লাইভ, ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা দিল্লিতে বিএসএফ-বিজিবির বৈঠকে

দিল্লিতে বিজিবি-বিএসএফ আলোচনায় গুরুত্ব পেয়েছে 'পুশব্যাক' ইস্যু। বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬০০র বেশি শিশুর মৃত্যু ‘অবহেলাজনিত’ কারণে হয়েছে - এমন অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. হামে শিশু মৃত্যুতে অধ্যাপক ইউনূসহ পাঁচ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করেছে ঢাকার আদালত

    অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, Leon Neal/Getty Images

    ছবির ক্যাপশান, হামে শিশু মৃত্যুতে অধ্যাপক ইউনূসহ পাঁচ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করেছে ঢাকার একটি আদালত

    হাম ও এর উপসর্গে শিশুদের মৃত্যু ‘দায়িত্বে চরম অবহেলার’ কারণে হয়েছে, বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।

    কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এই মামলাটি দায়ের করেছিলেন।

    সোমবার ঢাকার একটি বিচারিক আদালত শুনানি শেষে এই মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    মি. সুমন বলেন, “পর্যাপ্ত উপাদান না থাকায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। টাইম অব অকারেন্স এবং প্লেস অব অকারেন্স এসব মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু মামলায় কোন স্থান না দেয়ায় বাদীপক্ষের শুনানি শেষে আদালত তা আমলে নেননি।”

    তিনি জানান, এই মামলার আবেদনে করা একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারে পড়ে। সেটি বিচার করার ক্ষমতা এই আদালতের নেই। ফলে আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

    মামলার আবেদনে অধ্যাপক ইউনূস এবং নূর জাহান বেগম ছাড়া সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মুহাম্মদ সায়েদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফরকে আসামি করা হয়েছে।

    বাংলাদেশে গেল মার্চ মাস থেকে হাম ও এর উপসর্গে ছয়শ’র বেশি শিশুর মৃত্যু হয়েছে।

  2. ফিলিপাইনে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৯ জনের মৃত্যু

    ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থাপনা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, দেশটির স্থানীয় সময় সকাল সাতটা ৩৭ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে

    ফিলিপাইনে একটি সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৯ জন মারা গেছেন।

    দেশটির স্থানীয় সময় সকাল সাতটা ৩৭ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে।

    ফিলিপাইনের দক্ষিণের প্রধান দ্বীপ মিন্দানাও এর জেনারেল সান্তোস সিটির উপকূলে এই ভূমিকম্পটি আঘাত হানে।

    পুলিশ জানিয়েছে, এই ভূমিকম্পে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন।

    দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, এখনো সাতজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

    ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপানসহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করেছিল। যদিও এগুলোর বেশিরভাগই এখন তুলে নেওয়া হয়েছে।

    ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

    ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, “সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।”

    একইসঙ্গে জনগণকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

  3. ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা দিল্লিতে বিএসএফ-বিজিবির বৈঠকে

    বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর টহল - ফাইল

    ছবির উৎস, BIJU BORO/AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর টহল - ফাইল

    ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে।

    ৫৭তম কনফারেন্সে বিএসএফকে নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর ডিজি প্রবীণ কুমার ও বিজিবিকে নেতৃত্ব দিচ্ছেন ডিজি মেজর জেনারেল আফরুজ্জামান সিদ্দিকি।

    আজ ৮ই জুন থেকে শুরু হয়ে ১১ই জুন পর্যন্ত এই কনফারেন্স চলবে।

    ভারতের তরফে জানানো হয়েছে, চারদিনের কনফারেন্সে অনুপ্রবেশ সংক্রান্ত আলোচনা, ভারতীয় নাগরিকদের ওপর আক্রমণ, আন্তঃসীমান্ত অপরাধ, সীমান্তে বেড়া দেওয়ার প্রক্রিয়া, বাংলাদেশের ভারত বিরোধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পদক্ষেপ সুনিশ্চিত করা, দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা করা হবে।

    সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন নাগরিত্ব সংশোধনী আইনের আওতায় পড়েন না এমন ইতিমধ্যেই ৪৮০০ জন কথিত অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    আরও ৮৩৬ জন হোল্ডিং সেন্টারে রয়েছেন যাদের সীমান্তের ওপারে ‘পুশ-ব্যাক’ করবে পশ্চিমবঙ্গ সরকার। ভারত যাদের অনুপ্রবেশকারী বলে মনে করছে, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হবে বলেও ধারণা করা হচ্ছে।

    অন্যদিকে ভারত থেকে 'পুশইনের' চেষ্টার অভিযোগ তুলে সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, বিএসএফের কয়েক দফা 'পুশইন' চেষ্টা তারা ঠেকিয়ে দিয়েছে।

    পহেলা জুন যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে একরকম ঠেলে পাঠানো ১০-১৩ জনকে সীমান্তের শূন্য রেখায় দেখা গিয়েছিল। যদিও পরে আবার তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

    মঙ্গলবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, "ভারতের কেন্দ্রীয় সরকার জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে কোনো তালিকা পাঠালে আইন অনুযায়ী রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া অনুসরণ করা হবে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো তালিকা সরকার পায়নি"।

    তিনি আরও বলেছেন, "বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোন ধরনের ইল্লিগ্যাল পুশ ইন বা পুশ ব্যাক এগুলোর বিপক্ষে"।

  4. রোববার সারাদিন যা যা ঘটেছে

    • বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
    • রায়ের পরে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, উচ্চ আদালতে এই মামলার নিষ্পত্তি যাতে দ্রুততম সময়ে করা যায় সেজন্য তিনি ও অ্যাটর্নি জেনারেল মিলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন।
    • পুশইনের বিষয়টি ডিপ্লোমেটিক চ্যানেলে আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • রোববার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬ সালের বাজেট অধিবেশন। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ই জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক টেকনোক্রেট মন্ত্রী শফিক আহমেদ এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।
    • নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আপিল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
    • রাজধানীর মগবাজারে বেসরকারি আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মারা যাওয়া ছয় নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত শিশু মারা গেছে।
    • সরকারের একশ দিনের কাজের মধ্যে সুশাসন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি জানিয়েছে, এ বছরের মার্চ ও এপ্রিল দুই মাসে হত্যার ঘটনা ঘটেছে ৬০৫টি, অপহরণ ১৯৬টি, ছিনতাইয়ের ৯০টি ঘটনা ঘটেছে।
    • বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
    • ঢাকায় মতিঝিলে এক ব্যক্তিকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে, অস্ত্রধারীরা পালিয়ে গিয়েছে।
    • গত ১৬ মাসের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে মে মাসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেব অনুযায়ী, মে মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক ৪২ শতাংশ।
    • ঈদুল আজহার সময় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ২৯৪ জন।

    আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।

  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে