লাইভ, নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ ও মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে

নেপালে আকস্মিক বন্যায় নিহত ও নিখোঁজের সংখ্যা রাতারাতি অনেক বেড়ে গেছে। এ পর্যন্ত ওই ঘটনায় ৯০০ জনের বেশি মানুষের মৃত্যুর তথ্য জানিয়েছে নেপালি কর্তৃপক্ষ, অন্যদিকে নিখোঁজের সংখ্যা গতকালের আড়াই হাজার থেকে প্রায় সাড়ে চার হাজারে পৌঁছৈছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন মুকিমুল আহসান, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. রংপুরের চারখুন মামলার দুই আসামির ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, পুলিশ কী বলছে?

    আটক আসামিদের নিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ

    ছবির উৎস, SHARIER MIM

    ছবির ক্যাপশান, স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যা মামলায় আটককৃত দুইজনের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি

    রংপুরের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যা মামলায় আটককৃত দুইজন আসামির ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি।

    ওই হত্যা মামলায় আটক দুইজন আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্টের জন্য নমুনা রোববার রংপুরের জেলগেট থেকে সংগ্রহ করা হয়।

    সোমবার ডোপ টেস্টে তাদের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছে পুলিশ।

    রংপুর মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিবিসি বাংলাকে বলেন, “রিপোর্টে ওই দুইজনের শরীরে মাদকের কোনো অস্তিত্ব নেই বলে উল্লেখ করা হয়েছে”।

    তিনি বলেন, “এটা আট নয়দিন আগের ঘটনা। এত দিন পর এসে মূত্রের পরীক্ষা করা হলে মাদকের অস্তিত্ব পাওয়া যাবে না এটাই স্বাভাবিক। আগে করালে হয়তো রেজাল্ট ভিন্ন হতো”।

    মি. চক্রবর্তী বলেন, এই ধরনের মাদকের ক্ষেত্রে শুধুমাত্র ইউরিন টেস্টে করে সঠিক ফলাফল পাওয়া যাবে না। এজন্য রক্তসহ অন্যান্য পরীক্ষা করতে হয়। এখন যদি বিজ্ঞ আদালত দেশে বা দেশের বাইরে টেস্ট করাতে বলে প্রয়োজনে আলোচনা করে সেটা করা হবে”।

    এর আগে ওই দুই আসামীকে আটকের পর পুলিশের পক্ষ থেকে আগে বলা হয়েছিল, চারজনকে হত্যার আগে দুইজন আসামি মাদক সেবন করেছিলেন।

    ২২শে অগাস্ট রাতে রংপুরের দাসপাড়া মাছুয়াপাড়া এলাকা থেকে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

  2. স্থানীয় সরকার নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি

    বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন
    ছবির ক্যাপশান, স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

    শিগগিরই ধাপে ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

    নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সোমবার নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

    চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। শুধুমাত্র এই ভোটাররাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

    ইসি সচিব জানান, ৩১শে জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

    চূড়ান্ত তালিকায় মোট ভোটারের মধ্যে পুরুষ ছয় কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ছয় কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৬৭ জন।

    গত ১৪ই মে প্রকাশিত ভোটার তালিকায় দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এরপর স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ দেওয়া হয়।

  3. নেপালের আকস্মিক বন্যায় নিখোঁজ ও মৃতের সংখ্যা আরো বেড়েছে

    আকস্মিক বন্যায় নিহত ২১ বছর বয়সী আয়ুশ খাড়কা'র মা সন্তানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নেপালের আকস্মিক বন্যায় নিখোঁজ ও মৃতের সংখ্যা বেড়েই চলছে

    নেপালের আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে, সেই সাথে ক্রমশই বাড়ছে নিখোঁজের সংখ্যাও।

    এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা নয়শো ছাড়িয়েছে। অন্যদিকে বাড়ছে নিখোঁজ মানুষের সংখ্যাও।

    এর আগে রোববার নিখোঁজের সংখ্যা ২৫০২ জন বলা হলেও এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৪৭ জনে।

    নিখোঁজদের মধ্যে ৩৬৫৫ জন নেপালি নাগরিক, বাকি ৫৯২ জন বিদেশি নাগরিক। নিখোঁজ যারা রয়েছেন তাদেরকে উদ্ধারে সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

    এদিকে, সেখানকার জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধারে তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে তিব্বতে এখন পর্যন্ত সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ১৬ জন। আর নিখোঁজ রয়েছে ৫৪৬ জন।

    নেপালের বন্যা দুর্গতদের জন্য এরই মধ্যে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সাহায্য আসতে শুরু করেছে।

  4. গতকালের কিছু খবর:

    • আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে স্বজনের খোঁজে মরিয়া মানুষ ফোনের টর্চলাইট জ্বালিয়ে জীবিতদের তালিকা দেখছেন। দেশটিতে বন্যার পঞ্চম দিনে নিহতের সংখ্যা বেড়ে প্রায় আটশোতে পৌঁছেছে।
    • নেপালি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, এলাকায় বন্যার ঝুঁকি সম্পর্কে একের পর এক ফোন কল পাওয়ার পর তিনি প্রায় ৯০০ শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
    • গুম প্রতিরোধ ও প্রতিকারে সরকার নতুন যে বিলের অনুমোদন দিয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন গুমের শিকার ব্যক্তি ও আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটি। তবে রোববার ওই আইনটি পরীক্ষা শেষে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
    • উত্তর সাইপ্রাসের কাছে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বঘোষিত টার্কিস রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবশেষ এক আপডেটে তিনি জানিয়েছেন, নিখোঁজ ২৩ জনকে উদ্ধারে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
    • ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে যারা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন এবং যাদের সন্তান ও নাতি-পুতিরা চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নেবে জাতীয় সংসদে এমন প্রশ্ন করেছেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।
    • শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনালের নয়শো দুই কোটি টাকা ব্যয় বৃদ্ধির উদ্যোগ নিয়ে সরকার ঠিকাদারকে আরেকবার দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছে কীনা জাতীয় সংসদে এমন প্রশ্ন তোলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
    • জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুল শিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. মোশাররফ হোসেন পনিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২।
    • বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
    • ত্রিশূলি-তিন এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা সুড়ঙ্গের উপরের অংশে একটি ছোট ছিদ্র করে ভেতরে পাম্প করে বাতাস ভরছেন।
    • নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার দুই দিন পর শুক্রবার উদ্ধার হওয়া এক শিশুকন্যা হাসপাতালে তার বাবা-মায়ের সঙ্গে পুনর্মিলিত হয়েছে।
    • চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকদিন আগে তিব্বতের একটি হ্রদে আরেকটি ভূমিধসের কারণে নতুন একটি বাঁধ তৈরি হয়েছে, যা আরেকটি বন্যার ঝুঁকি তৈরি করেছে। এ ধরনের আরেকটি বন্যা ছোট আকারে হলেও তা এই বিপর্যয়ে গুরুতর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন।
  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    লাইভ পাতায় রিপোটিং করছেন মুকিমুল আহসান, সম্পাদনায় সায়েদুল ইসলাম।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে