বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশ সরকার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করেছে। প্রথম পর্ব আগামী আটই থেকে ১০ই জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ই থেকে ১৭ই জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।
- আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
- নেপালের রাসুয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত এক হাজার ২৫৯টি মরদেহ পাওয়া গেছে এবং পাঁচ হাজার ৮৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে সরকারের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে।
- সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ সংক্রান্ত খবর প্রকাশিত হয়, যা নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর। পুলিশ বলছে, সাত মাসে বাংলাদেশের মোট ১৫ হাজার ৭১৭ জন নিখোঁজ শিশুর মধ্যে দুই হাজার ৩৮ জন উদ্ধার হয়নি, যা মোট নিখোঁজের ১৩ শতাংশ।
- ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দুই রাত আগে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনজন সামরিক পাইলট নিহত হয়েছেন।
- ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক হোসেইন কেরমানপুর মঙ্গলবার মার্কিন বিমান হামলায় নিহত ও আহতদের সর্বশেষ সংখ্যা প্রকাশ করেছেন। এই পরিসংখ্যান অনুযায়ী, এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ১৪২ জন হয়েছে।
- কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক সরঞ্জামের গুদাম এবং যুদ্ধবিমানের হ্যাঙ্গারে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
- ইরানকে সমর্থন দেওয়া বন্ধ করতে এবং দেশটি থেকে ‘দূরে সরে যাওয়ার’ বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
- ইরান সংক্রান্ত বিষয়ের অজুহাতে চীনের বিভিন্ন কোম্পানি ও মানুষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে এসব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।
- বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
- প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।