বুধবার সারাদিন যা যা হলো:
- ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে পুশব্যাকের আশঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
- আজকের দিনের '২৪ ঘণ্টার সংবাদ সম্প্রচার' সংস্কৃতির পথিকৃৎ ও সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন।
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হবে, নাকি হবে না- এ নিয়ে প্রশ্ন থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে যে তারা দক্ষিণ লেবাননে হেজবুল্লাহ'র লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।
- এক ইসরায়েলি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েল এমন কোনো তথ্য জানে না যা থেকে মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এমন কোনো চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন যার মাধ্যমে এই যুদ্ধের অবসান হবে এবং হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচলের ওপর থাকা অবরোধ তুলে নেওয়া হবে।
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে যে "আগ্রাসীদের হুমকি শেষ হলে" হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হতে পারে।
- যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি হলে ইরান যুদ্ধের ও যুক্তরাষ্ট্রের অবরোধের অবসান হতে পারে। তবে ইরান রাজি না হলে বোমা হামলা আরও তীব্র হতে পারে।
- নেত্রকোনার মদন উপজেলার একটি কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব।
- সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাতজন মারা গেছে। এদের মাঝে দু'জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
- আগামী নয়ই মে, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
- হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া যাত্রীবাহী ডাচ জাহাজ এমভি হন্ডিয়াসকে নোঙর করতে দেওয়ার ব্যাপারে স্প্যানিশ সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফের্নান্দো ক্লাভিহো।
- পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাসভবনের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সরানো হয়েছে।
- মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষ ইউকেএমটিও (ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস)।
- চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধু একটি “ন্যায্য ও সমন্বিত চুক্তি” গ্রহণ করবে।
বিবিসি বাংলা'র লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এখানেই লাইভ পাতা শেষ হচ্ছে।
আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।






















