আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক শক্তি বৃদ্ধির কৌশল?

ছবির উৎস, BBC/Mukimul Ahsan
- Author, মুকিমুল আহসান
- Role, বিবিসি নিউজ বাংলা
- Published
- পড়ার সময়: ৬ মিনিট
বাংলাদেশ এখন থেকে প্রায় আরো ৪৬ বছর আগে স্থানীয় সরকার ব্যবস্থায় চালু হয়েছিল গ্রাম সরকার। তৃণমূলের মানুষকে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করা ও স্থানীয় বিরোধ মীমাংসাসহ আইনশৃঙ্খলা রক্ষায় নতুন করে এই সরকার ব্যবস্থা আবারও চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিবিসি বাংলাকে বলছেন, গ্রাম সরকারের কাজ হবে শান্তি শৃঙ্খলা রক্ষা, বিবাদ মীমাংসা, তৃণমূলের উন্নয়ন তদারকিসহ বিভিন্ন কাজের সমন্বয় করা।
এ জন্য এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। সেটি মন্ত্রিপরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর আইন আকারের পাশের জন্য জাতীয় সংসদে যাবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
এই খসড়াটি আইনে পরিণত হলে সারাদেশে চার হাজার ৫৬৮টি ইউনিয়নের অধীন ৪১ হাজার ১১২টি ওয়ার্ডে গ্রাম সরকার গঠিত হবে। প্রতিটি গ্রাম সরকার হবে ১৭ সদস্যের।
স্থানীয় সরকার ব্যবস্থার এই স্তর গ্রামীণ রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করবে, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় সাহায্য করবে এবং নিয়মিত ইউনিয়ন পরিষদে প্রতিবেদন পাঠাবে।
তৃণমূলের আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিসহ গুরুত্বপূর্ণ কিছু দিক থাকলেও এই গ্রাম সরকার স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন করে জটিলতা তৈরি করতে পারে বলেও মনে করছেন স্থানীয় সরকার বিশ্লেষকরা।
তারা বলছেন, এই গ্রাম সরকার চালুর মাধ্যমে যতটা উন্নয়ন তদারকি ও সমন্বয় করা হবে, তার চেয়ে বেশি রাজনীতির ভাগাভাগির কেন্দ্র হতে পারে এই 'গ্রাম সরকার'।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, "উপজেলা ব্যবস্থা চালু করে এরশাদ সরকার নয় বছর দেশ শাসন করেছে। গ্রাম সরকার চালু হলে বিএনপির তৃণমূল পর্যায়ে একটা ঘাঁটি তৈরি হবে। ক্ষমতার ভাগাভাগিতে ওই এলাকার অংশ নিবে মানুষ, তাতে তার কর্মী বাহিনীও একটা সুবিধা পাবে"।
অবশ্য গ্রাম সরকারের ধারণা বাংলাদেশে এই নতুন নয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে ১৯৮০ সালে প্রথম চালু হয়েছিল গ্রাম সরকার।
তার মৃত্যুর পর, সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে এই গ্রাম সরকার ব্যবস্থাটি বিলুপ্ত করা হয়েছিল।

ছবির উৎস, BBC/MUKIMUL AHSAN
গ্রাম সরকার গঠিত হবে ১৭ জন নিয়ে
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
গ্রাম সরকার গঠনের যে জন্য খসড়া প্রস্তুত করা হয়েছে সেই খসড়ার একটি কপি গত মাসেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছিল সাধারণ মানুষের মতামতের জন্য।
ওই খসড়া অনুযায়ী, প্রতিটি গ্রাম সরকার গঠিত হবে একজন প্রধান, একজন উপদেষ্টা ও ১৫ জন সদস্য নিয়ে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য হবেন গ্রাম সরকারের প্রধান। সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য তার নির্বাচনি এলাকার গ্রাম সরকারগুলোর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রথম সভা থেকে গ্রাম সরকারের মেয়াদ হবে পাঁচ বছর।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, "ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যই হবেন গ্রাম সরকারের প্রধান, আর সংরক্ষিত আসনের নারী সদস্য থাকবেন উপদেষ্টা হিসেবে। অর্থাৎ নেতৃত্ব থাকছে ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে, কোনো মনোনীত ব্যক্তির হাতে নয়"।
খসড়ায় অনুযায়ী, বাকি ১৫ সদস্যের মধ্যে থাকবেন গ্রামের দুজন গণ্যমান্য ব্যক্তি বা সমাজসেবক, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন পুরুষ ও একজন নারী সদস্য এবং দুজন কৃষক। এ ছাড়া একজন করে নিকাহ রেজিস্টার, সমবায় সমিতির সদস্য, পল্লিচিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমিক ও যুব প্রতিনিধি রাখার প্রস্তাব রয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস থাকলে তাদের একজন প্রতিনিধিও অন্তর্ভুক্ত হবেন। কোনো শ্রেণির প্রতিনিধি পাওয়া না গেলে গণ্যমান্য ব্যক্তি বা সমাজসেবকের সংখ্যা বাড়িয়ে শূন্যস্থান পূরণ করা হবে।

ছবির উৎস, Getty Images
কাজ কী হবে গ্রাম সরকারের?
স্থানীয় সরকার মন্ত্রণালয় গ্রাম সরকার আইনের যে খসড়া প্রকাশ করেছে সেখানে এর গঠন, উদ্দেশ্য ও কাজের পরিধিসহ বেশ কিছু বিষয়ে প্রস্তাবনা রয়েছে। সেখানে বেশ কিছু কাজ ও এর পরিধি নিয়ে বলা হয়েছে প্রস্তাবিত খসড়ায়।
গ্রাম পরিষদের কাজ হবে নিম্মরুপ-
- গ্রামের রাস্তা-ঘাট, কালভার্ট উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি ও আর্থিক বিষয়াদি পর্যালোচনা করা,
- নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, চুরি, মাদক, যে কোন ধরনের জুয়াসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা, সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করা এবং এতদসংক্রান্ত প্রতিবেদন ইউনিয়ন পরিষদে পেশ করা,
- প্রাথমিক ও গণশিক্ষা প্রসারে এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সহযোগিতা প্রদান করা,
- পরিবার পরিকল্পনা, পুষ্টি ও টিকাদান কর্মসূচিসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা প্রদান, মাঠ পর্যায়ে উক্ত কর্মসূচিতে কর্মরত কর্মচারীদের কাজ সম্পর্কে ইউনিয়ন পরিষদে প্রতিবেদন পেশ করা,
- বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা প্রদান নিজস্ব তত্ত্বাবধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা.
- কৃষি উন্নয়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সার, উন্নতমানের বীজ এবং কীটনাশক সরবরাহ সম্পর্কে নিয়মিতভাবে অবহিত থাকা এবং এই বিষয়ে সংকট দেখা দিলে সঙ্গে সঙ্গে ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা,
- গ্রামে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ গ্রহণ করা এবং স্থানীয় বিরোধ মীমাংসা করা।
- ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে সার্বিক কার্যক্রম গ্রহণ করা;
- গ্রামের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সমবায় সমিতি গঠন, ক্ষুদ্র শিল্প স্থাপন, হাঁস-মুরগীর খামার প্রতিষ্ঠা, মৎস্য চাষ ও পশুপালন সম্পর্কে গ্রামের জনগণকে উৎসাহ প্রদান করা,
- বৃক্ষরোপণ, খাল খনন, পরিবেশ ও প্রাণী সংরক্ষণ সম্পর্কে গ্রামের জনগণকে উৎসাহ প্রদান করা,
- মহিলা, যুব, তরুণ, প্রবীণ ও শিশুসহ গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে যে কোন কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করা,
- সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের কার্ড, স্বাস্থ্য কার্ড, ক্রীড়া কার্ড বিতরণ ও তথ্য সংগ্রহ কার্যক্রমে সহায়তা প্রদান করা এবং সরকারের ভিজিএফ ও ভিজিডি কার্যক্রমে সহায়তা করা।
- পরিবারের পরিচ্ছন্নতা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান, এবং
- গ্রামাঞ্চলে ব্যক্তি পর্যায়ে সৌর বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করিবেন সরকার কর্তৃক সময় নির্ধারিত অন্যান্য কাজ সময় সময় নির্ধারিত অন্যান্য কাজ সম্পাদনে সহযোগিতা করা।

ছবির উৎস, AFP via Getty Images
'সবচেয়ে বড় ঝুঁকি দলীয়করণ'
সারা দেশে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়নের ৪১ হাজার ওয়ার্ডে প্রায় ৭ লাখ স্থানীয় লোকের নেতৃত্বে গ্রাম সরকার গঠিত হবে।
অর্থাৎ সারাদেশের বিশাল সংখ্যক গ্রামীণ জনশক্তিকে সরকার কাঠামোর সাথে যুক্ত করবে এই গ্রাম সরকার ব্যবস্থা। এর মধ্যে দুইজন নির্বাচিত প্রতিনিধি থাকলেও বাকি সদস্যরা নির্বাচিত সদস্য হবেন না।
যে কারণে গ্রাম সরকার নিয়ে দলীয়করণের ঝুঁকি দেখছেন স্থানীয় সরকার বিশ্লেষকরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, সবচেয়ে বড় ঝুঁকি হলো দলীয়করণ। অভিজ্ঞতা বলে, রাজনৈতিক বিবেচনায় গঠিত তৃণমূল প্রতিষ্ঠানে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বঞ্চিত হন, আর গ্রামে 'ভাগ করো, শাসন করো'র বিভাজন গভীর হয়"।
"চলতি বছর সংসদ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিধান বাতিল করেছে, যা একটি ইতিবাচক সংকেত। গ্রাম সরকারের সদস্য বাছাইয়েও সেই নির্দলীয় চেতনা বজায় রাখা জরুরি", যোগ করেন তিনি।
তবে, গ্রাম সরকার চালু করার আগে সারাদেশের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনের ওপরও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই খসড়া নিয়ে সাধারণ মানুষের মতামত নিয়ে আরো পরিমার্জন করার সুযোগ থাকলে সেটি করে পরবর্তীতে সে অনুযায়ী আইন পাশ করা উচিত।
স্থানীয় সরকার বিশ্লেষকদের কেউ কেউ আবার বিষয়টিকে ভিন্নভাবেও ব্যাখ্যা করছেন। তারা বলছেন, নতুন করে এই গ্রাম সরকার ব্যবস্থা চালু না করে বর্তমান ইউনিয়ন পরিষদ ব্যবস্থাকে আরো শক্তিশালী করলে সেটি আরো কার্যকর হতো।
অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমেদ বলছিলেন, "গ্রামের কনসেপ্ট তৃণমূল এখন আর সেভাবে নাই। তার চেয়ে বরং ইউনিয়ন পরিষদকে শুধুমাত্র স্থানীয় সরকার ইউনিট হিসেবে শক্তিশালী করে স্থানীয় সরকার এর পাশাপাশি এটাকে অ্যাডমিনেস্ট্রিটভ ইউনিট হিসেবে করা গেলে সেটা আরো বেশি কাজ দিবে"।
"নাহলে এটা আরো জটিলতা তৈরি করবে। সমস্যা সমাধানের পরিবর্তে তৃণমূলে নতুন করে সমস্যা আরো জটিল আকার ধারণ করবে বলেই আমরা কাছে মনে হয়", যোগ করেন তিনি।

ছবির উৎস, Getty Images
গ্রাম সরকার ধারণা শুরু যেভাবে
প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে ১৯৮০ সালে চালু হয়েছিল 'স্বনির্ভর গ্রাম সরকার'। স্বনির্ভর গ্রাম সরকার চালুর পেছনে গ্রামের মানুষকে উন্নয়ন কর্মকাণ্ডে সংগঠিত করাই ছিল মূল লক্ষ্য।
সে সময় খাদ্য উৎপাদন বৃদ্ধি, গণস্বাক্ষরতা, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা রক্ষাসহ স্থানীয় বিরোধ মীমাংসাকে প্রধান কাজ হিসাবে নির্ধারণ করা হয়েছিল মূল কাজ। এর মাধ্যমে গ্রাম সমবায় ও সমবায় ব্যাংক গড়ে তুলতে উৎসাহ দেওয়ার কথাও বলা হয়েছিল।
পরবর্তীতে জিয়াউর রহমান নিহতের পর ১৯৮২ সালে এরশাদের সামরিক সরকারের শাসনামলে এই ব্যবস্থা বিলুপ্ত হয়।
অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, "জিয়াউর রহমানের সময়ের সেই গ্রাম সরকারটি ছিল অনেকটা ভারতের পঞ্চায়েতের মতো। সেটা ফলপ্রসূ ছিল। ভালভাবে চলছিল। ৮২ তে এসে এরশাদ সরকার সেটিকে বাদ দিয়ে দিলো। তিনি এসে থানা পরিষদ করলেন"।
পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ১৯৯৭ সালে 'স্থানীয় সরকার (গ্রাম পরিষদ) আইন, ১৯৯৭' প্রণয়ন করেছিল।
পরবর্তীতে ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর ২০০৩ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার 'গ্রাম সরকার আইন, ২০০৩' প্রণয়ন করে। ২০০৩ সালের আইনে গ্রাম সরকারের প্রধান এবং উপদেষ্টার সঙ্গে ১৩ জন সদস্য রাখার বিধান ছিল।
বেসরকারি সংস্থা ব্লাস্টের এক রিটের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের দোসরা অগাস্ট হাইকোর্ট আইনটি অসাংবিধানিক ঘোষণা করেন।
নির্বাচিত ইউনিয়ন পরিষদের সঙ্গে মনোনীত সদস্যদের সংস্থার সম্পর্ক এবং সংবিধানের গণতান্ত্রিক চেতনা ছিল বিরোধের গুরুত্বপূর্ণ বিষয়।
পরে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার রহিতকরণ অধ্যাদেশ জারি করে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সংসদে রহিতকরণ আইন পাশ হয়। তবে আইনটির কার্যকারিতা ধরা হয় ২০০৮ সালের পহেলা জুন থেকে।









