আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ , দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, অধিকাংশ গোপালগঞ্জের

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সন্দেহজনক লেনদেনের কারণে দেড় লক্ষের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে, এর বেশিরভাগই গোপালগঞ্জের ঠিকানা দিয়ে নিবন্ধিত। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বাতিলের কারণ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    আগামী ৭ ও ৮ই নভেম্বর ঢাকা সফরের কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমের। সফরের মাত্র কয়েকদিন আগে সেটি বাতিল করা হয়েছে।

    শনিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও রোববার এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের নির্ধারিত তারিখ ছিল। বাংলাদেশ সফরের পর তার থাইল্যান্ড যাওয়ারও কথা ছিল।

    “মালয়েশিয়াতেই তাদের একটি অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ না, বাংলাদেশের পর থাইল্যান্ড সফরও বাতিল হয়েছে বলে মালয়েশিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে একই কথা জানানো হয়েছে”।

    দুই বছর আগে ২০২৪ সালের অক্টোবরে ঢাকা সফর করেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন তিনি।

  2. স্পেনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

    স্পেনের আগাম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নির্ধারিত সময়ের আট মাস আগেই নির্বাচনের ঘোষণা দেন।

    দেশটির পার্লামেন্টের সদস্যরা আবাসন আইন সংশোধনের পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর তিনি এই সিদ্ধান্ত নেন।

    সানচেজের দল সোশ্যালিস্ট পার্টি এবার রক্ষণশীল পিপলস পার্টির কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পিপলস পার্টির অতি ডানপন্থী দল ভক্সের সমর্থন প্রয়োজন হতে পারে।

    জনমত জরিপগুলো বলছে, প্রধানমন্ত্রী সানচেজ তার প্রতিদ্বন্দ্বী আলবের্তো নুনিয়েজ ফেইহোর পিপি দলের চেয়ে সামান্য পিছিয়ে রয়েছেন। তবে শুক্রবার সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সানচেজ বলেছেন, তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।

    রোববার স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত দেশটির নাগরিকেরা ভোট দিতে পারবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে প্রাথমিক ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এরপর রাতভর এবং সোমবার পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফল আসতে থাকবে।

    এবারের নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সাশ্রয়ী মূল্যে আবাসনের সংকট। এর পরেই আলোচনায় ছিল জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বৃদ্ধি এবং অভিবাসন।

    ২০১৮ সাল থেকে ক্ষমতায় রয়েছে সানচেজকের দল। গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের বিরোধিতা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় ছিলেন।

    তবে আবাসন সংকটের পাশাপাশি দুর্নীতি এবং দুইটি প্রাণঘাতী রেল দুর্ঘটনা দেশের ভেতরে তার অবস্থান দুর্বল করেছে।

    সানচেজের দল পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেলেও বামপন্থী দলগুলোকে নিয়ে জোট সরকার গঠন করতে তাকে বেশ বেগ পেতে হতে পারে।

  3. আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, সেনা মোতায়েনের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে সেটিকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো ধরনের পরিকল্পনা ‘সরকারের নেই’ বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    তিনি বলেছেন, দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

    সাংবাদিকদের প্রশ্ন ছিল সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা সরকারের আছে কী না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “কোনো পরিকল্পনা নাই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’’

    পদ্মাসেতুর জাজিরা প্রান্তে বিএনপি ও কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে সহিংসতায় দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “জাজিরা এলাকায় স্থানীয়দের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যাতে দুজনের প্রাণহানি ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’’

    তিনি জানান, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

    রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

  4. গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ১৩৮৯ জনের

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৮ জন।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ই মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৮৯ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৬৯ জন। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৫ হাজার ৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৯ জন।

  5. দেড় লাখেরও বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, বেশিরভাগই গোপালগঞ্জের

    সন্দেহজনক লেনদেনের অভিযোগে দেড় লাখেরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস হিসাব বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক।

    বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ’র নির্দেশনায় এসব হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে বলে রোববার বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি, সন্দেহজনক লেনদেনের অভিযোগে ওই অ্যাকাউন্টগুলো আপাতত বন্ধ করা হয়েছে। যে সব একাউন্টের বেশিরভাগ বা অধিকাংশই গোপালগঞ্জ জেলার ঠিকানায় খোলা।

    গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।

    গোপালগঞ্জে যাদের একাউন্টে লেনদেন করতে পারছেন না তাদের অনেকের সাথে সম্প্রতি কথা বলেছে বিবিসি বাংলা। তাদের অনেকে জানিয়েছেন, কারো কারো অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

    আবার অ্যাকাউন্ট চালু থাকলেও অর্থ লেনদেন করতে পারছেন না অনেকে।

    সরকারি বরাদ্দ এবং রেল চলাচল বন্ধ নিয়ে নানা আলোচনার মধ্যেই এবার গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সার্ভিস বা এমএফএস বন্ধের তথ্য সামনে এলো।

    উল্লেখ্য, গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতায় গোপালগঞ্জ প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এর জের ধরে, ডিসি ও পুলিশ সুপার রদবদলের ঘটনাও ঘটেছে।

    জেলা বিএনপির নেতারা ইঙ্গিত দিয়েছেন যে, ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্কতার অংশ হিসেবেই 'সবকিছু কার্যত বন্ধ বা স্থগিত' রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন