আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরে ডুয়েটে দফায় দফায় সংঘর্ষ

বাংলাদেশের গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন সংঘর্ষে রূপ নিয়েছে। অন্যদিকে কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক সংকট বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দিনের প্রধান খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। এসময় সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলার বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সম্পাদক পরিষদের নেতারা।

    রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠক শেষে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, গণ-অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ২৮০ জনের মতো সাংবাদিকের নামে হত্যাসহ বিভিন্ন মামলা হয়েছে। এর মধ্যে ৯৪ জন সাংবাদিককে হত্যা মামলার আসামি করা হয়েছে। বিষয়টি তারা প্রধানমন্ত্রীর নজরে এনেছেন। এর প্রেক্ষিতে মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্যমন্ত্রীকে নির্দেশ ও দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

    দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, এর আগে যখন সম্পাদক পরিষদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল তখন মামলার বিষয় তোলা হলে তিনি তালিকা চেয়েছিলেন। আজকে আমরা সেই তালিকা দিয়েছি।

    বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন।

  2. তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

    আগামী পাঁচদিন দেশের তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে ১২০ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এতে বলা হয়েছে রোববার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    পরদিন ১৮ই মে সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সাথে দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

    মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন দেখা যাবে না। এদিন ভারি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের কোথাও কোথাও।

    বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা।

    বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

    এর পরেই আস্তে আস্তে সারাদেশের বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

  3. উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরে ডুয়েটে দফায় দফায় সংঘর্ষ

    গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পুলিশের বিক্ষোভ ও দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

    এসময় ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

    পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন, সম্প্রতি ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে।

    মি. ইকবালকে উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষ। এ নিয়ে বৃহস্পতিবার রাতেই প্রতিবাদ জানান শিক্ষার্থীদের একটি অংশ।

    গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, শিক্ষার্থীদের একটা অংশের দাবি ছিল যেন ডুয়েটের কোন শিক্ষককেই উপাচার্য নিয়োগ দেওয়া হয়। সেটি নিয়েই মূলত এই প্রতিবাদ ও সংঘর্ষ।

    রোববার সকালে শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। সকালে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হলে পুলিশ-ছাত্রদের মধ্যে সংঘর্ষ। এতে ইট পাটকেলে পাঁচ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন জন আহত হয়।

    পরে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সংকট সমাধানে পুলিশ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে বসে।

    গাজীপুর সদর থানার ওসি মি. ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “ডুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে আজকে সংঘর্ষও হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে”।

  4. হাম উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে হাম উপসর্গে ৪৫৯ শিশুর মৃত্যু হলো।

    যদিও সরকার বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে একজনের, বাকিদের সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে।

    অন্যদিকে এখন পর্যন্ত মোট মারা যাওয়া ৭৫ শিশুর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। তবে সন্দেহজনক হাম রোগে মারা গেছে ৩৮৪ শিশু।

    বাংলাদেশে এই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই হাম ভয়াবহ আকার ধারণ করেছে। এজন্য গত কয়েক বছরে শিশুদের হামের টিকা না দেওয়াকে সবচেয়ৈ একাধিক কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

    হামের বিস্তার নিয়ে আরো পড়তে পারেন:

  5. ইবোলা প্রাদুর্ভাবকে 'বৈশ্বিক জরুরি অবস্থা' বলে ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

    ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের জন্য জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

    সংস্থাটি জানিয়েছে, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এ পর্যন্ত প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই পরিস্থিতি এখনো মহামারি ঘোষণার মতো অবস্থা তৈরি হয় নি।

    তবে স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, বর্তমানে যে সংখ্যক সংক্রমণ শনাক্ত ও রিপোর্ট করা হচ্ছে, বাস্তবে পরিস্থিতি এর চেয়ে আরো ‘খারাপ’ হতে পারে। একই সঙ্গে স্থানীয় ও আঞ্চলিকভাবে রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকির শঙ্কাও দেখছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমান ইবোলার যে ভাইরাসের কারণে সৃষ্টি হয়েছে, তার জন্য এখন পর্যন্ত অনুমোদিত কোনো ওষুধ বা টিকা নেই।

    রোগটির প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, পেশিতে ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা ও গলা ব্যথা। পরে বমি, ডায়রিয়া, শরীরে ফুসকুড়ি এবং রক্তক্ষরণ দেখা দিতে পারে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, ভাইরাসটি ডিআর কঙ্গোর সীমানা ছাড়িয়ে প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে।

    সেখানে দুইটি নিশ্চিত সংক্রমণের খবর পাওয়া গেছে। উগান্ডার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার মারা যাওয়া ৫৯ বছর বয়সী এক ব্যক্তির শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছিল।

  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে