লাইভ, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে। বেশিরভাগ আসনে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল কংগ্রেস। এর আগে পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট গ্রহণের পর সোমবার স্থানীয় সময় সকাল আটটা থেকে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. তামিলনাড়ুতে এগিয়ে বিজয়

    সুপারস্টার বিজয়

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, সুপারস্টার বিজয়

    সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনেরও ভোট গণনা চলছে। এখনো পর্যন্ত পাওয়া ফল বলছে, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার জোসেফ বিজয়ের দল টিভিকে (তামিলগা ভেট্টি কাজাগাম) মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে-কে পিছনে ফেলে দিয়েছেন।

    ডেটানেটের তথ্য অনুযায়ী, টিভিকে ১০৪টি আসনে এগিয়ে রয়েছে।

    অন্যদিকে, শাসক দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ৫২টি আসনে এগিয়ে আছে। বিরোধী দল এআইএডিএমকে ৭৬ টি আসনে এগিয়ে রয়েছে।

    অভিনেতা বিজয় তামিলনাড়ুর পাশাপাশি ভারতের অন্যান্য প্রান্তেও চলচ্চিত্রপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। তিনি বিজয় থালাপতি নামে বহুল পরিচিত।

    বিভিন্ন এক্সিট পোল থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, তার ভালো পারফরম্যান্স প্রত্যাশিত ছিল, কিন্তু সাম্প্রতিক প্রবণতা সকলকে চমকে দিয়েছে।

  2. কলকাতায় বিজেপির কার্যালয়ের যে ছবি ধরা পড়ল

    ভোট গণনার দিন তৃণমূলের মতোই উৎসাহী বিজেপি কর্মীরা। কলকাতায় বিজেপির কার্যালয়ে সোমবার সকালে সেই ছবিই ধরা পড়েছে।

    গেরুয়া শিবিরের সদস্যরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যালয়ে এসে জড়ো হয়েছেন।

    বিবিসির ক্যামেরায় যে পরিস্থিতি ধরা পড়ল, সে চিত্রই এক নজরে…

    সল্টলেকে বিজেপির কার্যালয়ের ছবি।
    ছবির ক্যাপশান, সল্টলেকে বিজেপির কার্যালয়ের ছবি
    গেরুয়া শিবিরে উৎসাহ দেখার মতো।
    ছবির ক্যাপশান, গেরুয়া শিবিরে উৎসাহ দেখার মতো
    তৃণমূলের মতোই জয়ের বিষয়ে ‘নিশ্চিত’ বিজেপিও।
    ছবির ক্যাপশান, তৃণমূলের মতোই জয়ের বিষয়ে ‘নিশ্চিত’ বিজেপিও
  3. ভবানীপুরে মমতা ব্যানার্জীর আসনে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী

    মমতা

    ছবির উৎস, Mamata Banerjee/Suvendu Adhikari/Facebook

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক আসনের উপর নজর রয়েছে কিন্তু সবার চোখ রয়েছে কলকাতার ভবানীপুরে।

    এই আসনে ভোটযুদ্ধে মুখোমুখি মমতা ব্যানার্জী এবং শুভেন্দু অধিকারী।

    প্রথম দিকে মমতা ব্যানার্জী এগিয়ে থাকলেও সবশেষ পাওয়া তথ্য বলছে এখন এগিয়ে রয়েছেন একদা মিজ ব্যানার্জীর ‘আস্থাভাজন ও ঘনিষ্ঠ’ এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

    দুই হেভিওয়েট প্রার্থীই নিজের জয় সম্পর্কে ‘নিশ্চিত’। তারাই যে ভবানীপুর থেকে জিতবেন তাও দাবি করেছেন।

    শেষপর্যন্ত ভবানীপুর কার দখলে যায় সেদিকে সকলের নজর থাকবে।

    নন্দীগ্রাম থেকেও নির্বাচনী ময়দানে লড়ছেন শুভেন্দু অধিকারী। ওই আসনেও এগিয়ে রয়েছেন তিনি।

  4. কালীঘাটে যে ছবি দেখা গেল

    ভোট গণনা শুরু হয়েছে সোমবার সকাল থেকে। জয়ের বিষয়ে যে তৃণমূল ও বিজেপি দুই দলই নিশ্চিত তা দুই দফা ভোট গ্রহণের পরই জানিয়ে দিয়েছিলেন সর্বোচ্চ নেতৃত্ব।

    সোমবার সকালেও দুই দলের নেতা-কর্মীদের মধ্যেও উৎসাহ দেখা গিয়েছে।

    কালীঘাটে যে চিত্র বিবিসির ক্যামেরায় ধরা পড়েছে, তা এক নজরে

    তৃণমূলের এক সমর্থক।তৃণমূলের এক সমর্থক।
    ছবির ক্যাপশান, তৃণমূলের এক সমর্থক
    ভোট গণনার দিন কালীঘাটের ছবি।
    ছবির ক্যাপশান, ভোট গণনার দিন কালীঘাটের ছবি
    কড়া নিরাপত্তা বেষ্টনীতে মোড়া কালীঘাট।
    ছবির ক্যাপশান, কড়া নিরাপত্তা বেষ্টনীতে মোড়া কালীঘাট
  5. নন্দীগ্রামে এখনো এগিয়ে শুভেন্দু

    শুভেন্দু অধিকারী-ফাইল ছবি।

    ছবির উৎস, Suvendu Adhikari/Facebook

    ছবির ক্যাপশান, শুভেন্দু অধিকারী-ফাইল ছবি।

    এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দমদম উত্তরে এগিয়ে রয়েছেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য, পিছিয়ে আছেন সিপিআই(এম)-এর দীপ্সিতা ধর। মুর্শিদাবাদে বহরমপুরে এগিয়ে রয়েছেন তৃণমূলের নাড়ুগোপাল মুখার্জী, পিছিয়ে রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী।

    নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পবিত্র কর এবং বামফ্রন্টের শান্তি গোপাল গিরি। দমদমে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী, পিছিয়ে রয়েছেন তৃণমূলের ব্রাত্য বসু।

    মালদহে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বিজেপির গোপাল চন্দ্রসাহা, পিছিয়ে আছেন কংগ্রেসের ভুপেন্দ্র নাথ হালদার এবং তৃণমূলের লিপিকা বর্মন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর দক্ষিণে এখনো পর্যন্ত এগিয়ে আছেন বিজেপির রূপা গাঙ্গুলি, পিছিয়ে আছেন তৃণমূলের লাভলী মৈত্র।

  6. পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫০ আসনে, তৃণমূল ১২৫

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপি এগিয়ে আছে ১৫০টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১২৫টি আসনে। কংগ্রেস দল এগিয়ে আছে চারটি আসনে, অন্যান্যরা এগিয়ে একটি আসনে।

    ভারতীয় সময় সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য।

    কলকাতার ভবানীপুর আসনে এগিয়ে আছেন বর্তমান মুখ্যমন্ত্রী ও ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জী।

    এই পর্বে পোস্টাল ব্যালট গণনা চলছে। যেসব ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পেশাগত কারণে নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না, তাদের জন্যই এই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা থাকে।

  7. ভোর চারটা থেকে ভবানীপুর আসনের গণনা কেন্দ্রের সামনে সমর্থকরা

    ভবানীপুর আসনে ভোট গণনা হচ্ছে যে কেন্দ্রে, তার সামনে হাজির তৃণমূল কংগ্রেস আর বিজেপি - দুই পক্ষের সমর্থকরা
    ছবির ক্যাপশান, ভবানীপুর আসনে ভোট গণনা হচ্ছে যে কেন্দ্রে, তার সামনে হাজির তৃণমূল কংগ্রেস আর বিজেপি - দুই পক্ষের সমর্থকরা

    পশ্চিমবঙ্গের যে আসনটির ফলাফলের দিকে সকলের নজর, সেই ভবানীপুর আসনের ভোট গণনা চলছে কলকাতার শাখাওয়াত স্কুলে। সেখানে রয়েছেন বিবিসির সংবাদদাতা ময়ূরী সোম।

    তিনি জানাচ্ছেন যে, গণনা কেন্দ্রের সামনে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। হাজির রয়েছেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি- দুই দলেরই সমর্থকরা।

    ভোর চারটা থেকে তারা সেখানে অবস্থান করছেন। তবে তাদের কাউকেই কাছাকাছি পৌঁছতে দেওয়া হচ্ছে না।

    নিয়ম অনুযায়ী ভারতীয় সময় সকাল আটটা থেকে পোস্টাল ব্যালট দিয়ে ভোট গণনা শুরু হয়েছে।

    সল্টলেকে বিজেপির রাজ্য দফতরেও রয়েছেন বিবিসির ইশাদ্রিতা লাহিড়ী।

    তিনি সকাল গিয়ে সংবাদমাধ্যম কর্মী ছাড়া আর কাউকে সেখানে দেখতে পান নি।

    তবে কিছুক্ষণ আগে সেখানে পৌঁছিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র ইয়াদভ আর পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত বিজেপি নেতা ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

  8. গত বিধানসভা ভোটে ফল কী ছিল?

    সবশেষ ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যান্যরা।

    পশ্চিমবঙ্গের ২৯৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসন প্রয়োজন।

    উত্তরবঙ্গে ভাল ফল করেছিল গেরুয়া শিবির। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং যেমন ছিল তাদের দখলে তেমনই পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও ভাল ফল করেছিল দলটি।

    অন্যদিকে, তৃণমূলের দখলে ছিল কলকাতা, হাওড়া, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

    চলতি বছরের নির্বাচনী ফলাফল কোনদিকে যায় সেদিকে সকলের নজর রয়েছে।

  9. মমতা-শুভেন্দু- কার দখলে ভবানীপুর?

    মমতা ব্যানার্জী এবং শুভেন্দু অধিকারী
    ছবির ক্যাপশান, মমতা ব্যানার্জী এবং শুভেন্দু অধিকারী

    চলতি বছরে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে যে দুই প্রার্থীর দিকে সকলের নজর রয়েছে তারা হলেন মমতা ব্যানার্জী, যিনি চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার আশায় ভোটের ময়দানে প্রতিদ্বন্দিতা করছেন এবং তার বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

    কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে ভোটযুদ্ধে সামিল হয়েছে মিজ ব্যানার্জী। এই কেন্দ্রটি কার্যত তার ‘ঘরের মাঠ’।

    অন্যদিকে, নন্দীগ্রাম ছাড়াও ওই একই আসন থেকে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন মি. অধিকারী, যিনি একদা মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ ছিলেন।

    পরে বিজেপি প্রার্থী হিসাবে ২০২১ সালের বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জীকে হারিয়েছিলেন মি. অধিকারী।

    সেই নিয়ে অবশ্য বিস্তর জল ঘোলা হয়েছিল। নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন মিজ ব্যানার্জী।

    চলতি বছরে নির্বাচনী ময়দানে আবার মুখোমুখি তারা এবং জয়ের বিষয়ে দু’জনেই ‘আত্মবিশ্বাসী’। দু’জনেই জিতবেন বলে দাবিও করেছেন।

    তবে, ফল কার পক্ষে যায়, সেদিকে সকলের নজর রয়েছে।

  10. বিবিসি বাংলার লাইভ

    ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত।

    এ পাতায় থাকছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ভারতের আরো কয়েকটি রাজ্যের নির্বাচন ঘিরে নানা খবর ও বিশ্লেষণ।

    এছাড়া আরো খবর রয়েছে বিবিসি বাংলার মূলপাতায়