বৃহস্পতিবারের উল্লেখযোগ্য কিছু ঘটনা
- ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনদিকে যাবে, সে বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা পাঁচই অগাস্ট দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেন।
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জ্বালানি তেল ও গ্যাস-সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির অভিযোগে বৃহস্পতিবার ঢাকায় ওই জোটের এক সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়।
- বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ই অগাস্ট, যাচাইবাছাই ১৬ই অগাস্ট, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ই অগাস্ট।
- সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষে ফিফা অবস্থান নেওয়ার ইউরোপীয় দলগুলো এখনও বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতা বয়কট করতে পারে। ইউরোপীয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা একটি বিবৃতিতে বলেছে, বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার ইনফান্তিনোর পরিকল্পনা প্রত্যাহার করা হলেও, তাদের নির্ধারিত শর্তগুলো পূরণ হয়নি।
- আগামী ১০ই অগাস্ট ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
- বাংলাদেশের কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলার আসামি সাবেক সেনা সদস্য হাফিজুরের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট নিম্ন আদালত। ২৪ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
- দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক আন্দোলনের পর ককরোচ জনতা পার্টি - সিজেপি দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই। এ ধরনের তথ্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের হুমকিও দিয়েছেন তিনি।
- জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে করা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। এসময় ট্রাইব্যুনালে একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...