নড়াইলের কালিয়ার বাড়িঘরে আগুনের ভিডিও, কী জানা যাচ্ছে

আগুন দেওয়া আরেকটি বাড়ির ছবি। (ভিডিও থেকে নেওয়া ছবি)
ছবির ক্যাপশান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাড়ির ভেতর আগুন জ্বলছে, এই বাড়িটি নড়াইলের কালিয়ার বলে সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে (ভিডিও থেকে নেওয়া ছবি)
    • Author, রাকিব হাসনাত
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published
  • পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার কয়েকটি গ্রামের অনেক বাড়িঘরে আগুন দাবি করে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, শুক্রবার সন্ধ্যার পর থেকে তাদের অনেকের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সামাজিক মাধ্যমে অতিরঞ্জিত দাবি করা হচ্ছে।

যাদের বাড়িতে হামলা হয়েছে, তাদের মধ্যে নড়াইলের কালিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক এমপি ও উপজেলার সাবেক চেয়ারম্যানের বাড়িঘরও রয়েছে।

অন্যদিকে সেখানকার বিএনপি দলীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলছেন, এমন কোনো ঘটনাই ঘটেনি।

"এগুলো কিছু ঘটেনি। ওই যে এআই বলে না? ফেসবুকে যা দেখছেন সব এআই দিয়ে বানানো," বিবিসি বাংলাকে বলেছেন তিনি।

তবে কালিয়া থানা পুলিশ জানিয়েছে, বিএনপির দুজন নেতাকে হত্যার ঘটনায় তাদের স্বজনরা বিক্ষুব্ধ জনতা ৪/৫টি বাড়িতে আগুন দিয়েছে আর ১৫/১৬টি বাড়ি ভাংচুর করেছে।

"এর বাইরে আর যা শুনছেন সবই অতিরঞ্জিত ও অসত্য," বলেছেন কালিয়া থানার পরিদর্শক প্রদীপ মালাকার।

ওদিকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, "সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে মর্মে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট"।

স্থানীয় ফায়ার সার্ভিস অবশ্য বলেছে, বেন্দারচরে বেশ কিছু বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে, তবে অধিকাংশ জায়গাতেই আগুন নিজ থেকেই নিভে গেছে।

"কয়েক জায়গায় আগুন ছিল তবে সব জায়গায় যাওয়ার দরকার পড়েনি," বিবিসি বাংলাকে বলেছেন নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ শওকত আলী জোদ্দার।

নিজের তছনছ হওয়ার বাড়ির ছবি দিয়েছেন আওয়ামী লীগের এক সমর্থক
ছবির ক্যাপশান, নিজের তছনছ হওয়ার বাড়ির ছবি দিয়েছেন কালিয়ায় আওয়ামী লীগের একজন সমর্থক

কিন্তু কী ঘটেছে, কতটা জানা যাচ্ছে

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

নড়াইল জেলার নড়াইল-১ সংসদীয় আসনটি গঠিত হয়েছে কালিয়া উপজেলা ও নড়াইল সদরের আংশিক এলাকা নিয়ে। ওই এলাকার কালিয়া পৌরসভার মধ্যে ৭ নং ওয়ার্ডের একটি গ্রাম হলো বেন্দারচর। সেখানেই ওই এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি কবিরুল হক মুক্তিসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়ি।

মি. মুক্তি এখন জেলে এবং তার দলের অন্য নেতাদের কেউ কেউ জেলে আর কেউ কেউ আত্মগোপনে আছেন ২০২৪ সালের ৫ই অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই।

কালিয়া থানার পরিদর্শক প্রদীপ মালাকার বলেছেন, "ওই সময়েই যেসব বাড়িতে জনতা হামলা করেছিল সেগুলোর কয়েকটিতেই আবার শুক্রবার হামলার ঘটনা ঘটেছে। বিএনপির দুজন নেতাকে হত্যার ঘটনার বিক্ষুব্ধ জনতা করেছে। তবে পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে এনেছে"।

স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা, সাংবাদিক ও পুলিশের সাথে আলাপ করে যে তথ্য পাওয়া গেছে তাহলো- ওই গ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাড়ি রয়েছে। সেই সাথে সেই গ্রামে আওয়ামী লীগের অনেক কর্মী সমথর্কের বাড়ি রয়েছে।

ওই গ্রামে গত ১৮ই নভেম্বর বিএনপির একদল কর্মী মোটর সাইকেলে করে মিছিল করছিল। সেই সময় তাদের সাথে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

সেই ঘটনায় বিএনপির স্থানীয় দুইজন নেতার মৃত্যু হয়। এরা হলেন- কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ ও কালিয়া জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী সেদিন বিবিসি বাংলাকে বলেছিলেন যে, নড়াইলে একটি বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন। পুলিশ তখন বলেছিল, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

নড়াইলের কালিয়া উপজেলার বাড়িঘরে আগুন দাবি করে এমন অনেক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে
ছবির ক্যাপশান, নড়াইলের কালিয়া উপজেলার বাড়িঘরে আগুন দাবি করে এমন অনেক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে

পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে আজ বলা হয়েছে, "ওই হত্যাকাণ্ডের জের ধরে ২০শে নভেম্বর (শুক্রবার) বিকেল পৌনে পাঁচটার দিকে ভিকটিমদ্বয়ের বিক্ষুব্ধ আত্মীয় স্বজন উত্তেজিত অন্য লোকদের সাথে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়"।

যদিও স্থানীয়দের কয়েকজন জানিয়েছেন, বিএনপির নিহত দুই কর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার ঢাকা থেকে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সেখানে যান।

তারা চলে যাওয়ার পর সন্ধ্যার পর থেকে ওই গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা শুরু হয়।

যাদের বাড়িতে হামলা হয়েছে তাদের একজন হলেন বেন্দারচর গ্রামের বাসিন্দা জাকারিয়া হোসেন। বিবিসি বাংলাকে তিনি বলেন, "এমনিতে আওয়ামী লীগের লোকজন পলাতক। টুকটাক কিছু সমর্থক পরিবার ছিলো। বাকীরা সাধারণ এলাকাবাসী। সবার বাড়িঘরে লুটপাট ও আগুন দেওয়া হয়েছে। আমার বাড়িটাও পোড়াইয়া দিছে।"

তার দাবি, "একেক বাড়িতে কয়েকটা করে ঘর। পানি খাওয়ার মতো পরিস্থিতি নেই।"

স্থানীয় আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী বিবিসি বাংলাকে বলছিলেন, "একরামুল হক টুকু, কবিরুল মুক্তি, এমদাদুল হক টুলুসহ আওয়ামী লীগ পন্থীদের বাড়ি সহ অনেক বাড়িতে ভাংচুর, আগুন ও লুটপাট হয়েছে। গরু, বাছুর, মুরগি, হাস ও আসবাবপত্র ভ্যানে করে নিয়ে গেছে। যেমন খুশী লুটপাট হয়েছে।" নিরাপত্তা আশঙ্কায় তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি।

বেন্দারচর ছাড়াও বয়ডিয়া বাজার, নয়নপুর ও রামপুরার যেসব এলাকায় আওয়ামী লীগের সমথর্ক বেশি রয়েছে, সেসব এলাকায় হামলা ও লুটপাটের খবর জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা।

সামাজিক মাধ্যমের আওয়ামী লীগ সমথর্ক বিভিন্ন পেজে দাবি করা হচ্ছে যে হিন্দু অধ্যুষিত বাড়িঘরে হামলা করা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ও পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেনি।

শনিবার দুপুরে কালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু দাবি করেন, "আমরা বিভিন্ন ফেইসবুক পেজে দেখছি, দুই শতাধিক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনাগুলো ফেইসবুকে ছড়ানো হচ্ছে।"

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের একটি বিবৃতিতে বলা হয়েছে, "বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। পাশাপাশি উক্ত ঘটনায় কোনো হিন্দু সদস্যের কোনো পরিবারের ওপর হামলা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে নাই"।

পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশান, পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি

সাবেক এমপি কবিরুল হক মুক্তি ছাড়াও কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষ, সাবেক ভাইস চেয়ারম্যান সোহেলী পারভিন নীড়ি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িতেও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে জানা যাচ্ছে।

নয়নপুরের আওয়ামী লীগ সমর্থক খান জুলফিকার আলী বলছেন, তার বাড়িও ভাংচুরের পর আগুন দেওয়া হয়েছে শুক্রবার রাতে। তার দাবি, "আমাদের গ্রামে সাতটির মতো বাড়িতে হামলা হয়েছে।"

শুক্রবার রাত থেকে কালিয়ার বেন্দারচরে বাড়িঘরে হামলা ও আগুনের ভিডিও ফেসবুকে আসতে থাকে। তাদের কেউ কেউ দাবি করছেন যে, এটা তার নিজের বাড়ির ভিডিও। এর অনেকগুলো ভিডিওতে পাকা ও আধাপাকা বাড়িঘরে আগুন জ্বলতে দেখা যায়।

যদিও বিবিসি বাংলার পক্ষ থেকে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।

শনিবার বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমে সেখানকার আগুনে পুড়ে যাওয়া বাড়িঘরে ছবি প্রকাশ করা হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ শওকত আলী জোদ্দার বিবিসি বাংলাকে বলেছেন, বেন্দারচরে বেশ কিছু বাড়িতে আগুন লাগার তথ্য তারা পেয়েছেন। তবে তারা যাওয়ার আগেই অনেক স্থানে আগুন নিভে গেছে।

কালিয়া উপজেলার আরেকটি থানা নড়াগাতিতেও বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।

পুলিশ অবশ্য তাদের বিবৃতিতে বলেছে, "পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষুণ্ণ করছে"।

নড়াইলে জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম বিশ্বাস বলছেন যে, "আগুনের যত ভিডিও দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে সব বানানো ও ভুয়া"।