যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা করছে ইরান ও যুক্তরাষ্ট্র, পাকিস্তানের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত জানাবে তেহরান

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা "ব্যর্থ হতে বাধ্য" বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ইরানের একটি কূটনৈতিক সূত্র। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০২৬ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরএর ঘোষণা দিয়েছেন পেসার রুবেল হোসেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া আসরে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি।
    • চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে বিবিসিকে জানিয়েছেন একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা। এদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তানের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে।
    • ইরানের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনা নিয়ে ইরান সিদ্ধান্ত নেবে।
    • বিবিসির তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে, তবে এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।
    • ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে একটি “ভুল” বলে মন্তব্য করেছেন ব্রিটেনের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস। তিনি বলেন, এই যুদ্ধ বিশ্বকে আরও নিরাপদ করে তুলেছে—এমন দাবি তিনি “বিশ্বাস করেন না”।
    • যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ অব্যাহত রাখলে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছে ইরান।
    • চলতি সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পুনরায় আলোচনা শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে তিনি জানিয়ে যুদ্ধটি শেষ হওয়ার "খুব কাছাকাছি" রয়েছে।
    • ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা "ব্যর্থ হতে বাধ্য" বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না।
    • পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্কসহ তিনটি দেশে চার দিনের সফর শুরু করেছেন। এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চলছে।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে দেওয়া চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে চীন।
    • মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হওয়ার পর প্রথম ৪৮ ঘণ্টায় কোনো জাহাজই চলাচল করতে পারেনি।
    • ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে আলোচনা শেষ হতে না হতেই আবারও পাল্টা-পাল্টি হামলা শুরু করেছে আইডিএফ ও হেজবুল্লাহ।
    • মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনীর “আরও হাজারো” সদস্য পাঠানোর পরিকল্পনা করছে। একটি সমঝোতায় পৌঁছাতে ইরানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
    • বাংলাদেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের যে মজুত রয়েছে, তাতে আগামী দুই মাসেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
    • বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হতে পারেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বুধবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। বৃহস্পতিবার নতুন খবর নিয়ে পুনরায় লাইভ পাতা চালু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গে থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন ব্রিটিশ অর্থমন্ত্রী

    ব্রিটেনের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ব্রিটেনের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে একটি “ভুল” বলে মন্তব্য করেছেন ব্রিটেনের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস। তিনি বলেন, এই যুদ্ধ বিশ্বকে আরও নিরাপদ করে তুলেছে—এমন দাবি তিনি “বিশ্বাস করেন না”।

    ওয়াশিংটনে মার্কিন সংবাদ চ্যানেল সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রিভস এ মন্তব্য করেন।

    তিনি বলেন, “প্রশ্নটা এটা নয় যে আপনি ইরানি সরকারকে পছন্দ করেন কি না। আমি ইরানি সরকারকে প্রবলভাবে অপছন্দ করি। বরং প্রশ্ন হলো, আপনি যে পরিবর্তন চান, তা কীভাবে অর্জন করবেন।”

    রিভস বলেন, “সেই সময় একটি কূটনৈতিক পথ খোলা ছিল, কথাবার্তা চলছিল, আনুষ্ঠানিক আলোচনা হচ্ছিল।”

    তার ভাষায়, সেই আলোচনা বন্ধ করা এবং সংঘাতে জড়িয়ে পড়া ছিল একটি “ভুল”, “কারণ কয়েক সপ্তাহ আগের তুলনায় আজ আমরা বেশি নিরাপদ—এমনটা আমি মনে করি না।”

  3. লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২১৬৭: রাষ্ট্রীয় গণমাধ্যম

    একটি পুড়ে যাওয়া ও উল্টে থাকার গাড়ির পাশে কাজ করছেন উদ্ধারকর্মীরা, কয়েকজন পথচারী হেঁটে যাচ্ছেন

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, বুধবার ইসরায়েল লেবাননের কয়েকটি এলাকায় নতুন করে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং এতে সতর্ক করা হয়েছে যে, “আকাশপথে হামলা অব্যাহত রয়েছে”

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৬৭ জনে।

    এটি মঙ্গলবারের হিসাবের তুলনায় ৪৩ জন বেশি। একই সময়ে আহতের সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার ৬১ জন—যা আগে ছিল ছয় হাজার ৯২১ জন।

  4. পাকিস্তানের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনা নিয়ে সিদ্ধান্ত, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি ফার্সি

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সম্পৃক্ত তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, আজ পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনা নিয়ে ইরান সিদ্ধান্ত নেবে।

    সংস্থাটি একটি “অবহিত সূত্রের” বরাতে এ কথা বলেছে।

    তাসনিম বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি লেবাননের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায়, তাহলে তা পরবর্তী দফার আলোচনায় ইরানের সিদ্ধান্তের জন্য একটি “ইতিবাচক সংকেত” হবে।

    তবে সংস্থাটি যোগ করেছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই “আলোচনার জন্য একটি যুক্তিসঙ্গত কাঠামো মেনে চলতে হবে”, “অতিরিক্ত দাবি চাপিয়ে দিয়ে প্রক্রিয়ায় বাধা দেওয়া যাবে না” এবং যুদ্ধবিরতির আগে নেওয়া অঙ্গীকার ভঙ্গ করা চলবে না।

    তাসনিম আরও বলছে, যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো ওয়াশিংটনের পরবর্তী দফার আলোচনা শুরু করার আগ্রহের কথা জানালেও, ইরানি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কাছে “যৌক্তিক আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় কিছু নীতিমালা অনুসরণের” ওপর জোর দিয়েছে।

    বিবিসির পাওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।

  5. ইরানে নৌ অবরোধের ৪৮ ঘণ্টায় কোনো জাহাজ চলতে পারেনি, দাবি যুক্তরাষ্ট্রের

    মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হওয়ার পর প্রথম ৪৮ ঘণ্টায় কোনো জাহাজই চলাচল করতে পারেনি।

    সেন্টকম আরও জানিয়েছে, ওই গত দু'দিনে নয়টি জাহাজ যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মার্কিন বাহিনীর কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর সেটি মেনে তারা জাহাজ ঘুরিয়ে ইরানি বন্দর বা উপকূলীয় এলাকার দিকে ফিরে গেছে।

  6. টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

    টাইম ম্যাগাজিনে তারেক রহমান

    ছবির উৎস, TIME

    মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০২৬ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার প্রকাশিত ওই তালিকায় নাম রয়েছে পোপ লিও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মতো ব্যক্তিদের।

    আরও নাম রয়েছে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।

    আরও নাম রয়েছে নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের।

    তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগেও মি. রহমান লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন।

    কিন্তু ২০২৪ সালের আন্দোলনে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর মি. রহমান জাতীয় নেতায় পরিণত হন।

    টাইম ম্যাগাজিনের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম প্রকাশের খবর ফেসবুকে পোস্ট করে তার উপদেষ্টা মাহ্দী আমিন লিখেছেন, "আজকের বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, বাংলাদেশের বিজয়"।

  7. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে কথা হলেও তারিখ ঠিক হয়নি

    বিবিসির তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে, তবে এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।

    এটিও জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন, ইরান সমঝোতায় পৌঁছাতে আন্তরিক বলে তিনি নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল রাখা যেতে পারে।

  8. তেহরানে পৌঁছেছে পাকিস্তানি প্রতিনিধি দল

    পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, Government of Iran

    ছবির ক্যাপশান, পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তানের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে।

    পাকিস্তানের জাতিসংঘ মিশনের বিবৃতি অনুসারে, পাকিস্তানি প্রতিনিধি দলে রয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

    এর মধ্যে ফিল্ড মার্শাল মুনির যাকে ট্রাম্প পূর্বে তার 'প্রিয় ' ব্যক্তি বলে বর্ণনা করেছিলেন।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছে। সেটি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার পরিকল্পনা করা হবে।

    এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ 'আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করতে' সৌদি আরবে গেছেন।

  9. দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়

    তেলের পাম্প

    ছবির উৎস, Bloomberg via Getty Images

    বাংলাদেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের যে মজুত রয়েছে, তাতে আগামী দুই মাসেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

    বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সারা দেশে গত তেসরা মার্চ থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ৯১৬টি অভিযান চালিয়ে তিন হাজার ৫১০টি মামলা করা হয়েছে।

    জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান মি. চৌধুরী।

    মোবাইল কোর্টের মাধ্যমে সারা দেশে সব মিলিয়ে পাঁচ লাখ ৪২ হাজার ৩৬ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

    তারা জানায়, সবমিলিয়ে এখন জ্বালানি তেলের মজুত রয়েছে- ডিজেল এক লাখ ১৩ হাজার ৮৫ টন, অকটেন আছে ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১ টন এবং ফারনেস ওয়েল ৭৭ হাজার ৫৪৬ টন।

    আগামী ২০শে এপ্রিল নাগাদ জ্বালানি তেলের আরেকটি চালান দেশে ঢুকবে বলেও জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মি. চৌধুরী।

  10. শাপলা চত্বরের মামলায় আসামি হতে পারেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন

    সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এখন কারাগারে

    ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হতে পারেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বুধবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

    ২০১৩ সালে র‍্যাবে কর্মরত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শাপলা চত্বরের ঘটনায় ট্রাইব্যুনালে হওয়া মামলার প্রাথমিক তদন্তে মি. মামুনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    "ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৩ সালের পাঁচই মে'র ওই ঘটনায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা পেয়েছে। শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ীদের চিহ্নিত করতে তদন্ত চলছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি স্পষ্ট চিত্র পাওয়া যেতে পারে," সাংবাদিকদের বলেন আমিনুল ইসলাম।

    এর আগে, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়েছিলেন সাবেক আইজিপি মি. মামুন।

    ট্রাইব্যুনালে ওই মামলায় পাঁচ বছরের দণ্ড পেয়ে তিনি এখন কারাগারে আছেন।

    "কোনো একটি মামলায় রাজসাক্ষী হওয়া মানে এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি অন্য সব ঘটনায় দায়মুক্তি পাবেন। একটি নির্দিষ্ট ঘটনার জন্য দেওয়া দায়মুক্তি অন্য পৃথক ঘটনায় প্রযোজ্য নয়। প্রতিটি ঘটনার ক্ষেত্রে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আলাদাভাবে বিবেচিত হয়," বলেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মি. ইসলাম।

  11. সামাজিক মাধ্যম ব্যবহার করে 'ফাঁদে ফেলে' একাধিক নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

    নারী নির্যাতনের ছবি

    ছবির উৎস, Getty Images

    ফেসবুকসহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে 'ফাঁদে ফেলে' একাধিক নারীকে ধর্ষণের অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে থেকে গ্রেফতার হওয়া ওই ব্যক্তি নারীদেরকে ধর্ষণের পাশাপাশি পর্নো ভিডিও তৈরি এবং প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন বলে জানিয়েছে পুলিশ।

    বুধবার ঢাকার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের ওয়ারী বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী।

    "রাব্বির শুরুটা কীভাবে সেটা আমরা জানতে পারিনি। তবে এখন পর্যন্ত তার দ্বারা ভুক্তভোগী ১০ জনের খোঁজ পেয়েছি। এদের সবাই যে ধর্ষণের শিকার হয়েছেন এমন না। কেউ কেউ পর্নোগ্রাফি এবং প্রতারণারও শিকার," বলেন মি. সামী।

    মূলত সামাজিক মাধ্যম ব্যবহার করে তিনি নারীদের ফাঁদে ফেলতেন বলে জানিয়েছেন তিনি।

  12. বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

    সংবাদ সম্মেলন

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বগুড়া সার্কিট হাউসে বুধবার সংবাদ সম্মেলন করেন

    আগামী ২০শে এপ্রিল বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার বগুড়া সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে একথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

    প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন মি. রহমান।

    সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী আগামী ২০শে এপ্রিল সকাল সাড়ে ১০টা নাগাদ সড়ক পথে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

    সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছে জেলা জজ কোর্টে অনলাইনে বেলবন্ড (জামিননামা) প্রদান কার্যক্রম ও আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন শেষে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনের উদ্বোধন করবেন।

    এরপর দিনের শেষ কর্মসূচি হিসেবে বেলা ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

  13. বনানীতে ১১ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

    আগুন, প্রতীকী ছবি

    ছবির উৎস, PETER DAZELEY/GETTY IMAGE

    ঢাকার বনানী এলাকায় একটি ১১ তলা ভবনে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

    ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বনানী কাঁচাবাজারের পাশে ওই ভবনে আগুন লাগার খবর পান তারা।

    এর ১৫ মিনিটের মধ্যে বারিধারা ফায়ার স্টেশনের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়।

    সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পাওয়া খবরে আগুন নিয়ন্ত্রণে আসেনি।

    কীভাবে আগুন লাগলো এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে, তাৎক্ষণিকভাবে সেটাও জানানে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

  14. যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা চালাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র

    ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠক

    ছবির উৎস, EPA/Shutterstock

    চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে বিবিসিকে জানিয়েছেন একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা।

    আগামী ২২শে এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু দু'পক্ষ এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

    "একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে," বলেন মার্কিন ওই কর্মকর্তা।

    এদিকে, বার্তা সংস্থা এএফপি'র খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরটি নিশ্চিত করেননি তেহরান।

  15. শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের শুনানি ১৭ই জুন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের শুনানির হবে আগামী ১৭ই জুন।

    বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরী অভিযোগ গঠনের শুনানির জন্য ওই দিন ধার্য করেন।

    ‘জয় বাংলা ব্রিগেড’ নামের এক সংগঠনের জুম মিটিংয়ে অংশ নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালে মামলাটি করে পুলিশ।

    মামলায় অভিযুক্ত ২৮৬ জনের মধ্যে ২৫৯ জনই বর্তমানে পলাতক রয়েছেন।

    অন্যদিকে, গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ২৭ জন।

  16. সংসদে মুক্তিযোদ্ধার সংখ্যা জানালেন মন্ত্রী, 'ভাতা বাড়ানো বিবেচনায় নেই'

    সংসদ ভবন

    ছবির উৎস, AFP via Getty Images

    বাংলাদেশে বর্তমানে মোট এক লাখ ৯৮ হাজার ৩৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন বলে সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

    বুধবার সরকার দলীয় সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

    একইসঙ্গে, মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া বিভিন্ন ভাতা ও সুবিধার কথাও তুলে ধরেন মন্ত্রী।

    জানান, আপাতত তাদের ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় নেই।

    মন্ত্রী আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮৪২টি অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগের আবেদন জাতীয় মুক্তিযোদ্ধ কাউন্সিল বা জামুকায় পাঠানো হয়েছে।

    সেগুলো তদন্ত ও যাচাই-বাছাই করে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে বলেও জানান মি. খান।

  17. আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল

    পেসার রুবেল হোসেন

    ছবির উৎস, Rubel Hossain/FB

    আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরএর ঘোষণা দিয়েছেন পেসার রুবেল হোসেন।

    বুধবার ফেসবুকে নিজের ফেরিফাইড পেইজে তিনি এই ঘোষণা দেন।

    তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া আসরে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানান মি. হোসেন।

    তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

    অবসরের ঘোষণা দিয়ে রুবেল হোসেন লিখেছেন- "জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম"।

    "তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন, এটা আমার বিশ্বাস," যোগ করেন মি. হোসেন।

  18. ইরান যুদ্ধে যোগদানের চাপের কাছে নতি স্বীকার করবে না যুক্তরাজ্য

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার
    ছবির ক্যাপশান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে দেওয়া চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না।

    যুদ্ধে যুক্তরাজ্যকে টেনে নিতে ট্রাম্পের করা মন্তব্যের প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    এর আগে, মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেটির শর্তাবলী যেকোনো সময় "পরিবর্তন করা হতে পারে"।

    তার এমন মন্তব্যের পর বুধবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে স্টারমার বলেন, "এটা আমাদের যুদ্ধ নয়। ভিন্ন পথ অবলম্বনের জন্য আমার ওপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছে এবং গত রাতে যা ঘটেছে, সেটাও সেই একই ধরনের চাপের অন্তর্ভুক্ত"।

    “আমি আমার সিদ্ধান্ত বদলাব না। আমি নতি স্বীকার করব না। এই যুদ্ধে যোগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের অনুকূল নয় এবং আমরা তা করব না। আমি আমার অবস্থান সম্পর্কে অবগত আছি,” বলেন স্টারমার।

  19. ইরানকে অস্ত্র না পাঠাতে সম্মত হয়েছে চীন- দাবি ট্রাম্পের

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA/Shutterstock

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে চীন।

    এর আগে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে তেহরানকে অস্ত্র না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, চীন তেহরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি "সম্পূর্ণ বানোয়াট"।

    এরপর বুধবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেছেন: "আমি হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়ায় চীন খুব খুশি। আমি এটা করেছি তাদের জন্য এবং সারা বিশ্বের জন্যেও।"

    "এই পরিস্থিতি আর তৈরি হবে না। তারা (চীন) ইরানে অস্ত্র না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে," লিখেছেন ট্রাম্প।

    তিনি আরও লিখেছেন, "আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসাথে কাজ করছি! এটা কি মারামারির চেয়ে ভালো নয়??? কিন্তু মনে রাখবেন, আমরা লড়াই করতেও খুব পারদর্শী, যদি দরকার পড়ে, (এক্ষেত্রে) অন্য সবার চেয়ে অনেক ভালো!!!"

  20. যুক্তরাষ্ট্রের সঙ্গে 'বার্তা আদান-প্রদান' অব্যাহত রেখেছে ইরান

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামাবাদে প্রথম দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনো 'বার্তা আদান-প্রদান' অব্যাহত রয়েছে।

    এক্ষেত্রে নিয়মিত বার্তায় ইরানের বর্তমান অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করে মি. বাঘাই জোর দিয়ে বলেছেন, ইরান 'শান্তিপূর্ণ' উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে।

    ইসলামাবাদে অনুষ্ঠিত আগের বৈঠকের ধারাবাহিকতায় বুধবার পাকিস্তানের একটি প্রতিনিধি দল ইরানে আসতে পারে বলেও জানিয়েছে তেহরান।

    তাদের সঙ্গে বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান অবস্থান নিয়ে 'বিস্তারিত আলোচনা' হবে বলে জানান ইসমাইল বাঘাই।

    এক্ষেত্রে ইরানকে তার প্রয়োজনে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে দিতে হবে বলে জানান তিনি। তবে পরমাণু সমৃদ্ধকরণের 'ধরন ও মাত্রা' নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।