নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও

নেপালে বন্যায় এ পর্যন্ত এক হাজার ২৫৯টি মরদেহ পাওয়া গেছে এবং পাঁচ হাজার ৮৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে সরকারের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে। এদিকে, কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গারে হামলার দাবি করেছে ইরান।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশ সরকার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করেছে। প্রথম পর্ব আগামী আটই থেকে ১০ই জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ই থেকে ১৭ই জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।
    • আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
    • নেপালের রাসুয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত এক হাজার ২৫৯টি মরদেহ পাওয়া গেছে এবং পাঁচ হাজার ৮৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে সরকারের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে।
    • সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ সংক্রান্ত খবর প্রকাশিত হয়, যা নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর। পুলিশ বলছে, সাত মাসে বাংলাদেশের মোট ১৫ হাজার ৭১৭ জন নিখোঁজ শিশুর মধ্যে দুই হাজার ৩৮ জন উদ্ধার হয়নি, যা মোট নিখোঁজের ১৩ শতাংশ।
    • ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দুই রাত আগে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনজন সামরিক পাইলট নিহত হয়েছেন।
    • ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক হোসেইন কেরমানপুর মঙ্গলবার মার্কিন বিমান হামলায় নিহত ও আহতদের সর্বশেষ সংখ্যা প্রকাশ করেছেন। এই পরিসংখ্যান অনুযায়ী, এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ১৪২ জন হয়েছে।
    • কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক সরঞ্জামের গুদাম এবং যুদ্ধবিমানের হ্যাঙ্গারে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
    • ইরানকে সমর্থন দেওয়া বন্ধ করতে এবং দেশটি থেকে ‘দূরে সরে যাওয়ার’ বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
    • ইরান সংক্রান্ত বিষয়ের অজুহাতে চীনের বিভিন্ন কোম্পানি ও মানুষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে এসব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।
    • বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
    • প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

    পাহাড়ের মাঝখানে বন্যায় ভেসে যাওয়া এলাকা

    ছবির উৎস, RSS

    নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটেকোশী-ত্রিশূলি নদীর বন্যায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব ৩৮৭ বিলিয়ন রুপিরও বেশি।

    বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠমান্ডুতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ধর্মরাজ উপ্রেতি ক্ষয়ক্ষতির এই প্রাথমিক তথ্য প্রকাশ করেন।

    তিনি বলেন, “ভবন, সড়ক, টেলিযোগাযোগ, কৃষি ও গবাদিপশু খাত বিবেচনায় ক্ষয়ক্ষতির খুবই প্রাথমিক হিসাব অনুযায়ী এর পরিমাণ ৩৮৭ দশমিক ৫৪ বিলিয়ন রুপি।”

    উপ্রেতির মতে, সব খাতে ‘প্রাথমিক পুনরুদ্ধারের’ জন্য আনুমানিক সাত দশমিক ৯৫ বিলিয়ন রুপির প্রয়োজন হতে পারে।

  3. মার্কিন হামলায় ইরানের তিনজন পাইলট নিহত

    ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে একটি খুঁটিতে আটকানো ইরানের পতাকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানে গত ২৮শে ফেব্রুয়ারি হামলা শুরু করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

    ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দুই রাত আগে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনজন সামরিক পাইলট নিহত হয়েছেন।

    বিবিসি ফার্সির তথ্য অনুযায়ী, ওই পাইলটরা কোথায়, কীভাবে নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানের রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম।

    তাসনিম জানিয়েছে, নিহত তিন পাইলট হলেন মোজতবা বাকেরি, নৌবাহিনীর হামিদ ওকাতি এবং বিমানবাহিনীর হোসেইন মাহদোভিয়ান।

    আলাদা আরেকটি প্রতিবেদনে ইরানের সশস্ত্র বাহিনীর আরও ছয় সদস্যের নাম প্রকাশ করেছে তাসনিম। দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন হামলায় তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

    দীর্ঘ বিরতির পর গত ৩১শে অগাস্ট ও পহেলা সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

    দুই দিন আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছিল, দক্ষিণ ইরানের বেশ কয়েকটি শহরে তারা হামলা চালিয়েছে।

  4. নেপালে যোগাযোগবিচ্ছিন্ন মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও

    নেপালে বন্যার কাদায় ডুবে যাওয়া একটি বাড়ি

    ছবির উৎস, Getty Images

    নেপালের রাসুয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত এক হাজার ২৫৯টি মরদেহ পাওয়া গেছে এবং পাঁচ হাজার ৮৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে সরকারের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে।

    জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৯৫টির পরিচয় শনাক্ত করা গেছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এদিকে, ১২ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং তিন হাজার ৮০০ জনের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  5. '১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ' সংক্রান্ত খবরের বিষয়ে যা বলছে পুলিশ

    শিশুর নিখোঁজের প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ সংক্রান্ত খবর প্রকাশিত হয়, যা নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর।

    আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, সাত মাসে বাংলাদেশের মোট ১৫ হাজার ৭১৭ জন নিখোঁজ শিশুর মধ্যে দুই হাজার ৩৮ জন উদ্ধার হয়নি, যা মোট নিখোঁজের ১৩ শতাংশ।

    পুলিশ বলছে, খবরটি তাদের নজরে আসার পর তারা স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিষয়টি যাচাই-বাছাই করেছে।

    যাচাই-বাছাই করতে গিয়ে তারা দেখে যে এই সময়ের মাঝে শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজ জিডি হয়েছে ৪৭৪টি, উদ্ধার হয়েছে ৪০৬ জন, উদ্ধার হয়নি ৬৮ জন।

    একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩, উদ্ধার হয়েছে ১৩ হাজার ২৭৩ জন, উদ্ধার হয়নি এক হাজার ৯৭০ জন। আলোচ্য সময়ে মোট ১৫ হাজার ৭১৭ নিখোঁজ শিশুর মধ্যে উদ্ধার হয়নি দুই হাজার ৩৮ জন।

    নিখোঁজ হওয়ার কারণ হিসেবে পুলিশ বলছে, শূন্য থেকে নয় বছরের শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সাথে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথঘাট ভুলে যাওয়া, পরিবারের সদস্যদের নাম ঠিকানা বলতে না পারা এবং একাকী বাসায় ফিরতে গিয়ে অন্য স্থানে চলে যাওয়া ইত্যাদি কারণে নিখোঁজ হয়।

    আবার, ১০ থেকে ১৭ বছর বয়সীরা অভিমান করে, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে থাকা, স্বাধীন জীবন-যাপনের আকাঙ্ক্ষা, পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায়ের কৌশল, পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাব ইত্যাদি কারণে নিখোঁজ হয়।

  6. কুয়েতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে কাতার

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কুয়েতে ইরানের নতুন করে চালানো হামলা দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন, পাশাপাশি এটি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।

    কাতার বলেছে, “এই হামলাগুলো উত্তেজনা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

    বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, এসব হামলা এবং এর পরিণতির জন্য ইরান “আইনগতভাবে দায়ী”।

    কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করে কাতার জানিয়েছে, দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কুয়েত যে পদক্ষেপ নেবে, তা সমর্থন করবে।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও আহ্বান জানিয়েছে, “অঞ্চলে সামরিক কর্মকাণ্ড বন্ধ করা, উত্তেজনা আরও বৃদ্ধি এড়ানো এবং পূর্ববর্তী কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে সংলাপ ও আলোচনায় ফিরে আসার”।

    সাম্প্রতিক মার্কিন হামলার পর ইরানও বলেছে, তারা কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

  7. ইরান নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা ‘ভুল পদক্ষেপ’, বলছে চীন

    ইরান সংক্রান্ত বিষয়ের অজুহাতে চীনের বিভিন্ন কোম্পানি ও মানুষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে এসব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।

    বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেনে অযাচিত হস্তক্ষেপ তৈরি হচ্ছে এবং এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও সরবরাহের স্থিতিশীলতাকে গুরুতরভাবে ব্যাহত করছে।

    তিনি যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাদের ভুল সংশোধন করারও আহ্বান জানিয়েছেন।

    সম্প্রতি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অন্যান্য দেশকে ইরান থেকে 'দূরত্ব বজায়' রাখার এবং চীনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

    তবে চীন ও রাশিয়াসহ কয়েকটি দেশ তখন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

  8. সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদে নিয়োগ ও বদলির নথি চেয়েছে দুদক

    অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আজ দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

    দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে এসব তথ্য ও রেকর্ডপত্র চেয়ে আজ চিঠি পাঠিয়েছে সংস্থাটি। চিঠিতে আগামী ১০ই সেপ্টেম্বরের মধ্যে চাহিদাকৃত তথ্য ও নথি দুদকে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মো. জাহিদ কালাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অভিযোগের নিরপেক্ষ অনুসন্ধান পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

  9. কুয়েতে আমেরিকার সামরিক রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের

    ইরানের জাতীয় পতাকা

    ছবির উৎস, Getty Images

    কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক সরঞ্জামের গুদাম এবং যুদ্ধবিমানের হ্যাঙ্গারে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

    এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী বলেছে, আজ সকালে কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক স্থাপনা এবং যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

    ইরানের দাবি, এই হামলায় যোগাযোগ ব্যবস্থা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এ ছাড়া, সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যদের একটি আবাসস্থল এবং রাডার ব্যবস্থায় হামলা চালানোর দাবিও করেছে ইরানের সামরিক বাহিনী।

    এর আগে, কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

  10. 'দোয়া করবেন, বাকি সময়টুকু যেন বেঁচে থাকি' – প্রথমবার সংসদের অধিবেশনে যোগ দিয়ে মির্জা আব্বাস

    সংসদের অধিবেশনে মির্জা আব্বাস

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

    প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

    তিনি তার বক্তব্যে জানান, নির্বাচনের পরপর তিনি স্ট্রোক করেন এবং তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।

    "নেহায়েত আবেগ, ভালোবাসার কারণে আসতে হয়েছে" মন্তব্য করে তিনি আরও বলেন যে, ২০০৬ সালের পর দুই দশক পেরিয়ে আজ আবার জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে তিনি গর্বিত ও আনন্দিত।

    এসময় তিনি আবেগপ্রবণ হয়ে দল-মত নির্বেশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, "বাকি সময়টুকু যেন বেঁচে থাকি। দেশ ও জাতির জন্য যেন কিছু করতে পারি।"

    হুইল চেয়ারে বসে সংসদ অধিবেশনে কথা বলেছেন মির্জা আব্বাস

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, হুইল চেয়ারে বসে সংসদ অধিবেশনে কথা বলেছেন মির্জা আব্বাস
  11. দাবানলের মধ্যে বৃষ্টির জন্য প্রার্থনায় জাকার্তার শত শত মানুষ

    ইসতিসকার নামাজ পড়ছেন শত শত মানুষ

    ছবির উৎস, EPA

    ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইসতিসকার নামাজে, অর্থাৎ বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছেন শত শত মানুষ।

    খরার সময়ে বৃষ্টির জন্য প্রার্থনা করতে মুসলিমরা এই বিশেষ নামাজ আদায় করেন।

    মূলত, দেশটিতে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। কিছু দাবানল আবার কয়েক সপ্তাহ ধরে জ্বলছে।

    শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে দেশটির হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

    দাবানলের কারণে সৃষ্ট বিষাক্ত ধোঁয়াশার কবলে পড়েছেন সুমাত্রা এবং বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশ কালিমান্তানের লাখ লাখ মানুষ।

    এই ধোঁয়াশা প্রতিবেশী মালয়েশিয়া এবং আরও উত্তরে ফিলিপাইনেও ছড়িয়ে পড়েছে।

    ইসতিসকার নামাজ পড়ছেন শত শত মানুষ

    ছবির উৎস, EPA

    ইসতিসকার নামাজ পড়ছেন শত শত মানুষ

    ছবির উৎস, EPA

  12. ইরান থেকে ‘দূরে থাকার’ মার্কিন আহ্বান প্রত্যাখ্যান রাশিয়ার

    ইরান ও রাশিয়ার পতাকা

    ছবির উৎস, Getty Images

    ইরানকে সমর্থন দেওয়া বন্ধ করতে এবং দেশটি থেকে ‘দূরে সরে যাওয়ার’ বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

    সম্প্রতি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, “আমরা ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করছি... এই সংঘাতের দ্রুত অবসানের সবচেয়ে কার্যকর উপায় হলো কেউ যেন ইরানের শাসনব্যবস্থাকে কোনো ধরনের সমর্থন না দেয়।”

    তবে এই আহ্বান চীন ও রাশিয়াসহ কয়েকটি দেশের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে।

    ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার বরাতে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “আমাদের অংশীদার ও বন্ধু রয়েছে, এবং আমরা এসব বন্ধুত্বপূর্ণ ও অংশীদারিত্বভিত্তিক সম্পর্ক বজায় রাখব এবং আরও উন্নত করব।”

    মি. পেসকভ আরও বলেন, অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এমন অবস্থানে নেই যে তারা তা “একচেটিয়াভাবে” করতে পারে।

  13. পাঁচ মাস পর সংসদে মির্জা আব্বাস

    সংসদে মির্জা আব্বাস

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, সংসদে মির্জা আব্বাস

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস আজ প্রথমবার জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেছেন এবং সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন।

    বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে এবং পাশাপাশি, তাকে সংসদ অধিবেশনেও অংশগ্রহণ করতে দেখা গেছে আজ।

    বিদেশে চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর গতকাল বুধবার রাতে দেশে ফিরেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

  14. সবশেষ মার্কিন হামলায় হতাহতের সংখ্যা জানালো ইরান

    দক্ষিণ ইরানের একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র আঘাত করে

    ছবির উৎস, Iranian Red Crescent via Reuters

    ছবির ক্যাপশান, দক্ষিণ ইরানের একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র আঘাত করে

    ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক হোসেইন কেরমানপুর মঙ্গলবার মার্কিন বিমান হামলায় নিহত ও আহতদের সর্বশেষ সংখ্যা প্রকাশ করেছেন।

    এই পরিসংখ্যান অনুযায়ী, এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ১৪২ জন হয়েছে।

    ইরানের এই স্বাস্থ্য কর্মকর্তার মতে, নিহতদের মধ্যে একটি শিশু ও দুইজন নারী রয়েছেন। আর আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ৪৪ জন ব্যক্তি রয়েছেন।

    ইরানের রেড ক্রিসেন্ট বুধবার জানায়, দক্ষিণ ইরানের সিরিকে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার শার্পনেল আঘাত করলে এক শিশুসহ পাঁচজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন।

    এরপর জর্ডান, কুয়েত, ইরাক ও বাহরাইনে মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

    মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা এসব প্রতিবেদনের বিষয়ে অবগত, তবে তারা কখনোই বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানায়নি।

  15. স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপি'র

    এনসিপি'র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, এনসিপি'র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম

    আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    দলটি দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

    আজ বৃহস্পতিবার দলটির কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্থানীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠপর্যায়ে দ্রুত কাজ করছে এনসিপি।

    আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি।

    সারজিস আলম জানান, ইতোমধ্যে একশো উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও একশো উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে।

    এ ছাড়া, পাঁচটি সিটি কর্পোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি সিটি কর্পোরেশনের প্রার্থীদের নামও সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।

    "বাংলাদেশে প্রায় চার হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়ন পরিষদে এনসিপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নভেম্বরের মধ্যে ঘোষণা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচন করবে এবং বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত এনসিপি সমর্থিত প্রার্থী থাকবে," বলেন তিনি।

  16. বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা, টঙ্গীতে আয়োজন চায় দু’পক্ষই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, Ministry of Home Affairs, Bangladesh

    বাংলাদেশ সরকার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করেছে।

    প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ই জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ই থেকে ১৭ই জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলীগ জামাতের সাদপন্থি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, এর আগে জুবায়েরপন্থি অংশের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। উভয় পক্ষের মতামত বিবেচনায় নিয়ে ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

    তবে টঙ্গীর ইজতেমা মাঠ ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় পক্ষই টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ ব্যবহারের দাবি জানিয়েছেন। বিগত সরকারের সময় জুবায়েরপন্থি ও সাদপন্থিদের মধ্যে একমত হওয়ার ভিত্তিতে একটি সিদ্ধান্ত স্বাক্ষরিত হয়েছিল যে সাদপন্থি অনুসারীরা টঙ্গী ময়দানে ইজতেমা করবেন না। তবে আজকের আলোচনায় সাদপন্থিরা সেই সিদ্ধান্তের প্রতি দ্বিমত পোষণ করে সেখানে তাদের অংশগ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

    সাদপন্থিরা দুই পর্বের ইজতেমা শেষের পর থেকে রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে একটি যৌক্তিক সময় গ্যাপ দিয়ে টঙ্গী ময়দানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

    এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মতামত নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

    মাওলানা সাদের বাংলাদেশের আসার বিষয়ে মন্ত্রী জানান, বিষয়টি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

    এর আগে গত ১৮ই অগাস্ট জুবায়েরপন্থি প্রতিনিধিদের সঙ্গে বিশ্ব ইজতেমার তারিখ ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  17. নেপালের বন্যায় কতগুলো মরদেহ উদ্ধার করা হলো?

    বন্যায় ক্ষতিগ্রস্ত একটি ভবন

    ছবির উৎস, RSS

    ছবির ক্যাপশান, নেপালে বন্যায় মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে

    নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং নেপাল পুলিশ জানিয়েছে, ভোটেকোশী ও ত্রিশূলি নদীতে ভয়াবহ বন্যার পর আটটি জেলা এবং ভারত থেকে মোট এক হাজার ২৫২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

    এই সংখ্যার মধ্যে বিকৃত বা খণ্ডিত মরদেহও অন্তর্ভুক্ত রয়েছে।

    নেপাল পুলিশ জানিয়েছে, নারায়ণী নদী হয়ে ভারতে ভেসে যাওয়া ১৮টি মরদেহ নওয়ালপরাসি পশ্চিমে আনা হয়েছে।

    পুলিশের মতে, বিভিন্ন স্থানে মাটির নিচে মরদেহ চাপা পড়ে থাকতে পারে এমন সন্দেহে অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে।

    কোথায় কতটি মরদেহ পাওয়া গেছে?

    রাসুয়া - ১২৭

    নুয়াকোট - ১৭৭

    ধাদিং - ৬০

    চিতওয়ান - ৩৫৫

    গোর্খা - ৬৯

    তানাহুন - ৩৮

    নওয়ালপরাসি পূর্ব - ২১৮

    নওয়ালপরাসি পশ্চিম - ১৯০

    ভারত - ১৮

    কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়ার পর ৯৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত চার হাজার ২১৬ জন নিখোঁজ এবং ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় চার হাজার জন বিভিন্ন জেলায় স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

    নেপাল পুলিশ জানিয়েছে, নিখোঁজ মানুষের সংখ্যা চার হাজার ৮৭৫।

    নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, মরদেহ শনাক্তকরণের জন্য এক হাজার ১৪৩ জন মৃত ব্যক্তি এবং নিখোঁজদের ৫৯১ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

    নেপালে বন্যায় ভেসে যাওয়া নদী তীরের একটি এলাকা

    ছবির উৎস, RSS

    ছবির ক্যাপশান, বন্যায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনো চলছে
  18. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে ভটেকোশী-ত্রিশূলি নদীতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ২০৪ জনে পৌঁছেছে।
    • হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সোমবার সৌদি আরবের একটি জাহাজে ইরানের হামলায় দুইজন নাবিক নিহত হয়েছেন বলে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানায় সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি।
    • তেহরানের সঙ্গে ব্যবসা বন্ধ করতে ইরানের বন্ধু-শত্রু নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
    • যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনী কখনও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালায় না।
    • যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইট সিএনবিসিকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি প্রতিদিন এক কোটি ৭০ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে গত সোমবার, যেটি গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি রেকর্ড।
    • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
    • ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, এটি “ইচ্ছাকৃতভাবে বাধানো একটি বেআইনি যুদ্ধ”।
    • বুড়িগঙ্গা নদীর তীরে থাকা সব প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য ১৫ দিনের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নদীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকা থেকে বর্জ্য সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
    • সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমেছে।
    • বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়েছে বাংলাদেশ সরকার। এর ফলে লিটার প্রতি সয়াবিন তেল ১৯৯ টাকা থেকে বেড়ে এখন ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
    • বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।
  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে