পত্রিকা: 'ত্রিমুখী ছক, গোয়েন্দাদের হাতে যে তথ্য'

Published
পড়ার সময়: ৭ মিনিট

ত্রিমুখী ছক, গোয়েন্দাদের হাতে যে তথ্য— মানবজমিনের প্রধান খবর এটি।

এই খবরে বলা হয়েছে, আগামী ২৯ ও ৩০শে নভেম্বর ৪৮ ঘণ্টার লকডাউন ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত সপ্তাহেও ধর্মঘট-লকডাউন ঘোষণা করেছিল দলটি।

এসব কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। এসব ঘটনায় আটকও হচ্ছেন শত শত আসামি।

তাদের মুখের বয়ান, ফোনের বিভিন্ন গ্রুপের আলামতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

অপরদিকে, এসব নাশকতা ঠেকাতে পাল্টা ছক কষছে আইনশৃঙ্খলা বাহিনীও।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, শুধু বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ নয়, নভেম্বর মাসের শেষের দিকে রাজধানীর প্রবেশপথ অবরোধ, জমায়েত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলাসহ কার্যক্রম নিষিদ্ধ দলের এই নাশকতার ঘটনা বাড়তে পারে আরও কয়েকগুণ।

তাদের প্রতিহত করতে ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি, টহল জোরদার, অভিযান, তল্লাশি, পোশাকি পুলিশের উপস্থিতিসহ বিশেষ তৎপরতা বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। থানায় থানায় দেয়া হয়েছে সতর্কমূলক বার্তা। সরকারি দল বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

দ্য ডেইলি স্টারের প্রধান খবর— Fighting fires with stand-ins at the helm; অর্থাৎ ভারপ্রাপ্তদের কাঁধে অগ্নিনির্বাপণ কার্যক্রমের ভার।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রতি পাঁচটি ফায়ার স্টেশনের মধ্যে চারটিতেই 'স্টেশন অফিসার' নেই— যিনি কি না অগ্নিনির্বাপণ অভিযানের মূল নেতৃত্ব দিয়ে থাকেন।

যার ফলে জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ইউনিটগুলোর কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা ব্যাহত হচ্ছে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঠানো একটি নথির তথ্য অনুযায়ী, দেশের ৫৩৮টি ফায়ার স্টেশনের মধ্যে অন্তত ৪৫২টিতে (৮৪ শতাংশ) নির্ধারিত স্টেশন অফিসার নেই।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মতে, বড় অগ্নিকাণ্ড বা দুর্যোগে স্টেশন অফিসাররা কেবল অগ্নিনির্বাপক কর্মীদের নেতৃত্বই দেন না, বরং জীবন ও সম্পদ রক্ষা এবং ঘটনাস্থলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মতো দায়িত্বও পালন করেন।

এই সংকটের মূল কারণ হিসেবে তারা পুরনো কাঠামো, ক্যারিয়ার গড়ার সীমিত সুযোগকে দায়ী করছেন, যা কি না যোগ্য প্রার্থীদের এই চাকরিতে যোগ দিতে নিরুৎসাহিত করে।

কালের কণ্ঠের প্রধান খবর— রায় প্রত্যাখ্যান মিয়ানমারের।

এই খবরে বলা হয়েছে, মিয়ানমারে জেনোসাইডের লক্ষ্যে রোহিঙ্গা গণহত্যা চালানো হয় বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।

জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ওই রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটির রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে জেনোসাইড চালিয়েছে।

গতকাল শুক্রবার মিয়ানমারের এক সরকারি কর্মকর্তা এই রায়কে 'অন্যায্য' বলে মন্তব্য করেছেন।

সরকারি মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, আইসিজের এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

এই রায়ের মাধ্যমে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করে আন্তর্জাতিক আদালত। গাম্বিয়ার দায়ের করা মামলার সাত বছর পর এই রায় এলো।

এই খবরে বলা হয়েছে, দেশে লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ। অথচ আক্রান্তদের অধিকাংশই সংক্রমণের কথা জানেন না। উপসর্গ না থাকায় বছরের পর বছর অজান্তেই ভাইরাস বহন করেন তারা।

লিভারের দীর্ঘমেয়াদি ক্ষতি, সিরোসিস কিংবা ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে আসেন অনেকে।

'দ্য ল্যানসেট গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি' সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বাংলাদেশে লিভার ক্যান্সারে আনুমানিক ২ হাজার ৯২৬ জনের মৃত্যু হয়।

এর মধ্যে হেপাটাইটিস বি-জনিত লিভার ক্যান্সারে মারা যান ১ হাজার ৩২৬ জন বা ৪৫ দশমিক ৩ শতাংশ। হেপাটাইটিস সি-জনিত লিভার ক্যান্সারে মারা যান ৯২৬ জন বা ৩১ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ ওই বছর লিভার ক্যান্সারে মৃত্যুর প্রায় ৭৭ শতাংশের জন্য দায়ী ছিল এ দুই ভাইরাস।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো পরীক্ষা করে আক্রান্তদের চিকিৎসার আওতায় আনা গেলে হেপাটাইটিসজনিত লিভার ক্যান্সার ও মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

নিউ এইজের প্রধান খবর— Banking jobs lose appeal amid layoffs; অর্থাৎ ছাঁটাইয়ের কারণে ব্যাংকিং খাতের চাকরি আকর্ষণ হারাচ্ছে।

এই খবরে বলা হয়েছে, গত দেড় বছরে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১৪ হাজার ব্যাংকার চাকরি হারিয়েছেন। এছাড়া, আরও ৩ হাজার কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছেন।

এর ফলে নিরাপদ ও কাঙ্ক্ষিত পেশা হিসেবে ব্যাংকিং খাতের যে দীর্ঘদিনের সুনাম ছিল, তা ম্লান হয়ে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু ব্যাংক লোকসান কমাতে, অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীদের বাদ দিতে কিংবা অদক্ষ কর্মীদের ছাঁটাই করতে এই পদক্ষেপ নিচ্ছে। আবার অনেক ব্যাংক ব্যবসায়িক পুনর্গঠন ও কর্মদক্ষতা বাড়ানোর অংশ হিসেবে কর্মী ছাঁটাই করছে।

শুধু চাকরি হারানোই নয়, বড় ধরনের জালিয়াতি, অর্থপাচার, পরিচালনা পর্ষদের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পূরণের ক্রমাগত চাপের কারণে নতুনদের কাছে এই খাতটি ক্রমশ আকর্ষণহীন হয়ে পড়ছে।

ব্যাংকাররা জানান, তাদের ওপর প্রায়ই খারাপ ঋণ বিতরণ বা অনিয়মিত লেনদেন অনুমোদনের জন্য চাপ দেওয়া হয়। এর ফলে তারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পাশাপাশি আইনি ঝুঁকির মুখেও পড়ছেন।

যারা চাকরি হারান, তাদের নতুন কর্মসংস্থান খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়। বিশেষ করে যখন তাদের চাকরিচ্যুতির রেকর্ড বা আগের ব্যাংকের সঙ্গে জড়িত কোনো বিতর্ক তাদের পেশাগত সুনামকে ক্ষতিগ্রস্ত করে।

দেশ রূপান্তরের প্রধান খবর— উচ্চশিক্ষার আড়ালে ভর্তি ফি বাণিজ্য।

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন ফরম বিক্রির নামে আদায় করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে নির্ধারিত আবেদন ফি সেই প্রশ্নকেই নতুন করে সামনে এনেছে।

কোথাও একটি ইউনিটে আবেদন করতে গুণতে হচ্ছে ১০০০ টাকা, কোথাও তা ১৮০০ টাকা পর্যন্ত।

শুধু আবেদন ফি নিয়েই প্রশ্ন শেষ নয়। ভর্তি পরীক্ষার ফরম বিক্রি থেকে পাওয়া অর্থের ব্যবহার ও বণ্টন নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ।

অনুসন্ধানে দেখা যায়, অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয় থেকে নির্ধারিত অংশ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা না দিয়ে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগ করে নেওয়া হয়।

ফলে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া আবেদন ফি অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আয় না হয়ে সংশ্লিষ্টদের বাড়তি আয়ের উৎসে পরিণত হয়েছে।

নয়া দিগন্তের প্রথম পাতার একটি খবরের শিরোনাম— আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে শিগগির অ্যাকশন, নজরদারিতে ২৫ জেলা।

এই খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশনে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে কমপক্ষে ২৫ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মদদদাতাদের নজরদারিতে রাখা হয়েছে।

তবে সরকারের একটি অংশ বলছে, অ্যাকশনে যাওয়ার আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দেশের জনগণের সামনে এবং বিদেশের কাছে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে উপস্থাপন করতে চায়।

এদিকে, কার্যক্রম স্থগিত ও আইনি বিধিনিষেধ আরোপ করা হলেও, নির্বাহী আদেশে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ বা চূড়ান্ত হার্ডলাইনে যাওয়ার ক্ষেত্রে সরকার বেশ সতর্ক ও ধীরগতির নীতি অনুসরণ করছে।

এই খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সরকারি ও বিরোধী দল কিছু বিষয়ে সমঝোতা করে আলোচনা থেকে বিরত থেকেছে।

এর অংশ হিসেবে বিরোধী দলের দেওয়া সাতটি নোটিশের মধ্যে শেষ পর্যন্ত একটির ওপর আলোচনা হয়েছে।

অথচ অধিবেশনে বিরোধী জোট গঙ্গার পানি বণ্টন চুক্তি, পোশাক খাতে শ্রমিক অসন্তোষ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের নাশকতা, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা, সারের ডিলার নিয়োগে অনিয়ম, গ্যাসের দাম বৃদ্ধি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দেয়।

এর আগের অধিবেশনে আলোচনায় সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে সরকারি ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠছিল।

সম্প্রতি শেষ হওয়া চতুর্থ অধিবেশন ছিল ৮ কার্যদিবসের। এই অধিবেশনে আইন প্রণয়নের চেয়ে রাজনৈতিক আলোচনা শেষ দিকে প্রধান্য পায়।

আজকের পত্রিকার প্রধান শিরোনাম— খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য।

খবরটিতে বলা হয়েছে, সাধারণ নিত্যপণ্য ছাড়াও বিদেশি নামী ব্র্যান্ডের দেশে তৈরি নকল পণ্যও দেদার বিক্রি হচ্ছে বাজারে। এতে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পড়ছেন গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে গত এক বছরে ২৭ হাজারের বেশি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। কিন্তু এতে অনিয়ম দৃশ্যমানভাবে কমার কোনো লক্ষণ নেই।

ভুক্তভোগীদের অভিযোগ এবং অভিজ্ঞতা থেকে দেখা গেছে, তুলনামূলকভাবে নগণ্য জরিমানার অর্থ দিয়ে পার পাওয়ার পর কিছু বিরতি দিয়ে একইভাবে ব্যবসা চালিয়ে যাওয়া হয়।

একই প্রতিষ্ঠানে কিছুদিনের ব্যবধানে অভিযান চালিয়ে একই অনিয়ম আবার করার বহু নজিরের কথা জানিয়েছেন অভিযান পরিচালনাকারীরা ।

প্রথম আলোর প্রধান শিরোনাম—প্রতারণা থেকে পাচার, নানা অপরাধে জড়াচ্ছেন বিদেশিরা।

এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অনলাইনে প্রতারণা, জুয়া, মাদক, স্বর্ণ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বিদেশি নাগরিকদের একটা অংশ।

এমন নানা অপরাধের ঘটনায় গত দুই বছরে বিভিন্ন দেশের ৬৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০২৪ সালের পাঁচই অগাস্টের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসব বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের—৩৪৬ জন। ভারতীয়দের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, সোনাসহ বিভিন্ন ধরনের চোরাচালানের অভিযোগ উল্লেখযোগ্য।

গ্রেপ্তার বিদেশিদের মধ্যে ভারতের পরেই রয়েছেন মিয়ানমারের ৬২, তাইওয়ানের ৬১, লাওসের ৩৫, পাকিস্তানের ২৪ ও চীনের ২২ জন।

তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা, ভুয়া ক্রিপ্টোকারেন্সি বা ভুয়া বিনিয়োগ স্কিম, স্ক্যাম সেন্টার পরিচালনা, মাদক পরিচালনাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার বিদেশি নাগরিকদের মধ্যে ১২৭ জন ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর।