বাংলাদেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে

বাংলাদেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ের দাম বাড়ানো হয়েছে, পহেলা জুন থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ঢাকার মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। দিল্লির একটি রেস্তোরায় আগুন লেগে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১১ই জনই বিদেশি নাগরিক।

সরাসরি কভারেজ

  1. বুধবার যা যা হলো:

    • ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি নাগরিক এবং ১০ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
    • বাংলাদেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ের দাম বাড়ানো হয়েছে। পহেলা জুন থেকেই নতুন দাম কার্যকর হবে।
    • বিধানসভা নির্বাচনে জয়ী ৮০ জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের মধ্যে ৫৮ জন দলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ঘোষণা করলেন বুধবার। তাদের নেতা হিসাবে দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জীকে পরিষদীয় দলনেতা হিসাবে মেনে নিয়েছেন, তাকে বিরোধী দলনেতার মর্যাদা দিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকারও।
    • জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীকে তদন্তের জন্য তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
    • বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের পর তার সন্তানদের দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগ সামনে আসায় ওই নারীর ছেলেকে (মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য -যুগ্ম সচিব) তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
    • কলকাতার মেয়রের পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম। মমতা ব্যানার্জীর কাছে ওই পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। মিজ ব্যানার্জী সে বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
    • বাংলাদেশের রাজধানী ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছে।
    • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিও ভূমিকা রাখছেন।
    • ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন।
    • বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।

  2. পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী নেতা তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত

    বুধবার বিধানসভার স্পিকারের কাছে 'বিদ্রোহী' তৃণমূল কংগ্রেস বিধায়করা

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, বুধবার বিধানসভার স্পিকারের কাছে 'বিদ্রোহী' তৃণমূল কংগ্রেস বিধায়করা

    বিধানসভা নির্বাচনে জয়ী ৮০ জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের মধ্যে ৫৮ জন দলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ঘোষণা করলেন বুধবার। তাদের নেতা হিসাবে দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জীকে পরিষদীয় দলনেতা হিসাবে মেনে নিয়েছেন, তাকে বিরোধী দলনেতার মর্যাদা দিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকারও।

    সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মনোনীত পরিষদীয় দলের বিরুদ্ধে গিয়ে এই পদক্ষেপ তৃণমূলের 'ফাটল'কে আরো স্পষ্ট করে দিল।

    গত কদিন ধরে তৃণমূল কংগ্রেসে ভাঙনের যে জল্পনা চলছিল, তার অবসান হলো আজ।

    এরপরেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দলের এবং শাখা সংগঠনগুলির সব স্তরের কমিটি ভেঙে দিয়েছে। প্রতিটা স্তরে পর্যালোচনা করে তার পরে নতুন করে কমিটিগুলি গড়া হবে বলে জানানো হয়েছে।

    তৃণমূলের টিকিটে জিতে আসা ৫৮জন বিধায়ক ঋতব্রত ব্যানার্জীকে বিরোধী দলনেতা হিসাবে বেছে নেওয়ার পক্ষে স্বাক্ষর করে একটা চিঠি জমা দেন বিধানসভার স্পিকারের কাছে। সেই প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

    এ নিয়ে বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন:

  3. মায়ের মরদেহ উদ্ধারের ঘটনার পর ছেলে যুগ্ম সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার

    বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের পর তার সন্তানদের দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগ সামনে আসায় ওই নারীর ছেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এ কে এম আনিসুর রহমানকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

    আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

    মোংলা বন্দর থেকে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা জানানো হয় প্রজ্ঞাপনে।

    সেখানে বলা হয়েছে, আনিসুর রহমানকে আগামীকাল চৌঠা জুনের মাঝে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ন তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে।

    এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের দৈনিক প্রথম আলো পত্রিকাকে বলেছেন, ''পিতা-মাতার ভরণপোষণ আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ওই কর্মকর্তার (যুগ্ম সচিব) বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করা হয়েছে।''

    সম্প্রতি মিরপুরের একটি বাসা থেকে বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধারের পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ওই নারীর সন্তানদের অবহেলার অভিযোগ উঠে আসে।

  4. কেমন থাকবে জুন মাসে বাংলাদেশের আবহাওয়া?

    ঢাকায় বৃষ্টি (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়া অধিদপ্তরের এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আর, জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা দেশের সব এলাকায় বিস্তার লাভ করতে পারে।

    পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে।

    তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, জুন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ সময় দেশের ওপর দিয়ে দুই থেকে তিনটি বিচ্ছিন্ন তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

    এসব তাপপ্রবাহ মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের হতে পারে।

    এদিকে, এ মাসে বাংলাদেশের প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেলেও বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে সাময়িকভাবে পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

  5. দিল্লির অগ্নিকাণ্ডে নিহত ২১, নিহতদের মধ্যে ১১ জন বিদেশি নাগরিক

    অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে।

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে।

    ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি নাগরিক এবং ১০ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

    সরকারি তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও ৩৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন বিদেশি ও ১৪ জন ভারতীয় নাগরিক।

    আহত বিদেশি নাগরিকদের মধ্যে পাঁচজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

    এদের মধ্যে ১০ জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে, আর ছয়জন ভেন্টিলেটর ছাড়াই চিকিৎসা নিচ্ছেন।

    এ ছাড়া নেপালের দুই নাগরিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

    অন্যদিকে, আহত ভারতীয়দের মধ্যে ১০ জনই হলেন দিল্লি পুলিশের সদস্য। আরও তিন ভারতীয় নাগরিকের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে, যদিও তাদের কাউকেই ভেন্টিলেটরে রাখা হয়নি।

    এদিকে, বার্তা সংস্থা রয়টার্স ভারতের স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে, নিহত বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশের নাগরিকসহ নাইজেরিয়া, মোজাম্বিক ও লাইবেরিয়ার নাগরিকও রয়েছে।

    তবে দিল্লিতে বাংলাদেশি হাইকমিশন জানিয়েছে, ওই আগুনে কোনো বাংলাদেশির মৃত্যুর তথ্য তাদের কাছে নেই।

  6. অভিষেক ব্যানার্জীকে তলব কেন্দ্রীয় এজেন্সির

    অভিষেক ব্যানার্জী

    ছবির উৎস, Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, অভিষেক ব্যানার্জী

    তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীকে তদন্তের জন্য তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

    বুধবার বিকেলে তার কালীঘাটের বাড়িতে ইডির দুই কর্মকর্তা হাজির হন। আগামী ১৫ইজুন তাকে তলব করা হয়েছে।

    এই নোটিশের সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

    ওই মামলার তদন্তের চার্জশিটে তার নামের উল্লেখ থাকলেও অভিযুক্ত হিসাবে তার নাম ছিল না।

    এর আগে রাজ্য পুলিশের সিআইডি-ও তাকে ডেকে পাঠিয়েছিল।

    বিধানসভায় শোভনদেব চ্যাটার্জীকে পরিষদীয় দলনেতা হিসাবে বেছে নেওয়ার সময়ে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেখানে সই সংক্রান্ত অসংগতি রয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনারই তদন্ত করছে রাজ্য পুলিশের সিআইডি।

    ‘শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে তিনি উপস্থিত হননি ওইদিন। সিআইডি-কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছেন তিনি।

  7. কলকাতার মেয়রের পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম

    ফিরহাদ হাকিম

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, ফিরহাদ হাকিম

    কলকাতার মেয়রের পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম।

    মমতা ব্যানার্জীর কাছে ওই পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। মিজ ব্যানার্জী সে বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

    কালীঘাটে বুধবার বিকেলে মমতা ব্যানার্জীর তরফে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ-সহ একাধিক তৃণমূল নেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ এই বিষয়ে জানান।

    তিনি বলেন, “নেত্রী বারণ করেছিলেন। কিন্তু ফিরহাদ হাকিম জানিয়েছেন, সম্মানের সঙ্গে ওই পদ থেকে নিষ্কৃতি চান তিনি। এর পরে নেত্রী মমতা ব্যানার্জী সম্মতি দিয়েছেন।”

    কুণাল ঘোষের অভিযোগ, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পৌরসভায় কাজ করা সম্ভব হচ্ছে না। সে বিষয়ে মমতা ব্যানার্জীকে জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেই আবহেই এই সিদ্ধান্ত বলেও জানান তিনি।

    ২০১৮ সাল থেকে কলকাতার মেয়রের পদে ছিলেন ফিরহাদ হাকিম। ভারত স্বাধীন হওয়ার পরে কলকাতার প্রথম মুসলিম মেয়র ছিলেন তিনি।

  8. আদ-দ্বীনে ছয় শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

    বাংলাদেশের রাজধানী ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছে।

    আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তর গঠিত পৃথক তদন্ত কমিটিও আগামীকাল তাদের প্রতিবেদন জমা দিবে।

    ঘটনার তদন্ত ও প্রাপ্ত তথ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

  9. যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ভূমিকা রাখছেন মোজতবা খামেনি, দাবি ট্রাম্পের

    মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিও ভূমিকা রাখছেন।

    "পড ফোর্স ওয়ান" নামের একটি পডকাস্টে ট্রাম্প বলেন, "আমি তার (মোজতবা খামেনি) সঙ্গে দেখা করতে চাই। পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপর নির্ভর করে কোনো এক সময় হয়তো আমাদের দেখা হবে।"

    ট্রাম্প আরও স্বীকার করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল।

    তিনি বলেন, "হ্যাঁ, কথা হয়েছে। আমি বলবো না যে আমি রাগান্বিত ছিলাম, তবে লেবাননে তার অব্যাহত সামরিক তৎপরতা আমাকে কিছুটা বিরক্ত করেছে।"

    তবে একই সঙ্গে ট্রাম্প বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো।

    এদিকে, সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, রোববার রাতে ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে "পাগল" বলেছেন।

    প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, "তুমি পাগল হয়ে গেছ। আমি না থাকলে এখন তুমি জেলে থাকতে। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই ঘটনার কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করছে।"

    অ্যাক্সিওসের এই প্রতিবেদন ইসরায়েলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

  10. দিল্লিতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ বাংলাদেশি আহত

    আগুন নেভানো হচ্ছে

    ছবির উৎস, Bangladesh High Commission New Delhi

    ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন।

    দিল্লির বাংলাদেশ হাই কমিশনের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পাতায় এক পোস্টে বলা হয়েছে, আহতদের মাঝে তিন জন সাকেতের ম্যাক্স হাসপাতালে ও বাকি দুইজন সফদারজাং হাসপাতালে চিকিৎসাধীন।

    এ ঘটনায় শোক প্রকাশ করে হাইকমিশন আরও জানায়, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

    স্থানীয় আজ বুধবার সকালে দিল্লির মালভিয়া নগরের লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুন লাগে। এ ঘটনায় ১০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রশাসন চারজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও স্থানীয় বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় বলেছেন, নিহতের সংখ্যা ২১ জন এবং ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।

  11. বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে

    বিদ্যুতের লাইন

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ের দাম বাড়ানো হয়েছে। পহেলা জুন থেকেই নতুন দাম কার্যকর হবে।

    আজ বুধবার ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম সাত টাকা থেকে এক টাকা ৩৯ পয়সা বাড়িয়ে আট টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নয় টাকা ১১ পয়সা থেকে এক টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    এতে পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ দাম বাড়ানো হয়েছে।

    এর আগে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গত ২০শে ও ২১শে মে গণশুনানি করেছিলো বিইআরসি।

    আবাসিক গ্রাহকদের জন্য যেহারে বিদ্যুতের দাম বেড়েছে

    ছবির উৎস, BERC

    ছবির ক্যাপশান, আবাসিক গ্রাহকদের জন্য যেহারে বিদ্যুতের দাম বেড়েছে
  12. খানজাহান আলী মাজারের দীঘির কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে

    খানজাহান আলীর মাজারের পুকুর থেকে কুমিরটিকে সরানো হয়েছে
    ছবির ক্যাপশান, খানজাহান আলীর মাজারের পুকুর থেকে কুমিরটিকে সরানো হয়েছে

    বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

    বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, জননিরাপত্তার স্বার্থে অনুযায়ী মাজারের দিঘির কুমিরটি অপসারণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে প্রাণীটি।

    কুমিরের বিষয়ের পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয়া হবে তা পরে জানানো হবে বলে তিনি জানান।

    বুধবার সকালে পুকুর থেকে কুমিরটিকে ফাঁদ পেতে ধরা হয়। এরপর সেটিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুন্দরবনে নিয়ে যাওয়া হয়।

    মাজারে আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার গভীর রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার পর মাজার এলাকায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে দীঘিতে থাকা কুমিরটিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    তবে কুমিরটিকে এখন খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।

    উল্লেখ্য, সোমবার রাত ৮টার দিকে মাজার সংলগ্ন দীঘিতে গোসল করতে নেমে আট বছর বয়সী ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কুমিরটি শিশুটির পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। পরে মঙ্গলবার ভোরে মাজার সংলগ্ন দীঘির মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

  13. দিল্লির মালভিয়া নগরে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বহু মানুষের হতাহতের খবর

    দিল্লির মালভিয়া নগর এলাকায় লেমন গ্রিন নামের একটি রেস্তোরাঁয় আগুন

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, দিল্লির মালভিয়া নগর এলাকায় লেমন গ্রিন নামের একটি রেস্তোরাঁয় আগুন

    ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় লেমন গ্রিন নামের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় ১০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রশাসন চারজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও স্থানীয় বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় বলেছেন, নিহতের সংখ্যা ২১ জন এবং ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।

    এদিকে, ভারতের অন্যতম প্রধান জাতীয় রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, "এই আগুনে ২১ জন জীবন্ত পুড়ে মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।"

    ফায়ার কর্মকর্তা এ কে মালিক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন যে বুধবার সকাল ৮:৫০ মিনিটে ঘটনার খবর পাওয়া যায়।

    তিনি জানান যে এটি একটি বহুতল ভবন। এতে একটি বেসমেন্ট, নিচতলা এবং তার ওপরে পাঁচটি তলা রয়েছে।

    তার মতে, "ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে এই ভবনটি কেবল আবাসিক এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছিল না। মনে হচ্ছে এখানে থাকা অধিকাংশ মানুষই সেইসব রোগীদের আত্মীয় বা পরিচিত ছিলেন, যাদের চিকিৎসা রাস্তার ঠিক সামনে অবস্থিত ম্যাক্স হাসপাতালে চলছিল।"

    মালিক জানান, "এখানে থাকা মানুষের মধ্যে বিদেশি নাগরিকরাও ছিলেন। আগুন বেশ দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছিল। অত্যন্ত কম সময়ের মধ্যে এটি নিয়ন্ত্রণে আসে। এখন আমরা ভবনটি পুরোপুরি খালি করে দিয়েছি এবং পরবর্তী ব্যবস্থার জন্য তা পুলিশের কাছে হস্তান্তর করেছি।"

    এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও), দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং লেফটেন্যান্ট গভর্নর তারণজিৎ সিং সান্ধু।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিএমও জানিয়েছে, নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে।

    দক্ষিণ দিল্লির দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এসডিএম জিতেন্দ্র কুমার বলেন, "ইমারতের নিচে একটি রেস্তোরাঁ চালানো হচ্ছিল এবং আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে রেস্তোরাঁ থেকেই হয়তো ভবনে আগুন লেগেছে।"

    তিনি বলেন, "আমাদের কাছে সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য নেই তবে এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সাত-আটজন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"

    জিতেন্দ্র কুমার জানান, এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সেজন্য এ ধরনের ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

    মালভিয়া নগরের সাবেক বিধায়ক এবং আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, "বুধবার সকাল আটটায় এই আগুন লেগেছে কারণ এলাকায় তারের জট লেগে রয়েছে।"

    তিনি বলেন, "সকাল আটটায় আগুন লাগে। তারের জটলা রয়েছে, যেখান থেকে সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। পাশেই একটি হোটেল রয়েছে যেখানে ২০ থেকে ২৫টি রুম আছে। সামনেই ম্যাক্স হাসপাতাল। সেখানে যারা চিকিৎসা করাতে আসেন, তাদের পরিবার এই হোটেলে থাকেন।"

    "শর্ট সার্কিট থেকে প্রথমে রান্নাঘরে আগুন লাগে যা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। সামনে একটি লেপ-তোশকের দোকান রয়েছে, সেই দোকানি তার সব লেপ বিছিয়ে দিয়েছিলেন, যার ওপর লাফিয়ে পড়ে মানুষ বাইরে বেরিয়েছেন।"

  14. গতকাল সারাদিন যা যা হয়েছে:

    • জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
    • ঢাকার মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ। শিশুটির বাবা ও মা, বোন ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। কাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছে আদালত।
    • "বাংলাদেশে... কাকে দিয়ে খুন করিয়েছিলেন?" মঙ্গলবার ২রা জুন কলকাতার ধর্মতলায় একটি ধর্না মঞ্চ থেকে বড় দাবি করলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিজেপির বিরুদ্ধে মঙ্গলবার ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী।
    • ভারত থেকে বাংলাদেশে কয়েকজন ব্যক্তিকে ঠেলে দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • হরমুজ প্রণালি পুরোপুরি পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
    • কম্বোডিয়া ও মিয়ানমারের মতো অনলাইন স্ক্যাম (প্রতারণা) সেন্টার পরিচালনার প্রস্তুতি নেওয়ার অভিযোগে কাঠমান্ডু পুলিশ বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে।
    • বাংলাদেশে সাংবাদিকদের দলীয় নিপীড়নের চক্র ভেঙে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে দেওয়া নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
    • স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এমন অনিয়মিত ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়ার ত্রিপোলি থেকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে সরকার।
    • এখন থেকে ন্যুনতম পক্ষে ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) মো. আনিসুর রহমান।
    • বাগেরহাটে খানজাহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়না তদন্ত ছাড়াই জানাজা শেষে দাফন করা হয়েছে।
    • আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভোলায় অনুষ্ঠিত জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। পরে তাকে সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
    • বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্য লাইন থেকে মিয়ানমারের দশ গজ ভেতরে মর্টার শেল বিস্ফোরণে সতনাইম তঞ্চঙ্গা নামের এক কিশোর নিহত হয়েছেন।
    • ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া “সম্ভবত জিলহজ মাসের শেষে এবং মহররম মাসের শুরুতে” অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপ-প্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ।
  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে