সোমবার সারাদিন যা যা হলো
- বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ – বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে এ কথা জানান।
- রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ইউক্রেনের একটি ড্রোন আঘাত হেনেছে। এতে তিন শিশুসহ ছয়জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক গভর্নর।
- সম্পত্তি দান করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার বজায় রাখতে পারবেন, এমন বিধান রেখে সংশ্লিষ্ট আইনের সংশোধনী খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
- বাংলাদেশ নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, "তারা বলছে, আমরা নির্বাচিত হয়ে আসছি। কিন্তু নির্বাচিত হয়ে আসলেই যে আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন, এটা আপনাকে কে বলছে? আপনার সর্বোচ্চ সময়সীমা পাঁচ বছর। কিন্তু সর্বনিম্ন কত, সেটি আপনাকেই ঠিক করতে হবে।''
- বাংলাদেশের বিরোধী দলের নেতারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।
- দীর্ঘ ৩৫ বছর ধরে বিজেপির দুর্গ বলে যে আসন পরিচিত ছিল, সেই বাঁকিপুর আসনের উপনির্বাচনে জয়লাভ করলেন জন সুরাজ পার্টির প্রশান্ত কিশোর।
- দিন কয়েক আগেই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁস-সহ একাধিক অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তর যার আঁচ ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। এবার পড়ুয়াদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে ঝাড়খণ্ড। গত ২৯শে জুলাই থেকে এই ছাত্রছাত্রীরা ঝাড়খণ্ড প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছেন।
- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রাতে ইরানের ওপর "ব্যাপক" হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন। তারপর বলেছেন যে আজ সোমবার থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে আলোচনা শুরু হবে। কিন্তু ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান বর্তমানে হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে চলমান আলোচনাতেই মনোযোগ দিচ্ছে। গত আট দিন ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
- আসামের বন্যা পরিস্থিতিতে সামান্য উন্নতি হয়েছে। তবে সরকারি তথ্য অনুযায়ী এখনো পাঁচটা জেলার এখনো ব্যাপকভাবে প্রভাবিত। এই তালিকায় রয়েছে শিবসাগর, ধেমাজি, চরাইদেও, জোড়হাট এবং গোলাঘাট।
- বিজেপি নেতা এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং নারী কুস্তিগীরদের যৌন হেনস্তার মামলা থেকে তাকে মুক্তি দিয়েছে দিল্লির এক আদালত। ছয়জন নারী কুস্তিগীর ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন।
- প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 'ছাগলকাণ্ডে' আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
অন্যান্য খবর পড়তে বিবিসি বাংলার মূলপাতায় ক্লিক করুন।













