আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: আড়াই লাখের বেশি মানুষ ইন্দোনেশিয়ায় আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত রাখায় প্রায় দুই লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবারের মতো ইরানে তৈরি একটি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টং করছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. অন্তত দুই মাস প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত থাকবে: ববি হাজ্জাজ

    অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত থাকবে এবং এই সিদ্ধান্ত আজ সাতই সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

    "সাড়ে ১৪ হাজার নতুন নিয়োগ আছে তো। তাদের প্লেসমেন্ট হবার পর এটি আবার চালু হবে। এটা টেম্পোরারি। তবে অন্তত দুই মাস তো লাগবেই পুরো প্রসেসটায়, এটা আমার ধারণা," বলেন তিনি।

    এর আগে তিনি আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

  2. মাওলানা আজাদের আপিল ইস্যুতে যা বললেন আইসিটি'র চিফ প্রসিকিউটর

    "যদি ৩০ দিনের মাঝে আপিল করা না হয়, তাহলে পরবর্তীতে আর কোনো আপিল গ্রহণ করার সুযোগ হবে না, সেটা যে কারো আপিল-ই হোক, সেটা হোক শেখ হাসিনার, হোক মাওলানা আবুল কালাম আজাদের।"

    আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদের আপিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সাবেক নেতা মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন। জামায়াতের এই নেতা বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে ইসলামিক অনুষ্ঠান উপস্থাপনা করে পরিচিতি পেয়েছিলেন।

    গত বছর অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময় তার সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    ১৩ বছর পলাতক থাকার পর এই বছরের ২১শে জানুয়ারি তিনি ট্রাইব্যুনালে আত্মসমপর্ণ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালাস চেয়ে আপিল করেন।

    আজ সাতই সেপ্টেম্বর সেই আপিল আদেশের রায়ের দিন ধার্য ছিল। তবে এদিন চূড়ান্ত কোনো আদেশ হয়নি।

    চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আরও বলেন, "যেকোনো পলাতক আসামি, অথবা যারা জেলে আছে, তাকে অবশ্যই ৩০ দিনের মাঝে আপিল ফাইল করতে হবে, পলাতক থাকার কারণে হোক, অন্য কোনো কারণে হোক, কেউ যদি ৩০ দিনের মাঝে এসে ফাইল দায়ের না করেন, তাহলে ওই আসামির জন্য আর আপিল করার সুযোগ থাকবে না।"

    "মওলানা আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো ট্রাইব্যুনাল থেকে। কিন্তু তিনি যেকোনো কারণেই হোক, দীর্ঘদিন দেশে অনুপস্থিত ছিলেন। তিনি আপিলটা ফাইল করতে পারতেন বা করেননি। এখন আমাদের আইনের ২১'র তিনে বলা আছে, রায় ঘোষণার ৩০ দিনের মাঝে আপিল করতে হবে। সেখানেও এটাও বলেছে যে যদি ৩০ দিনের মাঝে আপিল না করা হয়, তাহলে আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না," যোগ করেন তিনি।

  3. যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবারের মতো ‘ডেস্ট্রয়ার-বিধ্বংসী’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

    ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের একটি জাহাজের বিরুদ্ধে প্রথমবারের মতো ইরানে তৈরি একটি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

    টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজায়ী বলেন, “৪৮ ঘণ্টা আগে প্রথমবারের মতো আমরা একটি আমেরিকান জাহাজের বিরুদ্ধে একটি ইরানি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাই। এই বিশেষ ক্ষেপণাস্ত্রটি আমেরিকানদের জন্য নরক তৈরি করেছিল এবং তারা পালিয়ে যায়।”

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবির সরাসরি জবাব দেয়নি।

    তবে গতকাল এক্সে দেওয়া একটি পোস্টে তারা লিখেছে, “বিপ্লবী গার্ডদের জন্য বার্তা স্পষ্ট: যদি আপনারা আমাদের দুটি জাহাজে গুলি চালান, তাহলে আমরা আপনাদের ওপর আরও অনেক বেশি অর্থনৈতিক মূল্য চাপিয়ে দেব এবং আপনাদের তিনটি জাহাজ ধ্বংস করব।”

    বিবৃতিতে আরও বলা হয়, “আমরা আমেরিকান বাহিনীকে রক্ষা করতে দ্বিধা করব না এবং প্রয়োজন হলে ইরানের সীমিত ও ঝুঁকিপূর্ণ তেলবাহী জাহাজের বহর ধ্বংস করব।”

    বিপ্লবী গার্ডের সাবেক এই কমান্ডার ওই অঞ্চলে জাহাজ চলাচলের সম্ভাব্য পরিণতি সম্পর্কে বলেন, “ইরানের সঙ্গে পরামর্শ না করে পরিচালিত জাহাজগুলোকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে এবং সেগুলোকে অন্যান্য পরিণতির মুখোমুখি হতে হবে, যার মধ্যে রয়েছে বীমা-সংক্রান্ত সমস্যা এবং পরবর্তী সময়ে চলাচলে জটিলতা।”

  4. আইএইএ-কে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

    আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থায় (আইএইএ) ইউরোপীয় দেশগুলোর নতুন খসড়া প্রস্তাব অনুমোদন পেলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইরান।

    ইউরোপীয় দেশগুলো এবং আইএইএ পারমাণবিক স্থাপনাগুলোর পরিদর্শন চায়, বিশেষ করে যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলোর। ওই প্রস্তাব পাস হলে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর পথ তৈরি করতে পারে।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইউরোপীয় দেশগুলো "যখনই অন্য ক্ষেত্রে ব্যর্থ হয়, তখন তারা পারমাণবিক ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে; অথবা উল্টোভাবে, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার মহাপরিচালক নিজেই ইরানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য এমন অপব্যবহারের সুযোগ করে দেন।"

    ইরান, চীন ও রাশিয়ার অবস্থান সঠিক দাবি করে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে "পথ বন্ধ হয়ে গেছে" এবং সংস্থাটির পক্ষে পরিদর্শন করা সম্ভব নয়।

  5. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: আড়াই লাখের বেশি মানুষ ইন্দোনেশিয়ায় আটকা

    ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ায় এবং বিমানবন্দরগুলো টানা দ্বিতীয় দিনের মতো কার্যক্রম স্থগিত রাখায় প্রায় দুই লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।

    জাকার্তা থেকে ১৫০ কিলোমিটার (৯০ মাইল) দূরে অবস্থিত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে শুক্রবার গভীর রাতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে লাভার ফোয়ারা সৃষ্টি হয় এবং আগ্নেয় ছাই জাকার্তা ও লামপুং প্রদেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে।

    পুরো সপ্তাহান্তজুড়ে আগ্নেয়গিরিটি ভূকম্পনগতভাবে সক্রিয় ছিল।

    আগ্নেয় ছাই তাদের আশপাশের আকাশসীমায় শনাক্ত হওয়ার পর জাকার্তার সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আরও তিনটি বিমানবন্দর সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের বন্ধ থাকার মেয়াদ বাড়িয়েছে।

  6. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মা’র ভোগ-দখল করার অধিকার নিয়ে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,২০২৬' বাংলাদেশের জাতীয় সংসদে পাস হয়েছে। তবে কোরআন-সুন্নাহ বিরোধী উল্লেখ করে এটির প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করেছেন বিরোধী দলীয় সদস্যরা।
    • 'জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬' পাস হয়েছে জাতীয় সংসদ অধিবেশনে।
    • দিল্লির সত্য নিকেতন মার্কেট এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এতে তিন শিশু মারা গেছে, ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা। ভবন ধসের কারণ সম্পর্কে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, ওই ভবনের বেসমেন্টে খনন কার্যক্রম চলছিল।
    • ইউক্রেন সফরে আসা ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে এই প্রতিনিধিরা মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন।
    • হরমুজ প্রণালির দক্ষিণ রুট অতিক্রম করার সময় অন্তত তিনটি তেলের ট্যাংকার এবং একটি এলএনজিবাহী জাহাজ রেভল্যুশনারি গার্ড সতর্ক করার পর নিজেদের পথ পরিবর্তন করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
    • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন কারাবন্দি মারা গেছেন। তাদের প্রত্যেককেই কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।
    • বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা প্রতিবছর ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এর মধ্যে পাঁচ হাজার প্রতিবার নগদ বহন করা যাবে।
    • গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে আটটি ইসলামি দেশ।
    • ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ হয়ে গেছে এবং খেলার নিয়ম বদলে গেছে।
    • রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারির বিরোধিতা করে গত বছর আন্দোলনে অংশগ্রহণকারী জাতীয় রাজস্ব বোর্ডের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছেন রাষ্ট্রপতি।
  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে