গ্রাহকদের জন্য এলপি গ্যাসের দাম আবারো বাড়ল

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম আবারো বাড়ানো হয়েছে। অন্যদিকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে সোমবারও, মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

সরাসরি কভারেজ

রিপোর্ট করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় কাদির কল্লোল

  1. সোমবার যা যা হলো:

    • ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, নারায়ণগঞ্জে লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে। বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুর অঞ্চলে দেড়শর মতো গার্মেন্ট কারখানা আজ ছুটি দেওয়া হয়েছে।
    • শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। একইসঙ্গে, আন্দোলনের ঘটনায় সকাল থেকে মিরপুর এলাকা থেকে ২৯ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। এছাড়া গাজীপুরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    • ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দাম বৃদ্ধির কথা জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম আজ রাত থেকেই কার্যকর হচ্ছে।
    • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক”। রাশিয়া বারবারই উল্লেখ করে আসছে যে,, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
    • বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ৬৯ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে জনতা ব্যাংক থেকে ১ হাজার ১২১ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে এসব মামলা হয়েছে বলে প্রেস ব্রিফিং করে জানিয়েছেন কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।
    • গার্মেন্টস শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পোশাক কারখানার শ্রমিকদের ঘরে ও কর্মস্থলে বা কারখানায় ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, “শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা। সেটা হয়েছে। এখন যারা আন্দোলন করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে”।
    • চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে, তাদের সম্পূরক পরীক্ষা দোসরা ডিসেম্বর থেকে শুরু হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে। যোগাযোগ করা হলে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের অফিস থেকে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. গঙ্গার পানি নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
    ছবির ক্যাপশান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী বাংলাদেশ।

    বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি এবং আশাবাদী, চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তিটি নবায়ন হবে। ভারতও এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশাবাদী।’

    সরকারি বার্তা সংস্থা বাসস এ খবর দিয়েছে।

    প্রতিমন্ত্রী জানান, পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছেন। আগামী ডিসেম্বরে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

    তিনি বলেন, পানিসম্পদমন্ত্রী ও সরকারের অর্থ উপদেষ্টা এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিও কমিটিতে রয়েছেন।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে ইতোমধ্যে আলোচনা চলছে। অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনাও অনুষ্ঠিত হবে।

    “ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। চুক্তি নিয়ে বিভিন্ন পর্যায়ে তাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে। এ আলোচনায় ইতিবাচক ফল আসবে এবং গঙ্গার পানি বণ্টনে দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে সাহায্য করবে,” বলেছেন তিনি।

    বিদ্যমান চুক্তিটি সরাসরি নবায়ন করা হবে, নাকি সংশোধিত শর্ত যুক্ত করে নতুন চুক্তি করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গঠিত কমিটির পর্যালোচনার মাধ্যমে সরকার তার আলোচনার অবস্থান নির্ধারণ করবে।

    তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ তার ন্যায্য দাবি আদায়ে সচেষ্ট থাকবে এবং দেশের বর্তমান ও ভবিষ্যৎ পানির চাহিদাকে অগ্রাধিকার দেবে।

    তিনি বলেন, ‘আমাদের ন্যায্য দাবি এবং বাংলাদেশ ও এ দেশের মানুষের প্রয়োজনকে ভিত্তি করেই আলোচনা এগিয়ে নেওয়া হবে।’

    তিনি আরও বলেন, ‘আমাদের ভবিষ্যৎ স্বার্থের জন্য সবচেয়ে ভালো হয় এবং পানিসংকট সমাধানে সহায়ক হয়—এমনভাবেই আমরা সিদ্ধান্ত নেব।’

    উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে।

  3. ২০২৭ সালে মোট ছুটি কত দিন, ঠিক করলো মন্ত্রিসভা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে
    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে

    মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়েছে এবং এই তালিকা অনুযায়ী মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে।

    তবে এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় মূলত ২২ দিন ছুটি মিলবে।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

    তিনি জানান, মোট ছুটির মধ্যে সাধারণ ছুটি থাকবে ১৫ দিন, আর নির্বাহী আদেশের ছুটি থাকবে ১৪ দিন।

    মূলত দেশের বিভিন্ন জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষ্যে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে।

  4. গ্রাহকদের জন্য এলপি গ্যাসের দাম আবারো বাড়ল

    ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানোর পর এখন সেটা হয়েছে ২০৬০ টাকা
    ছবির ক্যাপশান, ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানোর পর এখন সেটা হয়েছে ২০৬০ টাকা

    ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    সোমবার সন্ধ্যায় দাম বৃদ্ধির কথা জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম আজ রাত থেকেই কার্যকর হচ্ছে।

    এর আগে বৃহস্পতিবার এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করেছে বিইআরসি। এতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা তাদের কমিশন বাড়ানোর দাবি জানিয়েছিলেন।

    শুনানি শেষে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ শুনানিতে আসা সবার মতামত বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন।

    এর আগে গত চৌঠা অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছিল সরকার।

    বাংলাদেশে এলপিজি আমদানি ৯৮ শতাংশের বেশি বেসরকারি কোম্পানি।

    বিইআরসির তথ্য অনুযায়ী, দেশে ৩২/৩৩টি কোম্পানির লাইসেন্স রয়েছে, তবে গ্যাস আমদানি করছে ১০-১২টি কোম্পানি।

    প্রসঙ্গত, বাংলাদেশে কয়েক মাস ধরেই এলপিজি বাজারে একটা সংকট এবং অতিরিক্ত দাম বৃদ্ধি নিয়ে যে অস্থিরতা দেখা গেছে সেটি সরকারিভাবে গ্যাসের দাম বাড়ানোর পরেও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

    এমনকি এক মাসেই এলপিজির দাম বাড়ালেও বাজারে তার চেয়েও অনেক বেশি দরে বিক্রি হচ্ছিল ভোক্তাদের কাছে।

    এমন পরিস্থিতিতে আবারো এলপি গ্যাসের দাম বাড়ালো কর্তৃপক্ষ।

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। যার ফলে বাংলাদেশসহ বিশ্ববাজারে প্রতিনিয়তই বাড়ছে জ্বালানি তেল এবং গ্যাসের দাম।

  5. ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের ইঙ্গিত উদ্বেগজনক: রাশিয়া

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, “ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক”।

    “গত কয়েক মাসের তিক্ত অভিজ্ঞতা দেখিয়েছে, ইরানে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চালানো সামরিক অভিযান দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরানি জনগণের সংকল্প ভাঙতে পারেনি। যারা আজ নতুন করে হামলার হুমকি দিচ্ছে, তাদের এ বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত,” বলেছেন মুখপাত্র মারিয়া জাখারোভা ।

    রাশিয়া বারবারই উল্লেখ করে আসছে যে,, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

    সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীরা যখন কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন, তখনো ইরানে হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি অব্যাহত রয়েছে।

    আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকেও এখন সবার নজর।

  6. সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    সালমান এফ রহমান, ফাইল ছবি
    ছবির ক্যাপশান, সালমান এফ রহমান, ফাইল ছবি

    বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ৬৯ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে জনতা ব্যাংক থেকে ১ হাজার ১২১ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে এসব মামলা হয়েছে বলে প্রেস ব্রিফিং করে জানিয়েছেন কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।

    সরকারি বার্তা সংস্থা বাসস এই খবর দিয়েছে।

    দুদকের অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ঋণ ও ইডিএফ সুবিধা মঞ্জুরের পর ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে নিজেদের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির নামে অ্যাকোমডেশন বিল তৈরি করে এই অর্থ আত্মসাৎ করা হয়।

    পরে এসব অর্থ বিভিন্ন প্রক্রিয়ায় হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

  7. শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘এটা আন্দোলন নয়’

    গার্মেন্টস শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
    ছবির ক্যাপশান, গার্মেন্টস শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    গার্মেন্টস শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পোশাক কারখানার শ্রমিকদের ঘরে ও কর্মস্থলে বা কারখানায় ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন।

    “এটা আন্দোলন নয়। শ্রমিক স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না। শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা। সেটা হয়েছে। এখন যারা আন্দোলন করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। তারা ফ্যাসিবাদি গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে। সেগুলো চিহ্নিত হয়েছে,” বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ইচ্ছাকৃতভাবে সড়ক মহাসড়কে অস্থিরতা সৃষ্টি করছে, তারা অবশ্যই শ্রমিকের বন্ধু হতে পারে না এবং তাদের ভিন্ন স্বার্থ থাকতে পারে।

    “আপনাদের মজুরির বিষয়টি মজুরি বোর্ড দেখছে। ওইখানে আপনাদের প্রতিনিধি আছে। মালিকদের প্রতিনিধি আছে। সবাই মিলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। অর্থনীতি সচল থাকবে। কারখানা চালু থাকবে,” বলছিলেন তিনি।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিক নেতৃবৃন্দ এই ধর্মঘট আহবান করেনি। তবে তাদের দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা এবং সরকারের দিক থেকে সেই মজুরি বোর্ড গঠন হয়েছে। বোর্ডের কার্যক্রমও শুরু হয়েছে।

    বৈঠকে শ্রমিক নেতাদের মধ্যে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন বাবুল আখতার।

    প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সব শ্রমিকেরা কাজ করতে চায়। কিন্তু বহিরাগতরা এসে ঢিল মেরে ছুটি দিতে বাধ্য করে ও শ্রমিকরা রাস্তায় নেমে যায়। “এতে কিছু বেতন না পাওয়া শ্রমিক আছে। আবার এতে উচ্ছেদ হওয়া হকার আছে, রাজনৈতিক লোকজনও আছে। কিছু শ্রমিক বাদ দিলে যাদের গ্রেফতার করা হয়েছে তারা আন্দোলনে ছিল না,” বলছিলেন তিনি।

    তিনি জানান, শ্রমিক সংগঠনগুলো বসে শ্রমিকদের জন্য একটি প্রস্তাবনা চূড়ান্ত করে মজুরি বোর্ডের প্রথম সভাতেই উপস্থাপন করবেন।

  8. এইচএসসির ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরে

    শনিবার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল
    ছবির ক্যাপশান, শনিবার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল

    চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে, তাদের সম্পূরক পরীক্ষা ২রা ডিসেম্বর থেকে শুরু হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে।

    যোগাযোগ করা হলে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের অফিস থেকে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমকে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেছেন যে, ডিসেম্বরের মধ্যে এ বিষয়ক পুরো প্রক্রিয়া শেষ করতে চাইছে বোর্ডগুলো।

    ফলে ৩১শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ সম্পন্ন করা হবে।

    এর আগে শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক মাসের মধ্যেই এই বিশেষ সম্পূরক পরীক্ষার ঘোষণা দিয়েছিলেন।

    বাংলাদেশে চলতি বছরের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেখা গেছে, পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী এবং প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার অকৃতকার্য হয়েছে।

    দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন পরীক্ষায়। তাদের মধ্যে পাস করেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী, আর ফেল করেছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী।

    এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২২ বছরের মধ্যে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার সবচেয়ে কম।

  9. চার ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু

    বেলা চারটার দিকে লিংক রোডে যান চলাচল আবার শুরু হয়েছে
    ছবির ক্যাপশান, বেলা চারটার দিকে লিংক রোডে যান চলাচল আবার শুরু হয়েছে

    শ্রমিকদের প্রায় চার ঘণ্টা অবরোধের পর নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু হয়েছে।

    বেলা চারটার দিকে আলোচনার পর পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

    এর আগে দুপুর ১২টা থেকে লিংক রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে দুর্ভোগ তৈরি হয়েছিল।

    পুলিশের সাথে আলোচনার পর শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এসময় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা যানবাহন চলাচলে কাজ শুরু করে।

    পরে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলেছেন।

  10. শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে তিন মামলায় আসামি প্রায় চার হাজার

    বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা
    ছবির ক্যাপশান, বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা

    পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    শিল্পাঞ্চল পুলিশের এসপি মো. আমজাদ হোসেন জানিয়েছেন, এসব ঘটনায় অন্তত ৩০জনকে আটক করা হয়েছে।

    পুলিশের তথ্য অনুযায়ী, দায়ের করা মামলাগুলোর মধ্যে গাজীপুর নগর পুলিশ একটি আর শিল্প পুলিশ দুটি মামলা দায়ের করেছে।

    প্রায় চার হাজার ব্যক্তিকে এসব মামলায় আসামি করা হয়েছে।

    ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সকাল থেকেই বিক্ষোভ শুরু করেছিলেন পোশাক শ্রমিকরা।

    পাশাপাশি বিক্ষোভ হয়েছে আশুলিয়া ও ঢাকার মিরপুরেও।

    এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেসব শিল্প মালিকদের নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে কাজ করছে বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে।

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন তার ফেসবুক পাতায় দাবি করেছেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির তথ্য-প্রমাণ ইতোমধ্যে পাওয়া গেছে।

  11. শ্রমিক বিক্ষোভে এখনো বন্ধ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এখনো বন্ধ আছে
    ছবির ক্যাপশান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এখনো বন্ধ আছে

    মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রেখেছেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে।

    ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে কয়েকদিন ধরে এই শ্রমিক বিক্ষোভ চলছে। আজও গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন শিল্প এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা।

    দুপুরে পোশাক কারখানাগুলো থেকেও শ্রমিকরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেয়। প্রথমে কাঠেরপুল এলাকায় জড়ো হয় তারা।

    পরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নেয় তারা।

    আদমজি শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিকরা সড়কে অবস্থান নিলেও ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

  12. গাজীপুর অঞ্চলে দেড়শর মতো কারখানায় ছুটি

    গাজীপুরসহ বিভিন্ন অঞ্চলে আজও শ্রমিক বিক্ষোভ হয়েছে। সংঘর্ষের পর আশুলিয়ার একটি এলাকার দৃশ্য এটি
    ছবির ক্যাপশান, গাজীপুরসহ বিভিন্ন অঞ্চলে আজও শ্রমিক বিক্ষোভ হয়েছে। সংঘর্ষের পর আশুলিয়ার একটি এলাকার দৃশ্য এটি

    পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুর অঞ্চলে দেড়শর মতো গার্মেন্ট কারখানা আজ ছুটি দেওয়া হয়েছে।

    গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, এসব কারখানা আজ ছুটি দেওয়া হলেও কাল যথাসময়ে খুলবে বলে আশা করছেন তারা।

    “এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ঢাকা- ময়মনসিংহ সড়কে যান চলাচলও এই মুহুর্তে স্বাভাবিক আছে,” বেলা তিনটার দিকে বলছিলেন তিনি।

    এর আগে সকাল থেকেই বিক্ষোভের পর দুপুরের আগে গাজীপুর মহানগর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন জায়গায় শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন।

    মি. হোসেন বলছেন, শিল্প পুলিশ ও জেলা-মহানগর পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরাও কাজ করছেন।

  13. ফ্লোরিডার রাস্তায় জেট বিমান বিধ্বস্ত হয়ে নয়জন নিহত

    শেরিফের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনাটি মিলিটারি ট্রেইলে ঘটেছে, যা একটি ছয়-লেনের সড়ক এবং এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ রয়েছে
    ছবির ক্যাপশান, শেরিফের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনাটি মিলিটারি ট্রেইলে ঘটেছে, যা একটি ছয়-লেনের সড়ক এবং এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ রয়েছে

    ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি বাণিজ্যিক জেট বিমান বিধ্বস্ত হয়ে এর আরোহী নয়জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি।

    পাম বিচ কাউন্টির ধনী এলাকায় অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্ট মার-এ-লাগো থেকে প্রায় নয় মাইল (১৪ কিমি) দূরে ক্রেস্টহেভেনের কাছে, রোববার আনুমানিক দুপুর ১২:৫০ ইএসটি (১৭:৫০ জিএমটি)-তে দুর্ঘটনাটি ঘটে।

    ছবিতে দেখা যাচ্ছে, একটি বহু-লেনের রাস্তার মাঝখানে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে এবং তার ওপর লিয়ারজেট ৬০ বিমানটির আগুন ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে, কিন্তু ভূমিতে থাকা কেউ আহত হননি।

    ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করে বাহামাসের দিকে যাচ্ছিল।

    ফ্লাইট বিশ্লেষণ থেকে জানা যায় যে, বিধ্বস্ত হওয়ার আগে জেট বিমানটি প্রতি সেকেন্ডে শত শত ফুট বেগে নিচে নামছিল।

    প্রাথমিক বিপদ সংকেত ঘোষণার প্রায় ৩৫ সেকেন্ড পর ককপিট থেকে শেষ মন্তব্যটি ছিল, "আমাদের হাতে আর সময় নেই"।

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি যাচাইবিহীন ফুটেজে দুর্ঘটনার মুহূর্তের একটি ড্যাশ-ক্যামেরার রেকর্ডিং দেখা যাচ্ছে। এতে দেখা যায়, একটি আবাসিক শহরতলির রাস্তায় যানবাহন চলার সময় হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে এবং একটি বিশাল অগ্নিগোলকে পরিণত হয়ে বিস্ফোরিত হয়।

    পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনাটি মিলিটারি ট্রেইলে ঘটেছে, যা একটি ছয়-লেনের সড়ক এবং এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ রয়েছে।

    এক সংবাদ সম্মেলনে ডিসান্টিস ও স্থানীয় কর্মকর্তারা জানান, নিকটবর্তী একটি ট্রেলার-পার্ক এলাকা থেকে ৬০০ স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।

    তারা বলেন, দুর্ঘটনার প্রভাবে পানির লাইনসহ স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং রাস্তাটি পুনরায় খুলতে অন্তত ৩০ দিন সময় লাগবে।

    দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রঝড়ের খবর পাওয়া গিয়েছিল এবং সংবাদ সম্মেলন চলাকালীনও প্রবল বৃষ্টি হচ্ছিল।

    ট্রাম্প রবিবার সকালে মার-এ-লাগোতে ছিলেন এবং দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে নিকটবর্তী একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ানে রওনা হয়েছিলেন।

  14. '২০২৭ সালের জানুয়ারির বেতনের সাথে কমবেশি যাই হোক না কেন সেটা যেন শ্রমিকরা হাতে পায়'

    নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার
    ছবির ক্যাপশান, আমরা কোন গবেষণার নাম দিয়ে সময় নষ্ট করতে চাই না, বলেন শ্রমিক নেতা বাবুল আখতার

    পোশাক শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

    তিনি বলেছেন, “২০২৭ সালের জানুয়ারির বেতনের সাথে কমবেশি যাই হোক না কেন সেটা যেন শ্রমিকরা হাতে পায়। আমাদের বিলম্ব করার কিছু নেই, মানসিকভাবে আমরা রেডি।”

    সোমবার শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

    “যদিও তথ্য আদান-প্রদান হতে পারে। যদি আমরা গবেষণাই করি শ্রমিকদের বর্তমান অবস্থা নিয়ে তাহলে মজুরি দরকার ৪৫ থেকে ৬৫ হাজার টাকা। যদি তারা গবেষণার কথা বলে তবে কি তারা সেটা দিবে। আমরা কোন গবেষণার নাম দিয়ে সময় নষ্ট করতে চাই না,” বলেন মি. আখতার।

    "কিন্তু কোনভাবেই আমরা বিলম্ব করতে চাই না। প্রয়োজনে সারা রাত মজুরি বোর্ডের কাজ করা দরকার হলে মজুরি বোর্ড করবে," বলেন এই শ্রমিক নেতা।

  15. মিষ্টির সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপির এলিজা জামান

    ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

    এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক।

    সোমবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ সংরক্ষিত মহিলা আসন-২৩’র উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিএনপি ও জোটের মনোনীত একজন প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।

    দাখিলকৃত মনোনয়নপত্র পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বলে জানিয়েছে ইসি।

    এর আগে গত পহেলা অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ১২ই অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

  16. ঢাকা- নারায়নগঞ্জ লিংক রোডেও অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

    এক ঘণ্টার বেশি সময় ধরে ঢাকা - নারায়নগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে
    ছবির ক্যাপশান, এক ঘণ্টার বেশি সময় ধরে ঢাকা - নারায়নগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে

    ঢাকা - নারায়নগঞ্জ লিংক রোডেও আজ অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এর ফলে এক ঘণ্টার বেশি সময় ধরে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

    আজ সোমবার সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে বেলা সাড়ে বারোটা থেকে সড়ক অবরোধ করে শ্রমিকরা।

    সড়ক অবরোধের ফলে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের দুই পাশেই যানবাহনের লম্বা সারি দেখা যায়। বিশাল যানজটের সৃষ্টি হয়।

    তবে কোথাও কোন ভাঙচুর হয়নি। শ্রমিকদের সড়কেই অবস্থান করে স্লোগান দিতে দেখা যায়।

    ঢাকা - নারায়নগঞ্জ লিংক রোড
    ছবির ক্যাপশান, ঢাকা - নারায়নগঞ্জ লিংক রোড অবরোধের ফলে যানবাহনের লম্বা সারি দেখা যায়
    ঢাকা - নারায়নগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের
    ছবির ক্যাপশান, ঢাকা - নারায়নগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের
  17. গার্মেন্টস শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, ২৯ জন আটক

    পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম
    ছবির ক্যাপশান, পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের সাথে কথা বলছেন

    মজুরির দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

    একইসঙ্গে, আন্দোলনের ঘটনায় সকাল থেকে মিরপুর এলাকা থেকে ২৯ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

    মি. ইসলাম বলেন, কেউ যাতে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

    এছাড়া মিরপুরে সড়কে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। একইসঙ্গে, যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

    মি. ইসলাম জানান, রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    মিরপুর ১০ নম্বরে
    ছবির ক্যাপশান, কেউ যাতে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে থাকার কথা বলছে পুলিশ
  18. গাজীপুর, আশুলিয়া ও মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

    মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতা-কর্মীদের অবস্থান নিতেও দেখা গেছে
    ছবির ক্যাপশান, মিরপুরে সড়কে পুলিশের পাশাপাশি ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতা-কর্মীদের অবস্থান নিতেও দেখা গেছে

    ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

    পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে। সড়কের অন্যপাশে পোশাক শ্রমিকদের অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

    এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

    পরে বেলা বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকারি দল বিএনপি সমর্থিত ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতা-কর্মীদের ট্রাক-বাসগুলো পার করে দিতে দেখা গেছে।

    গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় রোববার যে গাড়িটি পোড়ানো হয়েছে, সেটি দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পরে সেটি সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

    গাজীপুরের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের গাড়ি ভাঙচুর করার খবরও পাওয়া গেছে।

    তবে, শুধু গাজীপুরেই নয় ঢাকার মিরপুর ও আশুলিয়াতেও ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

    আশুলিয়ায় সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

    তবে বেলা সাড়ে এগারোটায় সেখানকার সড়কে যান চলাচল শুরু হয় বলে জানা গেছে।

    ঢাকার মিরপুর-১০ নাম্বার থেকে মিরপুর-১২ নাম্বার পর্যন্ত যে প্রধান সড়ক, সেখানে যান চলাচল স্বাভাবিক থাকলেও ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে।

    মিরপুর-১০ থেকে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া কাফরুল থানা পুলিশ আরো পাঁচজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

    এদিকে, সকালে মিরপুর-১১ নাম্বারে কয়েক দফায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

    এ সময় পুলিশের পাশাপাশি সড়কে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতা-কর্মীদের অবস্থান নিতেও দেখেছে বিবিসির প্রতিবেদক।

    মিরপুর
    ছবির ক্যাপশান, ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল মিরপুরে
    মিরপুর ১০ এ একজনকে আটক করেছে পুলিশ
    ছবির ক্যাপশান, মিরপুর ১০ এ একজনকে আটক করেছে পুলিশ
  19. যেসব শিল্প মালিকদের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    সচিবালয়ে পোশাক শিল্প মালিকদের দুইটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী
    ছবির ক্যাপশান, সচিবালয়ে পোশাক শিল্প মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যেসব শিল্প মালিকদের নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে কাজ করছে বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সোমবার সচিবালয়ে পোশাক শিল্প মালিকদের দুইটি সংগঠনের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

    মি. আহমদ বলেন, “যেসব শিল্প মালিকদের রাজনৈতিক পরিচয় ছিল, যারা নিষিদ্ধ সংগঠনের হয়তো কোন কোন সময় কেউ এমপি বা কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিল সেসমস্ত শিল্প মালিকরা তারা এ সমস্ত অস্থিরতার পেছনে কাজ করছে বলে আমাদের কাছে তথ্য আছে এবং সেটার প্রমাণও আছে।”

    ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য বোর্ড গঠনের আলোচনার মধ্যে এমন অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা যারা করছে তাদের পেছনে যারা ইন্ধন দিচ্ছেন তারা চিহ্নিত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    “এখানে দুঃখজনক হলেও কিছু শিল্প মালিকরা জড়িত আছেন এবং কিছু শ্রমিক সংগঠনের ব্যানারে যারা শ্রমিকদের কল্যাণ চায় কিনা সেটা প্রশ্নবিদ্ধ সে সমস্ত লোকজন এই অস্থিরতা ও সহিংসতা সৃষ্টি করেছে। রাস্তায় আন্দোলনের নামে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে যেটা কোনভাবেই শ্রমিকদের কোন কাজে আসবে না” বলেন মি. আহমদ।

    একইসঙ্গে, যারা শ্রমিক আন্দোলনের নামে স্বার্থবিরোধী কাজে লিপ্ত, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    শিল্প মালিকদের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “তারা বলেছেন, কিছু শিল্প মালিক আছে এবং শিল্প কারখানা আছে যারা উদ্দেশ্যপূর্ণভাবে শিল্প কারখানা বন্ধ করেছে তাদের তালিকা তারা আমাদেরকে প্রদান করবে।”

    আর কিছু কিছু শ্রমিক নেতৃবৃন্দ এখানে অস্থিরতা সৃষ্টির জন্য পাঁয়তারা করছে সে সমস্ত সংগঠন এবং নামের তালিকাও দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

    তিনি বলেন, কোন শ্রমিক এবং শ্রমিকদের সংগঠন শ্রমিকের স্বার্থবিরোধী কোন কাজে জড়িত থাকতে পারে না বলে সরকার বিশ্বাস করে।

    “যদি ভুলক্রমে এ সমস্ত কাজে কেউ ইন্ধন দিয়ে থাকে বা জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আহ্বান জানাবো, তারা যেন সে সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকে। কারণ আমরা কঠোরভাবে সেটা দমনের চেষ্টা করবো যারা যেভাবেই হোক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, ঘৃন্য পলিটিকেল কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য সীমান্তের ওপার থেকে ইশারায় যা কিছু তারা করা চেষ্টা করছে যেভাবেই হোক তা আমরা প্রতিহত করব” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    “আমরা কোন শিল্প কারখানা বন্ধ হোক সেটা চাই না, একমূহুর্তের জন্যও হোক চাই না। কোন অস্থিরতা সৃষ্টি হোক সেটা চাই না,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

  20. রোববার সারাদিন যা যা হয়েছে

    • 'নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে' বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সন্ধ্যায় সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
    • ডিসেম্বরকে সামনে রেখেই আওয়ামী-ফ্যাসিবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য যে পরিস্থিতি তৈরি করেছে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
    • হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে একটি প্রস্তাব নিয়ে কাতারি মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে ইরানি প্রস্তাব ও প্রশ্নের উত্তর দিতে হবে বলেও জানান তিনি।
    • দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এ সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসু’তে পরিণত হয়েছে।
    • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কূটনৈতিক সমাধানে আশাবাদী সংযুক্ত আরব আমিরাত। তবে সব ধরনের খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ।
    • আগামী চৌঠা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত চারদিন সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের লাইনে স্বল্প চাপ থাকবে।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন।
    • বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সাথে সিসিটিভিতে দেখা যাওয়া নারীকে চারদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
    • নতুন একটি বিধিমালার অধীনে দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
    • মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার মিরপুর এবং গাজীপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়। শ্রমিকদের দাবি অনুযায়ী, এরই মধ্যে ছয় সদস্যবিশিষ্ট মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।