পত্রিকা: 'আ.লীগ-ঘনিষ্ঠ আমলাদের সরানোর পরিকল্পনা'

Published
পড়ার সময়: ৯ মিনিট

আওয়ামী লীগ সরকারের সময় দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আমলাদের প্রশাসন থেকে সরানোর পরিকল্পনা করছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সম্প্রতি রাজধানীর নিউ ইস্কাটনে সংগঠনটির প্রধান কার্যালয়ে এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা সরকারের নীতিনির্ধারকদের কাছে প্রশাসনে আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের ভূমিকা ও রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনিক সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

সরকারি কর্মচারীদের আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দলের সদস্য হওয়া কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুযোগ নেই। তবে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের একাধিক কর্মকর্তা সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত ছিলেন এবং বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেছেন। সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদারও কর্মকর্তাদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছেন। তবে বর্তমান সরকারের আমলেও কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ উঠছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ব্যাচভিত্তিক সংগঠনের মাধ্যমে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। অন্যদিকে, আগের সরকারের সময় কর্মকর্তাদের ওপর রাজনৈতিক চাপ ও বৈষম্যের অভিযোগ ছিল। বর্তমান সরকারের আমলেও প্রশাসনের একাংশের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠছে। সম্প্রতি নাশকতা ও রাষ্ট্রদ্রোহের মামলায় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার এবং একাধিক কর্মকর্তাকে প্রত্যাহার বা বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তাদের ওপর রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে নয়, বরং দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে। নির্দিষ্ট অভিযোগ বা তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সরকার।

টাইমস অফ বাংলাদেশ পত্রিকার খবর- AL leaders still travel on red passports

অর্থাৎ বাতিলের পরও কূটনৈতিক পাসপোর্টে বিদেশ ভ্রমণ করছেন আওয়ামী লীগ নেতারা

বাতিল হওয়ার দুই বছরের বেশি সময় পরও কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ করছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে এসব পাসপোর্ট বাতিল করা হলেও আন্তর্জাতিক ভ্রমণে তাঁদের কোনো বাধার মুখে পড়তে হচ্ছে না বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান প্রায় দুই মাস আগে যুক্তরাজ্য থেকে ভারতে গেছেন। সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও যুক্তরাষ্ট্র থেকে দিল্লি গেছেন। তাঁদের দুজনেরই ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনের পর ইস্যু করা কূটনৈতিক পাসপোর্ট ছিল। পাঁচ বছর মেয়াদি এসব পাসপোর্টের গায়ে উল্লেখিত মেয়াদ এখনো শেষ হয়নি।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক পর্যায়ে তথ্য আদান-প্রদান ও বাতিলের বিজ্ঞপ্তি পৌঁছানোর জটিলতার কারণে বাতিল পাসপোর্ট ব্যবহার করেও ভ্রমণ করা সম্ভব হচ্ছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক শক্তিশালী হলে এ ধরনের পাসপোর্ট শনাক্ত করা সহজ হতো।

বাংলাদেশ সরাসরি আইসিএওর কোনো অভিন্ন ডেটাবেজের মাধ্যমে সদস্য দেশগুলোকে পাসপোর্ট বাতিলের তথ্য জানায় না। বরং ইন্টারপোলের হারানো ও চুরি হওয়া ভ্রমণ নথির ডেটাবেজ এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক যোগাযোগের ওপর নির্ভর করে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কূটনৈতিক ও সরকারি পাসপোর্ট বাতিলের ক্ষেত্রে বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

নিউ এইজ পত্রিকার খবর - AL violence flares up with fresh arson attacks

অর্থাৎ আওয়ামী লীগ সংশ্লিষ্ট সহিংসতা, নতুন করে অগ্নিসংযোগ ও হামলা

নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর তৎপরতাকে কেন্দ্র করে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় নতুন করে সহিংসতা ছড়িয়েছে। শনিবার রাতে ও দিনে একাধিক স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। ঢাকার পাশাপাশি সাভার, আশুলিয়া, পিরোজপুর, নাটোর, রাজশাহী, ভোলা, ফরিদপুর, গাজীপুর ও সিলেটে এসব হামলার খবর পাওয়া গেছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল জুলাই স্মৃতিস্তম্ভ, বিদ্যুতের উপকেন্দ্র, বিএনপি কার্যালয়, সংসদ সদস্যের বাসভবন এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখা।

সহিংসতা মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন বিএনপি। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিও দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে গোপালগঞ্জ, ফরিদপুর, বরগুনা ও ভোলায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) কামরুম মুনিরা জানিয়েছেন, নাশকতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশ ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫২ জন নেতা-কর্মী রয়েছেন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের ১০০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৯২টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৮০ জনকে গ্রেপ্তার এবং ৪৬টি মামলা করেছে পুলিশ। এ সময়ে পুলিশের চারটি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ এবং ২৮টি পুলিশি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- Locals, party men rally to guard border

সীমান্ত পাহারায় স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা

১৬ ডিসেম্বর বিজয় দিবস সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার আশঙ্কায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দিনাজপুরের কয়েকটি এলাকায় গ্রামবাসী রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন। জামালপুরে বিএনপির কর্মীরা দলবদ্ধভাবে পাহারা দিচ্ছেন। যশোরের বেনাপোলে বিএনপি নেতাকর্মীরা সীমান্তে এবং জামায়াতের কর্মীরা আশপাশের সড়কে মোটরসাইকেলে টহল দিচ্ছেন।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর রয়েছে। এ পরিস্থিতিতে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে স্থানীয়দের মধ্যে সতর্কতা বেড়েছে। দিনাজপুরের সাহাপাড়া ও কামারপাড়ার বাসিন্দারা বিজিবির সঙ্গে সীমান্ত পাহারায় অংশ নিচ্ছেন। সেপ্টেম্বর মাসে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে ধাওয়ানি বা পুশইনের চেষ্টার অভিযোগ ওঠার পর দাউদপুর সীমান্তেও গ্রামবাসীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে অবৈধ সীমান্ত পারাপার, মাদক পাচার ও আন্তসীমান্ত অপরাধ ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীর সদর দপ্তরের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মোরশেদ রহমান জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিয়ে স্থানীয়দের সচেতনতা বেড়েছে এবং তাঁরা স্বতঃস্ফূর্তভাবে বিজিবিকে সহযোগিতা করছেন। তবে সীমান্তে টহল, পাহারা ও আইন প্রয়োগের মূল দায়িত্ব বিজিবির। সন্দেহজনক চলাচল ও সীমান্ত অপরাধের তথ্য বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

দেশ রূপান্তর পত্রিকার খবর - বহুমুখী কৌশলে বিএনপি

নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল, নাশকতা এবং শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বহুমুখী কৌশল নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে দেশব্যাপী রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।

সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, আওয়ামী লীগের পলাতক নেতারা দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠাচ্ছেন। এ কারণে মোবাইল ব্যাংকিং লেনদেনের বিভিন্ন মাধ্যমের ওপর নজরদারি বাড়াবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানো ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে। দেশের যেসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, সেখানে বিএনপির স্থানীয় সংসদ সদস্যরা কতটা সক্রিয় ভূমিকা পালন করছেন, সেটিও পর্যবেক্ষণ করবে দলটি।

যুগান্তর পত্রিকার খবর - তিন হাজার কোটি টাকার অনিয়ম

অনিয়ম করে ৩ হাজার ১১ কোটি টাকার বিনিয়োগ (ঋণ) পুনঃতফসিল করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। নামে ইসলামী হলেও চলছে সুদভিত্তিক বিনিয়োগ। পণ্য কেনাবেচা ছাড়াই ঋণ সৃষ্টি, একই পণ্যের বিপরীতে বারবার মুনাফা, পুরোনো ঋণ সমন্বয়ে নতুন ঋণ বিতরণ এবং সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ব্যাংকটি।

এমনকি গ্রাহকের নামে ভুয়া বা অসম্পূর্ণ কাগজপত্র তৈরি করে বিনিয়োগ দেখিয়েছে। ব্যাংকটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখায় এসব অনিয়ম হয়েছে।

প্রতিবেদনে এসব অনিয়মের বিরুদ্ধে তিন মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। অর্থনীতিবিদরা বলছেন, ঘটনা সত্য হলে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

জানতে চাইলে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম বুধবার যুগান্তরকে বলেন, দেশের ব্যাংকিং খাতে যা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অনিয়মের কারণেই খেলাপি ঋণ বাড়ছে।

দেশের খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তির এ রূপান্তর বাংলাদেশের ব্যাংক খাতেও নতুন বাস্তবতা তৈরি করেছে। এরই মধ্যে রিটেইল ব্যাংকিং, গ্রাহকসেবা, ক্যাশ ব্যবস্থাপনা ও ব্যাক-অফিস কার্যক্রমে কর্মীর চাহিদা কমতে শুরু করেছে।

একসময় ব্যাংকের শাখা পরিচালনায় প্রয়োজন হতো বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী। গ্রাহকের হিসাব খোলা, টাকা জমা-উত্তোলন, লেনদেন যাচাই, ঋণের আবেদন প্রক্রিয়াকরণ থেকে শুরু করে তথ্য সংরক্ষণ—সব কাজই ছিল খাতা-কলমে। ধীরে ধীরে দেশের ব্যাংক খাতে যুক্ত হচ্ছে প্রযুক্তি ও অটোমেশন, বিপরীতে কমেছে জনবলের প্রয়োজনীয়তা। সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারে ব্যাংক খাত আরো দ্রুতগতিতে বদলে যাচ্ছে। সামনের দিনে ব্যাংকিং ব্যবস্থার আরো অনেক কাজ সম্পন্ন হবে প্রযুক্তির সহায়তায়।

নয়া দিগন্ত পত্রিকার খবর - রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ শুরু আজ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনদিনের এই সংলাপের প্রথম দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংলাপ।

পরের দিন ক্ষমতাসীন বিএনপির সাথে। তবে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সতীর্থসহ পাঁচটি দল রয়েছে আমন্ত্রণের বাইরে। ইসির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ বেলা সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ শুরু হবে।

ইসির সূচি অনুযায়ী ২৯ ও ৩০শে নভেম্বর এবং ১লা ডিসেম্বর এই তিন দিন নির্বাচন ভবনে দলগুলোর সাথে মতবিনিময় চলবে।

সংলাপের প্রথম দিন রোববার বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দ্বিতীয় দিন সোমবার সংলাপে অংশ নেবে বিএনপি। অন্য দিকে স্থানীয় নির্বাচন ঘিরে সংলাপে যাওয়ার প্রস্তুতি নিলেও জোটগত নাকি এককভাবে আলোচনায় বসা হবেÑ তা নিয়ে দলীয় ও জোটগত পর্যায়ে আলোচনা চলছে।

রাজধানীর ধানমণ্ডির আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে নিরাপত্তাকর্মীদের ঘুমের ওষুধ মেশানো মোরগ পোলাও খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। জুয়েলার্স কর্তৃপক্ষের দাবি, প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার এবং ১০ থেকে ১২ লাখ টাকা লুট হয়েছে।

পুলিশের ধারণা, নিরাপত্তাকর্মীদের কয়েকজন এই চুরির সঙ্গে জড়িত। ঘটনার পর শপিংমলের দুজন নিরাপত্তাকর্মী পালিয়ে গেছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে সিআইডি ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। সেখান থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, রড কাটার স্ক্রু এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জুয়েলার্সের বিক্রয়কর্মী জানান, কয়েক বছর আগেও একই কৌশলে নিরাপত্তাকর্মীদের খাবার খাইয়ে অচেতন করে চুরির চেষ্টা হয়েছিল। তবে সে সময় মালিকের নজরে আসায় চুরি ঠেকানো সম্ভব হয়।

রমজান মাস শুরুর আর দুই মাস বাকি। এরই মধ্যে রোজায় বেশি চাহিদা থাকে, এমন বেশির ভাগ পণ্যের আমদানি বেড়েছে। ঋণপত্রও খোলা হচ্ছে। আমদানি ও ঋণপত্রের প্রবণতা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এবার রোজায় সয়াবিন তেল ছাড়া প্রায় সব পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক। শীতের কারণে সয়াবিনের বাড়তি চাহিদা মেটাতে ঋণপত্র খোলার হার না বাড়লে সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রায় তিন মাসে ছোলা, মসুর ডাল, চিনি, পাম তেল, গম ও খেজুরের আমদানি বেড়েছে। বিপরীতে অপরিশোধিত সয়াবিন তেল ও সয়াবিন বীজের আমদানি এবং ঋণপত্র খোলার পরিমাণ কমেছে। মটর ডালের আমদানি কমলেও এই পণ্যে সরবরাহ সংকটের আশঙ্কা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

কালের কণ্ঠ পত্রিকার খবর - মালিকের চ্যালেঞ্জ শ্রমিকের স্বস্তি

নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে অন্তত ছয় মাস সরকারের সহযোগিতা চাইছে তৈরি পোশাকশিল্পের মালিকরা। বর্ধিত মজুরির কারণে উৎপাদন ব্যয় বাড়ায় ভবিষ্যতের ক্রয়াদেশে পোশাকের দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত সমন্বয়ের প্রত্যাশা করছেন রপ্তানিকারকরা।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, নতুন মজুরি কাঠামোর প্রভাবে কারখানাগুলোর বাড়তি ব্যয়, অর্ডার বাতিল এবং অতিরিক্ত কর্মঘণ্টার হিসাব করছে সংগঠনটি। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর জন্য বাড়তি ব্যয় সামাল দেওয়া কঠিন হতে পারে।

আগে নির্ধারিত দামে নেওয়া ক্রয়াদেশে নতুন মজুরির বাড়তি ব্যয় সমন্বয় করা কঠিন হওয়ায় লোকসানের ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ভবিষ্যতের ক্রয়াদেশে উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকের দাম নির্ধারণে আন্তর্জাতিক ক্রেতাদের সহযোগিতা চাইছেন মালিকরা। তাঁদের আশঙ্কা, ক্রেতারা বাড়তি ব্যয়ের অংশ বহন না করলে অনেক কারখানাকে লোকসানে অর্ডার নিতে হবে।

বন্য প্রাণীর বাণিজ্যিক খামার স্থাপন এবং কুমিরের মাংস, হরিণের চামড়াসহ বিভিন্ন প্রাণিজাত পণ্য উৎপাদন ও রপ্তানি নিয়ন্ত্রণে নতুন আইন করতে যাচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রস্তাবিত আইন পাস হলে মাংস ও চামড়ার পাশাপাশি বন্য প্রাণীর বীর্য, ভ্রূণ ও লোমের মতো পণ্য রপ্তানির সুযোগ তৈরি হবে। তবে নতুন আইনে বন বিভাগের বিদ্যমান আইনের সঙ্গে কিছু বিষয়ের মিল থাকায় দুই বিভাগের মধ্যে এখতিয়ার নিয়ে দ্বন্দ্বের আশঙ্কা রয়েছে।

প্রস্তাবিত আইনের নাম 'স্তন্যপায়ী, সরীসৃপ ও পাখিজাতীয় প্রাণীর খামার স্থাপন, নিবন্ধন, প্রজনন ও উৎপাদন আইন, ২০২৬'। প্রাণিসম্পদ অধিদপ্তর ইতিমধ্যে আইনের খসড়া মন্ত্রণালয়ে জমা দিয়েছে। গত ১৯ নভেম্বর খসড়াটি পর্যালোচনায় আন্তমন্ত্রণালয় সভাও অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনার পর নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

তবে বন্য প্রাণী বিশেষজ্ঞদের আশঙ্কা, বাণিজ্যিক খামার ও প্রাণিজাত পণ্য রপ্তানির সুযোগ তৈরি হলে বিপন্ন বন্য প্রাণী হত্যা এবং তাদের দেহাংশের অবৈধ বাণিজ্য বাড়তে পারে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন আইনের ফলে বনের বন্য প্রাণীদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।