পদ্মা সেতুর জাজিরা প্রান্তে শরীয়তপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত দুই

ছবির উৎস, Screen Grab
- Author, জান্নাতুল তানভী
- Role, বিবিসি নিউজ বাংলা, ঢাকা
- Published
- পড়ার সময়: ৩ মিনিট
পদ্মা সেতুর জাজিরা প্রন্তরে শরীয়তপুরের নাওডোবা এলাকায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের দুইজনই নিষিদ্ধ সংগঠনের কর্মী বলে জানা গেছে।
রোববার ভোরে শরীয়তপুরে পদ্মা সেতুর নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে অন্তত দুইজন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।
এদের মধ্যে ইব্রাহিম সিপাহী নামে যুবলীগের একজন কর্মী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার। অন্যদিকে, মাদারীপুরের শিবচরের নিজামউদ্দিন মৃধা নামে আরেক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছেন।
২৯ ও ৩০শে নভেম্বর দুইদিন আওয়ামী লীগের পূর্বঘোষিত 'লকডাউন' কর্মসূচি রয়েছে।
এই কর্মসূচিকে ঘিরে শনিবার থেকেই দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করে।
শরীয়তপুর জেলার পুলিশ সুপার জানান, "রোড ব্লকেড করতে গেছিল, তারপর দু্ই গ্রুপের মধ্যে ককটেল চালাচালি হয়, ককটেল বিস্ফোরণ হয়। দুইজন আহত হয়, একজন মারা গেছে শুনলাম। আরেকজন হাসপাতালে ভর্তি হয়েছে।"
"এখন পর্যন্ত আমরা খবর শুনেছি যে, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল, মাঝপথে মারা গেছে। লাশ বাড়িতে নিয়ে যাচ্ছে," বলেন শরীয়তপুরের পুলিশ সুপার।
নিহত ইব্রাহিম সিপাহীর বাড়ি রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী গ্রামে।
End of বিবিসি বাংলার অন্যান্য সংবাদ

ছবির উৎস, Screen Grab
শরীয়তপুরে কী অবস্থা?
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, রোববার ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকার ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের কয়েকশো নেতা-কর্মী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এর আগে, রাতে উঠান বৈঠক, শপথ করে তারা।
এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
অন্যদিকে, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে ওই একই এলাকায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদেরও অবস্থান ছিল। তারা স্টেজ ও প্যান্ডেল করে সেখানে অবস্থান নিয়েছিল।
বিএনপির সেই স্টেজ ও প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
শরীয়তপুরের জিরো পয়েন্টে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সড়কে বিএনপির সমাবেশস্থলে ২৫টির বেশি মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে।
একইসঙ্গে, পদ্মা সেতু সংলগ্ন ফুড ভ্যালী নামক একটি রেস্টুরেন্টও পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অন্তত ১৫ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।এতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
সেসময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম নিজের নেতা-কর্মীদের নিয়ে নিরাপদ স্থানে সরে যান।
ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ছিল বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এই ঘটনায় ভোরে পদ্মা সেতুতে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। তবে, সকাল সাড়ে আটটার পরে পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
যদিও দূরপাল্লার যানবাহনের সংখ্যা খুবই কম এবং অল্প কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও সাধারণ সময়ের তুলনায় যানবাহন চলাচলের এই সংখ্যা অনেক কম বলে জানান স্থানীয় একজন সাংবাদিক।
এদিকে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে উল্লেখ করে পুলিশ সুপার দাবি করেন, "পুলিশের পক্ষ থেকে কোন গোলাগুলি বা কিচ্ছু করা হয়নি।"









