আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দিল্লিতে যে অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য দেবেন, তার সাথে ভারত সরকারের কোনো সমর্থন নেই: জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে বুধবার সাংবাদিকদের যে অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেই অনুষ্ঠানের সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, সেখানকার কোনো বক্তব্যও তারা সমর্থন করে না। অন্যদিকে কেউ যেন শেখ হাসিনার বক্তব্য নিয়ে খবর প্রচার না করে, সে ব্যাপারে গণমাধ্যমকে সতর্ক করার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো:

    • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নয়াদিল্লিতে বুধবার সাংবাদিকদের যে অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেই অনুষ্ঠানের সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, সেখানকার কোনো বক্তব্যও তারা সমর্থন করে না।
    • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে খবর প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
    • সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিরোধী দলের পরামর্শ গ্রহণ করবে কমিটি।
    • মঙ্গলবার ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেছে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে কয়েক দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
    • বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরেও কেন শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে বুধবার ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।
    • আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান অনুযায়ী বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত হওয়ায় আটটি ব্রান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের বিক্রয়-বিতরণ ও মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিএসটিআই।
    • জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বুধবার উদ্বোধন করা হবে। তবে সর্বসাধারণের জন্য আগামী ছয়ই অগাস্ট থেকে এই জাদুঘরটি খোলা থাকবে।
    • কাতার জানিয়েছে, তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে শিগগিরই সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই।
    • মঙ্গলবার তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, কারণ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনার কথা বলেছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    অন্যান্য খবর পড়তে বিবিসি বাংলার মূলপাতায় ক্লিক করুন।

  2. অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চাই না- জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

    বর্তমানে বাংলাদেশের গ্যাস ও জ্বালানি সংকটের বাস্তবতার বিষয়টি স্বীকার করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা জানি বিদ্যুৎ ও গ্যাস-সংকটের ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। এখন এই বিষয়গুলো আমাদের অ্যাড্রেস করতে হবে”।

    মঙ্গলবার জুলাই আন্দোলন নিয়ে এক আলোচনায় সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে বিএনপি।

    তারেক রহমান বলেন, “আমারা জানি দেশের বিভিন্ন প্রান্তে মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। কিন্তু এ কথাও সত্য যে, ফ্যাসিবাদী সরকার এই জ্বালানি খাতকে তাদের পকেট ভারী করার খাত হিসেবে বিবেচনা করেছে। স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যে সেক্টরকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরকে পুনর্গঠন করতে হলে তো সময়ের প্রয়োজন”।

    তিনি বলেন, “অনেকে বলছেন বিভিন্ন বাসাবাড়িতে, কল কারখানায় গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না। অনেক বাসা বাড়িতে রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট, সমস্যা আছে, সমস্যা সমাধানের জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি”।

  3. ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনার ইঙ্গিতে তেলের দাম কমেছে

    মঙ্গলবার তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, কারণ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনার কথা বলেছেন।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এ নৌপথ দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হতে পারে।

    পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এমন খবরে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যমানের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেল প্রতি প্রায় পাঁচ শতাংশ কমে ৮০ ডলারের নিচে নেমে এসেছে।

    তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে আগের দফার আলোচনাগুলো ব্যর্থ হওয়ায় তেলের বাজারে অস্থিরতা এখনো রয়েছে।

    মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম কমার পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও পাঁচ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে নেমে এসেছে।

    উভয় ধরনের তেলের দামই ১৩ই জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।

  4. ত্বক ফর্সাকারী আটটি ক্রিমের বিক্রি ও ব্যবহার বন্ধে বিএসটিআইয়ের আহ্বান

    ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান অনুযায়ী বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত হওয়ায় আটটি ব্রান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের বিক্রয়-বিতরণ ও মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন বা বিএসটিআই।

    মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এসব ক্রিম ব্যবহারে বিরত থাকার আহ্বান জানানো হয়।

    ওই আটটি ক্রিমের সাতটি পাকিস্তানের ক্রিম ও একটি চীনা কোম্পানির। ক্রিমগুলো হলো পাকিস্তানের এসজে এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াইটেনিং ক্রিম, কিউসিআই কোম্পানির নিউ ফেস বিউটি ক্রিম, লোয়া ইন্টারন্যাশনালের নাভিয়া বিউটি ক্রিম ও নাভিয়া হোয়াইটেনিং ক্রিম, নুর এন্টারপ্রাইজের নুর হোয়াইটেনিং ক্রিম, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ বিউটি ক্রিম, গৌরি কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরি বিউটি ক্রিম এবং চীনের জিএলডিজেবি (হারবিন) কসমেটিকসের ন্যাচারাল পার্ল স্কিন ক্রিম।

    বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেছেন, “জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। যে কোন প্রতিষ্ঠান ক্ষতিকর উপাদানযুক্ত প্রসাধনী উৎপাদ, আমদানি বা বাজারজাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

  5. ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই: কাতার

    কাতার জানিয়েছে, তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে শিগগিরই সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি বলেছেন, "আমরা নিশ্চিত করছি যে, সকল পক্ষের সঙ্গে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে”।

    তিনি সাংবাদিকদের বলেন, “আলোচনার মূল লক্ষ্য হলো একটি স্বল্পমেয়াদী সমাধান খুঁজে বের করা, যা আলোচনা পুনরায় শুরু করতে এবং সামগ্রিক মধ্যস্থতা প্রক্রিয়ায় ফিরে আসতে সাহায্য করবে।"

    কাতার ও পাকিস্তান একসাথে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীরর ভূমিকা পালন করছে।

  6. ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্র শিবির সংঘর্ষ, পরিস্থিতি এখনো থমথমে

    বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে।

    এই ঘটনায় এখন পর্যন্ত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    দুই পক্ষের এই সংঘর্ষের সময় লাঠিসোটা হাতে নিয়ে কয়েকজনে মারধর করতে দেখা যায়।

    ঘটনাস্থল থেকে গণমাধ্যমকর্মী মাজহারুল হক মুহাজির বিবিসি বাংলাকে জানান, বিকেল পাঁচটার আগে শুরু হওয়া এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছে। এবং সেখানে ভাংচুরও চালাতে দেখা গেছে।

    ওই ঘটনার সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়নকেও লাঠি হাতে সেখানে অবস্থান নিতে দেখা যায়।

    সেখান থেকে গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলছিলেন, “আমি খামার বাড়ি প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে ছিলাম। শুনি যে শিবির এসে হলের ভেতরে দেদারসে বোম মারতেছে, হাতুড়ি দিয়ে মারছে এবং রাম দিয়ে কোপাচ্ছে। যখন সাধারণ ছাত্রদের ওপর এমন অত্যাচার হচ্ছে তখন আমরা ১৭ বছর আন্দোলন করেছি। আমরা তো বসে থাকতে পারি না”।

    এ নিয়ে চকবাজার থানার ওসি তদন্ত মো. আবুল খায়ের বিবিসি বাংলাকে বলেন, “ওখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে শুনেছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে”।

    এই সংবাদ লেখা পর্যন্ত সেখানে বিপুল পরিমাণ পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

    পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে সেখানে দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীরা।

  7. দিল্লিতে যে অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য দেবেন, তার সাথে ভারত সরকারের কোনো সমর্থন নেই: জয়সওয়াল

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে বুধবার সাংবাদিকদের যে অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেই অনুষ্ঠানের সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, সেখানকার কোনো বক্তব্যও তারা সমর্থন করে না।

    মঙ্গলবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

    সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান যে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (সোমবার) আনুষ্ঠানিকভাবে বলেছেন, শেখ হাসিনাকে যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড চালাতে দেওয়া না হয়, যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। দিল্লিতে হওয়ার কথা রয়েছে, এমন একটি সম্মেলনের আগে আগে এই বার্তা দেওয়া হলো। এই বিষয়ে ভারতের অবস্থান কী?

    রণধীর জয়সওয়াল ওই প্রশ্নের উত্তরে বলেন, ''যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এর সাথে ভারত সরকারের কোনো রকম সংশ্লিষ্টতা নেই। সেখানে প্রকাশ করা কোনো মতামত বা বক্তব্য ভারত সরকার সমর্থন করে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।''

    মি. জয়সওয়ালের কাছে আরেকজন সাংবাদিক জানতে চান, ভারতে ব্রিকস সামিটে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নাকি বিমসটেকের সভাপতি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে?

    উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ''গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্রিকস সম্মেলনের আগে বিমসটেকের বর্তমান সভাপতি হিসাবে আউটরিচ সেসনে অংশ নেওয়ার জন্য ভারত তাকে আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছে।''

    ''প্রচলিত রীতি অনুযায়ীই নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে তাকে ওই আমন্ত্রণ জানানো হয়েছে। অন্য আঞ্চলিক সংস্থার প্রধানদেরও একইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে,'' বলেন মি. জয়সওয়াল।

  8. চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি

    বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

    নতুন রুটিন অনুযায়ী আগামী ২০শে আগস্ট থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত।

    আগামী ২০শে অগাস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে।

    ২২শে আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪শে আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    ২৯শে আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্র, ৩১শে আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    দোসরা সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    পাঁচই সেপ্টেম্বর এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া সাতই সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ই সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  9. ৫৫ বছরেও মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক তালিকা কেন হয়নি- প্রশ্ন জামায়াত আমিরের

    বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরেও কেন শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    মঙ্গলবার ঢাকার সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

    তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের যেটা আছে সঠিক হোক, বেঠিক কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই। ৬৫৬ জন নাকি ভাতা পায়, আমি শুনেছি। আশ্চর্য ব্যাপার, আমরা বলছি এত লাখ, এত লাখ, তাহলে এত লাখটা রেকর্ড হচ্ছে না কেন? এটা তো সরকারের দায়িত্ব”।

    জামায়াতের আমির বলেন, “এতগুলো সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেকহোল্ডার। ওকে, আপনারা মুক্তিযুদ্ধের স্টেকহোল্ডার, আপনাদের সম্মান করি। এই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না কেন? এটা করেন। ইতিহাসটা উঠে আসুক, ওই ফ্যামিলিগুলা গ্লোরিফাই হোক, শহীদের আত্মা শান্তি পাক”।

    “৭১-এর মতো ২৪ যেন হারিয়ে না যায়। আমি সরকারকে অনুরোধ করব, এটি তো সরকারি উদ্যোগ নয়, সরকারের দায়িত্ব আছে। আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন,” বলেন মি. রহমান।

    তিনি বলেন, “২৪-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, ৫ তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। ১২ই ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে যাচ্ছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে। তার ঠিক বিপরীতে গিয়ে এখন তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, বয়ান তৈরি করছেন”।

  10. পাঁচই অগাস্ট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর তথ্য ডিএমপি'র

    পাঁচই অগাস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দিবসটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় এসব ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

    আজ মঙ্গলবার ডিএমপি'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকাজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে মহানগরের সকল প্রবেশপথে তল্লাশি কার্যক্রম ও চেকপোস্ট পরিচালনা জোরদার থাকবে।

    পাশাপাশি ডিবি ও সিটিটিসি সাদা পোশাকে সব গুরুত্বপূর্ণ ভেন্যুতে অপারেশনাল কাজে মোতায়েন থাকবে।

    যেসব স্থানে সাধারণ মানুষের সমাগম বেশি হবে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ-স্কোয়াড ইউনিটের মাধ্যমে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে।

    এছাড়া, সকল অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অন্তর্ভুক্ত করে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের নজরদারিতে আনা হয়েছে।

    একই সাথে সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির গোয়েন্দা কার্যক্রম পুরোদমে অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হচ্ছে পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

    নিয়মিত মোতায়েনের পাশাপাশি ডিএমপির অতিরিক্ত ফোর্সসহ র‍্যাব ও সিআইডি যৌথভাবে মহানগরের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় থাকবে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ সরাসরি মাঠে উপস্থিত থেকে ডিউটি তদারকি করবেন বলেও জানানো হয়েছে।

  11. ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

    আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করারও নির্দেশ দেন তিনি।

    মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত এক সভায় সংশ্লিষ্টদের তিনি এ বিষয়ে নির্দেশনা দেন।

    প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, ছবি ও কিউআর কোড-সংবলিত এই কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজারসংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকতে হবে। সংশ্লিষ্টদের এ বিষয় বিবেচনায় রেখে কার্ড তৈরির নির্দেশ দেন তিনি।

  12. ছাত্রদল-শিবির সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারির আবেদন

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ক্যাম্পাসের ১৪৪ ধারা জারির আবেদন করা হয়েছে।

    বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন বেরোবির প্রক্টর ড. ফেরদৌস রহমান।

    যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৪ ধারা জারির তথ্য পাওয়া যায়নি।

    সকালে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারিসহ সার্বিক সহযোগিতা চেয়ে প্রক্টর ড. ফেরদৌস রহমান রংপুরের তাজহাট থানার ওসি বরাবার লিখিত আবেদন করেন।

    আবেদনে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত তেসরা অগাস্ট "বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে" ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে, এদের মাঝে পাঁচজনের অবস্থা গুরুতর। তারা সকলে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে।

    আবেদনে আরো উল্লেখ করা হয়, ''ওই ঘটনার প্রেক্ষিতে আজ চৌঠা অগাস্ট ক্যাম্পাসের প্রধান ফটকে বাংলাদেশ ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই জায়গায় বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশের ডাক দেওয়ায় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।''

    তাই, ''ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে ১৪৪ ধারা জারিসহ সার্বিক সহযোগিতা প্রয়োজন'' মর্মে রংপুর মেট্রোপলিটন পুলিশের কাছে করা ওই আবেদনে উল্লেখ করা হয়েছে।

  13. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

    ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়েছে।

    আজ মঙ্গলবার দুপুরের দিকে প্রথমে ক্যাম্পাসে, পরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল চত্বরে আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

    সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানকে বেলা তিনটার দিকে কল দিলে তিনি বিবিসি বাংলাকে বলেন, দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। তারা পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছেন।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুপম মল্লিক আদিত্য বিবিসি বাংলাকে বলেন, প্রথমে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়। তখন ছাত্রদল শিবিরকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এরপর ঢাকা ন্যাশনাল হাসপাতালে আহতদেরকে নেওয়ার পর সেখানে আবার সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন কিছুটা শান্ত।

  14. 'সব ঝুট হ্যায়' – পাঁচই অগাস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে চিফ প্রসিকিউটর

    "শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের ওপর নিষেধাজ্ঞা আছে একটা," গণমাধ্যমকর্মীদের উদ্দেশে এ কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    "শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না। বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়? কিন্তু আদৌ ওনার বক্তব্য পাই কি না...দেখেন না...পাঁচ তারিখ আসুক না...আমরা ৬টা-৭টা পর্যন্ত ওয়েট করি না...দেখি না! আমার কাছে তো মনে হয়, 'সব ঝুট হ্যায়'" যোগ করেন তিনি।

    আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি।

  15. শেখ হাসিনার বক্তব্য নিয়ে খবর প্রচার করলে ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার

    কেউ যেন শেখ হাসিনার বক্তব্য নিয়ে খবর প্রচার না করে সেব্যাপারে গণমাধ্যমকে সতর্ক করবে বাংলাদেশ সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    আজ সচিবালয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তার কাছে এ ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, "শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি।"

    "আবার তিনি বক্তব্য দেবেন- এরকম নিউজ যদি কেউ দিয়ে থাকে, কালকে করবে- এটা যদি কেউ আগাম জানায়, পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট হবে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেবো," বলেন তিনি।

    এর আগেও যারা শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, বাংলাদেশ সরকার তাদের সতর্ক করেছে উল্লেখ করে তিনি বলেন, "আমরা আবার স্মরণ করিয়ে দেবো যে এই কাজ কেউ যেন না করেন। কারণ এটা আদালতের নির্দেশ আছে। সরকার কিন্তু আদালত নয়।"

    "কেউ যদি সংক্ষুব্ধ হয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ভুল হচ্ছে, প্রচারিত হতে দেওয়া উচিত কেউ যদি মনে করেন- তিনি কিন্তু আদালতে যেতে পারেন। সরকারের কাজ হচ্ছে আদালতের যে সিদ্ধান্ত সেটা এক্সিকিউট হচ্ছে কিনা। সে ব্যাপারে সে ব্যবস্থা নেবে।"

  16. 'বিরোধী দলের সবার পরামর্শ আমরা গ্রহণ করবো'– বিশেষ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী

    "বিরোধী দলের পক্ষ থেকে যে পাঁচটি নাম দেওয়ার কথা ছিল, সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি, পরবর্তী পর্যায়ে তারা হয়তো অনুধাবন করবেন, নাম দেবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করবো," বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    আজ মঙ্গলবার সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়েছে।

    এ বিষয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, "বিরোধী দলীয় সকলের পরামর্শ আমরা গ্রহণ করবো। তারা যদি মিটিং-এ এসে দেয়, ভালো। মিটিং-এর বাইরে লিখিতভাবে দিলেও আমরা সেটি গ্রহণ করবো। আমরা একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই, সবার সাথে আলাপ-আলোচনা করে সেই প্রতিবেদন প্রণয়ন করতে চাই।"

    বিশেষ কমিটির সামনে কোনো চ্যালেঞ্জ রয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "কমিটির সামনে চ্যালেঞ্জ নেই, প্রত্যাশা আছে। আমরা সবার সাথে আলোচনা করতে চাই। এটাকে চ্যালেঞ্জ বলতে চাই না। যেহেতু আমরা উদার, ওপেন, আমরা সবার কথা শুনবো। এত বড় একটা ছাত্র গণ-অভ্যুত্থান সংঘটিত হলো, জাতির প্রত্যাশা অনেক। শহীদদের আকাঙ্ক্ষা ছিল। সেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।"

    তিনি জানান, শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও তা টেকসই করতে হলে প্রয়োজনীয় বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা জরুরি।

    উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান সংস্কারের জন্য যে প্রক্রিয়া নির্ধারণ করেছিল, বিএনপি তার সঙ্গে একমত হয়নি। গত ১৩ই জুলাই সালাহউদ্দিন আহমদের সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। বিরোধী দল আপত্তি জানিয়ে এই কমিটিতে যোগ দেয়নি।

  17. ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর নিয়ে যা বললো তার কার্যালয়

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে "সম্পূর্ণ বাজে কথা ও মিথ্যা" বলে অভিহিত করেছেন তার দপ্তরের একজন ঊর্ধ্বতন সদস্য।

    ইরানের প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ-পরিচালক মেহদি তাবাতাবাই এক্স-এ একটি পোস্টে লিখেছেন, "মিথ্যাবাদী, প্রতারক এবং বেপরোয়া চরমপন্থিদের একটি অশুভ জোট পবিত্র ঐক্য এবং জাতীয় সংহতিকে লক্ষ্যবস্তু করেছে।"

    এর আগে, ইরানের একজন ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি মন্তব্য করেছিলেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করেছেন যে "পেজেশকিয়ান যদি আবারও পদত্যাগ করেন” তবে তা গ্রহণ করা হবে। ইরানের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল।

    এদিকে, বিবিসি ফার্সির খবরে বলা হয়েছে, ইরানের বিভিন্ন গণমাধ্যম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি ভিডিও বক্তব্যের অংশ সম্প্রচার করেছে, যেখানে তিনি বলেছেন, “আমি পদত্যাগ করব না এবং অবিচল থাকব।”

    ভিডিওটিতে পেজেশকিয়ান বলেন, “আমরা সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগে রয়েছি।”

    ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ-সংক্রান্ত ঘটনাসহ বর্তমান পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ানের বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও ও পাঠ্য শিগগিরই প্রকাশ করা হবে।

  18. বিশ্ব বাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম

    যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দিয়েছে। তারই ফলশ্রুতিতে আজ থেকে বিশ্ববাজারে তেলের দাম প্রায় এক শতাংশ বেড়ে গেছে।

    ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ১২ ডলার বেড়ে ৮৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। আগের দিন ব্রেন্টের দাম সাত শতাংশ কমে গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

    অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৭৭ সেন্ট বা এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন এ তেলের দাম পাঁচ শতাংশ কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

    দুই দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এবং হরমুজ প্রণালিকে ঘিরে বিরোধ মেটাতে আলোচনা চলাকালে তিনি নতুন করে ইরানে কোনো হামলা চালানোর নির্দেশ দেবেন না।

    তার ওই ঘোষণার পরই তেলের দাম কমে গিয়েছিল।

    তবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের বক্তব্য নাকচ করে বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না এবং কোনো বৈঠকেরও পরিকল্পনা নেই।

    এর পরই তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে, আর সেই প্রভাবে তেলের দামও বাড়ে।

  19. হরমুজ প্রণালির কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর

    যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস অর্গানাইজেশন (ইউকেএমটিও) জানিয়েছে, তারা ওমানের আল খাসাবের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজ হামলার শিকার হওয়ার তথ্য পেয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, একটি মালবাহী জাহাজ জরুরি যোগাযোগ চ্যানেলে ঘোষণা দেয় যে, সেটিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করেছে।

    সামুদ্রিক দুর্ঘটনা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটটি জানিয়েছে, “কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।”

    গতকাল একই এলাকায় একটি তেলবাহী ট্যাংকার কাছাকাছি একটি বিস্ফোরণের খবর দিয়েছিল। তবে মেরিটাইম ট্রেড অপারেশনস অর্গানাইজেশন জানিয়েছে, জাহাজটির নাবিকদল এবং জাহাজের কাঠামোর কোনো ক্ষতি হয়নি।

  20. কাশ্মীরের ক্রিকেটার অকিব নবী এবার ভারতের জাতীয় দলে

    ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শিগগিরই দেখা যেতে পারে ভারতের জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার আকিব নবীকে। ভারতীয় ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহর চোটের কারণে শ্রীলঙ্কা সফরের জন্য আকিবকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাম হাঁটুতে চোট পেয়েছিলেন বুমরাহ। জানা গিয়েছে, এখনো তিনি পুরোপুরি সেরে ওঠেননি, যে কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

    ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সচিব দেবজিৎ সাইকিয়ার জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে, আকিব নবী প্রথমবারের মতো ভারতীয় সিনিয়র দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

    ডানহাতি মিডিয়াম পেসার আকিব নবী ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফর্ম করেছেন, গত দুই রঞ্জি ট্রফি মৌসুমে কাশ্মীর দলের হয়ে মোট ১০৪টি উইকেট নিয়েছেন।