হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত ১০ বার সতর্ক করা হয়েছিল- বলছে ইউনিসেফ

ছবির উৎস, Mamunur Rashid/NurPhoto via Getty Images
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে বারবার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল এবং ২০২৪ সাল থেকে অন্তত ১০টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের এটি বলা হয়েছিল।
দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার টিকা কেনার প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময়মতো টিকা আসেনি।
তিনি বলেছেন, ৫-৬টি চিঠি দেওয়ার পাশাপাশি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়কেই এই পরিস্থিতির বিষয়ে আগিই অবহিত করা হয়েছিল।
'হামের প্রাদুর্ভাব এবং চলমান পরিস্থিতি মোকাবিলা কার্যক্রম' শীর্ষক এই সংবাদ সম্মেলনে তিনি জানান চলতি বছরের মে মাস থেকে দেশে পুনরায় হামের রুটিন টিকা আসতে শুরু করেছে এবং পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।
রানা ফ্লাওয়ার্স বলেছেন, “দেশে টিকার মজুত নিশ্চিত থাকা জরুরি। উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে এক বছরের মতো সময় লেগে যায়। ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা সংগ্রহ করা যায়”।
ইউনিসেফের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে বাংলাদেশ ১৭ দশমিক ৮ মিলিয়ন ডোজ হামের টিকা পেয়েছে, যা দেশটির মোট চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ।
বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭০ মিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হয়, কিন্তু পর্যাপ্ত সরবরাহের অভাবে রুটিন টিকাদান কর্মসূচি দীর্ঘ সময় ধরে ব্যাহত হয়েছে।
প্রসঙ্গত, দেশে হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে। এর মধ্যে ৭৭ জনের হামে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া এই সময়ের মধ্যে মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৮ হাজার ৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।














