লাইভ, ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আলাদা কেবিন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে, ইসরায়েলি বাহিনী সাইপ্রাসের কাছে গাজাগামী ত্রাণবাহী নৌকা আটকে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. জুলাই-অগাস্টের মধ্যেই আসছে গণমাধ্যম নীতিমালা: তথ্যমন্ত্রী

    প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    জুলাই-অগাস্ট মাসের মধ্যে বাংলাদেশে একটি গণমাধ্যম নীতিমালা প্রণয়ন এবং কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ।

    মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

    এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।

    ব্রিফিংয়ে সংবাদপত্রের ওয়েজবোর্ড ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, "সাংবাদিকদের সঠিক সময়ে বেতন নিশ্চিত করা এবং অপেশাদার আচরণ থেকে তাদের সুরক্ষা দেওয়া যেমন সরকারের দায়িত্ব, ঠিক তেমনি সংবাদপত্রের মালিকদের পৃষ্ঠপোষকতা করাও আমাদের কাজের অংশ।"

    সাংবাদিক ও মালিকপক্ষের মধ্যকার বিরোধ মেটাতে একটি সুনির্দিষ্ট ও গোছালো আইনি কাঠামো তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।

    মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত আইনে মিথ্যা মামলার পাশাপাশি অপসাংবাদিকতা এবং এর মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা বা অপরাধের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারা না থাকায়, ভুক্তভোগীরা অনেক সময় বাধ্য হয়ে ভিন্ন আইনের আশ্রয় নিচ্ছেন।

    তবে প্রস্তাবিত নতুন গণমাধ্যম কমিশন গঠিত হলে এই আইনি সীমাবদ্ধতা সম্পূর্ণ দূর করা সম্ভব হবে। অপসাংবাদিকতার মাধ্যমে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদেরকেও এই কমিশনের মাধ্যমে আইনি কাঠামোর আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে বলে জানান মন্ত্রী।

  2. অনুমোদনহীন নির্মাণের অভিযোগে অভিষেক ব্যানার্জীর বাড়ির অংশ ভাঙার নোটিস

    অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জীর বাড়ির একটি অংশ ভাঙার জন্য নোটিস দিয়েছে কলকাতার পুরসভা।

    সোমবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ দুটি নোটিস জারি করেছে, একটি অভিষেক ব্যানার্জীর সংস্থা 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর নামে, অপরটি তার মা লতা ব্যানার্জীর নামে।

    নোটিসে অভিযোগ করা হয়েছে, হরিশ মুখার্জি রোডের ১৮৮এ নম্বরে অবস্থিত মি. ব্যানার্জীর বাসভবন 'শান্তিনিকেতন' এবং কালীঘাট রোডের ১২১ নম্বরে লতা ব্যানার্জীর নামের সম্পত্তিতে অনুমোদন ছাড়া অংশ বিশেষ নির্মাণ করা হয়েছে।

    নোটিস পাওয়ার ৭ দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে অথবা কারণ দর্শাতে বলা হয়েছে। নির্দেশ না মানা হলে মিউনিসিপাল কমিশনার নিজে সেই অংশ ভাঙার উদ্যোগ নেবেন এবং এবং সেই খরচ বাড়ির মালিককে দিতে হবে বলে জানানো হয়েছে নোটিসে।

    পাশাপাশি সাত দিনের মধ্যে বাড়িগুলির সম্পূর্ণ কাঠামোগত তথ্য ও 'অ্যাজ-বিল্ট ড্রয়িং' জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

    অভিষেক বন্দোপাধ্যায়ের ফাইল ছবি।

    ছবির উৎস, Asian News International

    ছবির ক্যাপশান, অভিষেক বন্দোপাধ্যায়ের ফাইল ছবি।
  3. হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল

    অসুস্থ শিশুদেরকে নিয়ে হাসপাতালে অভিভাবকরা

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, হামের উপসর্গ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৭৫ জনের মৃত্যু হয়েছে

    দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। হামে মারা যাওয়া শিশুদের প্রত্যেক পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, সেটিও জানতে চেয়েছেন আদালত।

    পাশাপাশি দেশে হাম ও জলাতঙ্ক টিকার প্রাপ্যতা, পর্যাপ্ততা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিলের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

    মানবাধিকার সংগঠন 'ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট'-এর পক্ষে গত দশই মে এই রিট আবেদনটি করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো: রুহুল কুদ্দুস কাজল।

    রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের মার্চ থেকে শুরু হওয়া ভয়াবহ হামের প্রাদুর্ভাবে দেশে এ পর্যন্ত ৫০০-র বেশি শিশুর মৃত্যু হয়েছে।

    অভিযোগ করা হয়েছে, ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ ব্যবস্থা বাদ দিয়ে বিগত অন্তর্বর্তী সরকার উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করায় দেশে টিকার তীব্র সংকট তৈরি হয়। ইউনিসেফ তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে এ বিষয়ে বারবার সতর্ক করলেও তা উপেক্ষা করা হয়।

    এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আইসিইউ ও পিআইসিইউ-এর অভাবে বহু শিশু চিকিৎসা না পেয়ে মারা গেছে।

  4. ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির জন্য আরও সময় প্রয়োজন: কাতার

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে পাকিস্তান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে পাকিস্তান, এপ্রিল মাসে তোলা ছবি

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনা একটি সফল চুক্তিতে পৌঁছানোর জন্য আরও কিছু সময় প্রয়োজন বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি বলেন, "উভয় পক্ষকে কাছাকাছি নিয়ে আসতে এবং একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে পাকিস্তানের যে কূটনৈতিক প্রচেষ্টা, আমরা তাকে সমর্থন করি।”

    “পাকিস্তান এই বিষয়ে তাদের আন্তরিকতা দেখিয়েছে। তবে আমরা বিশ্বাস করি, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে এই প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগবে," বলেন তিনি।

    এদিকে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নেতাদের অনুরোধে তিনি মঙ্গলবার ইরানের ওপর একটি পূর্বপরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন।

    ট্রাম্প আরও উল্লেখ করেন, এই তিন দেশের নেতারা বিশ্বাস করেন যে আলোচনার মাধ্যমে এমন একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব, যা একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর কাছে "যথেষ্ট গ্রহণযোগ্য" হবে।

  5. ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

    ডিআর কঙ্গোর সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ রুয়ান্ডা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ডিআর কঙ্গোর সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ রুয়ান্ডা

    গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ছড়িয়ে পড়া ইবোলা মহামারি ধারণার চেয়েও দ্রুত গতিতে বিস্তার লাভ করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। দেশটিতে এই প্রাদুর্ভাবে ইতিমধ্যে অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. অ্যান অ্যানসিয়া বিবিসি-কে জানিয়েছেন, সংস্থাটি যত বেশি তদন্ত করছে, ততই স্পষ্ট হচ্ছে যে এই ভাইরাসের সংক্রমণ নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে।

    কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার পর্যন্ত কঙ্গোতে ৫১৩ জনেরও বেশি মানুষ ইবোলায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশ উগান্ডাতেও ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    এদিকে লন্ডনের ‘এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালিসিস’-এর একটি গাণিতিক মডেলে দেখা গেছে, মাঠপর্যায়ে প্রকৃত আক্রান্তের একটি বড় অংশই শনাক্তকরণের বাইরে থেকে গেছে।

    গবেষকদের ধারণা, প্রকৃত আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে এক হাজার ছাড়িয়ে গিয়ে থাকতে পারে। এই গবেষণা ইঙ্গিত দেয় যে, বর্তমান প্রাদুর্ভাবটি সরকারি হিসাবের চেয়েও "অনেক বড়" এবং এর "আসল ভয়াবহতা এখনও অনিশ্চিত"।

    এদিকে রেড ক্রসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা না গেলে, সাধারণ মানুষের মাঝে সচেতনতার অভাব থাকলে এবং স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়লে ইবোলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার রাতে এক জরুরি বৈঠক শেষে কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।

    অন্যদিকে, গত সপ্তাহে এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেছেন, "এই মহামারির আকার এবং বিস্তারের গতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।"

    আশঙ্কা করা হচ্ছে, গত ২৪শে এপ্রিল প্রথমবার এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার আগেই হয়তো বেশ কয়েক সপ্তাহ ধরে এটি স্থানীয়ভাবে ছড়াচ্ছিল।

    আরও উদ্বেগের বিষয় হলো, বর্তমানে যে স্ট্রেইনটির কারণে সংক্রমণ বাড়ছে, সেটির কোনো কার্যকর ভ্যাকসিন বা টিকা নেই। তবে অন্য কোনো ওষুধ এর বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে কি না, তা মূল্যায়ন করে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  6. ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

    হাম আক্রান্ত রোগীর অধিকাংশই শিশু
    ছবির ক্যাপশান, হাম আক্রান্ত রোগীর অধিকাংশই শিশু

    হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এছাড়া সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানানো হয়েছে।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাম রোগে সবচেয়ে বেশি তিনজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা ও সিলেট বিভাগে।

    এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৩৯৮ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৭৭ জনের। অর্থাৎ সব মিলিয়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৭৫ জনের মৃত্যু হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৮৬ জন। আর এই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ৯২৯ জন।

  7. বেইজিং সফরের আগে পুতিনের ভিডিও বার্তা

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

    ছবির উৎস, Alexander Nemenov/Pool via REUTERS

    ছবির ক্যাপশান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

    বেইজিংয়ে দুই দিনের রাষ্ট্রীয় সফরে যাওয়ার আগে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এই ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি ফার্সি।

    ভিডিও বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করে পুতিন তাকে নিজের একজন "ভালো এবং পুরোনো বন্ধু" হিসেবে উল্লেখ করেছেন।

    একই সঙ্গে তিনি দাবি করেন, রাশিয়া ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে একটি "সত্যিকারের নজিরবিহীন উচ্চতায়" পৌঁছেছে।

    রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, রাশিয়া ও চীনের মধ্যকার এই নিবিড় কৌশলগত জোট বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ এবং স্থিতিশীল ভূমিকা পালন করছে। পারস্পরিক এই সহযোগিতা অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং তা বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে কাজ করছে।

    উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার মাত্র কয়েক দিন পরই চীন সফরে যাচ্ছেন পুতিন।

    সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিনের এই চীন সফর নিয়ে মস্কো অত্যন্ত আশাবাদী। এই সফরের মাধ্যমে দুই দেশ তাদের "বিশেষ অংশীদারিত্ব" আরও এগিয়ে নিয়ে যাবে।

    প্রেসিডেন্ট হিসেবে এটি পুতিনের ২৫তম চীন সফর। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পশ্চিমা দেশগুলো বেইজিংকে মস্কোর ওপর চাপ সৃষ্টির ক্রমাগত আহ্বান জানিয়ে আসলেও, পুতিনের এই দুই দিনের সফর প্রমাণ করে যে দুই দেশের অংশীদারিত্ব কতটা "গভীর ও শক্তিশালী"।

  8. গাজাগামী ত্রাণবাহী বহর সাইপ্রাসের কাছে আটকে দিল ইসরায়েলি বাহিনী

    আন্তর্জাতিক জলসীমায় ত্রাণবাহী বহরটিকে আটকে দেয় ইসরায়েলি বাহিনী

    ছবির উৎস, Global Sumud Flotilla/Handout via Reuters

    ছবির ক্যাপশান, আন্তর্জাতিক জলসীমায় ত্রাণবাহী বহরটিকে আটকে দেয় ইসরায়েলি বাহিনী

    গাজা উপত্যকার উদ্দেশে রওনা হওয়া ৫০টিরও বেশি নৌকার একটি ত্রাণবাহী বহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

    সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় জলসীমায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনপন্থি আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টরা।

    ‘গ্লোবাল ফ্লিট কোয়ালিশন’ এক বিবৃতিতে জানায়, গাজা উপকূল থেকে প্রায় ৪৬০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি কমান্ডোরা তাদের এই নৌবহরে আকস্মিক অভিযান চালায়।

    ইসরায়েলের এই পদক্ষেপকে তারা "উন্মুক্ত জলসীমায় একটি অবৈধ অনুপ্রবেশ" হিসেবে আখ্যায়িত করেছে। বহর থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিওতেও ইসরায়েলি কমান্ডোদের বেশ কয়েকটি নৌকায় চড়াও হতে দেখা গেছে।

    এদিকে এই অভিযানের পক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, "গাজায় হামাস সন্ত্রাসীদের ওপর আমরা যে অবরোধ আরোপ করেছি, তা ভেঙে দেওয়ার একটি ধ্বংসাত্মক পরিকল্পনা এই অভিযানের মাধ্যমে সফলভাবে নস্যাৎ করা হয়েছে।"

    উল্লেখ্য, গত মাসেও গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি এলাকা থেকে এই একই বহরের ২২টি নৌকা জব্দ করেছিল ইসরায়েলি বাহিনী। সেই ঘটনায় নৌকায় থাকা ১৮১ জন অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করা হয়।

    তবে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার মুখে পরদিনই গ্রিসের একটি দ্বীপে তাদের মধ্যে দু'জন ছাড়া বাকি সবাইকে মুক্তি দেওয়া হয়।

    পরবর্তীতে এই বহরের অবশিষ্ট নৌকাগুলো তুরস্কের মারমারিস বন্দরে আশ্রয় নেয়। সেখান থেকেই গত বৃহস্পতিবার ৫৪টি নৌকার এই বহরটি দক্ষিণ-পূর্ব দিকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

    এই মানবিক সহায়তা কার্যক্রমে ৪৫টি দেশের ৪৬০ জনেরও বেশি অ্যাক্টিভিস্ট অংশ নিয়েছেন বলে জানা গেছে।

  9. 'র‍্যাব আগের মতো করে থাকছে না'- প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    র‍্যাব আগের মতো করে থাকছে না, এই বাহিনীর জন্য পৃথক একটি আইন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

    তিনি বলেন, ‌"এতদিন পর্যন্ত র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটা অপশনের অধীনে কাজ করছিল। সো একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে যে আইনের মধ্যে র‍্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইনড থাকবে।”

    “র‍্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি, এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এ ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এবং উনি সেটাও জানিয়েছেন যে, এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন,” বলেও জানান ডা. জাহেদ উপর রহমান।

  10. ‘চিকেন্স নেকে’র কাছে মহাসড়কের দায়িত্ব এখন ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে

    শিলিগুড়ি কমিডোরে তিস্তা নদীর তীর ঘেঁষে সীমান্ত সড়ক

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, শিলিগুড়ি কমিডোরে তিস্তা নদীর তীর ঘেঁষে সীমান্ত সড়ক

    ভারতের স্ট্র্যাটেজিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ‘শিলিগুড়ি করিডোর’ বা ‘চিকেনস নেক’ নামে পরিচিত সরু ভূখণ্ডের অনেকটা জমি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করেছে রাজ্য সরকার।

    পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া ওই প্রস্তাবটি গত এক বছর ধরে রাজ্য সরকারের কাছে আটকে ছিল।

    এ মাসেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় আসে বিজেপি।

    নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেই ‘যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য’ ওই অঞ্চলের সাতটি সড়ক ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া ও ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের হাতে তুলে দিয়েছে।

    এতদিন পর্যন্ত রাজ্য সরকারের পূর্ত দপ্তরের হাতেই এই সড়কগুলো দেখভালের দায়িত্ব ছিল। এই সাতটি সড়কের মধ্যে পাঁচটিই সরাসরি শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে গেছে।

    এখন এই হস্তান্তরের ফলে রাস্তাগুলোর সম্প্রসারণ, মেরামতির কাজ দ্রুত শুরু হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    একজন সামরিক পর্যবেক্ষক বিবিসিকে বলেছেন, রাস্তার সম্প্রসারণ হলে ওই অঞ্চলে সড়কপথে সামরিক অভিযান অনেক সহজ এবং দ্রুত হবে।

    ভৌগোলিক দিক থেকে চিকেন্স নেকের অবস্থান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনটি আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত এই ভূখণ্ডটি সবচেয়ে সরু যেখানে – তার দৈর্ঘ্য মাত্র ২২ কিলোমিটার। এই ‘চিকেন্স নেক’ নেপাল, বাংলাদেশ ও ভূটান সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত।

    এই সরু ভূখণ্ডটি উত্তর-পূর্বের সেভেন সিস্টারস বা সাতটি রাজ্যের সঙ্গে ভারতের বাকি অংশকে জুড়ে রেখেছে। এই অঞ্চলটির লাগোয়া সিকিমের উত্তরে রয়েছে আরেক প্রতিবেশী দেশ চীন।

    বিশেষজ্ঞরা জাতীয় সুরক্ষার দিক থেকেও এই পদক্ষেপকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন।

    ২০১৭ সালে ভূটান-চীন-ভারত তিন দেশের সীমানা যেখানে মিশেছে, সেই ডোকলামে সামরিক সংকটের পর থেকেই এই অঞ্চলের রাস্তা সম্প্রসারণ করা নিয়ে কেন্দ্রীয় স্তরে চিন্তা-ভাবনা চলছিল।

  11. হাম চিকিৎসায় বেসরকারি হাসপাতালেও আলাদা কেবিন রাখার নির্দেশনা

    হামের উপসর্গ থাকা শিশুদের নিয়ে হাসপাতালে অভিভাবকরা
    ছবির ক্যাপশান, হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে (ফাইল ছবি)

    হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশের সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা কেবিন রাখার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হাম এবং হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, এমন রোগীদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণসহ জরুরি নির্দেশনা দেওয়া হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মঈনুল আহসানের সই করা এই নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বেসরকারি হাসপাতালে হাম ও হাম সন্দেহজনক রোগী ভর্তি না করার অভিযোগ পাওয়া গেছে।

    এমন প্রেক্ষাপটে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার পাশাপাশি, হামের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডগুলোতে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখার কথাও বলা হয়েছে।

    নির্দেশনায় আরও বলা হয়েছে যে, ছুটির দিনসহ সপ্তাহের প্রতিদিন সকাল ও বিকেল- দুই বেলা বিশেষজ্ঞ চিকিৎসকদের এই ওয়ার্ডগুলো পরিদর্শনে যেতে হবে।

    এক্ষেত্রে সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য আক্রান্ত রোগীর সাথে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী থাকার অনুমতি দেওয়া যাবে। এর বেশি কেউ প্রবেশ করতে পারবেন না। হাসপাতালে ভর্তি হওয়া হাম রোগীদের সার্বিক তথ্য প্রতিদিন নিয়মিতভাবে এমআইএস সার্ভারে আপলোড করার কথাও বলা হয়েছে।

    মূলত, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা এবং রোগীদের জন্য আরও কার্যকর ও নিবিড় চিকিৎসা সেবা নিশ্চিত করতেই স্বাস্থ্য অধিদপ্তর এই জরুরি নির্দেশনাগুলো দিয়েছে।

  12. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা

    • বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২৮শে মে বৃহস্পতিবার জিলহজ মাসের ১০ তারিখ হওয়ায় ওইদিন বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হবে।
    • ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনোপ্রকার আলোচনা বা আপস করবে না ইরান, বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে খুব তাড়াতাড়ি রাজি না হয়, তাহলে চরম পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
    • র‌্যাব পরিচালনায় নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, মেকারফিল্ড উপ-নির্বাচনে লেবার পার্টির প্রার্থী যিনিই হন না কেন, তাকেই তিনি শতভাগ সমর্থন করবেন।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক বিভিন্ন বিষয়ে ব্যবস্থা নিতে একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
    • ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ জন গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
    • ইবোলা প্রাদুর্ভাবে ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে (ডিআর কঙ্গো) অন্তত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, ৩৯০টির বেশি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান।
    • পশ্চিমবঙ্গের নারীদের জন্য যে আর্থিক সহায়তা প্রকল্পটি নিয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট আলোচনা হয়েছিল, সেই লক্ষ্মীর ভান্ডারের বদলে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্প শুরু করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে