নবজাতক মৃত্যুর ঘটনায় আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা প্রমাণিত: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার মগবাজারে আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই সময়ে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এদিকে, ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সাতই জুন রোববার রায় দেয়া হবে বলে জানিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সাতই জুন রোববার রায় দেয়া হবে বলে জানিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
    • আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি)। এর ফলে আগের দামই বহাল থাকছে।
    • ঢাকার মগবাজারে বেসরকারি আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই সময়ে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
    • দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় পুশইনের পৃথক ১০টি চেষ্টা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ) করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। তবে সবকটি চেষ্টা বিজিবি রুখে দিয়েছে বলেও জানিয়েছে তারা।
    • উৎপাদন পর্যায় থেকে ভোক্তার কাছে যাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি অর্থাৎ ১১৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
    • ঈদুল আজহায় ছুটিতে ১৩ দিনে সড়ক দুঘর্টনায় ২৮১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে। রোড সেইফটি ফাউন্ডেশন নামে একটি সংগঠন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
    • জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাস এবং প্রায় দুইমাসের ব্যবধানে বিদ্যুতের দাম বৃদ্ধিতে প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিক্ষোভ সমাবেশে বলেন, “আবার বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করেছেন। প্রান্তিক, গরীব মানুষ জিরো থেকে পঞ্চাশ ইউনিট ব্যবহার করে।”
    • বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
    • 'বাংলাদেশের একটি খুনের' ব্যাপারে মন্তব্য করে মমতা ব্যানার্জি দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষা বিঘ্নিত করেছেন, এই অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইউএপিএ অর্থাৎ দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী।
    • কলকাতা লাগোয়া বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের কৃষ্ণা চক্রবর্তী।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।

  2. বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে এনসিপি

    বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, এনসিপির বিক্ষোভ

    বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    বৃহস্পতিবার রাত আটটায় দলটি বিক্ষোভ সমাবেশ করে। এতে অন্যান্য নেতা-কর্মী ছাড়াও দলটির সদস্য সচিব আখতার হোসেন ছিলেন।

    দলটির আরেক নেতা নাসিরউদ্দীন পাটোয়ারি বলেন, “বিশ্ববাজারে জ্বালানি বা তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে সরকার দাম বাড়িয়েছে এই কথাটি সত্য নয়। সরকার জনগণকে বিভ্রান্ত করেছে।”

    বাংলাদেশে ২০ শতাংশ দাম বাড়ানো হয়েছে যা অন্যান্য দেশে পাঁচ থেকে সাত শতাংশ বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    এতে পরিবহন খাত থেকে শুরু করে দ্রব্যমূল্য পর্যন্ত প্রতিটি খাতে প্রভাব পড়তে শুরু করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

    উল্লেখ্য, বুধবার গ্রাহক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরকার। তবে, বৃহস্পতিবার এই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।

    এই সিদ্ধান্তের ফলে আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত পূর্বমূল্যই বহাল থাকছে।

  3. মধ্যস্বত্বভোগীদের কারণে কাঁচামরিচের দাম বেড়েছে ১১৬ শতাংশ: সিপিডি

    সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন

    উৎপাদন পর্যায় থেকে ভোক্তার কাছে যাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি অর্থাৎ ১১৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

    বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতির উত্তরণকালীন বহুমাত্রিক চ্যালেঞ্জ’ শীর্ষক এই ব্রিফিং করে সেন্টার ফর পলিসি ডায়লগ(সিপিডি)।

    বিভিন্ন পণ্যের ক্ষেত্রে কিভাবে মূল্য বাড়ছে সে বিষয়ে ১০টি পণ্যের ওপর করা এক জরিপে এটি পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

    ২০১৯ সাল থেকে এই বছর পর্যন্ত কিভাবে দ্রব্যমূল্য বেড়েছে, সেটি উল্লেখ করে মিজ খাতুন বলেন, “চালের ক্ষেত্রে আমরা দেখছি এটার বাড়া-কমার হারটা অনেক বেশি। ১৪ই মে পর্যন্ত এটা ৬০ টাকায় পৌঁছেছে। তারপরে মুশুরি ডাল কিংবা ডিমের ক্ষেত্রেও আমরা দেখেছি দামগুলো অনেক বেড়েছে” বলেন মিজ খাতুন।

    যে ১০টি নির্ধারিত পণ্যের দামের ওপর সার্ভে করা হয়েছে সেগুলো হলো চাল, ডাল, পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, ডিম, ব্রয়লার মুরগী, বেগুন, গরুর মাংস, রুই মাছ।

    এগুলোর কৃষক থেকে খুচরা পর্যায়ে বিক্রেতা পর্যন্ত প্রায় এক হাজার ইন্টারমিডিয়েট এজেন্টদের ওপর জরিপ করেছে সিপিডি।

    সংস্থাটির নির্বাহী পরিচালক মিজ খাতুন বলেন, “এই সার্ভে করার একটা উদ্দেশ্য ছিল, আমরা দেখতে চেয়েছি যে, কোন পর্যায়ে গিয়ে দামগুলো বাড়তে থাকে এবং এখানে মূল মধ্যস্বত্বভোগী কারা এবং ইন্টারমিডেয়টরি হিসেবে কে কাজ করে। মার্কেট পাওয়ারটা কার হাতে এবং সাপ্লাই চেইনের বিভিন্ন পর্যায়ে যেতে গিয়ে ফাইনালি কত দামটা বাড়ে।”

    সরবরাহ শৃঙ্খলে উৎপাদন পর্যায় থেকে ব্যবহারকারীর কাছে যাওয়া পর্যন্ত সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের।

    “ফার্ম টু মার্কেট এবং হাউজহোল্ড পর্যায়ে সবচেয়ে বেশি দামটা বাড়ছে আসলে কাঁচামরিচের, সেটা ১১৬ শতাংশ বৃদ্ধি পাচ্ছে, একদম উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত। তারপর পেঁয়াজ ৮৭ শতাংশ, মশুর ডাল ৭৮ শতাংশ এবং বেগুন ৭২ শতাংশ” বলেন মিজ খাতুন।

    কেন দাম বাড়ছে সেটার কারণ হিসেবে “যত বেশি মধ্যস্বত্বভোগী থাকে তত বেশি দাম বাড়ছে” বলে উল্লেখ করেন তিনি।

  4. বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

    জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাস এবং প্রায় দুইমাসের ব্যবধানে বিদ্যুতের দাম বৃদ্ধিতে প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

    দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিক্ষোভ সমাবেশে বলেন, “আবার বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করেছেন। প্রান্তিক, গরীব মানুষ জিরো থেকে পঞ্চাশ ইউনিট ব্যবহার করে।”

    “তাদের ঘাড়ে প্রায় তিন কোটি বিদ্যুৎ গ্রাহকের ওপরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের ওপর জুলুম চাপিয়ে দিয়েছেন। তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ করছি” বলেন মি. পরওয়ার।

    তিনি বলেন, সরকারের উচিত ছিল বিদ্যুৎ সেক্টরে হওয়া দুর্নীতি-অনিয়মের তদন্ত করা, কিন্তু তা না করে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন।

    বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররমের উত্তর গেইটে এক বিক্ষোভ সমাবেশ জামায়াতে ইসলামীর এই নেতা বক্তব্য দেন।

    প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “এই বর্ধিত মূল্য প্রত্যাহার না করে যদি জনগণের জীবন-মানের উন্নয়নে সাহায্য না করেন, জনগণের রুদ্ররোষে পড়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনার।”

    এদিকে, বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

  5. পদত্যাগ পশ্চিমবঙ্গের আরও এক তৃণমূল মেয়রের

    কৃষ্ণা চক্রবর্তী

    ছবির উৎস, Krishna Chakraborty/X

    ছবির ক্যাপশান, কৃষ্ণা চক্রবর্তী

    কলকাতা লাগোয়া বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে কাউন্সিলারের দায়িত্বে যে থাকছেন সে কথা জানিয়েছেন তিনি।

    এর আগে, গতকালই কলকাতা মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন ফিরহাদ হাকিম।

    পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পরে নানা পৌরসভা, পৌর নিগম, স্থানীয় সরকারের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য, পঞ্চায়েত প্রধানরা।

    কলকাতা পৌর নিগমের কয়েকজন কাউন্সিলার দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতারও হয়েছেন।

    ভোটের ফল প্রকাশের পর থেকেই একাধিক তৃণমূলের নেতাদের ইস্তফা দিতে দেখা গিয়েছে।

    সম্প্রতি চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী পদত্যাগ করেছেন।

  6. আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করল বিইআরসি

    বিদ্যুতের লাইন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

    আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি)। এর ফলে আগের দামই বহাল থাকছে।

    বৃহস্পতিবার বিইআরসির সচিব মোঃ নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, আবাসিক লাইফ লাইন(শূন্য থেকে ৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের(শূন্য থেকে ৭৫ ইউনিট) বর্ধিত মূল্যহার কার্যকর না করে পূর্বের মূল্যহার বহাল রাখা হয়েছে।

    এতে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর আয় কমবে যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি দেওয়ার মাধ্যমে সমন্বয় করতে হবে বলে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    সকল বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইন শূন্য থেকে ৫০ ইউনিটের এনার্জি রেট বা চার্জ হবে চার দশমিক ৬৩ টাকা।

    এছাড়া আবাসিক প্রথম ধাপের শূন্য থেকে ৭৫ ইউনিটের এনার্জি রেট বা দাম হবে পাঁচ দশমিক ২৬ টাকা।

    এই আদেশ জুন মাসের বিল থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

  7. নবজাতক মৃত্যুর ঘটনায় আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়েছে:স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন

    ঢাকার মগবাজারে বেসরকারি আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই সময়ে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

    বৃহস্পতিবার বেলা দিনটায় তদন্ত কমিটি প্রতিবেদন নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    মি. হোসেন বলেন, “তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় হাসপাতালের ওই সময়ে দায়িত্বরত চিকিৎসক না থাকা এবং নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।”

    এ বিষয়ে ব্যবস্থা কী নেওয়া হবে- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আমরা বসবো। বসে বিদ্যমান আইনে যেই শাস্তি দেওয়া যায় আমরা সেটাই করবো ইনশাল্লাহ।”

    একইসঙ্গে, লাইসেন্স বাতিল করা হবে কিনা, এমন প্রশ্নে তিনি জানান, আইন দেখেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, তদন্ত কমিটির পর্যবেক্ষণ ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়।

    “সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ পরিদর্শন শেষে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়, কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রায় ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমান স্বাভাবিকের চেয়ে বেশি ছিল” বলেন মি. হোসেন।

    দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না বলেও জানান তিনি।

    অভিভাবকদের আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোন চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপন করতে থাকে এবং নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়নি বলে তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

    তদন্তে পাওয়া গেছে, ওই কক্ষটি প্রায় ৯০০ বর্গফুট যেখানে ১১ জন রোগী, নবজাতক এবং রোগীর লোকসহ প্রায় ৫০ জন লোক ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি।

    “বিদ্যমান প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ একটি হাসপাতাল পরিচালনার প্রাথমিক শর্ত পালনে সক্ষম ছিল না। যেমন: উক্ত পোস্ট অপারেটিভ রুমে ভর্তি রোগীদের চিকিৎসার জন্য কোন চিকিৎসক ছিল না” বলেন মি. হোসেন।

    সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়নি, আলো-বাতাস চলাচলে ভেন্টিলেশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলেও তদন্তে পাওয়া গেছে।

    পোস্ট অপারেটিভ কক্ষে জনগণের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়নি এবং হাসপাতালটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

    তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে মি. হোসেন বলেন, মৃত্যুর সম্ভাব্য কারণ, যদিও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বের করা সম্ভব নয় তথাপি পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষন ও বিভিন্ন ব্যক্তির জবানবন্দি থেকে নিম্নলিখিত বিষয়গুলোকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা যায়।

    তিনি বলেন, “ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোন ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া যা নবজাতক শিশুর দীর্ঘসময় টিকে থাকার ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়েছিল।”

  8. 'বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন' মন্তব্যের জেরে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

    দোসরা জুনের জনসভায় মমতা ব্যানার্জি

    ছবির উৎস, Samir Jana/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, দোসরা জুনের জনসভায় মমতা ব্যানার্জি

    'বাংলাদেশের একটি খুনের' ব্যাপারে মন্তব্য করে মমতা ব্যানার্জি দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষা বিঘ্নিত করেছেন, এই অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইউএপিএ অর্থাৎ দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী।

    বিবিসি নিউজ বাংলার সঙ্গে কথা বলার সময়ে ওই আইনজীবী রিঙ্কি সিং বলেন, “মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন, তখন তিনি শপথ নিয়েছিলেন যে দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব ও সংহতি তিনি রক্ষা করবেন। কিন্তু তার বক্তব্যে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে।"

    গত দোসরা মে মমতা ব্যানার্জি একটি বক্তব্যে নাম না করে বলেন, 'বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি'। ওই মন্তব্যে কৌতূহল তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে।

    পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রশংসা করে তিনি বলেন, "বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভল্যুশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার সেই অধিকার নেই, কিন্তু আমার মুখ্য বক্তব্য হলো, তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। তখন আমাদের এসটিএফ তাদের ধরে।"

    এই বক্তব্যে তিনি যে ঘটনাক্রম উল্লেখ করেছেন, সেই ঘটনাক্রমে তিনি বাংলাদেশের চর্চিত চরিত্র ওসমান হাদির কথা বলেছেন বলে মনে করছে ভারত ও বাংলাদেশের বিভিন্ন মহল।

    তবে এই ঘটনার সঙ্গে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়িয়ে বলেন, "তার পরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেন... আপনি বেঙ্গল পুলিশকে বলে দিন এই কথা যেন বাইরে না যায়। এটা দেশের স্বার্থে।"

    এই বক্তব্যের তীব্র নিন্দা করে মিজ সিং বলেছেন, ভারত তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। বাংলাদেশের সরকার এমনকি ওসমান হাদির পিতামাতাও এই হত্যাকাণ্ডে ভারতের দিকে আঙুল তোলেননি, ফলে মমতা ব্যানার্জি দেশের সুরক্ষার ক্ষেত্রে এক বড় বিপদের জন্ম দিয়েছেন।”

    আইনজীবী রিঙ্কি সিং আরও জানান, “এই মন্তব্যের ফলে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি সক্রিয় হতে পারে ও বাংলাদেশের সংখ্যালঘুরা অসুরক্ষিত হয়ে পড়তে পারেন।”

    সোমবার হাইকোর্ট খুললেই তিনি মমতা ব্যানার্জীর গ্রেফতারির জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন রিঙ্কি সিং।

    ইতিমধ্যেই তিনি শিলিগুড়ি সাইবার থানায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

    যে আইনে তিনি মামলা করেছেন, সেই ইউএপিএ হলো মূলত সন্ত্রাস দমন আইন। এই আইন জামিন অযোগ্য ও অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তকে জেল হেফাজতে রাখা যায়।

  9. সীমান্তে 'পুশইনের ১০টি চেষ্টা' রুখে দেওয়ার দাবি করেছে বিজিবি

    নজরদারি জোরদার করেছে বিজিবি

    ছবির উৎস, Nagib Bahar

    ছবির ক্যাপশান, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে গত ২৪ ঘণ্টায় পুশইনের পৃথক ১০টি চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ)। তবে এই চেষ্টা রুখে দেওয়ার কথা জানিয়েছে বিজিবি

    দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় পুশইনের পৃথক ১০টি চেষ্টা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ) করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। তবে সবকটি চেষ্টা বিজিবি রুখে দিয়েছে বলেও জানিয়েছে তারা।

    একইসঙ্গে সম্ভাব্য পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    বিজিবি আরো জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে তারা।

    যেসব সীমান্তে বিএসএফ পুশ ইনের চেষ্টা করেছে সেগুলোর মধ্যে রয়েছে, ঝিনাইদহের যাদবপুর সীমান্ত, একই জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বিএসএফ পুশ ইনের চেষ্টা করলে বিজিবির টহলদল ও স্থানীয় জনসাধারণের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের পুনরায় ভ্যানে তুলে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়।

    বাংলাদেশের আরো যেসব সীমান্তে বিএসএফ পুশ ইনের চেষ্টা করেছে সেগুলোর মধ্যে যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্ত, ঠাকুরগাঁও এর হরিপুর সীমান্ত, পঞ্চগড়ের রওশনপুর সীমান্ত।

    তবে, প্রতিটি সীমান্তেই বিজিবি বিএসএফের এই প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে।

    এছাড়া কয়েকটি সীমান্তে বেশ কিছু মানুষকে বাংলাদেশে পুশ ইনের জন্য বিএসএফ জড়ো করে রেখেছে বলে জানিয়েছে বিজিবি।

    সেসব স্থানে কড়া নজরদারির কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

    এসব স্থানের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, একই জেলার সোনামসজিদ সীমান্ত এবং নেত্রকোনার কচুগড়া সীমান্তে বেশ কিছু মানুষ পুশ ইনের উদ্দেশ্যে বিএসএফ জড়ো করে রেখেছে বলে জানিয়েছে বিজিবি।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যেকোনো পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

    একইসঙ্গে, সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

  10. ঈদের ছুটিতে সড়ক, নৌ ও রেলপথের দুর্ঘটনায় নিহত ৩০৬ জন: রোড সেইফটি ফাউন্ডেশন

    দুর্ঘটনার ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঈদুল আজহায় ছুটিতে ১৩ দিনে সড়ক দুঘর্টনায় ২৮১ জন নিহত হয়েছেন

    ঈদুল আজহায় ছুটিতে ১৩ দিনে সড়ক দুঘর্টনায় ২৮১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে।

    রোড সেইফটি ফাউন্ডেশন নামে একটি সংগঠন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    সংগঠনটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোট ২৯২ টি সড়ক দুর্ঘটনার ঘটনায় আহত হয়েছেন ৮৩৭ জন।

    ২১শে মে থেকে দোসরা জুন পর্যন্ত ঈদের ছুটিতে এসব দুর্ঘটনা ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে সংগঠনটি এই তথ্য দিয়েছে।

    এসব দুর্ঘটনার মধ্যে ৪৮ দশমিক ২৮ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন।

    এছাড়াও ঈদের ছুটির এই সময়ে ১৩টি নৌপথ দুর্ঘটনায় আট জন নিহত এবং ১৫ আহত হয়েছে।

    সেই সঙ্গে মারা গেছে কোরবানির ২৪টি গরু। আর ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত ও নয় জন আহত হয়েছে।

  11. রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ই জুন

    প্রধান আসামী সোহেল রানা

    ছবির উৎস, ROMIZ HUSSAIN

    ছবির ক্যাপশান, প্রধান আসামী সোহেল রানা

    ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সাতই জুন রোববার রায় দেয়া হবে বলে জানিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

    আজ বৃহস্পতিবার এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। তারপরই ট্রাইবুনাল রায়ের তারিখ ধার্য করেছেন।

    এর আগে ২৪শে মে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

    চার্জশিটে এই ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে সোহেল রানাকে। তার সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে তার স্ত্রী স্বপ্না আক্তারকে।

    গত ১৯শে মে সকালে পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় নিজেদের বাসার পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ।

    ঘটনার পরদিনই নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে।

    গত ২১শে মে রাতে রামিসার বাসা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    ওইদিনই স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, রোববারের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। একই সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ঈদের আগেই চার্জশিট দাখিল সম্ভব হলে ঈদের পরপরই বিচারিক কার্যক্রম শুরু করা যাবে।

  12. বুধবার যা যা হলো

    • ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি নাগরিক এবং ১০ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
    • বাংলাদেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ের দাম বাড়ানো হয়েছে। পহেলা জুন থেকেই নতুন দাম কার্যকর হবে।
    • বিধানসভা নির্বাচনে জয়ী ৮০ জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের মধ্যে ৫৮ জন দলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ঘোষণা করলেন বুধবার। তাদের নেতা হিসাবে দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জীকে পরিষদীয় দলনেতা হিসাবে মেনে নিয়েছেন, তাকে বিরোধী দলনেতার মর্যাদা দিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকারও।
    • জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীকে তদন্তের জন্য তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
    • বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের পর তার সন্তানদের দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগ সামনে আসায় ওই নারীর ছেলেকে (মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য -যুগ্ম সচিব) তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
    • কলকাতার মেয়রের পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম। মমতা ব্যানার্জীর কাছে ওই পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। মিজ ব্যানার্জী সে বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
    • বাংলাদেশের রাজধানী ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছে।
    • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিও ভূমিকা রাখছেন।
    • ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন।
    • বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

    আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।

  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে