আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ‘চলমান’ রয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয় শিশু মারা গেছে

    গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয় শিশু মারা গেছে।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মারা গেছে দুইজন এবং সন্দেহজনক হাম রোগে আরো চারজন মারা গেছে।

    গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে মারা গেছে ৫৪ জন। একইসঙ্গে, সন্দেহজনক হাম রোগে মারা গেছে ২৬৩ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। আর হাম সন্দেহে ২৯ হাজার ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

  2. সংযুক্ত আরব আমিরাতে হামলার নিন্দা এবং যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান মধ্যস্থতাকারী পাকিস্তানের

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, “গতরাতে সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক অবকাঠামোতে চালানো মিসাইল ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানায়”, তার দেশ।

    সোমবার একাধিক ইরানি মিসাইল ও ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে আরব আমিরাত। সেখানে একটি তেল বন্দরেও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ বলেন, “এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আলোচনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক সুযোগ তৈরি করতে যুদ্ধবিরতি বজায় রাখা এবং সেটির প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি।”

    পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের একটি অংশ পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজডে প্রোগ্রামে বলেন, উভয় পক্ষের উচিত “উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে চলা এবং কূটনীতির প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রাখা।”

    পাকিস্তান “এখনও তথ্য আদান-প্রদান করছে এবং আস্থা বৃদ্ধির সুযোগ তৈরির চেষ্টা করছে” উল্লেখ করে মি. জারদারি বলেন, তবে “গতকালের হামলার” মতো ঘটনাগুলো “প্রক্রিয়াটিকে জটিল করে তোলে।”

  3. ইরান ভঙ্গুর যুদ্ধবিরতিকে বিপজ্জনক করে তুলছে, বলছেন আরব জোটের কর্মকর্তারা

    আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের একটি তেল বন্দরে ইরানের হামলার খবরটি একটি “সত্যিই দুর্ভাগ্যজনক ঘটনা।”

    মি. জাকি মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়েও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

    বিবিসি রেডিও ফোর এর টুডে প্রোগ্রামে তিনি বলেন, “ইরান যা করছে তা আমাদের অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতিকে সত্যিই বিপন্ন করে তুলছে।”

    পাকিস্তান মধ্যস্থতা করছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় আরব রাষ্ট্রগুলোর জোট “সরাসরি অংশ না নিলেও”, তারা এমন একটি সমাধান চাইছে যা “হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সকল জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে” বলেন মি. জাকি।

  4. যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ‘নাটকীয় কোনো পরিবর্তন আসবে না’- শঙ্কা নৌ বাণিজ্য সংস্থার

    সোমবার মায়েরস্ক কোম্পানির একটি জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে আসতে পেরেছে- এই পারার খবর নৌ-চলাচল বাধা দূর করার ক্ষেত্রে “সমুদ্রে এক ফোঁটা পানির মতো” সামান্য বিষয় বলে মনে করে একটি বাণিজ্য সংগঠন।

    স্বতন্ত্র ট্যাংকার মালিক ও অপারেটরদের প্রতিনিধিত্ব করে এমন একটি সংস্থা ইন্টারট্যাংকোর ব্যবস্থাপনা পরিচালক টিম উইলকিন্স বিবিসি রেডিও ফোর এর টুডে প্রোগ্রামে বলেছেন, এটা ছিল “খুবই কড়াকড়ি পরিস্থিতির মধ্যে নিবিড় পাহারায় পার হওয়া একটি মাত্র জাহাজ”।

    আটকে থাকা বাকি জাহাজগুলোর জন্য “এটা নাটকীয় কোনো পরিবর্তন আনবে না।”

    “সেখানে জাহাজ চলাচলের জন্য সুসংগঠিত কোনো নিরাপত্তা দল বা সমন্বয় ব্যবস্থা নেই। তাই আমাদের সদস্যরা মৌলিক কিছু প্রশ্ন তুলছেন যে, যাতায়াতের এই প্রক্রিয়া কে শুরু করবে?” বলেন উইলকিন্স।

    “কর্তৃপক্ষের সাথে জাহাজের পক্ষ থেকে কে যোগাযোগ করবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, চলাচলের সময় যদি জাহাজটি ইরানি বাহিনীর বাধার মুখে পড়ে, তাহলে বিকল্প ব্যবস্থা কী হবে?” বলেন এই ব্যবস্থাপনা পরিচালক।

    মি. উইলকিন্স বলেন, “মালিকরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই করছেন এবং তাদের জাহাজে থাকা ক্রু বা কর্মীদের সাথে এ বিষয়ে আলোচনা করছেন”।

  5. পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ‘এগিয়ে যাচ্ছে’- আরাঘচি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন যে, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে এই রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা “এগিয়ে যাচ্ছে”।

    সঙ্গেতিনি সতর্কতা উচ্চারণ করেএটাও বলেন, ওয়াশিংটনকে সজাগ থাকতে হবে, যারা শুভাকাঙ্ক্ষী নয় তারা যাতে যুক্তরাষ্ট্রকে “সংঘাতের আরেকটি গোলকধাঁধায়” টেনে নিতে না পারে। তিনি সংযুক্ত আরব আমিরাতকেও একই পরামর্শ দেন।

    আরাঘচি ‘ফ্রিডম প্রজেক্ট’-কে একটি “অচলাবস্থা প্রকল্প” বলে আখ্যা দেন।

    ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শতাধিক বিমান ও কয়েকটি ডেস্ট্রয়ার নিয়ে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলে সহায়তা শুরুর উদ্যোগ নিয়েছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই অভিযানের নাম দেন ‘প্রজেক্ট ফ্রিডম’।

    এই অভিযান হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

    ইরান জানায়, তারা ডেস্ট্রয়ার লক্ষ্য করে গুলি চালিয়েছে। আর যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের দ্রুতগামী নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

    তবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের নৌযান ধ্বংস হওয়ার দাবি অস্বীকার করেছে।

    আর ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে “পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে”।

    হরমুজ প্রণালিতে এখনো জাহাজ চলাচল কম রয়েছে।

    কয়েক ঘণ্টা আগে জাহাজ পরিবহন কোম্পানি মায়েরস্ক ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রের সুরক্ষায় তাদের একটি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে।

    রেভল্যুশনারি গার্ড জানায়, গত রাতে হরমুজ প্রণালি দিয়ে কোনো বাণিজ্যিক বা তেলবাহী ট্যাংকার অতিক্রম করেনি।

  6. যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে- অভিযোগ ইরানের প্রধান আলোচকের

    ইরানের পার্লামেন্টের স্পিকার এবং গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটির শীর্ষ প্রতিনিধি মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌপরিবহন ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে।

    সোমবার ডোনাল্ড ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরুর পর ফারসি ভাষায় এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “যুদ্ধবিরতি লঙ্ঘন” এবং প্রণালিতে “অবরোধ আরোপের” অভিযোগ করেন।

    “যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধের মাধ্যমে নৌপরিবহন নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহকে বিপন্ন করেছে। তবে, তাদের এই অশুভ কর্মকাণ্ড ব্যর্থ হবে”।

    "আমরা ভালো করেই জানি যে স্থিতাবস্থার ধারাবাহিকতা আমেরিকার জন্য অসহনীয়, আর আমরা তো সবে শুরু করেছি," লিখেছেন তিনি।

  7. যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

    ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনিবলেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ চলাকালে ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে “পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে”।

    তিনি আরও বলেন, শান্তি আলোচনায় ইরান এখন “অনেক বেশি নমনীয়” হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ইরানের চেয়ে উন্নত বলেও মন্তব্য করেন তিনি।

    এই মন্তব্যের আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে তার এক পোস্টে লিখেছিলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সাতটি ‘ছোট নৌযান’-এ হামলা চালিয়েছে।

    যুক্তরাষ্ট্র আরও জানায়, তারা ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

    সোমবারই ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডমের’ ঘোষণা দেন। তিনি দাবি করেন, বিশ্বের “বিভিন্ন দেশের” অনুরোধে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে, যাদের বাণিজ্যিক জাহাজগুলো প্রণালিতে “আটকে পড়েছিল” এবং সেগুলো মুক্ত করতে সহায়তার প্রয়োজন হয়েছিল।

  8. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বড় জয় পেয়েছে বিজেপি। বেসরকারি ফলাফলে দলটি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
    • বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরে গেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নন্দীগ্রাম আসনেও বিজয়ী হয়েছে শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রীও পরাজিত হয়েছেন।
    • পরাজয় মানতে অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে 'চুরির অভিযোগ' করেছেন মমতা ব্যানার্জী। বিজেপির এই জয়কে 'অনৈতিক' আখ্যা দিয়ে মমতা ব্যানার্জী বলেছেন, ''বিজেপি ১০০টিরও বেশি আসন চুরি করেছে। বিজেপি জালিয়াতি করেছে। নির্বাচন কমিশন এখন বিজেপি কমিশনে পরিণত হয়েছে।''
    • সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেলবন্দর ফুজাইরাহতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ইরান থেকে চালানো ড্রোন হামলার পর এই আগুন ছড়িয়ে পড়ে।
    • সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের একটি ট্যাংকারে আঘাত হেনেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
    • সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করেছে, আর চতুর্থটি সাগরে গিয়ে পড়েছে।
    • হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে 'বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
    • যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, যে দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে।
    • ইরানের সতর্কতা উপেক্ষা করায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী এনসিপির নুসরাত তাবাসসুমকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
    • গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৭ শিশু। এই বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে এটি সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা তিনশো ছাড়াল।
    • আবারো পরিবর্তন আসছে বাংলাদেশের পুলিশ বাহিনীর পোশাকে। সেক্ষেত্রে এর আগের ডার্ক গ্রিন ও গাঢ় নীল দুই ধরনের শার্ট ফিরিয়ে আনা হচ্ছে। তবে, প্যান্টের রং পরিবর্তন করে দেওয়া হবে খাকি প্যান্ট।
  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে