পত্রিকা: 'আন্তর্জাতিক আইন মানতে চায় ঢাকা, সাড়া নেই দিল্লির'

Published
পড়ার সময়: ৮ মিনিট

বিভিন্ন দেশে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের নিয়মিতভাবে আইনি প্রক্রিয়ায় ফেরত আনছে বাংলাদেশ, যার মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্য রয়েছে। তবে সম্প্রতি ভারতীয় সীমান্তে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি দাবি করে 'পুশইন' করার অভিযোগ উঠেছে, যা নিয়ে সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগ দেখা দিয়েছে।

বাংলাদেশ এ বিষয়ে দ্বিপক্ষীয় প্রত্যাবাসন প্রক্রিয়া ও আন্তর্জাতিক আইন মেনে সমাধানের আহ্বান জানিয়েছে। এ পরিস্থিতিতে আজ সোমবার নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে পুশইন ইস্যু আলোচনায় অগ্রাধিকার পাবে।

বাংলাদেশ বলছে, আইওএমসহ আন্তর্জাতিক সংস্থার সহায়তায় অবৈধ অভিবাসীদের ফেরত আনা হচ্ছে নিয়ম মেনে, তবে সীমান্ত ইস্যু সমাধানে বিদ্যমান কনস্যুলার সংলাপ কাঠামোর মধ্যেই দুই দেশকে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর Push-in attempts risk further strain on Dhaka-Delhi ties অর্থাৎ পুশ-ইনের চেষ্টা ঢাকা-দিল্লী সম্পর্ককে আরও হুমকির মুখে ঠেলে দিচ্ছে

বিশেষজ্ঞদের মতে, ভারতের পক্ষ থেকে বাংলাদেশে মানুষ ঠেলে দেওয়ার (পুশইন) ধারাবাহিক চেষ্টা ঢাকা দিল্লি সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। তাদের মতে, আসাম ও পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতির প্রভাব সীমান্ত ব্যবস্থাপনায়ও পড়ছে।

বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চললেও তিস্তা চুক্তি অনিষ্পন্ন, গঙ্গা পানিচুক্তির মেয়াদ শেষের পথে এবং বাণিজ্য সীমাবদ্ধতা এখনো বিদ্যমান। এর মধ্যে পুশইন ও অবৈধ অভিবাসন ইস্যু নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্কে চাপ সৃষ্টি করছে।

বিজিবির তথ্য অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিএসএফের পুশইন প্রচেষ্টা বেড়েছে। এ পরিস্থিতিতে সীমান্ত ও অভিবাসন ইস্যু ঢাকা দিল্লি সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউ এইজ পত্রিকার খবর - BGB-BSF summit begins amid Indian push-in bids অর্থাৎ ভারতের পুশ-ইন চেষ্টার মাঝেই বিজিবি-বিএসএফ বৈঠক শুরু

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশে মানুষ ঠেলে দেওয়া ও সীমান্তে উত্তেজনা সৃষ্টির অভিযোগের মধ্যে নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৫৭তম বৈঠক শুরু হয়েছে। চার দিনব্যাপী এই বৈঠক ১১ জুন পর্যন্ত চলবে।

বৈঠকে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। বিজিবি ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আলোচনায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অংশ নিচ্ছেন।

টাইমস অফ বাংলাদেশের শীর্ষ খবর - Push-in reappears with BNP in power অর্থাৎ বিএনপি আমলে আবারও পুশ-ইন ফিরে এসেছে

ভারতীয় কর্তৃপক্ষ জাতীয়তা যাচাই ও আনুষ্ঠানিক প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না করেই কিছু ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এটিকে 'পুশইন' হিসেবে উল্লেখ করে বলা হচ্ছে, এটি নতুন করে শুরু হওয়া একটি অবৈধ প্রবণতা।

বিশ্লেষকদের মতে, এই ধরনের কার্যক্রম অতীতেও ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে দেখা গিয়েছিল এবং দুই দেশের সম্পর্কের অবনতির সঙ্গে এর সম্পর্ক রয়েছে। তারা বলছেন, ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের সময় সীমান্তে এ ধরনের চাপ প্রয়োগের ঘটনা বেড়ে যায়।

এদিকে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি সাম্প্রতিক মন্তব্যের পর বিষয়টি আরও আলোচনায় আসে, যেখানে তিনি দুই দেশের সম্পর্কের অবনতি হলে এ ধরনের কার্যক্রম সহজ হবে বলে ইঙ্গিত দেন। এতে সীমান্ত পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

দেশ রূপান্তর পত্রিকার খবর- ইতিহাসের দ্রুততম রায়

আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আসামিদের সম্পত্তি থেকে আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার বিচারক মাসরুর সালেকীন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। সাক্ষ্যগ্রহণ শুরুর পর মাত্র তিন কার্যদিবসের শুনানি শেষে মামলার রায় দেওয়া হয়, যা দেশের ইতিহাসে ধর্ষণ মামলার দ্রুততম রায় হিসেবে বিবেচিত হচ্ছে।

রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করলেও আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সোহেলের জন্য যাবজ্জীবন এবং স্বপ্নার জন্য স্বল্প সাজার আবেদন করেছিলেন। তবে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয় আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন।

প্রথম আলো পত্রিকার খবর - ৪ কার্যদিবসে রায়, ২ জনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার আগে গতকাল, ঘটনার ১৯ দিনের মাথায় রায় ঘোষণা। মামলার বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র ৪ কার্যদিবসে।

আলোচিত এ মামলার দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন পর্যবেক্ষণে বলেন, শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। পর্যবেক্ষণের পর রায় ঘোষণা শুরু হলে আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়, যা ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেন আদালত।

রায়ে বলা হয়, জরিমানার অর্থ পরিশোধ না করলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে তা আদায় করতে হবে। আদালত আরও উল্লেখ করেন, সাক্ষ্যপ্রমাণ ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যা করেন এবং স্বপ্না আক্তার এতে সহযোগিতা করেন।

এর আগে ১৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণসহ মাত্র কয়েক কার্যদিবসে বিচার শেষ হয়। ঘটনার ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করা হয়, যা দ্রুত বিচার প্রক্রিয়ার একটি নজির হিসেবে উল্লেখ করা হচ্ছে।

আগামী ২০২৬ ২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনের প্রস্তুতি নিয়েছে সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং অর্থনীতি পুনরুদ্ধারকে সামনে রেখে বাজেট সাজানো হচ্ছে। তবে এসব ব্যয় নির্বাহে রাজস্ব আদায়ই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে সংগ্রহ করতে হবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। একই সঙ্গে বাজেট ঘাটতি রাখা হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। রাজস্ব বাড়াতে কর ও ভ্যাট ব্যবস্থায় নতুন পদক্ষেপ নেওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, চলতি অর্থবছরেই বড় ধরনের রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। ফলে আগামী বাজেটে এক খাতে কর ছাড় দিলে অন্য খাতে কর ও ভ্যাটের চাপ বাড়ানোর প্রয়োজন হতে পারে, যার প্রভাব ব্যবসা, বিনিয়োগ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর পড়তে পারে।

কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার সংবাদ- জ্বালানি সংকট সমাধানে সংসদীয় বিশেষ কমিটির ১২ সুপারিশ

জ্বালানি সংকট মোকাবেলায় গঠিত সংসদীয় বিশেষ কমিটি নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপের পাশাপাশি জ্বালানি তেলের কৌশলগত মজুদ কমপক্ষে তিন মাসে উন্নীত করার সুপারিশ করেছে। একই সঙ্গে আমদানির উৎস বহুমুখীকরণ, সরবরাহব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশন এবং ডিজিটাল মনিটরিং চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

রবিবার জাতীয় সংসদ অধিবেশনে কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ ১২ দফা সুপারিশ সম্বলিত প্রতিবেদন উপস্থাপন করেন। কমিটির সুপারিশে অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর ব্যবস্থা, এলএনজি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পাইপলাইন ও এসপিএম প্রকল্প দ্রুত বাস্তবায়নের কথা বলা হয়েছে।

কমিটি বলছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি খাতের অংশগ্রহণ ও জনসচেতনতা কার্যক্রমও জোরদার করতে হবে।

নওগাঁ বিশ্ববিদ্যালয় চলতি বছর শিক্ষা কার্যক্রম শুরু করলেও নিজস্ব ক্যাম্পাস না থাকায় ভাড়া করা ভবনে ক্লাস পরিচালনা করছে। শিক্ষক নিয়োগও পুরোপুরি সম্পন্ন হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাস শুরুর আগেই প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুধু নওগাঁ বিশ্ববিদ্যালয় নয়, গত দুই দশকে প্রতিষ্ঠিত অধিকাংশ নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ই ভাড়া ভবনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। বর্তমানে দেশের অন্তত আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। এর মধ্যেই বিভিন্ন এলাকায় নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি অব্যাহত রয়েছে এবং সম্প্রতি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষাবিদরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মান নিশ্চিত করাও জরুরি। পর্যাপ্ত শিক্ষক, গবেষণাগার, গ্রন্থাগার ও অবকাঠামো ছাড়া নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উচ্চশিক্ষার মানোন্নয়নের পরিবর্তে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

বিএনপি সরকার তার নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়সহ খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে। তবে মন্ত্রণালয় ও খাতভিত্তিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি আছে। আছে অনিয়ম-দুর্নীতিবিরোধী কঠোর সুনির্দিষ্ট অবস্থান ও দিকনির্দেশনার ঘাটতি।

অব্যবস্থাপনা ও দলীয় প্রভাব অব্যাহত আছে। এছাড়া ঝুঁকি বিশ্লেষণভিত্তিক কর্মকৌশলের অভাব রয়েছে। এসব কার্যত বিএনপির নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার পূরণে অন্তরায় হিসাবে কাজ করার ঝুঁকি তৈরি করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ ওঠে এসেছে।

রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গবেষণার শিরোনাম ছিল 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন : সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ'।

প্রতিবেদন প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। উপস্থাপন করেন টিআইবির সিনিয়র রিসার্চ ফেলো মো. জুলকারনাইন ও রিসার্চ ফেলো রাজিয়া সুলতানা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনা উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান, গবেষণা সহযোগী মো. সহিদুল ইসলাম প্রমুখ।

রাজধানীর মতিঝিলে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলারসহ দেশি-বিদেশি মুদ্রা থাকা একটি ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ জুন) বিকেল সোয়া ৩টার দিকে শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লোকমান হোসেন (৪৫) মতিঝিল এলাকায় মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত লোকমান হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তার হাত ও পায়ে গুলি করে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাগটিতে ১৭ হাজার ডলার ছাড়াও দেশি-বিদেশি মুদ্রা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে মতিঝিল থানা।

সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলেছে, বাংলাদেশের বিদ্যমান রাজস্ব কাঠামো নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহনে বিনিয়োগের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জীবাশ্ম জ্বালানির তুলনায় সবুজ জ্বালানি প্রযুক্তি, ব্যাটারি ও ইভির ওপর উচ্চ কর ও শুল্ক থাকায় এই খাত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

সিপিডির গবেষণায় বলা হয়, নবায়নযোগ্য জ্বালানির সমপরিমাণ শুল্ক এলএনজি আমদানির ওপর আরোপ করা হলে বছরে এক হাজার কোটি থেকে এক হাজার ২৯৩ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব পাওয়া যেত। বরং জীবাশ্ম জ্বালানিকে শুল্ক ছাড় দিয়ে সুবিধা দেওয়ায় রাষ্ট্র রাজস্ব হারাচ্ছে এবং বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে।

রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এই তথ্য তুলে ধরেন। সেখানে বলা হয়, জ্বালানি খাতে রাজস্ব বৈষম্য দূর করা না গেলে নবায়নযোগ্য জ্বালানির প্রসার বাধাগ্রস্ত হবে।