রোববার সারাদিন যা যা হলো
- দিল্লির সত্য নিকেতন মার্কেট এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এতে তিন শিশু মারা গেছে, ধ্বংসস্তুপে অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা। ভবন ধসের কারণ সম্পর্কে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, ওই ভবনের বেসমেন্টে খনন কার্যক্রম চলছিল।
- ইউক্রেন সফরে আসা ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে এই প্রতিনিধিরা মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন।
- সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মা’র ভোগ-দখল করার অধিকার নিয়ে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,২০২৬' জাতীয় সংসদে পাস হয়েছে। তবে কোরআন-সুন্নাহ বিরোধী উল্লেখ করে এটির প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করেছেন বিরোধী দলীয় সদস্যরা।
- 'জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬' পাস হয়েছে জাতীয় সংসদ অধিবেশনে।
- হরমুজ প্রণালির দক্ষিণ রুট অতিক্রম করার সময় অন্তত তিনটি তেলের ট্যাংকার এবং একটি এলএনজিবাহী জাহাজ রেভল্যুশনারি গার্ড সতর্ক করার পর নিজেদের পথ পরিবর্তন করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন কারাবন্দি মারা গেছেন। তাদের প্রত্যেককেই কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।
- বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা প্রতিবছর ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এর মধ্যে পাঁচ হাজার প্রতিবার নগদ বহন করা যাবে।
- গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে আটটি ইসলামি দেশ।
- ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ হয়ে গেছে এবং খেলার নিয়ম বদলে গেছে।
- রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারির বিরোধিতা করে গত বছর আন্দোলনে অংশগ্রহণকারী জাতীয় রাজস্ব বোর্ডের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছেন রাষ্ট্রপতি।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।















