আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

গোপালগঞ্জে মোবাইল ফোনে আর্থিক লেনদেনের অ্যাকাউন্ট বন্ধ অনেক গ্রাহকের

বাংলাদেশে মোবাইল ফোনের বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোপালগঞ্জ জেলায় কিছু কিছু গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিকসময়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতার যে সব ঘটনা ঘটেছিল, সে প্রেক্ষাপটে সেখানে মোবাইল ফোনে লেনদেনের অ্যাকাউন্ট বন্ধের এমন অভিযোগ এলো। এদিকে, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা করা হয়েছে।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • মোবাইল ফোনের বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোপালগঞ্জ জেলায় কিছু কিছু গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিকসময়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতার যে সব ঘটনা ঘটেছিল, সে প্রেক্ষাপটে সেখানে মোবাইল ফোনে লেনদেনের অ্যাকাউন্ট বন্ধের এমন অভিযোগ এলো।
    • সয়াবিন তেলের দাম লিটারে তিন টাকা বাড়িয়েছে বাংলাদেশ সরকার। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা করা হয়েছে।
    • তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের শনিবার থেকে কাজে ফেরার আহবান জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। উল্লেখ্য, নিম্নতম মজুরি নতুন করে নির্ধারণের পরও পনের দিনের বেশি সময় ধরে চলা শ্রমিকদের আন্দোলন থামেনি।
    • আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
    • ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য থাকাকালে কলকাতায় খুন হওয়া আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে তিনদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
    • বাংলাদেশের বিভিন্ন জেলায় নভেম্বর মাসে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। কয়েকটি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
    • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে আটকের পর তাদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
    • প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া গেলেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
    • ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
    • রংপুরের মাছুয়াপাড়ায় স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্য হত্যার মামলায় তদন্ত শেষে দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
    • বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়টি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটি অংশ এবং এ বিষয়ে বাংলাদেশ নেগোশিয়েট করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

    বিবিসি বাংলার লাইভপাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূলপাতায়...

  2. গোপালগঞ্জে মোবাইল ফোনে আর্থিক লেনদেনের অ্যাকাউন্ট বন্ধ অনেক গ্রাহকের

    গোপালগঞ্জে মোবাইল ফোনে আর্থিক লেনদেন করতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকদের অনেকে। বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান কিছু কিছু গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    এসব আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিকাশ, নগদ ও রকেট।

    এর মধ্যে, বিকাশ এক বিবৃতিতে জানিয়েছে, এমএফএস বিধিমালা অনুযায়ী, কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

    বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম জানান, "নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত শেষে এই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।"

    এদিকে, শুধু মোবাইল ব্যাংকিং কার্যক্রমই নয় বরং গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ- সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুটি থানাসহ সরকারি স্থাপনা যেভাবে আছে, সেভাবেই রেখেছে প্রশাসন।

    একইসঙ্গে, ওই জেলার সাথে সংযোগকারী ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দ আপাতত স্থগিত রাখার কৌশল নিয়েছে সরকার।

    ফলে জেলার কয়েকটি উপজেলার মানুষ প্রশাসনিক ও অন্যকিছু নাগরিক সেবা থেকে বঞ্চিত হতে পারে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্থগিত হচ্ছে জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সরকারি বরাদ্দও।

    উল্লেখ্য, গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতায় গোপালগঞ্জ প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এর জের ধরে, ডিসি, পুলিশ সুপার রদবদলের ঘটনাও ঘটেছে।

  3. নভেম্বর মাসে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখায় হামলা, বন্ধ ২৯টি শাখা, বাংলাদেশ ব্যাংকের তথ্য

    দেশের বিভিন্ন জেলায় নভেম্বর মাসে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। কয়েকটি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

    কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, এখন পর্যন্ত হামলায় বিভিন্ন জেলায় ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তাজনিত কারণে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

    দেশের ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

  4. পুরান ঢাকার চকবাজারে একটি গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

    পুরান ঢাকার চকবাজারে একটি গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

    বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের একজন কর্মী।

    তিনি জানান, “বড় আগুন, এখনো নিয়ন্ত্রণে আসেনি, পাঁচটি ইউনিট কাজ করছে। এটা একটা গুদাম।”

    তবে কিসের গুদাম সেটি জানাতে পারেননি তিনি।

  5. শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ

    সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

    বৃহস্পতিবার ঢাকার বিচারিক আদালত এই আদেশ দিয়েছে। বাকি দুইজন হলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

    আবেদনে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন।

    এ সময় স্থানীয় লোকজন আসামিদের আটক করেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের হেফাজতে নেয়।

    এ সময় অজ্ঞাতনামা ২০-২৫ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

    তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে পুলিশের করা আবেদনে বলা হয়েছে।

    এর আগে, রাতে মি. মুনসহ তিনজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক তাকে মারধর করে আওয়ামী লীগ বলে উল্লেখ করছে।

  6. বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া গেলেন।

    বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।

    এ সময় প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে। কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।

    আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর এই কার্যক্রম শুরু হলো।

    এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরো ২২৫ বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট এক হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

  7. ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

    বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের যুক্তি-তর্ক শেষে এই আবেদন করেন মি. কাজল।

    পরে এক ব্রিফিং এ তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা রয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের মদত ছাড়া একজন ব্যক্তি এমন অপরাধী হয়ে উঠতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

    “এই আসামি নিজে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। অধস্তনদের আদেশ দিয়ে অপরাধ করতে বাধ্য করেছেন। ব্যক্তিগত, যৌথ এবং ঊর্ধ্বতন কমান্ডারের দায়ে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে,” বলেন মি. কাজল।

    একইসঙ্গে, মি. আহসানের সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও করেন তিনি।

  8. সয়াবিন তেলের দাম লিটারে তিন টাকা বাড়াল সরকার

    সয়াবিন তেলের দাম লিটারে তিন টাকা বাড়িয়েছে সরকার। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা করা হয়েছে।

    এছাড়া খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৫ টাকা থেকে তিন টাকা বাড়িয়ে ১৮৮ টাকা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার বিকেলে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    তবে, খোলা পাম তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। খোলা পাম তেল লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

  9. রংপুরে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্য হত্যার মামলায় চার্জশিট দাখিল

    রংপুরের মাছুয়াপাড়ায় স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্য হত্যার মামলায় তদন্ত শেষে দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

    বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ কমিশনার মাহবুব রশিদ।

    তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ মাদক সেবনে বাধা দেওয়া নয় বরং চুরি করতে গিয়ে বাধা পেয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

    তিনি জানান, দুই আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ একে একে চারজনকে শ্বাসরোধে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ডে গামছা ও রশি ব্যবহার করা হয়েছে।

    রংপুরের স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও শিশুপুত্র আয়াশ চক্রবর্তী গত ২১শে অগাস্ট হত্যার শিকার হন।

  10. মার্কিন শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটি অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়টি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটি অংশ এবং এ বিষয়ে বাংলাদেশ নেগোশিয়েট করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

    বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।

    তিনি বলেন, “তাদের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটা মূল অংশ ট্রেড পলিসি, ফ্ল্যাগশিপ প্রজেক্ট হিসেবে তারা নিছে এই ট্যারিফ এগ্রিমেন্টগুলা। এখানে স্কোপ আছে, যেখানে কিছু জিনিস আমরা আনজাস্টিফায়েড মনে করি এটা নিয়ে কথা বলারও সুযোগ আছে, হিয়ারিং ২৫শে জানুয়ারি।”

    কোনটি জাস্টিফায়েড, কোনটি জাস্টিফায়েড না- এই বিষয়টি তুলে ধরে বাংলাদেশ নেগোশিয়েট করবে বলেও জানান তিনি।

    “উই উইল টক এন্ড নেগোশিয়েট উইথ দেম,” বলেন মি. কবির।

    শেখ হাসিনাকে দেশে ফেরার প্রশ্নে মি. কবির বলেন, “শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে, শেখ আসবে না। একটা টেররিস্টের জায়গা নির্ধারণ করা হইছে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে, প্লেনে হ্যান্ডকাফ পরে তাকে আনা হবে। অথবা কঠোর নজরদারির মাধ্যমে তাকে আনা হবে।”

  11. তৈরি পোশাক শ্রমিকদের শনিবার থেকে কাজে ফেরার আহবান শ্রমমন্ত্রীর

    তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের আগামী শনিবার থেকে কাজে ফেরার আহবান জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

    বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে এই আহবান জানান তিনি।

    মি. চৌধুরী বলেন, “সাধারণ শ্রমিক থেকে মালিক সবাই নিরপেক্ষ একটা জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছে। একটা দ্রুততম সময়ের মধ্যে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য একটি সন্তোষজনক মজুরি ঘোষণা করা হয়েছে। এবার আপনারা কাজে যোগ দিন।”

    “মজুরি বোর্ডের এই সিদ্ধান্ত শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষের সদস্যদের সদিচ্ছার কারণে সম্ভব হয়েছে। তাদের মধ্যে দেশপ্রেম আছে,” বলেন মি. চৌধুরী।

    উল্লেখ্য, শ্রমিক ও মালিকদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর বুধবার ভোর রাতে তৈরি পোশাক খাতে কর্মরতদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা ঘোষণা করেছে মজুরি বোর্ড।

    কিন্তু নিম্নতম মজুরি নতুন করে নির্ধারণের পরও পনের দিনের বেশি সময় ধরে চলা শ্রমিকদের আন্দোলন থামেনি।

    বৃহস্পতিবার সকালেও গাজীপুরে বিক্ষোভ করে শ্রমিকরা। তবে, পুলিশের বাধায় মহাসড়ক অবরোধ করতে পারেনি তারা।

    এদিকে, যে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম এবং কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

  12. মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গুলি, একজন নিহত

    আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

    এছাড়া নদীতে ঝাঁপ দিয়ে পড়ে একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম সেলিম মোল্লা।

    মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তসলিম উদ্দিন জানান, “মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারো ভোরবেলায় বিদ্যমান দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে একজন নিহত হয়।”

    “আর আমরা খবর পেয়েছি একজন খালের মধ্যে নিখোঁজ আছে। তবে এই বিষয়ের সত্যতা এখনো নিশ্চিত হতে পারছি না। ফায়ার সার্ভিসসহ উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে, না পাওয়া পর্যন্ত এই বিষয়টা নিশ্চিত হতে পারছি না,” বলেন মি. উদ্দিন।

  13. কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারের মেয়ে ডরিন ঢাকায় আটক

    ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য থাকাকালে কলকাতায় খুন হওয়া আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

    বুধবার রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

    মি. হোসেন জানান, প্রাথমিকভাবে দেশে ‘নাশকতার’ অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে, পরে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

    ২৪ বছর বয়সী ডরিনের বাবা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য।

    ২০২৪ সালের ১১ই মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হন তিনি। পরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়। এই ঘটনায় মামলা হয় কলকাতায়।

    ঢাকার শেরেবাংলা নগর থানায়ও একটি মামলা করেছিলেন মিজ ডরিন। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তবে, পরবর্তীতে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর এসব আসামিরা জামিনে বের হয়ে যায়।

  14. গতকাল বুধবারের উল্লেখযোগ্য কিছু ঘটনা:

    • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে যাওয়ার বিষয়টি তার ও বাংলাদেশ সরকারের বিষয়।
    • বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি হারে শুল্কের মুখে পড়েছে চীন, যার হার “সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত”, এরপরে ভিয়েতনামের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত, এবং বাকিগুলোর ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।
    • বিশ্লেষকরা বলছেন, এপ্রিলে বিশ্বব্যাপী ট্রাম্প বাণিজ্যিক অংশীদারদের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। সেই শুল্কগুলোর অনেকগুলোই পরবর্তীতে মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। ফলে বুধবার ঘোষিত এই আমদানি শুল্কগুলো হলো ট্রাম্পের শুল্ক পুনর্বহাল করার একটি নতুন প্রচেষ্টা।
    • তবে অনেক দেশের সাথে ট্রাম্প যে বাণিজ্য চুক্তিগুলো করেছেন তার কল্যাণে বাস্তবে যে হারে শুল্ক দিতে হবে সেটি অনেক কম হবে বলে মনে করা হচ্ছে।
    • সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের অর্থনৈতিক এলাকায় হামলার দাবি করেছে ইয়েমেনি হুতিরা।
    • ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাড়ে চার লাখের বেশি নতুন ভোটার যুক্ত হওয়ায় দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪০ জন।
    • রাজধানী ঢাকায় বেসরকারি আবাসন প্রকল্পে প্লট ক্রেতার কাছ থেকে চুক্তি হওয়ার পরেও দাম বাড়িয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। একজন ক্রেতাকে প্রতি কাঠায় মোট মূল্যের বাইরে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় করতে হয়।
    • বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় দিলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। এক্ষেত্রে আশ্রয়দাতার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিয়ে বিচার ও শাস্তির সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
    • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ই ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নাই এবং এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে সম্প্রতি এমপি পদ থেকে পদত্যাগ করা বিএনপি'র নেতা ওসমান ফারুকের এলাকা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন হবে আগামী ১০ই জানুয়ারি।
    • বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত দশ বছরেরও শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। এ অবস্থায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাতে পেছাতে শতক ছুঁয়েছে।
    • বাংলাদেশে পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।
    • বাংলাদেশে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করার পরও আন্দোলন থামেনি।
    • বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গাজীপুর, সাভার, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় অন্তত ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার।
    • মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে গাজীপুরে বুধবার অন্তত ৩৫ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
    • বাংলাদেশে তৈরি পোশাক কারখানার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক হওয়ার পর শেষ পর্যন্ত এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি আগের চেয়েছে সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: