সোমবার সারাদিন যা যা হলো
- যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণে ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সেন্ট পিটার্সবার্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। প্রেসিডেন্ট পুতিন বলেন, ইরান এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া।
- রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির যেভাবে পরিবর্তন ঘটছে, তাতে ইরান ইস্যুর গুরুত্ব উপেক্ষা করা কঠিন।
- আগামী ৩০শে এপ্রিলের পরে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হলে সারাদেশে মাদক, জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসাবে বিজেপি নেতা ও সাবেক মন্ত্রী দিনেশ ত্রিবেদিকে নিয়োগ দিয়েছে ভারত।
- দক্ষিণ লেবাননে রোববার অভিযানের সময় হেজবুল্লাহর তিন সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া সোমবার পূর্ব লেবাননে তাদের সামরিক হামলার পরিধি বাড়িয়েছে আইডিএফ।
- ইরান যুদ্ধের প্রসঙ্গে জরুরি একটি বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
- রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনে বিভিন্ন দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
- জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেফতার সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।
- ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে করা পৃথক তিন মামলায় গত পাঁচ বছর ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শুনানি চলছে। সোমবার শুনানি শুরু হওয়ার প্রায় ৯০ মিনিট আগে তার আইনজীবীর অনুরোধে শুনানি “হঠাৎ বাতিল” করা হয়েছে।
- লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে ইসরায়েলি হামলায় দুইজন শিশু ও দুইজন নারীসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।






















