লাইভ, পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে আজ মমতা-শুভেন্দুর লড়াই

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় ভোটের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই নির্বাচন ঘিরে নানা তথ্য জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ১৪২টি আসনে গত নির্বাচনে কোন দল কত আসনে জয়ী হয়েছিল?

    দক্ষিণ ২৪ পরগণা জেলার একটি ভোট কেন্দ্রের সামনে মুসলমান নারী ভোটারদের লাইন

    ছবির উৎস, CEO - West Bengal / X

    ছবির ক্যাপশান, দক্ষিণ ২৪ পরগণা জেলার একটি ভোট কেন্দ্রের সামনে মুসলমান নারী ভোটারদের লাইন

    বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের যে ১৪২টি আসনে ভোট নেওয়া হচ্ছে, দক্ষিণ বঙ্গের সেই অঞ্চলকে তৃণমূল কংগ্রেসের শক্ত জমি বলে মনে করা হয়ে থাকে।

    এই আসনগুলিতে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ১২৩টিতে। আর বিজেপি জয়ী হয়েছিল ১৮টি আসনে।

    যেসব অঞ্চলে আজ ভোট নেওয়া হচ্ছে, তার মধ্যে যেমন কলকাতা, হাওড়ার মতো শহরাঞ্চল আছে, তেমনই বড় অংশ গ্রামীণ এলাকা।

    এই পর্যায়ে যে সমস্ত আসনে ভোট গ্রহণ চলছে তার মধ্যে অনেকগুলি আসনেই মতুয়ারা নির্ণায়ক শক্তি। হিন্দু সম্প্রদায়ের এই মতুয়ারা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি - দুই রাজনৈতিক শিবিরেই বিভক্ত।

    একই সঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলাদুটিতে মুসলমান অধ্যুষিত এলাকাও রয়েছে।

  2. দ্বিতীয় দফা নির্বাচনের আগে প্রায় দেড় হাজার ভোটারের নাম যোগ

    একটি ভোট কেন্দ্রের সামনে ভোটারদের লাইন

    ছবির উৎস, Subham Dutta

    ছবির ক্যাপশান, দ্বিতীয় দফার ভোট গ্রহণের ঠিক আগে নতুন করে প্রায় দেড় হাজার ভোটারের নাম যোগ করেছে নির্বাচন কমিশন

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণের ঠিক আগেই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

    অ্যাপিলেট ট্রাইবুনালে যে ব্যক্তিরা ভোটার তালিকায় নাম যোগ করার জন্য আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যে ১৪৬৮ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

    নির্বাচন কমিশন জানিয়েছে, বাদ গিয়েছে ছয় জনের নাম।

    ঠিক একইভাবে প্রথম দফার ভোট গ্রহণের আগে ১৩৯ জনের নাম ভোট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। বাদ গিয়েছিল আট জনের নাম।

    ভোটার তালিকা অবশ্য আগেই ‘ফ্রিজ়’ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ভোটের দু’দিন আগেও ট্রাইবুনাল যে সমস্ত মামলার নিষ্পত্তি করবে সেই ব্যক্তিরা ভোট দিতে পারবেন।

    সেই নির্দেশ মেনেই এই অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

    গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন।

    এসআইআর-এর পর ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম বিবেচনাধীনের তালিকায় ছিল।

    শীর্ষ আদালতের নির্দেশে বিবেচনাধীন মামলাগুলির নিষ্পত্তি করা হয়। সে সময়েও অনেকের নাম ভোটার তালিকায় ছিল না।

    তবে আদালত জানিয়েছিল, চাইলে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত অ্যাপিলেট ট্রাইবুনালে আবেদন জানানো যাবে। সেই নির্দেশ মেনেই এই তালিকাগুলি ভোটের ঠিক আগে আগে প্রকাশিত হলো।

  3. মমতা ব্যানার্জীর 'ঘরের মাঠে' মুখোমুখি দুই হেভিওয়েট

    মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী আজ মুখোমুখি ভোটের লড়াইতে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী আজ মুখোমুখি ভোটের লড়াইতে

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ পর্বে যে আসনটির দিকে সবার নজর থাকবে, তা হল কলকাতার ভবানীপুর।

    এই এলাকাতেই মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর বাড়ি। তিনি এবারও লড়ছেন এই আসন থেকে।

    তবে এবারের ভোটযুদ্ধ ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ মমতা ব্যানার্জীর 'ঘরের মাঠে' এবারে তার মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মি. অধিকারী অবশ্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকেও প্রার্থী হয়েছেন।

    গত বিধানসভা নির্বাচনে, ২০২১ সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেও মুখোমুখি হয়েছিলেন এই দুই হেভিওয়েট। সেবার ওই আসনে পরাজিত হয়েছিলেন মিজ. ব্যানার্জী।

    এবারের নির্বাচনে তারই যেন পুণরাবৃত্তি হচ্ছে কলকাতার ভবানীপুরে।

    দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ পর্বে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমানে ভোট নেওয়া চলছে।

    সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে সচেষ্ট কমিশন। তার জন্য একাধিক পদক্ষেপ আগে থেকে নেওয়া হয়েছে।

    দ্বিতীয় দফায় ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে একদিকে যেমন পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে তেমনই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো।

    জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, পুলিশের তল্লাশি অভিযান চলছে। অশান্তির অভিযোগে ধরপাকড়ও চলছে।

    এদিকে, দ্বিতীয় ও শেষ দফা ভোট গ্রহণের আগে নদীয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা থেকে অশান্তির অভিযোগ উঠেছে। ভোটের দিন যাতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা না দেখা দেয় সে জন্য কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন।

  4. পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু

    ভোটার কার্ড হাতে একজন নারী

    ছবির উৎস, CEO - West Bengal / X

    ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছে বুধবার।

    এই দফায় কলকাতার ভবানীপুর আসন থেকে মুখোমুখি প্রতিদ্বন্দিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

    ভারতীয় সময় সকাল সাতটা থেকে বুথে বুথে ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে।

    তার আগে ভোর পাঁচটা থেকে শুরু হয় ‘মক পোলিং’।

    ‘মক পোলিং’ হল ভোটগ্রহণ শুরু হওয়ার আগে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোটযন্ত্র ঠিক মতো কাজ করছে কী না, তা যাচাই করিয়ে নেওয়ার পদ্ধতি।

    দ্বিতীয় ও শেষ দফায় রাজ্যের ১৪২টি আসনে ভোট গ্রহণ চলছে।এর আগে ২৩শে এপ্রিল ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল।

    রাজ্যের মোট ২৯৪টি কেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণা হবে চৌঠা মে।প্রথম দফায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর নির্বাচন শান্তিপূর্ণই থেকেছে।

    প্রথম দফা ভোটে ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে যা নজিরবিহীন বলেই জানিয়েছিল নির্বাচন কমিশন।

    এই দফাতেও ভোট অবাধ ও সুষ্ঠু করতে সচেষ্ট কমিশন। দ্বিতীয় দফার ভোট গ্রহণে কী চিত্র উঠে আসে সেদিকে নজর থাকবে।

  5. বিবিসি বাংলার লাইভ

    পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় স্বাগতম।

    এই পাতায় থাকছে এই নির্বাচন ও ভারতের অন্য আরো কয়েকটি রাজ্যের নির্বাচন ঘিরে নানা খবর ও বিশ্লেষণ।

    এই নির্বাচন ঘিরে আরো পড়তে পারেন:

    এছাড়া আরো খবর রয়েছে বিবিসি বাংলার মূলপাতায়