পল্লবীতে শিশু হত্যাকাণ্ডের প্রধান আসামির দায় স্বীকার
সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল রানা দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
অপরদিকে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে আজ মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ই জুন দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক।
গতকাল মঙ্গলবার পল্লবী থানার মিল্লাত ক্যাম্প সংলগ্ন রোডের একটি বাসার কক্ষে ওই শিশুকে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। এ ঘটনায় আজ পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা।