মঙ্গলবার সারা দিন যা যা ঘটেছে:
- নেতাকর্মীদের গ্রেফতার করা কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এরপর ওই এলাকার বিএনপি দলীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও আগুন দেয় তারা।
- ঢাকায় অন্তত তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হামলায় রাজু মোল্লা নামের কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
- গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার অতিরিক্ত বলপ্রয়োগ করতে চায় না, তাই ধৈর্য ধারণ করে আছে। তবে যারা নৈরাজ্য সৃষ্ট করছে, তাদের ভবিষ্যতে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
- বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
- সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। গত ১৫ই নভেম্বর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মঙ্গলবার সংসদে জানিয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে এসআরবি। পরে জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
- সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
- ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানাকে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস করে রায় দিয়েছে আদালত।
- বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
- গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ের মধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েও পাঁচজনের মৃত্যু হয়েছে।
- ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চার দেশের জোট ‘কোয়াডে’র নেতাদের সঙ্গে বৈঠক করতে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে সাংবাদিকদের জানান, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চাইবেন।
- গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।