মঙ্গলবার সারাদিন যা যা হলো:
- পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভের সূত্র ধরে আজ মঙ্গলবারও ঢাকার মিরপুরে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জে। পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যায় যান চলাচল শুরু হয়েছে।
- শ্রমিক অসন্তোষের কারণে ভাংচুরের ভয়ে নারায়ণগঞ্জে কুড়িটির বেশি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। আর সাভারের আশুলিয়াতে ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম।
- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো কোনো মহল উসকানি দিচ্ছে যেন গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয়; এটা আমরা কঠোর হস্তে দমন করবো”।
- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চার নেতার স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান পুলিশ হতে দেয়নি। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেছেন, ““দুপুরের দিকে পুলিশ এসে বললো প্রোগ্রাম বন্ধ রাখান। অপ্রীতিকর কিছু হতে পারে। জাদুঘরে তো মূল্যবান সামগ্রী। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরাও মনে করলাম স্থগিত রাখাই ভালো”। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম বলছেন, নিরাপত্তার কারণে তারা অনুষ্ঠানটি বন্ধের পরামর্শ দিয়েছেন।
- পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। এটি সহ বেশ কয়েকটি পদে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রণালয়।
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ফ্লোরিডা থেকে পেনসিলভানিয়া পর্যন্ত সব জায়গাতেই পুরোদমে ভোট হচ্ছে। বর্তমানে হোয়াইট হাউস এবং কংগ্রেসের উভয় কক্ষ—প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেট—নিয়ন্ত্রণ করছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।এই পরিস্থিতির পরিবর্তন চায় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি।
- বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
- চব্বিশের জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন পলাতক আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।
- সৌদি আরবে ২০২৭ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে এশিয়ান কাপ, হুথিদের সাম্প্রতিক হামলার পর তা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।