জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আযহা ২৮শে মে

বাংলাদেশের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে ২৮শে মে ঈদুল আযহা উদযাপিত হবে। র‍্যাব পরিচালনায় নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে, কোনো চুক্তিতে রাজি না হলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না। অন্যদিকে ইরান বলেছে, তারা মার্কিন প্রস্তাবের জবাব দিয়েছে, কিন্তু পরমাণু সমৃদ্ধি ইস্যুতে কোনো আলোচনা হবে না।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা ঘটলো:

    • বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২৮শে মে বৃহস্পতিবার জিলহজ মাসের ১০ তারিখ হওয়ায় ওইদিন বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হবে।
    • ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনোপ্রকার আলোচনা বা আপস করবে না ইরান, বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে খুব তাড়াতাড়ি রাজি না হয়, তাহলে চরম পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
    • র‌্যাব পরিচালনায় নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, মেকারফিল্ড উপ-নির্বাচনে লেবার পার্টির প্রার্থী যিনিই হন না কেন, তাকেই তিনি শতভাগ সমর্থন করবেন।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক বিভিন্ন বিষয়ে ব্যবস্থা নিতে একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
    • ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ জন গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
    • ইবোলা প্রাদুর্ভাবে ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে (ডিআর কঙ্গো) অন্তত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, ৩৯০টির বেশি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান।
    • পশ্চিমবঙ্গের নারীদের জন্য যে আর্থিক সহায়তা প্রকল্পটি নিয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট আলোচনা হয়েছিল, সেই লক্ষ্মীর ভান্ডারের বদলে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্প শুরু করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।

  2. কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে অন্তত ১০০ জনের মৃত্যু, আক্রান্ত ছয় আমেরিকানও

    ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    ছবির উৎস, Jospin Mwisha / AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    ইবোলা প্রাদুর্ভাবে ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে (ডিআর কঙ্গো) অন্তত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, ৩৯০টির বেশি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।

    বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস জানিয়েছে, ডিআর কঙ্গোতে এই প্রাদুর্ভাবের সময় অন্তত ছয়জন মার্কিন নাগরিক ইবোলা ভাইরাসের সংস্পর্শে এসেছেন। তাদের মধ্যে একজনের শরীরে উপসর্গ দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। আরও তিনজন সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ছিলেন ছিলেন বলে জানা গেছে।

    যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, তারা "সরাসরি ক্ষতিগ্রস্ত অল্প কয়েকজন মার্কিন নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে" সহায়তা করছে। তবে ঠিক কতজন, তা জানানো হয়নি।

    বর্তমান ইবোলার এই ধরনটি বুন্ডিবুগিও ভাইরাসের কারণে হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে, যার জন্য এখনো কোনো অনুমোদিত ঔষধ বা ভ্যাকসিন নেই।

    সিডিসি'র তথ্য অনুযায়ী, উগান্ডাতেও দুইজনের সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম এসটিএটি'র খবরে বলা হয়েছে, ডিআর কঙ্গোতে থাকা ওই মার্কিন নাগরিকদের নিরাপদ কোয়ারেন্টিন কেন্দ্রে নেওয়ার জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিতের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র সরকার।

  3. 'লক্ষ্মীর ভান্ডারে'র বদলে অন্নপূর্ণা যোজনা চালু পশ্চিমবঙ্গে

    পশ্চিমবঙ্গের মন্ত্রীসভার বৈঠক, সোমবার, রাজ্য সচিবালয় 'নবান্ন'

    ছবির উৎস, BJP West Bengal

    ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার বৈঠক, সোমবার, রাজ্য সচিবালয় 'নবান্ন'

    পশ্চিমবঙ্গের নারীদের জন্য যে আর্থিক সহায়তা প্রকল্পটি নিয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট আলোচনা হয়েছিল, সেই লক্ষ্মীর ভান্ডারের বদলে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্প শুরু করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের নবগঠিত মন্ত্রিসভা আজ নারীকেন্দ্রিক ভাতা প্রকল্প, অনগ্রসর শ্রেণির তালিকা পুনর্বিবেচনা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

    নবান্নে সোমবার এক সাংবাদিক সম্মেলনে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ‘অন্নপূর্ণা যোজনা’ নামক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রকল্পের মাধ্যমে পয়লা জুন থেকে নারীদের প্রতি মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা পাঠানো হবে।

    তিনি বলেন, “আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে যারা [ভাতা] পাননি এতদিন তারা আবেদন করতে পারবেন।”

    যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, তাদের সরাসরি অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে। এ বছরের পয়লা জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে।

    এ ছাড়া, মিজ. পাল জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেওয়া বিভিন্ন সহায়তামূলক প্রকল্প জুন মাস থেকে বন্ধ করা হবে।

    তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন রাজ্যের একাধিক মুসলিম সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণির তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

    ২০২৪ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট প্রধানত মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, এই সম্প্রদায়গুলিকে ওবিসি হিসেবে ঘোষণা করার ক্ষেত্রে ধর্মই ছিল “একমাত্র মাপকাঠি”।

    হাইকোর্টের এই রায়ের ফলে ২০১০ সাল থেকে রাজ্যে ইস্যু হওয়া প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেটের বৈধতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

    পরে সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হলে, শীর্ষ আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করে।

    পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর ১৪ই মে সিদ্ধান্ত নিয়েছে, ২০১১ সাল থেকে ইস্যু হওয়া সব কাস্ট সার্টিফিকেট পুনর্বিবেচনা করা হবে।

  4. ডেঙ্গু আক্রান্ত আরো ২৮ জন হাসপাতালে ভর্তি

    ছবিটি ২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকার মুগদা হাসপাতালে তোলা
    ছবির ক্যাপশান, ছবিটি ২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকার মুগদা হাসপাতালে তোলা

    ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ জন গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের ১১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন। ২৪ ঘণ্টায় ৪৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

    চলতি বছরে এ পর্যন্ত মোট দুই হাজার ৭৯০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১৮শে মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৩১ জন।

    এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

    ২০২৫ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের প্রাণহানি ঘটে।

  5. ঈদের চাঁদ দেখা গেছে, ঈদুল আযহা ২৮শে মে

    ছবিতে একটি মসজিদ ও আকাশে চাঁদ দেখা যাচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জিলহজ্জ মাসের চাঁদের ওপর নির্ভর করে যে ঈদুল আযহা কবে হবে

    বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

    এ হিসেবে আগামী ২৮শে মে বৃহস্পতিবার জিলহজ মাসের ১০ তারিখ হওয়ায় ওইদিন বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদুল আযহা হলো মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব।

    আজ সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সিদ্ধান্ত ঘোষণা করেন।

    সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

    এবার সর্বপ্রথম চাঁদ দেখার খবরটি আসে কক্সবাজারের জেলা প্রশাসন থেকে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান চাঁদ দেখার খবরটি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিলেন।

  6. প্রধানমন্ত্রীকে সভাপতি করে জাতীয় সমন্বয় কমিটি গঠন

    বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ

    ছবির উৎস, BSS

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক বিভিন্ন বিষয়ে ব্যবস্থা নিতে একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের একটি খবরে ওই কমিটির বিস্তারিত তুলে ধরা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি বাংলাদেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করবে। প্রয়োজনে কাজের ক্ষেত্র নির্ধারণ, কর্মপরিকল্পনা তৈরি, পরিস্থিতি মূল্যায়ন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ, আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকি করবে।

    প্রচলিত আইন ও বিধিবিধান পর্যালোচনা করা, সংশোধন ও সংস্কারের সুপারিশ, বিভিন্ন সংস্থা ও অনলাইন প্লাটফর্মসমূহ নিয়মিতভাবে তদারকি, গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করবে।

    নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকল্পে কমিটি কর্তৃক নির্ধারিত বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থাসমূহের কার্যপরিধি এবং ক্ষেত্র নির্ধারণ করবে।

    সেখানে বলা হয়েছে, কমিটির সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী, সহ-সভাপতি হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা।

    কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এর মহাপরিচালক, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল (এনটিএমসি) এর মহাপরিচালক, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক, এবং স্পেশাল ব্রাঞ্চ অব পুলিশ (এসবি) এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক।

    সহায়তাদানকারী কর্মকর্তাগণ হলেন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা, তবে তিনি কমিটি কর্তৃক আহবান করা হলে যোগদান করবেন এবং কমিটির চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন।

    সহায়তাকারী আরও সদস্য হলেন , মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা।

    কমিটির সচিবালয় সংক্রান্ত প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধা দেবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)।

  7. দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

    বৃষ্টিতে হেঁটে যাচ্ছেন দুই নারী

    ছবির উৎস, Getty Images

    ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    একইসঙ্গে, মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় ৩৬ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

    আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে ৮০ মিলিমিটার।

    ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে।

  8. উপ-নির্বাচনে দাঁড়ালে বার্নহ্যামকে পূর্ণ সমর্থনের ইঙ্গিত স্টারমারের

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, মেকারফিল্ড উপ-নির্বাচনে লেবার পার্টির প্রার্থী যিনিই হন না কেন, তাকেই তিনি শতভাগ সমর্থন করবেন।

    এমন সময়ে তিনি এ মন্তব্য করলেন, যখন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম ওয়েস্টমিনস্টারে, অর্থাৎ পার্লামেন্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

    লেবার এমপি জশ সিমন্স আনুষ্ঠানিকভাবে ১৮ই মে পদত্যাগ করেছেন। ফলে তার মেকারফিল্ড আসনে পুনরায় নির্বাচন হবে। সেই নির্বাচনে অ্যান্ডি বার্নহ্যাম অংশ নেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন।

    লেবার পার্টির শীর্ষ নেতৃত্ব থেকে বার্নহ্যাম ইতোমধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।

    আর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা স্থানীয় সময় আজ দুপুরে শেষ হওয়ার কথা।

    ওই আসনে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টিও প্রার্থী দিতে পারে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকে পার্টির প্রার্থীরা মেকারফিল্ড নির্বাচনী আসনের মূল আটটি কাউন্সিলে বিজয়ী হয়েছে। ফলে ওই দলের প্রার্থীও লেবার পার্টির শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    লেবার পার্টির কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, এই উপ-নির্বাচন হবে "লেবার বনাম রিফর্ম"-এর লড়াই।

    নির্বাচিত প্রার্থী যিনিই হোন না কেন, তাকে সমর্থন করতে তিনি দলের প্রতিটি সদস্য ও সমর্থকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "রিফর্মকে হারাতে একজন লেবার প্রার্থী দরকার। এখন সেটিই আমাদের লড়াই।"

  9. এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় আসছে নতুন আইন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    র‌্যাব পরিচালনায় নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    আজ আজ সোমবার দুপুরে ঢাকার কুর্মিটোলায় র‍্যাবের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদরদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা আশা করছি, আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে র‍্যাব তার সকল কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে র‍্যাবের জন্য একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যার অধীনে একটি এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে। আমরা র‍্যাবের নাম পরিবর্তন করবো কিনা বা অন্য নতুন এলিট ফোর্স রেইজ করবো কিনা, সেটি এখনও চিন্তাভাবনার বিষয়। সরকার চিন্তাভাবনা করছে।"

    "তবে সব ক্ষেত্রেই...এলিট ফোর্সের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে," জানান তিনি।

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা জানি, র‍্যাবের কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাঝে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না, যেগুলো ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি - সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কয়েকজন কর্মকার্তার কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না। যারা আইনের বাইরে গিয়েছে, তাদের নিজ নিজ আইনের আওতায় এনে জবাবদিহিতার ব্যবস্থা করা হচ্ছে। কারণ প্রতিষ্ঠান দায়ী না, তারা ব্যক্তিগতভাবে দায়ী।"

    র‍্যাব বিগত সরকারের আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে উল্লেখ করে তিনি বলেন যে যুক্তরাষ্ট্র যে কারণ র‍্যবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, যা এখনো বহাল রয়েছে। কিন্তু "এলিট ফোর্স হিসেবে একটি নতুন ফোর্স যদি আমরা রিনেম বা রেইজ করি, তাহলে হয়তো তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন।"

    র‍্যাবের জন্য নতুন আইন প্রণয়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই আইন তিনি নিজে তদারকি করবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সেই আইন এখনও আমার সামনে আসেনি। এটা নিয়ে বিশেষজ্ঞরা কাজ করছে।"

    তিনি আরও বলেন, ''বর্তমানে র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের কিছু ধারার অধীনে পরিচালিত হচ্ছে, যা দীর্ঘদিন ধরে ‘অ্যাডহক’ ভিত্তিতে চলেছে। একটি বাহিনী এভাবে পরিচালিত হওয়া ঠিক নয়। তাই আমরা আলাদা আইন করছি, যেখানে বাহিনীর ক্ষমতা, দায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা স্পষ্টভাবে নির্ধারণ থাকবে।''

  10. চুক্তি না হলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না: ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে খুব তাড়াতাড়ি রাজি না হয়, তাহলে চরম পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

    ট্রুথ সোশ্যাল একাউন্টে দেওয়া একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ''ইরানের জন্য সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে, তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না।''

    ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদনে অনুযায়ী, বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলার পরেই ট্রাম্পের এই হুমকি সামনে এলো।

    এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যুদ্ধ অবসানে ইরান কোনো চুক্তিতে রাজি না হলে ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে।

    কয়েকদিন আগেই ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখন 'মুমুর্র্ষ অবস্থায়' রয়েছে।

  11. ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপস করবে না ইরান: ইসমাইল বাঘায়ি

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি

    ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনোপ্রকার আলোচনা বা আপস করবে না ইরান, বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।

    এ প্রসঙ্গে তিনি বলেন, “আলোচনা বা আপস করার মতো বিষয় এটি না। নন-প্রোলিফারেশন ট্রিটির (এনপিটি) আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত।”

    এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। এই চুক্তি অনুযায়ী বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, তবে অস্ত্র তৈরি নয়।

    মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান-প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসমাইল বাঘায়ি বলেন, “ইরানের দাবিগুলো পরিষ্কার।”

    তার ভাষায়, “উদাহরণ হিসেবে, তারা ইরানের জব্দকৃত সম্পদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে নিজেদের শর্ত বলছে। কিন্তু আমরা এটিকে আমাদের ন্যায্য দাবি হিসেবে দেখি।”

    তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আর বিশ্বাসযোগ্য নয়।”

    পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের দেশগুলোর উচিত সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া মন্তব্য করে তিনি আরও বলেন, ''এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি আনার বদলে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে''।

  12. গতকালের খবর:

    • অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির কাছে তালিকা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।
    • পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি’র প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি’র নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
    • ভারতের চেন্নাই থেকে ঢাকায় পৌঁছেছে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ। সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে বলেও জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। এসময় সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলার বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সম্পাদক পরিষদের নেতারা।
    • গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পুলিশের বিক্ষোভ ও দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে হাম উপসর্গে ৪৫৯ শিশুর মৃত্যু হলো।
    • ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের জন্য জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এ পর্যন্ত প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে