লাইভ, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, শুভেন্দুর পাল্টায় বললেন হুমায়ুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রিসভায় প্রথম বৈঠকে বাংলাদেশে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে হস্তান্তরের সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতারকে বাংলাদেশের মানুষ ভয় পায় না। বুধবার সন্ধ্যা থেকে বাংলাদেশের তিন বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নির্বাচনে পরাজয়ে সমালোচনার জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, সব সরকারের মতো আমাদেরও ভুল আছে, তবে বড় রাজনৈতিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পেরেছি। দিনের প্রধান খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে সরকার অগ্রসর হচ্ছে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে সরকার অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে সরকার অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

    সোমবার এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    সড়ক পরিবহন মন্ত্রী মি. আলম বলেন, “দ্বিতীয় পদ্মা সেতু করবার জন্য আমাদের অঙ্গীকার রয়েছে নির্বাচনি ইশতেহারে। সে ব্যাপারেও আমরা অগ্রসর হচ্ছি।”

    এর আগে মি. আলম উল্লেখ করেন, ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের সময়ে পদ্মাসেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল।

    “অর্থের অপচয় হয়েছে আমি যতটুকু বুঝি, দুর্নীতি হয়েছি আমি যতটুকু দেখেছি কিন্তু পদ্মা সেতুটা হয়েছে। অর্থের ব্যয় কমানো যেত আরো স্বচ্ছতার সাথে করা যেত। সেটাই জনগণের দাবি ছিল, করা যায়নি” বলেন সড়ক পরিবহন মন্ত্রী।

    একইসঙ্গে তিনি জানান, যারা পদ্মা সেতু প্রকল্পে অর্থের ব্যয় কমাতে পারেনি দায়বদ্ধতা তাদের এবং যারা এখানে অর্থের অপচয় করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

    একইসঙ্গে, দ্বিতীয় যমুনা সেতু, বরিশাল-ভোলা সেতুর ক্ষেত্রেও অগ্রসর হচ্ছে সরকার।

  2. বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, শুভেন্দুর পাল্টায় বললেন হুমায়ুন

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ''কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোন জায়গা নাই।''

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ৪৫দিনের মধ্যে এই জমি হস্তান্তর করা হবে।

    মন্ত্রিসভার বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মি. অধিকারী বলেন, "আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যে ভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হলো। ৪৫ দিনের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।"

    বাংলাদেশ-ভারত ২২১৬ কিলোমিটার সীমান্তের মধ্যে পশ্চিমবঙ্গের ৫৬৩ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই।

    এই প্রসঙ্গে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ নিয়ে প্রয়োজনে 'যথাযথ জায়গায়' আলোচনা করবেন তারা।

    ''দেখেন যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। বাংলাদেশের সরকারও কাঁটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলবো,'' তিনি বলেন।

    তিনি আরো বলেন, ''সীমান্তে ভারতেরও দেখাতে হবে মানবিক অ্যাপ্রোচ, ডিলিং উইথ সিকিউরিটি। এখানে তো আর আপনে- যদি গুলি মেরে মানুষ হত্যা করা হয় বা তাঁরে ঝুলাইয়া ফেলে রাখবেন, যেগুলো আমরা দেখছি হাসিনার সময়, ওই নমুনায় বর্ডার আর কোনদিন ইনশাল্লাহ আসবে না।''

    ''আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায় তাহলে এই বাংলাদেশ সেই বাংলাদেশ না যে বসে দেখবে। ওই বাংলাদেশের পরিকল্পনা আছে, কি করতে হবে। ইনশাল্লাহ আশা করি ওই পথে যাবে না,'' বলেন হুমায়ুন কবির।

  3. শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে আটক তিন জনের রিমান্ডে

    শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথ - ফাইল ছবি

    ছবির উৎস, BBC/Collected

    ছবির ক্যাপশান, শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথ - ফাইল ছবি

    পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সহকারী চন্দ্রনাথ রথকে খুনের মামলায় গ্রেফতার হওয়া তিন জনকে সোমবার আদালতে তোলা হলে তাদের ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।

    ছয়ই মে সন্ধ্যায় কলকাতার শহরতলি অঞ্চল মধ্যমগ্রামের কাছে চন্দ্রনাথ রথের গাড়ি তাড়া করে গুলি চালায় আততায়ী।

    ১১ই মে সকালে পাওয়া খবর অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে দুইজনকে উত্তরপ্রদেশ থেকে ও একজনকে বিহারের বক্সার থেকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি।

    পুলিশ জানিয়েছে, টোল প্লাজা ও সিসিটিভি ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য থেকে শনাক্ত করা গিয়েছে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

    তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

    পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ওই তিন জনের জামিনের আবেদন খারিজ করেছে আদালত।

  4. তিন বিভাগে বুধবার থেকে ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

    বাংলাদেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং সেটি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এই তিন বিভাগে বুধবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি অথবা তারও বেশি বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    একইসঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে অধিদপ্তর।

  5. গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে পরীক্ষা করা যাবে না, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

    গর্ভবতী নারী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গর্ভাবস্থায় সন্তান ছেলে নাকি মেয়ে পরীক্ষা করে সেটি নির্ধারণ ও প্রকাশ করাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

    গর্ভাবস্থায় সন্তান ছেলে নাকি মেয়ে পরীক্ষা করে সেটি নির্ধারণ ও প্রকাশ করাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে।

    হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এ সংক্রান্ত সংক্ষিপ্ত রায় দিয়েছিল।

    পূর্ণাঙ্গ রায়ে আগামী ছয় মাসের মধ্যে সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এই সংক্রান্ত রিপোর্টের তথ্য সংরক্ষণের জন্য একটি ডেটাবেজ তৈরি করতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

    ২০২০ সালের ২৬শে জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গর্ভের শিশুর পরিচয় প্রকাশ বন্ধ চেয়ে রিট আবেদনটি করেছিলেন।

  6. ঈদের আগে তিনটি ধাপে গার্মেন্টস কর্মীদের ছুটি দেওয়া হবে: সড়ক পরিবহনমন্ত্রী

    সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা

    ছবির উৎস, Roads and Highways department

    ছবির ক্যাপশান, এ বছর ধাপে ধাপে গার্মেন্টস কারখানায় ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

    আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নিরাপদে, নির্বিঘ্ন করার জন্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

    দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভার শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

    এ বছর ধাপে ধাপে গার্মেন্টস কারখানায় ছুটি দেওয়া হবে উল্লেখ করে মি. আলম বলেন, “তিনটি ধাপে গার্মেন্টস কর্মীদের ছুটি দেওয়া হবে।”

    গত বছরের চেয়ে এবার এক কোটি যাত্রী বেশি এবং ঈদের সময় বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস রয়েছে উল্লেখ করে মি. ইসলাম জানান, এসব বিষয় বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।

    এছাড়া, এবার মহাসড়কে পরিস্থিতি নজরদারি ও নিয়ন্ত্রণে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

    একইসঙ্গে, অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন এবং অনিয়ম প্রতিরোধে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী এবং ফুলবাড়িয়াসহ দেশের সব বাস টার্মিনালে বিশেষ ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী।

  7. পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শাটডাউন কর্মসূচি পালন

    সোমবার সকাল থেকে সারাদিন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ব্যানারে এই আন্দোলন করছেন তারা।

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন

    শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সোমবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে।

    সোমবার সকাল থেকে সারাদিন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ব্যানারে এই আন্দোলন করছেন তারা।

    একইসঙ্গে, বিশ্বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছেন শিক্ষকরা।

    আন্দোলনরত শিক্ষকরা তাদের এবং কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির দাবিতে প্রশাসনিক ভবনের প্রায় প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

    সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শাখা খোলা ছিল।

    এ সময় উপাচার্য প্রশাসনিক ভবনে তার কক্ষেই উপস্থিত ছিলেন বলে জানান সাংবাদিকরা।

    উল্লেখ্য, গত শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পদোন্নতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শিক্ষকরা রোববার থেকে ক্লাস-পরীক্ষা, অফিস কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়ে আন্দোলন শুরু করেছেন।

    এর আগেও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ পদোন্নতির দাবিতে এই আন্দোলন করছিল বলে জানান স্থানীয় একজন সাংবাদিক।

    প্রশাসনিক ভবনের যেসব রুম খোলা ছিল সেখানকার প্রতিটি রুমে গিয়ে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, আন্দোলনকারীরা সকাল থেকেই প্রশাসনিক ভবনের যেসব রুম খোলা ছিল সেখানকার প্রতিটি রুমে গিয়ে তালা ঝুলিয়ে দেয়
  8. “আমাদের দাবিগুলো যুক্তিসঙ্গত, উদার এবং ইরানের বৈধ অধিকার”:পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাদের দাবিগুলোকে “যুক্তিসঙ্গত, দায়িত্বশীল এবং উদার” হিসেবে উল্লেখ করেছেন

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরানের দাবিগুলোকে “যুক্তিসঙ্গত, দায়িত্বশীল এবং উদার” হিসেবে উল্লেখ করেছেন।

    একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “একতরফা ও অযৌক্তিক” দৃষ্টিভঙ্গি বজায় রাখার অভিযোগ তুলেছেন তিনি।

    যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে তেহরানের দেওয়া জবাবকে ডোনাল্ড ট্রাম্প “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” এবং ইরানকে প্রতারণার দায়ে অভিযুক্ত করে মন্তব্য করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই মন্তব্য করেন।

    মি. বাঘাই ইরানের কিছু দাবি তুলে ধরে বলেন, যা কিছু চাওয়া হয়েছে তার সবই “ইরানের বৈধ অধিকার।”

    “এই অঞ্চলে যুদ্ধ বন্ধ করা কি ইরানের অতিরিক্ত কোনো দাবি? এই অঞ্চলে ইরানি জাহাজের বিরুদ্ধে পাইরেসি বা জলদস্যুতা বন্ধের দাবি কি অন্যায্য? যেটিকে নৌ-অবরোধ বলা হচ্ছে, বিদেশি ব্যাংকে জব্দ থাকা ইরানের জনগণের সম্পদ ফেরত চাওয়া কী অন্যায়? হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াতের প্রস্তাব কী মাত্রাতিরিক্ত? কিংবা লেবাননসহ পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ দাবি কি খুব বেশি চাওয়া?” বলেন মি. বাঘাই।

  9. অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন

    ছবির উৎস, PMO

    ছবির ক্যাপশান, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

    পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    একইসঙ্গে তিনি দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে সরকারের আপসহীন অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

    সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ- ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।

    পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, "দুর্নীতি ও সন্ত্রাস দমনে কাজ করতে গিয়ে অনেক সময় আপনাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক প্রভাবের মুখোমুখি হতে হয়। আমি আজ পরিষ্কারভাবে বলতে চাই, কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা করবেন না। যে অপরাধ করবে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। আইনের প্রয়োগ সবার জন্যই সমান। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র ও জনগণের কল্যাণে।"

    প্রধানমন্ত্রী বলেন, "একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। সরকার দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস করতে চায় না।"

  10. ঢাকাসহ দেশের ১৩টি নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত

    বৃষ্টিতে রিক্সায় চড়ে যাচ্ছেন এক যাত্রী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকাসহ দেশের ১৩টি নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

    ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে সোমবার বিকাল থেকে রাত একটা পর্যন্ত বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের নদীবন্দরের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি বেগে বৃষ্টি হতে পারে, সে কারণে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এদিকে, আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচদিন ঢাকা, সিলেট চট্টগ্রামসহ দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

    এই পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং এ সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এ সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    এর পরের পাঁচদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  11. গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ছয় শিশুর মৃত্যু

    হামে আক্রান্ত শিশু হাসপাতালে চিকিৎসাধীন

    ছবির উৎস, Mamunur Rashid/NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে কোনো শিশু মারা যায়নি

    গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশু মারা গেছে।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    হাম ও এর উপসর্গজনিত রোগে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত ৪১৫ শিশুর মৃত্যু হয়েছে।

  12. আমাকে নিয়ে যাদের সন্দেহ আছে, তাদের ভুল প্রমাণিত করবো, এমপিদের উদ্দেশে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, সব সরকারের মতো আমাদেরও ভুল আছে, তবে বড় রাজনৈতিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পেরেছি।

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, সব সরকারের মতো আমাদেরও ভুল আছে, তবে বড় রাজনৈতিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পেরেছি।

    বৃহস্পতিবারের নির্বাচনে ভরাডুবির পর নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে মরিয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের ভেতরে ও বাইরে ওঠা সমালোচনার মুখে তিনি অঙ্গীকার করেছেন যে, যারা তাঁর নেতৃত্ব নিয়ে ‘সন্দেহ’ পোষণ করছেন, তিনি তাঁদের ভুল প্রমাণ করবেন।

    প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে, তাঁর সরকার কিছু ভুল করেছে। তিনি বলেন, “অন্য সব সরকারের মতো আমরাও কিছু ভুল করেছি... কিন্তু রাজনীতির বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সঠিক পথেই ছিলাম।”

    নির্বাচনী ফলাফল প্রসঙ্গে স্টারমার জানান, লেবার পার্টির এই হার তাঁর জন্য বেশ বেদনাদায়ক। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “এটি আমাকে কষ্ট দিয়েছে। আমি মানুষের আবেগ বুঝতে পারছি এবং নিজেও তা অনুভব করছি।”

    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সরকারের সাফল্য এবং বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে বলেছেন, "অবশ্যই, অন্য সব সরকারের মতো আমরাও ভুল করেছি।"

    "তবে আমরা বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পেরেছি। আমি বলতে চাচ্ছি, আমরা যদি অন্য দলগুলোর পরামর্শ শুনতাম, তবে এই মুহূর্তে আমরা ইরানের সাথে একটি অচলাবস্থায় আটকে থাকতাম এবং এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়তাম যা আমাদের স্বার্থে নেই আর আমি কখনোই তা হতে দেব না।"

    নির্বাচনী বিপর্যয়ের পর লেবার পার্টির ভেতর থেকেই এখন নেতৃত্বের পরিবর্তনের দাবি উঠছে।

    অন্যদিকে, সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার সরাসরি স্টারমারকে জানিয়েছেন যে, বর্তমান কর্মপন্থা মোটেও “কাজে দিচ্ছে না”। দলের পরিস্থিতি সামাল দিতে তিনি অ্যান্ডি বার্নামকে পুনরায় পার্লামেন্টে ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছেন।

    দলের কোনো সংসদ সদস্য যদি তাঁর নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ বা চ্যালেঞ্জ ছুড়ে দেন, তবে কি তিনি লড়াই করবেন? এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, “আমি মাঠ ছেড়ে যাব না।”

    বৃহস্পতিবারের নির্বাচনে লেবার পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর থেকে প্রধানমন্ত্রী বারবার এই একই অবস্থানে অনড় থাকার কথা জানাচ্ছেন।

    উল্লেখ্য, গত সপ্তাহে লেবার এমপি ক্যাথরিন ওয়েস্ট তাঁর দলের মন্ত্রিসভাকে এক চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম বেঁধে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মন্ত্রিসভার কেউ যদি স্টারমারকে চ্যালেঞ্জ না করেন, তবে তিনি নিজেই প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন।

    নিজের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে স্টারমার আরও বলেন, ব্রিটেন একটি “যৌক্তিক, সহনশীল এবং মার্জিত দেশ” এবং “এই ব্রিটেনের জন্যই আমি লড়াই চালিয়ে যাব।”

  13. রোববারের কিছু উল্লেখযোগ্য ঘটনা

    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ''আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি, তারা পরাজিত হয়েছে।''
    • পাকিস্তানের মাধ্যমে “যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের” রোববার জবাব দিয়েছে বলে জানিয়েছে ইরান।
    • ইরানের তেল টার্মিনাল কোম্পানিগুলোর প্রধান নির্বাহী আব্বাস আসাদরোজ খাড়গ দ্বীপের উপকূলে তেলের আস্তরণ তৈরির খবরকে “বাস্তবতাবিবর্জিত মিথ্যা দাবি” বলে দাবি করেছেন।
    • ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল আনবিয়ার কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি।
    • গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের অভিযানে হেজবুল্লাহর ১০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে।
    • বাংলাদেশের রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা চারশো ছাড়িয়ে গেছে। এই বছর এই রোগের উপসর্গ নিয়ে ৪০৯টি শিশুর মৃত্যু হয়েছে।
    • দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে নয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
    • হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে