ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ

ছবির উৎস, Getty Images
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির মধ্যে দুই উপকূলে তীব্র ঝড় আঘাত হানার পরও ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
বৃহস্পতিবার শক্তিশালী ওই ঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানে । যার ফলে প্রবল বাতাস আর ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উপকূলীয় এলাকায় দেখা দেয় বন্যা।
বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটরেজ ডট ইউএস-এর তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরেও বিদ্যুৎহীন মানুষের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য ছিল পেনসিলভানিয়া।
পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, স্বাভাবিক অবস্থা ফিরতে আরও কিছুটা সময় লাগবে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলও নিজস্ব ঝড়ের কবলে পড়েছে।
বিমান চলাচলেও বিঘ্ন অব্যাহত ছিল। শুক্রবারও শত শত ফ্লাইট বিলম্বিত ও বাতিল হওয়ার খবর পাওয়া গেছে। দিনটি ছিল ছুটি শেষ হওয়ার পর ভ্রমণের আরেকটি ব্যস্ত দিন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, যুক্তরাষ্ট্রগামী ও যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে যাওয়া ৩ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয় এবং প্রায় ৬৭০টি বাতিল করা হয়।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডট কম-এর তথ্য অনুযায়ী, থ্যাংকসগিভিংয়ের দিন যুক্তরাষ্ট্রে ২ হাজার ৫০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৪৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছিল।
এক যাত্রী বিবিসিকে জানান, শিকাগোতে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে তের ঘণ্টা ধরে আটকে ছিলেন তিনি।
ভ্রমণ-বিপর্যয়ের বাইরেও দেশটির পূর্ব উপকূলজুড়ে ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি জরুরি তহবিল ছাড়ের বিষয়টি বিবেচনা করবেন।
End of বিবিসি বাংলায় আরও পড়ুন:

ছবির উৎস, Getty Images
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
প্রবল বাতাসের কারণে মেরিল্যান্ডে সেতু বন্ধ করে দেওয়া হয়। ডেলাওয়ারের সমুদ্রসৈকতে আছড়ে পড়ে ঢেউ, আর পানি উঠে আসে সমুদ্রতীরবর্তী হাঁটার পথে। ওয়াশিংটনে জোয়ারের পানি বেড়ে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্যের কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
শহরটির বার্ষিক থ্যাংকসগিভিং প্যারেডের আয়োজকেরা অনুষ্ঠানটি শনিবার পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। ১০০ বছরের ইতিহাসে এই প্রথম প্যারেডটি স্থগিত করা হলো।
প্রতিবেশী নিউ জার্সিতেও একাধিক সড়ক ও সেতু বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে। শহরের রাস্তাগুলো বন্যার পানিতে ডুবে যাওয়ার ছবিও প্রকাশিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিউ জার্সির কিছু এলাকায় উপকূলীয় বন্যার সতর্কতা জারি ছিল।
শুক্রবার বিকেল পর্যন্ত ৩ লাখ ৬০ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ ছিল না। শুক্রবার সন্ধ্যায় এ সংখ্যা কমে ২ লাখ ৬০ হাজারের কিছু বেশিতে দাঁড়ায়।
বৃহস্পতিবার রাতে বিদ্যুৎহীন বাড়ির সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছেছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও নিউ জার্সি।

ছবির উৎস, Getty Images
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো বলেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ পুনঃস্থাপনে নিরলসভাবে কাজ করছে। মেরিল্যান্ডে 'মাঝেমধ্যে বিদ্যুৎ বিভ্রাটের' কারণে কর্তৃপক্ষ প্রায় ২০ লাখ গ্রাহককে শুধু জরুরি প্রয়োজনে পানি ব্যবহারের অনুরোধ জানিয়েছিল। স্থানীয় সময় শুক্রবার সকালে এ নির্দেশ প্রত্যাহার করা হয়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি শনিবার কানাডার নোভা স্কশিয়া ও নিউফাউন্ডল্যান্ড প্রদেশের দিকে এগিয়ে যাবে।
তবে সোমবার আরেকটি গভীর নিম্নচাপের আঘাত হানার আশঙ্কা রয়েছে। এর ফলে আবারও ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস বয়ে যেতে পারে। ভ্রমণেও আরও বিঘ্ন ঘটতে পারে।
পশ্চিম উপকূলেও ঝড়ের প্রভাব
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ার এবং এর ফলে সৃষ্ট বন্যার ঝুঁকি উদ্বেগ বাড়িয়েছে। চলতি সপ্তাহের শুরুতে সান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলসে জোয়ারের উচ্চতা ৮ ফুটের বেশি রেকর্ড করা হয়। এ কারণে সমুদ্রসৈকতে যাওয়া মানুষকে উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
ক্যালিফোর্নিয়ার উপকূল ধরে চলাচলকারী অ্যামট্র্যাক প্যাসিফিক সার্ফলাইনার ট্রেনের কয়েকটি যাত্রা বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, উচ্চ জোয়ারের কারণে 'রেলপথ প্লাবিত হওয়ার পরিস্থিতির' কারণে এসব ট্রেন বাতিল করা হয়।

ছবির উৎস, Lokman Vural Elibol/Anadolu via Getty Images
ওরেগনের একটি নাটকীয় ভিডিওতে দেখা যায়, প্রবল 'কিং টাইড' বা অস্বাভাবিক উচ্চ জোয়ারের ঢেউয়ে এক ব্যক্তি ও একটি কুকুর সমুদ্রে ভেসে যাচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, দুজনই অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল ও ওরেগনের কিছু এলাকায় বিকেল পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা কার্যকর ছিল।
সান ফ্রান্সিসকো ও আশপাশের এলাকায় এ সতর্কতা রোববার পর্যন্ত বহাল থাকবে।
জাতীয় আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বে এরিয়ার বাসিন্দাদের জানিয়েছেন, শনিবার পর্যন্ত সমুদ্রসৈকতে বিপজ্জনক পরিস্থিতি নিয়ে সতর্কতা কার্যকর থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাতীয় আবহাওয়া দপ্তর বলেছে, "সমুদ্রসৈকতে নিরাপত্তা বজায় রাখুন। পানি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং কখনোই সমুদ্রের দিকে পিঠ দিয়ে দাঁড়াবেন না।"
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) পূর্বাভাস দিয়েছে, থ্যাংকসগিভিং ছুটির সাত দিনের মধ্যে ৮ কোটি ১৫ লাখ মার্কিন নাগরিক বাড়ি থেকে অন্তত ৫০ মাইল বা ৮০ কিলোমিটার দূরে ভ্রমণ করবেন।









