস্টেমে রাস তানুরার শিল্প এলাকায় তাপমাত্রা বৃদ্ধির তথ্য ধরা পড়েছে।

    বার্তা সংস্থা রয়টার্স কালো ধোঁয়ার কুণ্ডলীর একটি স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে এবং ধারণা করেছে যে কালো ধোঁয়ায় আক্রান্ত এলাকার আয়তন প্রায় ৬০০ বর্গকিলোমিটার (২৩০ বর্গমাইল)।

  4. চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত

    ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান
    ছবির ক্যাপশান, ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের পারচৌকা ঈদগাহ মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন-চারজন।

    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, নিহত টমাস উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একটি পদে ছিলেন। ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত হন তিনি।

    বুধবার বিকেলে এই ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ওই এলাকাটি একটি সীমান্তবর্তী এলাকা।

    শিবগঞ্জ থানার ওসি মি. রহমান জানান, বিকেল পাঁচটায় এখনও সেখানে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী।ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

  5. সাড়ে চার লাখের বেশি ভোটার বেড়ে এবার ইউপি নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

    নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন

    ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাড়ে চার লাখের বেশি নতুন ভোটার যুক্ত হওয়ায় দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪০ জন।

    বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

    তিনি জানান, গত ৩১শে অক্টোবর পর্যন্ত সময়ে যাদের বয় ১৮ বছর বা তার বেশি হয়েছে এবং ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

    গত ৩১শে অগাস্টের পর চার লাখ ৫২ হাজার ১০৬ জন নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।

    এ বছর পাঁচ ধাপে চার হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

    আগামী ২১শে জানুয়ারি প্রথম ধাপে, চৌঠা ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে, ২৯শে এপ্রিল তৃতীয় ধাপে, ১৩ই মে চতুর্থ ধাপে এবং ২৭শে মে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

  6. বেসরকারি আবাসনে প্লট পেতে ঢাকায় একজন ক্রেতাকে অতিরিক্ত সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করতে হয়

    জমি
    ছবির ক্যাপশান, ঢাকায় একজন ক্রেতাকে প্রতি কাঠায় প্রায় সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় করতে হয়

    রাজধানী ঢাকায় বেসরকারি আবাসন প্রকল্পে প্লট ক্রেতার কাছ থেকে চুক্তি হওয়ার পরেও দাম বাড়িয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। একজন ক্রেতাকে প্রতি কাঠায় মোট মূল্যের বাইরে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় করতে হয়।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) এর ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

    এতে বলা হয়েছে, অনেক সময় চুক্তি সম্পন্ন হওয়ার পর প্লটের মূল্য বাড়িয়ে প্লট ক্রেতার কাছে অতিরিক্ত অর্থ দাবি করা হয় এবং না দিলে প্লট হস্তান্তর না করার হুমকি দেওয়া হয়।

    টিআইবির গবেষণায় দেখা গেছে, উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, ইউটিলিটি চার্জ ইত্যাদি বাবদ বিভিন্ন খাতে প্লট হস্তান্তর পর্যন্ত একজন ক্রেতাকে প্রতি কাঠায় মোট মূল্যের বাইরে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় বহন করতে হয় যা আধুনিক ও বিলাসবহুল আবাসন প্রকল্পের ক্ষেত্রে বহুলাংশে বৃদ্ধি পায়।

    তবে প্লটের আকার বৃদ্ধির সঙ্গে এই ব্যয় একই অনুপাতে বৃদ্ধি পায় না, কারণ কিছু ব্যয় প্লটপ্রতি নির্ধারিত আবার কিছু ব্যয় প্লটের আয়তনের সঙ্গে পরিবর্তিত হয় বলে টিআইবির গবেষণায় উল্লেখ করা হয়েছে।

  7. ট্রাইব্যুনালের আসামিদের আশ্রয় দিলেও শাস্তি হতে পারে: প্রধান কৌঁসুলি

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম ব্রিফ করছেন (পুরনো ছবি)

    বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় দিলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। এক্ষেত্রে আশ্রয়দাতার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিয়ে বিচার ও শাস্তির সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

    বুধবার তিনি সাংবাদিকদের বলেন, “কোনো অপরাধীকে যদি কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান আশ্রয় এবং প্রশ্রয় দেয়, এটি সেই আশ্রয়দাতা এবং প্রশ্রয়দাতা ব্যক্তির বা সংগঠনের একটি ব্যক্তিগত দায় এবং এটার জন্য দণ্ডবিধিতে, বাংলাদেশ পেনাল কোডের একটা সুস্পষ্ট অপরাধ।"

    "সেই জন্য আলাদা বিচারের সম্মুখীন করা যেতে পারে, যারা এই আসামি বা অপরাধীদের আশ্রয় এবং প্রশ্রয় দেবে," যোগ করেন মি. ইসলাম।

  8. 'আসিব, আসিব বলিয়া কতদিন পার হবে- এগুলোতে আমাদের নজর নাই', বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ই ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নাই এবং এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নে এমন জবাব দেন তিনি।

    মি. আহমদ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়মিত আয়োজন করবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এই জাতীয় তথাকথিত কোন কর্মকাণ্ড যদি থাকে।”

    সরকার সবসময় সতর্ক আছে উল্লেখ করে তিনি বলেন, “আসিব আসিব বলিয়া কতদিন পার হবে এগুলোতে আমাদের নজর নাই। একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর। আমরা সবসময় সতর্ক আছি। কিসের চাপ, আপনাদের কাছে মনে হয়? এগুলা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ।”

    এছাড়া, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দল হিসেবে নিষিদ্ধ করা হবে কিনা, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি আইনানুগ বিষয়।

    “সন্ত্রাসবিরোধী আইনে একটি সংশ্লিষ্ট ধারায় সংশোধনের মাধ্যমে ইন্টেরিম গভর্নমেন্টের সময় দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের কার্যক্রম হাতে নেওয়ার জন্য তদন্ত পরিচালনা করার সুযোগ সৃষ্টি হয়েছিল। তদন্ত চলছে, তদন্ত সম্ভবত শেষ পর্যায়ে।”

    বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরে আদালতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দল হিসেবে বিচারের বিষয়টি নির্ধারিত হবে বলে জানান তিনি।

    “যেহেতু, সংবিধানের আর্টিকেল ৪৭ অনুসারে বিধান আছে যে, ব্যক্তি, গোষ্ঠী আর দল হিসেবে কোন সংগঠন যদি মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আরেকটি অপরাধ তিনটা অপরাধের বিষয়ে যদি জড়িত থাকে তাহলে ব্যক্তির সাথে দলকে সংগঠনকেও বিচারের আওতায় আনা যাবে। সেটা বিচারিক কার্যক্রম শেষ হলে শাস্তির বিষয়টা উল্লেখ আছে, দল নিষিদ্ধ করা পারমানেন্টলি অথবা কিছু সময়ের জন্য নিষিদ্ধ করা অথবা সংগঠনের সম্পত্তি জব্দ করা এ সমস্ত বিধান ওখানে আছে। তদন্ত শেষ হলে চার্জশিট দাখিল হলে সেই ট্রায়ালের পরে আদালত যেটা বিবেচনা করবেন সেই হিসেবে সেটা হবে,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ।

    সাবেক অন্তর্বর্তী সরকারের আমলেই দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, “এখন বাকি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে। নির্বাচন কমিশন তাদের নির্ধারিত আইনের মধ্য দিয়ে তাদের রেজিস্ট্রেশন সাসপেন্ডেড করেছে সেটা এখনো বহাল আছে।”

  9. বিএনপি নেতা ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ই জানুয়ারি

    ঢাকার নির্বাচন কমিশন ভবন

    শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে সম্প্রতি এমপি পদ থেকে পদত্যাগ করা বিএনপি'র নেতা ওসমান ফারুকের এলাকা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন হবে আগামী ১০ই জানুয়ারি।

    বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

    তফসিল অনুযায়ী, ওই উপনির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী ছয়ই ডিসেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।

    এরপর মনোনয়নপত্র বাছাই করা হবে সাতই ডিসেম্বর। আর সেটি প্রত্যাহার করা যাবে ১৭ই ডিসেম্বর পর্যন্ত।

    আগামী বছরের ১০ই জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

  10. রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল

    ডলার

    বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত দশ বছরেরও শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। এ অবস্থায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাতে পেছাতে শতক ছুঁয়েছে।

    বুধবার মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা থাকলেও সিআইডি'র তদন্তকারী কর্মকর্তা সেটি জমা দিতে পারেনি। ফলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত।

    ২০১৬ সালের পাঁচই ফেব্রুয়ারি সাইবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে আট কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে একটি চক্র।

    ওই বছর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হলে সেটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

  11. গ্রেডভেদে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বেড়েছে: মাহ্দী আমিন

    প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন

    বাংলাদেশে পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।

    নতুন মজুরি কাঠামো ঘোষণার পর কোনো ধরনের অপপ্রচার বা উসকানিতে কান না দিয়ে কর্মস্থলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

  12. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুর, সাভারসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

    বিভিন্ন জেলায় অন্তত ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন

    বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গাজীপুর, সাভার, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় অন্তত ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার।

    এরমধ্যে সাভার, আশুলিয়া ও গাজীপুরে ১৮ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদরদপ্তর।

    এছাড়া গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    এর বাইরে, আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিজিবি সদরদপ্তর।

    মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।

    এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  13. গাজীপুরে এবার ৩৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    গাজীপুরে বিক্ষোভ

    মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে গাজীপুরে অন্তত ৩৫ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

    বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জেলার শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

    এর আগে, সকালে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

  14. গাজীপুরেও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিকদের বিক্ষোভ

    সাভারের হেমায়েতপুরের পর গাজীপুরেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারী পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    বুধবার সকালে শহরের মালেকের বাড়ি এলাকায় দু'পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

    পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

    এ অবস্থায় জেলার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

    অন্যদিকে, শ্রমিক সড়ক অবরোধ করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

    পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বুধবার সকাল আটটার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে আসেন শ্রমিকরা।

    তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ করেন। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।

    পরে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলেও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী ও গাড়ি চালকেরা।

  15. পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল?

    কারখানায় কাজ করছেন শ্রমিকরা

    বাংলাদেশে তৈরি পোশাক কারখানার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক হওয়ার পর শেষ পর্যন্ত এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি আগের চেয়েছে সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

    মঙ্গলবার গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়।

    বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দু'জন ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে ভোট দেন।

    ভোট শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী চূড়ান্ত নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন। তিন বছর পরপর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    নতুন ঘোষণা অনুযায়ী, চারটি গ্রেডের মধ্যে পোশাক কারখানায় কাজ করা সবচেয়ে নিচের গ্রেডের শ্রমিক, তথা হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে।

    আর তৃতীয় গ্রেড, মানে কারখানার জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার ও ট্যাগিংম্যানদের মজুরি বেড়ে হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে তাদের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।

    অন্যদিকে, সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরসহ দ্বিতীয় গ্রেডের শ্রমিকদের মজুরি বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এই গ্রেডে তারা আগে মজুরি পেতেন ১৪ হাজার ২৭৩ টাকা।

    আর প্রথম গ্রেডে থাকা সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মজুরি ২১ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হয়েছে। তারা আগে মজুরি পেতেন ১৫ হাজার ৩৫ টাকা।

  16. মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা, হেমায়েতপুরে সংঘর্ষ, ২২ কারখানা বন্ধ

    কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ

    বাংলাদেশে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করার পরও আন্দোলন থামেনি।

    বুধবার সকালেও সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের। এর মধ্যে সাভারের হেমায়েতপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।

    স্থানীয় সাংবাদিকরা জানান, বেতন আরও বাড়ানোর দাবিতে বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

    এসময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুলিশ তাদেরকে সরে যেতে যাওয়ার আহ্বান জানায়। কিন্তু শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে যাওয়ায় একপর্যায়ে ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিতে যায় পুলিশ।

    এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

    পরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।

    অন্যদিকে, সকালে আশুলিয়া ও গাজীপুরের আরও বেশকিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন বলে জানা যাচ্ছে। সেখানেও পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

    রাস্তা থেকে সরে গেলেও বিক্ষোভকারী শ্রমিকরা ঘটনাস্থল ত্যাগ করেননি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। বিক্ষোভকারী আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে আছেন বলে জানা যাচ্ছে।

    এ অবস্থায় সাভার ও গাজীপুরের ২২টি কারখানায় কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ ওইসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

  17. গতকাল মঙ্গলবারের উল্লেখযোগ্য কিছু ঘটনা:

    • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
    • মঙ্গলবার দুপুরের বৈঠকে সবশেষ ২২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি দাবি করেছেন শ্রমিক প্রতিনিধিরা। এর বিপরীতে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছেন পোশাক কারখানার মালিকরা। এখনো আলোচনা চলছে এবং উভয় পক্ষ নতুন করে প্রস্তাব দেবে বলে জানা গেছে।
    • রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রসজ্জিত উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতির অভিযোগ তুলেছে ইউরোপ। জার্মানিতে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগটি ওঠার পর সেটি অস্বীকার করেছে ক্রেমলিন।
    • গাজীপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৭০ কারখানায় ছুটি।
    • বাংলাদেশে হাম উপসর্গে আরও অন্তত নয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে।
    • আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশে বর্তমানে সক্রিয় ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২৯শে নভেম্বর শুরু হয়ে সংলাপটি চলবে পহেলা ডিসেম্বর পর্যন্ত।
    • জুলাই হত্যা মামলায় অভিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ড দিয়েছে আদালত। এ দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: