আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
প্রবল ঘূর্ণিঝড় আকভানের দাপটে দুর্যোগের আশঙ্কা; পশ্চিমবঙ্গে প্রভাব শুরু
- Author, রূপসা সেনগুপ্ত
- Role, বিবিসি নিউজ বাংলা, কলকাতা
- Published
- পড়ার সময়: ৫ মিনিট
দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশ এবং সংলগ্ন মধ্যাঞ্চল থেকে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় 'আকভান'।
নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড় এবং শেষ পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। অগ্রসর হওয়ার সময় ক্রমে এই প্রবল ঘূর্ণিঝড়ের গতিপথে বদল এসেছে।
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড. হাবিবুর রহমান বিশ্বাস বলেছেন, "পূর্বাভাস অনুযায়ী উত্তর- উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং তা অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অতিক্রম করবে আজ শুক্রবার দুপুরের দিকে।"
এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা-সহ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড ও ছত্তিসগড়ে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আগাম সতর্কতাও জারি করা হয়েছে।
মৎস্যজীবীদের গভীর সমুদ্র বা উপকূলীয় জলসীমায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুরী, গোপালপুর-সহ সমুদ্রতটবর্তী এলাকায় মাইকিং চলছে। ওড়িশার উপকূলবর্তী অঞ্চল থেকে বহু মানুষকে নিরাপদ এলাকায় স্থানান্তরিত করা হয়েছে। অন্ধ্রপ্রদেশেও তীব্র সতর্কতা জারি করা হয়েছে।
আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। পূর্ব উপকূল রেলওয়ে, দক্ষিণ মধ্য রেলওয়ে, এবং দক্ষিণ উপকূল রেলওয়ে একাধিক ট্রেনের সময়সূচীতে বদল এনেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে শুক্রবার বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
গতিপথ পরিবর্তন ও সম্ভাব্য ল্যান্ডফল
অর্ণব ও মুরাসুর পর সৃষ্ট বঙ্গোপসাগরের তৃতীয় ঘূর্ণিঝড় আকভান। দিন কয়েক আগে নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা অনুকূল আবহাওয়ায় ক্রমে শক্তি বাড়ায়। প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়। এরপর মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। নাম দেওয়া হয় 'আকভান'।
এই নামকরণ করেছে ইরান, যার সঙ্গে যোগ রয়েছে ফেরদৌসির মহাকাব্য শাহনামা বা শাহনামের। আকভান কথাটা এসেছে আকভান দিভ বা আকভান-ই দিভ থেকে। পৌরাণিক গাথায় আকভান-ই দিভ কে রাক্ষস বা ক্ষতিকারক প্রতিপক্ষ হিসাবে উল্লেখ করা হয়েছে যার উৎস দুষ্ট মন বা দুষ্ট চিন্তা থেকে।
অগ্রসর হওয়ার সময় গতিপথ পরিবর্তন করেছে আকভান।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ও তার পরিবর্তনের প্রসঙ্গে ড. বিশ্বাস ব্যাখ্যা করেছেন, "অনিশ্চয়তা সব সময়েই থেকে যায়, সেটা ট্র্যাকের সময় (সম্ভাব্য গতিপথের পূর্বাভাস) উল্লেখ করা হয়। এখানেও সেটা উল্লেখ করা ছিল। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা দুই রাজ্যেই সতর্কতা জারি করা হয়েছিল।"
আবহাওয়া দপ্তরের সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী, উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়। শুক্রবার দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের নরসাপুর ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানার আশঙ্কা রয়েছে।
ওড়িশার ভুবনেশ্বরের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড. রাজশ্রী আবহাওয়া সংক্রান্ত ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের বলেছেন, "অনুমান করা হচ্ছে যে উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। এই প্রবল ঘূর্ণিঝড়ের কারণে দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।"
পশ্চিমবঙ্গে প্রভাব
ড. হাবিবুর রহমান বিশ্বাস বলেছেন, "আমাদের রাজ্যে (পশ্চিমবঙ্গে) মূলত বৃষ্টিপাতটাই বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা। ভারী থেকে অতিভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্যও সতর্কতা রয়েছে। তাদের গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
"ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। অন্যান্য জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।"
পাশাপাশি তিনি জানিয়েছেন, উপকূল সংলগ্ন জেলাগুলোয় বৃষ্টিপাত বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তাছাড়া বাকি জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।"
"২১ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে তবে অনেক জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে মুর্শিদাবাদের এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে," বলেছেন ড. হাবিবুর রহমান বিশ্বাস।
ওড়িশায় দুর্যোগ
"আগামী ২৪ ঘণ্টায় ওড়িশার একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ময়ূরভঞ্জ, বালেশ্বর, কেন্দ্রঝড়, জাজপুর, ভদ্রক, কেন্দ্রপাড়া, কটক, পুরীতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে," বলেছেন ড. রাজশ্রী।
তিনি জানিয়েছেন, ওড়িশার বুধবার রাত থেকেই একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে।
এদিকে সতর্কতামূলকভাবে ওড়িশা সরকার ইতিমধ্যে ৭০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ সরানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তাল সমুদ্রের অন্ধ্রপ্রদেশের কাকিনাডার বেশ কয়েকজন মৎস্যজীবী ওড়িশার গঞ্জামের কাছে আটকে পড়েন। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ঝাড়খণ্ডে প্রভাব
আকভানের প্রভাবে আগামী কয়েকদিন ঝাড়খণ্ডের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই রাজ্যের দক্ষিণ ও মধ্য অংশে এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
রাঁচি আবহাওয়া কেন্দ্রের উপ-পরিচালক অভিষেক আনন্দ বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, "শুক্রবার রাজ্যের ১১টা জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও আটটা জেলার জন্য একই সতর্কতা জারি করা হয়েছে।"
শনিবার ও রোববার গিরিডি, ধানবাদ, দেওঘর, জামতারা, দুমকা, গোড্ডা, পাকুর এবং সাহেবগঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।
অন্ধ্রপ্রদেশ
আকভানের প্রভাব ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের কিছু অংশে লক্ষ্য করা গিয়েছে। শ্রীকাকুলামে সমুদ্র উত্তাল হয়েছে। ঝড়ো হাওয়াও বইছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে অন্ধ্রপ্রদেশ।
সাম্প্রতিক সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব এবং মুরাসুর বেশ প্রভাব পড়েছিল এই রাজ্যে। তাই আগাম পদক্ষেপ হিসাবে বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকল ও জরুরী বিভাগের কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ), জানিয়েছে, শ্রীকাকুলাম, বিজয়নগরম এবং মানিয়াম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাছাড়া উত্তর অন্ধ্রপ্রদেশের জেলাগুলোর কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্ধ্রপ্রদেশ স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর প্রখর জৈন জানিয়েছেন, উত্তর অন্ধ্রপ্রদেশের জেলাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।