পুলিশের কাছে অভিযোগ দিয়ে হবিগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতসহ এনসিপি নেতারা

জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জের ছাত্রদল-বিএনপির নেতাদের বিরুদ্ধে একটি অভিযোগ পুলিশের কাছে দিয়েছেন এনসিপি নেতারা। এর আগে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে সেখানেই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে সেখানে রওনা দিয়েছিলেন এনসিপি'র নেতারা, যদিও বিভিন্ন স্থানে তারা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো:

    • জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০০ জনের নামে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এরপরে তারা মৌলভীবাজারের দিকে চলে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
    • মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এনসিপি।
    • এই কর্মসূচি ঘোষণার পর একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও ছাত্রদল। পরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
    • এই কর্মসূচিতে অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির শীর্ষ নেতারা হবিগঞ্জের পথে রওনা হলে মৌলভীবাজার ও হবিগঞ্জের অন্তত চার জায়গায় পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ করেছে দলটি।
    • আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি।
    • চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার ভোরে যশোর পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়ক থেকে তাদেরকে আটক করে।
    • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া ও সদ্য নিয়োগকৃত নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
    • মৃত্যুর দেড় বছর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে কয়লা কেলেঙ্কারি মামলা থেকে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার তার বিরুদ্ধে চলা কয়লা কেলেঙ্কারি মামলার সমাপ্তি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
    • ভারতের বন্যা বিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ‘ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফর্মেশনম্যানেজমেন্ট সিস্টেমে’র তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় শিবসাগরে সাতজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৭৫ জনে গিয়ে দাঁড়িয়েছে।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. পুলিশের কাছে অভিযোগ দিয়ে হবিগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতসহ এনসিপি নেতারা

    হবিগঞ্জের কামাইছডা পুলিশ ক্যাম্পে এনসিপি নেতারা

    ছবির উৎস, NCP

    ছবির ক্যাপশান, হবিগঞ্জের কামাইছডা পুলিশ ক্যাম্পে এনসিপি নেতারা

    জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০০ জনের নামে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    বুধবার রাত সাড়ে আটটার দিকে হবিগঞ্জের কামাইছডা পুলিশ ক্যাম্পে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে তারা অভিযোগ দায়ের করেন।

    এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রেস সেক্রেটারি নুর হোসেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, এনসিপির পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে এই অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে প্রধান অভিযুক্ত করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতিকে।

    এই অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ।

    বিবিসি বাংলাকে তিনি বলেন, “এনসিপির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেটি প্রসেসিংয়ের ভেতরেই আছে। এনসিপি নেতারা অভিযোগ দিয়ে মৌলভীবাজারের পথে রওনা হয়েছেন”।

    পথে পথে এনসিপি নেতাদের বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার মি. মাহমুদ বিবিসি বাংলাকে বলেন, “যেহেতু একটা উত্তেজনা ছিল, ১৪৪ ধারা জারি ছিল, তাই তাদের নিরাপত্তার স্বার্থেই পুলিশ কিছু জায়গায় বাধা দিয়েছে”।

    এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে অন্তত তিন জায়গায় বাধা দেয় পুলিশ। এই তিনটি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এগোতেই আরেক দফা বাধার মুখে পড়েন এনসিপির শীর্ষ নেতারা।

    হবিগঞ্জের মিরপুর এলাকায় পৌঁছালে পুলিশ গাড়িবহর আটকে দেয়। পরে সেখানেই বসে পড়েন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা।

    পরে রাতে পুলিশের কাছে অভিযোগ জমা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির সিনিয়র নেতারা।

    বিকেলে হবিগঞ্জে যাওয়ার পথে কয়েক জায়গায় পুলিশি বাধার মুখে পড়ে এনসিপি নেতারা

    ছবির উৎস, NCP MEDIA

    ছবির ক্যাপশান, বিকেলে হবিগঞ্জে যাওয়ার পথে কয়েক জায়গায় পুলিশি বাধার মুখে পড়ে এনসিপি নেতারা
  3. কলকাতার স্কুলে খাবারের দায়িত্ব ইসকনের থাকলেও দেওয়া হবে ডিমও

    শুভেন্দু অধিকারী

    ছবির উৎস, Suvendu Adhikari/Facebook

    ছবির ক্যাপশান, শুভেন্দু অধিকারী

    কলকাতার সরকারি স্কুলগুলোতে দুপুরের খাবার দেওয়ার দায়িত্ব ইসকন-কে দেওয়া হলেও ছাত্র-ছাত্রীদের খাবারে ডিমও দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    পহেলা অগাস্ট থেকে কলকাতার সরকারি স্কুলগুলোতে দুপুরের খাবার পরিবেশন করবে ইসকন। সারা দেশে দুপুরের খাবার পরিবেশনের এই ব্যবস্থার নাম 'মিড-ডে মিল'।

    ইসকন সম্পূর্ণভাবে নিরামিষাশী, তাই স্কুলের খাবার বিতরণের দায়িত্ব তাদের দেওয়ার পরে ছাত্রছাত্রীদের ডিম দেওয়া বন্ধ করে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

    বিরোধী দলগুলি এবং অভিভাবকদের অনেকেই অভিযোগ তুলেছিলেন যে ছাত্রছাত্রীদের প্রাণীজ প্রোটিন থেকে বঞ্চিত করা হবে এবং তাদের নিরামিষ খাবার খেতে বাধ্য করা হবে।

    দুপুরের খাবার বিতরণের দায়িত্বে ইসকন-কে রাখলেও মি. অধিকারী বুধবার ঘোষণা করেছেন যে পড়ুয়াদের ডিম দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হবে।

    তিনি বলেছেন, “এসএইচজি (সেল্ফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী)-কে দিয়ে আমরা সপ্তাহে একদিন বা দু’দিন সেদ্ধ ডিম বাচ্চাদেরকে আলাদা করে বিতরণ করব। ইসকন তাদের খাবারে সাত্ত্বিকতা বজায় রেখে খাবার সরবরাহ করবে। এটা ওড়িশাতে আছে। ইসকন ভারতের বহু রাজ্যে মিড ডে মিলের খাবার সরবরাহ করে, আমরা সেটা গ্রহণ করেছি।”

    তিনি বলেন, এর পাশাপাশি, ওড়িশার স্কুলে যেভাবে আলাদা করে পড়ুয়াদের মিড ডে মিলে ডিম দেওয়া হয়, পশ্চিমবঙ্গও একই ব্যবস্থা নেবে।

    ভারতের স্কুলগুলিতে মিড ডে মিল চালু করার পিছনে একদিকে যেমন শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্য ছিল, তেমনই পড়ুয়াদের পুষ্টির দিকে নজর রাখার বিষয়টিও ছিল।

    আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বহু পরিবারের শিশুই মিড ডে মিলের খাবারের উপর অনেকটাই নির্ভর করে। ইসকনের তরফে দুধ, রাজমা ইত্যাদি পড়ুয়াদের মিড ডে মিলে থাকার কথা বলা হলেও তা পশ্চিমবঙ্গের মূলত: আমিষভোজী পরিবারের ছাত্রছাত্রীদের কতটা পছন্দ হবে, তা নিয়ে আলোচনা বন্ধ হয়নি।

    তারই মাঝে বুধবার এই ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।

    পাশাপাশি, তিনি বলেছেন, ''মিড ডে মিল নিয়ে যে বৈষম্য ছিল, তা আমরা দূর করেছি। আগে হাইস্কুলে মাথাপিছু মিড ডে মিলে বরাদ্দ ছিল ১০ টাকা আর, প্রাথমিকে ছিল ৬টা ৭৮ পয়সা। আমরা প্রাইমারিতেও ১০ টাকা করে বরাদ্দ করেছি।”

  4. প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

    বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

    আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

    তিনি এসময় বলেন, “ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে। আমরা বিষয়টি বর্তমানে পর্যালোচনা করছি। সিদ্ধান্ত হলে সঙ্গে সঙ্গে আপনাদের জানানো হবে।’

    পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য আরও কয়েকটি আমন্ত্রণ রয়েছে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তার নিউইয়র্ক সফরও বিবেচনায় রাখতে হবে”।

    তিনি বলেন, ‘কয়েকটি আমন্ত্রণ রয়েছে। একই সময়ে প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও অংশ নেবেন। তাই সবগুলো কর্মসূচি একসঙ্গে বিবেচনা করতে হচ্ছে।’

    এর আগে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানানোর জন্য সাগ্রহে অপেক্ষা করছে এবং তারা সফরটি শিগগিরই অনুষ্ঠিত হবে বলে আশা করছেন।

  5. ভারতের লোকসভায় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিল পাশ

    লোকসভার স্পিকার ওম বিড়লা

    ছবির উৎস, Sansad TV

    ছবির ক্যাপশান, লোকসভার স্পিকার ওম বিড়লা

    ভারতের লোকসভায় বুধবার পাশ হলো ‘পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬।’

    লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছে এই বিল। তার আগে বিরোধীরা অমিত শাহকে নিশানা করে যাকে ঘিরে লোকসভায় হট্টগোল বাঁধে।

    এই বিলে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অসদুপায় অবলম্বন করলে তার কঠোরতর শাস্তির বিধান, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত ও বিচার বাধ্যতামূলক করা হয়েছে এবং এই আইনের অধীনে অপরাধের বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে।

    এই ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথাই বলেছিলেন প্রধানমন্ত্রী।

    সেই সময় দিল্লির যন্তর মন্তরে সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা- নিট-এর প্রশ্নপত্র ফাঁস, ২০ জনেরও বেশি নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনার, শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা এবং সর্বোপরি সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলন করছিল সিজেপি।

    সেই আন্দোলনে যোগ দিতে যোগ দিতে সমবেত হয়েছিল বহু মানুষ। আন্দোলনের আঁচ কলকাতা, মুম্বাই, পাটনা-সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। শেষে ২৫শে জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

    সেই আবহে এই বিল পাশ হয়েছে বুধবার। সরকারের দাবি, প্রশ্নপত্র ফাঁসের মতো সমস্যা-সহ পরীক্ষার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা রুখতে সাহায্য করবে এই বিল।

    আইন সক্রান্ত ওয়েবসাইট ‘লাইভ ল’-এর তথ্য অনুযায়ী,এই বিলে বিদ্যমান ‘পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যাক্ট, ২০২৪-এ বেশ কিছু বদল আমা হয়েছে।

    এর মূল পরিবর্তনগুলোর মধ্যে, দোষীদের ক্ষেত্রে সর্বনিম্ন সাজার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর কারাদণ্ড করা হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হয়েছে। সর্বোচ্চ জরিমানাও ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করা হয়েছে।

  6. গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

    আব্দুল লতিফ সিদ্দিকী (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, আব্দুল লতিফ সিদ্দিকী (ফাইল ছবি)

    ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের ডিসি আনোয়ার হোসেন খান বিবিসি বাংলাকে মি. সিদ্দিকীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    বুধবার সন্ধ্যায় ছয়টার দিকে গুলশানে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

    এদিকে, বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা দিতে গিয়ে এই মামলায় আত্মসমর্পণ করার কথা জানিয়েছিলেন তিনি।

    আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মি. সিদ্দিকী এর আগে গত বছর জুলাই আন্দোলনের মামলায় একবার গ্রেফতার হয়েছিলেন। পরে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাঁকে আসামি করেছিল পুলিশ।

    এর কয়েক মাস পর জামিনে মুক্তি পান তিনি। তবে মামলাটি এখনো চলছে এবং তাকে ওই মামলায় হাজিরা দিতে হচ্ছে আদালতে।

  7. কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত ড. মনমোহন সিংকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট

    Kyodo News-Pool/Getty Images

    ছবির উৎস, Kyodo News-Pool/Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং

    মৃত্যুর দেড় বছর পর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে কয়লা কেলেঙ্কারি মামলা থেকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট। বুধবার তার বিরুদ্ধে চলা কয়লা কেলেঙ্কারি মামলার ক্লোজার ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।

    ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন ওড়িশায় কয়লাখনির বণ্টনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ ওঠে। সেই সময় কয়লা মন্ত্রণালয় ছিল মনমোহন সিংয়ের হাতে। এই মামলায় তৎকালীন কয়লাসচিবের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

    সিবিআই প্রধানমন্ত্রীর সচিবালয়ের কর্তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও মনমোহনকে জিজ্ঞাসাবাদ করেনি বলে অভিযোগ। এই নিয়ে আদালতেও প্রশ্ন ওঠে।

    এই অভিযোগের সঙ্গে জড়িত অভিযোগ প্রথম থেকেই খারিজ করে এসেছিলেন ড. মনমোহন সিং। ২০১৫ সালে কয়লা কেলেঙ্কারি মামলায় মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য আদালতে জমা দিয়েছিল সিবিআই। ক্রমে এই মামলা সুপ্রিম কোর্টে যায়। ২০২৪ সালে তার মৃত্যু হয়।

    বুধবার শীর্ষ আদালত জানিয়েছে, ট্রায়াল কোর্টের কাছে সিবিআই-এর দাখিল করা ক্লোজার রিপোর্টকে প্রত্যাখ্যান করে মামলাটি আমলে নেওয়ার মতো কোনো শক্ত ভিত্তি ছিল না।

    আইন-সংক্রান্ত ওয়েবসাইট ‘লাইভ ল’-এর তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ ২০১৫ সালে ট্রায়াল কোর্ট দ্বারা জারি শমনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মনমোহন সিংয়ের আবেদন গ্রহণ করার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

    সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।

    কংগ্রেস নেতা জয়রাম রমেশ সামাজিক মাধ্যম এক্স-এ আদালতের সিদ্ধান্তের বিষয়টি শেয়ার করে লিখেছেন, "প্রধানমন্ত্রীর দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।"

  8. হবিগঞ্জের সীমানায় প্রবেশের পর বাধার মুখে রাস্তায় বসে পড়লেন নাহিদ-হাসনাতরা

    পুলিশের বাধার মুখে রাস্তায়ই বসে পড়েন এনসিপির শীর্ষ নেতারা

    ছবির উৎস, NCP

    ছবির ক্যাপশান, পুলিশের বাধার মুখে রাস্তায়ই বসে পড়েন এনসিপির শীর্ষ নেতারা

    ‘জুলাই পদযাত্রা’ ঘিরে হামলার ঘটনার পর কর্মসূচিতে অংশ নিতে এনসিপি নেতারা রওনা হয়েছিলেন হবিগঞ্জের পথে।

    এই যাত্রা পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে অন্তত তিন জায়গায় বাধা দেয় পুলিশ।

    এই তিনটি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এগোতেই আরেক দফা বাধার মুখে পড়েন এনসিপির শীর্ষ নেতারা।

    হবিগঞ্জের মিরপুর এলাকায় পৌঁছালে পুলিশ গাড়িবহর আটকে দেয়। পরে সেখানেই বসে পড়েন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা।

    সেখানে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সিনিয়র নেতাদের রাস্তায় বসে থাকতে দেখা যায়।

    পরে সেখানে তুমুল বৃষ্টি শুরু হলে ওই বৃষ্টির মধ্যেই রাস্তায় অবস্থান নিতে দেখা যায় এনসিপি নেতাকর্মীদেরা।

    সেখান থেকে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিবিসি বাংলাকে বলেন, “রাস্তার মাঝখানে ট্রাক, ট্রাক্টর, পুলিশ বসিয়ে রাখা হয়েছে। আমাদের হবিগঞ্জে যেতে বাঁধা দেওয়া হচ্ছে”।

    এর আগে বিকেল তিনটার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা।

    সেই বহরে থাকা দলটির নেতাকর্মীরা পথে পথে তাদের বাধার বেশ কিছু ভিডিও শেয়ার করেন ফেসবুকে। সেখানে দেখা যায় রাস্তায় খালি ট্রাক, ছোট ছোট ট্রাক্টর রেখে পথ আটকে রাখা হয়েছে।

  9. তারেক রহমানের সফরের অপেক্ষায় আছি: ভারতের হাইকমিশনার

    ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি যাবেন কি না এমন প্রশ্নে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, “এটা সম্পূর্ণ তাঁর বিষয়। তবে তাঁরা অধীর আগ্রহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় আছেন”।

    বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মি. ত্রিবেদী।

    ঢাকায় ভারতের হাইকমিশনারের দায়িত্ব নিয়ে আসার পর দীনেশ ত্রিবেদীর এটাই প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো।

    খুবই উষ্ণ পরিবেশে বৈঠক হয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে এমনকি খেলাধুলা, ক্রিকেট নিয়েও কথা হয়েছে।

    বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা আবার চালু হওয়ার কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, “ভারত ও বাংলাদেশ উভয় দেশের জনগণের জন্য এটা খুবই সুবিধাজনক। দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক। আমাদের শুধু সীমান্ত নয়, অভিন্ন সংস্কৃতি ও স্বপ্নও রয়েছে। তাই বৈঠকটা খুবই ভালো হয়েছে। উভয়পক্ষের জনগণের জন্য লাভজনক হয় এমন সম্পর্কের ভিত্তি গড়ে তোলার অপেক্ষায় রয়েছি আমি”।

    আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ওই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সম্মেলনে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

  10. রাহুল গান্ধীর নিশানায় অমিত শাহ; ক্ষমা চাইতে বললেন শাসকদলের সংসদ সদস্যরা

    রাহুল গান্ধীর অভিযোগকে ঘিরে ফের বিতর্ক

    ছবির উৎস, Sansad TV

    ছবির ক্যাপশান, রাহুল গান্ধীর অভিযোগকে ঘিরে ফের বিতর্ক

    ভারতে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত 'পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬'-এর উপর বিতর্ক চলাকালে লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর অভিযোগের তীব্র বিরোধিতা করে তাকে ক্ষমা চাওয়ার কথা বলেন শাসকদলের সংসদ সদস্যরা।

    বিতর্ক চলাকালে রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।”

    মি. গান্ধী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আজ এখানে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই তো ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।”

    এই বক্তব্যের পরে লোকসভায় ব্যাপক হট্টগোল দেখা দেয়। শাসক দলের সংসদ সদস্যরা তাকে ক্ষমা চাইতে বলেন।

    এই প্রসঙ্গে পরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সাংবাদিকদের বলেন, “সংসদে ভিত্তিহীন এবং ভুয়া মন্তব্য করেছেন বিরোধী দলনেতা, কোনো রকম গুলিই চলেনি। আমি তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা জানাচ্ছি।”

    বুধবার তার বক্তব্য শুরু করার আগে রাহুল গান্ধী বলেন, “আমি কয়েকজন তরুণীর সঙ্গে কথা বলেছিলাম। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, শিক্ষার্থী হওয়ার অর্থ কী। মেয়েটি খুব সুন্দর একটি উত্তর দিয়েছিল। সে বলেছিল, শিক্ষার্থী সে-ই, যার হৃদয় ও মন উন্মুক্ত। বিদ্যার্থীরা জানে তাদের আরো শিখতে হবে এবং এই মহাবিশ্ব প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই তারা বিশ্বাস করে যে জ্ঞানও ক্রমাগত পরিবর্তিত হতে থাকে।”

    তিনি বললেন, “এমন কিছু মানুষ আছেন যারা ছাত্র নন। তারা সম্পূর্ণভাবে বিশ্বাস করেন যে তারা সবকিছু জানেন এবং এই জ্ঞান তাদের ভেতর থেকেই আসে। তারা নিজেদেরকে ঈশ্বর মনে করেন। তারা অহংকারী এবং কারও কথা শোনেন না। তারা অন্যের সত্যকে সম্মান করেন না।”

    “আমি জিজ্ঞাসা করলাম ওরা কী ধরনের মানুষ। তো মেয়েটি বলল, আমি তাদের ইডিয়ট বলি।” এরপর লোকসভায় তুমুল হট্টগোল হয় এবং শাসক দলের সদস্যরা এই বক্তব্যকে আপত্তিকর বলে আখ্যা দেন। এরপর রাহুল গান্ধী তার বক্তব্য অব্যাহত রাখেন।

    ব্যাপক হট্টগোলের মধ্যে, রাহুল গান্ধী যখন বলেন যে তিনি এখন আর ভাষণ দেবেন না এবং বসে পড়েন, তখন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তাকে ওই শব্দটি ব্যবহার না করে ভাষণ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

  11. পথে পথে বাধার অভিযোগ, বিক্ষোভের ঘোষণা দিয়েও হবিগঞ্জ পৌঁছাতে পারেনি এনসিপির শীর্ষ নেতারা

    এনসিপির অভিযোগ মৌলভীবাজারে অন্তত তিন জায়গায় তাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

    ছবির উৎস, NCP MEDIA

    ছবির ক্যাপশান, এনসিপির অভিযোগ মৌলভীবাজারে অন্তত তিন জায়গায় তাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

    মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার সেখানে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    এই কর্মসূচিতে অংশ নিতে ঢাকা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা ও দলটির কর্মীরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলেও পথে পথে তাদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    এনসিপির নেতারা জানান, বিকেল চারটার কিছু আগে এনসিপির গাড়িবহর আটকে দেওয়া হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

    ওই বহরে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিবিসি বাংলাকে বলেন, ''আমরা আমাদের কর্মসূচি পালন করতে যাওয়ার পথে বিকেল ৫টা পর্যন্ত তিন জায়গায় আমাদের আটকে দেওয়া হয়েছে। প্রথমে পুলিশ দিয়ে, তারপর রাস্তায় ট্রাক আটকে চাকা পাংচার করে এবং সর্বশেষ রাস্তার ওপর ট্রাক্টর রেখে আটকে দেওয়া হয়েছে।''

    এই খবর লেখা পর্যন্ত গাড়ি বহর হবিগঞ্জ ঢোকার ঠিক আগে আটকা পড়ে রয়েছে বলেও জানান মি. পাটওয়ারী।

    শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুর রাজ্জাক বিবিসি বাংলাকে বলেন, “তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই গাড়ি বহর আটকে দেওয়া হয়েছিল। তারা আমাদের কথা শোনেনি। বহর শ্রীমঙ্গল পার হয়ে গেছে”।

    এদিকে, এই কর্মসূচিকে ঘিরে শ্রীমঙ্গলে ১৪৪ ধারা জারি করার কারণে বিকেল সাড়ে চারটায় হবিগঞ্জ সার্কিট হাউজে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল এনসিপি। তবে এখনও সেখানে পৌঁছাতে পারেনি দলটির নেতাকর্মীর।

    ওই বহরে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির সিনিয়র নেতারা।

    হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি জাহিদুল হক বিবিসি বাংলাকে জানান, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। মাঠে বিজিবি মোতায়েন রয়েছে। সেখানে ম্যাজিষ্ট্রেটও দায়িত্ব পালন করছে।

    শ্রীমঙ্গল এলাকায় পুলিশের বাধায় এনসিপির গাড়ি বহর

    ছবির উৎস, NCP MEDIA

    ছবির ক্যাপশান, শ্রীমঙ্গল এলাকায় পুলিশের বাধায় এনসিপির গাড়ি বহর
  12. বন্যা বিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা বেড়ে ৭৫

    আসামের শিবসাগরের ছবি

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, আসামের শিবসাগরের ছবি

    ভারতের বন্যা বিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ‘ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফর্মেশনম্যানেজমেন্ট সিস্টেমে’র (ডিআরআইএমএস) তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় শিবসাগরে সাতজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৭৫ জনে গিয়ে দাঁড়িয়েছে।

    এই রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে শিবসাগর ছাড়াও রয়েছে জোড়হাট, চরাইদেও, গোলাঘাট, নগাঁও, কামরূপ ও শোনিতপুর। একদিকে যেমন উদ্ধারের কাজ চলছে তেমনই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে সরকার।

    এখনো ৬২২টা গ্রামের মানুষ চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৪৫,৩৪১.৯৮ হেক্টর ফসলি জমি বন্যার জলের তলায় রয়েছে।

    শিবসাগরের নাজিরা বিধানসভার অন্তর্গত নেপালিকুটি এলাকা বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের একটি। গত ১৯শে জুলাই নিকটস্থ দিখৌ নদীর জল গ্রামে ঢুকে পড়ায় বহু মানুষ ভিটেহারা হন। খাদ্যশস্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি গবাদি পশুও স্রোতে ভেসে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

    কৃষ্ণ শর্মা নামে সেখানকার এক বাসিন্দা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, “এই বন্যায় আমাদের গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ি ভেসে গেছে, গবাদি পশু হারিয়ে গেছে। বহু পরিবার খাবার, আশ্রয় এবং জীবিকা হারিয়েছে।” তিনি জানিয়েছেন, পরে জলস্তর কিছুটা নেমে গেলেও কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।''

    ইতোমধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

  13. সেই তাসনিয়ার ভাই ও বাবার সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বুধবার তাসনিয়ার ভাই ও বাবার সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, বুধবার তাসনিয়ার ভাই ও বাবার সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তাসনিয়া হকের ছোট ভাই তাহসিন আব্দুল্লাহ ও তার বাবা নাজমুল হকের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    গত সোমবার ঢাকার আর্মি স্টেডিয়ামে জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী আয়োজনে তারেক রহমানের সাথে তাহসিনের একটি ছবি ছড়িয়ে পড়ে।

    পরে তাহসিনের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে সচিবালয়ের তাহসিন ও বাবা নাজমুল হকের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

    বিএনপি মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনার খোঁজখবর নেন।

    এসময় নাজমুল হক মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান দুর্ঘটনায় আহত নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে কথা বলেন।

    নাজমুল হক বিবিসি বাংলাকে বলেন, “প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের পক্ষ থেকে ওই দুর্ঘটনায় আহত নিহতদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে কথা বলেছি। তাকে পরিবারগুলোর পক্ষ থেকে এই দাবিগুলো নিয়ে এক চিঠিও প্রদান করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়টি দেখবেন।''

    উল্লেখ্য, গত ২০শে জুলাই মাইলস্টোনের বিমান দুর্ঘটনার দায় নিয়ে বিবিসি বাংলা একটি বিশেষ প্রতিবেদন প্রচার করে। ওই ঘটনায় তদন্ত কমিশনের গোপন রাখা প্রতিবেদনটি প্রকাশ্যে আনে বিবিসি বাংলা।

    একই সাথে আহত নিহতদের ক্ষতিপূরণ না পাওয়ার বিষয়গুলোও তুলে ধরা হয় প্রতিবেদনে। সেখানে নিহত অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিয়াদের পরিবারের বক্তব্যও তুলে ধরেছিল বিবিসি বাংলা।

  14. ভারতে পালিয়ে যাওয়ার আগে যশোরে আটক হলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, পুলিশ বলছে, 'ইমনের আলোচিত গোফ কেটে ফেলায় চিনতে পারছিল না পুলিশ'

    বুধবার ভোরে যশোর থেকে আটক হয় চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন

    ছবির উৎস, ZAHID HASAN

    ছবির ক্যাপশান, বুধবার ভোরে যশোর থেকে আটক হয় চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন

    চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার ভোর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি প্রাইভেট কার তল্লাশি করে তাকে আটক করে।

    আটকের পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন গোপন তথ্য ছিলো যশোর পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়।

    বুধবার ভোর রাতে কালো রঙের একটি প্রাইভেট কার সন্দেহ হলে তল্লাশি চালালে ইমনকে শনাক্ত করে পুলিশ। ইমনের আলোচিত গোফ কেটে ফেলায় পুলিশের চিনতে বেগ পেতে হয়।

    পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করেন তিনি চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। এসময় গাড়ির ভিতরে আরো তার তিন সহযোগীকেও আটক করা হয়।

    যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    ডেভিড ইমনের বিরুদ্ধে জোড়া খুন এবং চট্টগ্রাম ও দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে কোটি টাকা চাঁদা দাবির হামলাসহ অন্তত বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

  15. এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের সুযোগ ও ইসির অতিরিক্ত সচিবের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

    সিইসির সাথে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাপ পরওয়ার

    ছবির উৎস, RAKIB HASAN

    ছবির ক্যাপশান, সিইসির সাথে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাপ পরওয়ার

    স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া ও সদ্য নিয়োগকৃত নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

    বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    সিইসির সাথে বৈঠকে দলটি জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য ঘোষণায় নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া প্রশাসকদের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে তারা।

    সাংবাদিকদের জামায়াতের সেক্রেটারি মি. পরোয়ার বলেন, “রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তি সামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে রাজনৈতিক ব্যক্তির নিয়োগ যেকোন নির্বাচনকে নিরপেক্ষ করার ব্যাপারে অন্তরায় এবং বাধা। সামসুল আলম বিএনপির নির্বাচনী আসন পুননির্ধারণ কমিটির সদস্য ছিলেন, নিয়োগ বাতিল করতে হবে”।

  16. ১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

    মঙ্গলবারের হামলায় এনসিপি নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি

    ছবির উৎস, NCP MEDIA

    ছবির ক্যাপশান, মঙ্গলবারের হামলায় এনসিপি নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি

    মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে সেখানেই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এনসিপি। ওই কর্মসূচিতে যোগ দিতে এরই মধ্যে হবিগঞ্জের পথে রয়েছে দলটির নেতারা।

    মঙ্গলবার রাতে এনসিপি এই কর্মসূচি ঘোষণার পর একই স্থানে বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করায় হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

    তবে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও কর্মসূচি পালন করতে সেখানে যাচ্ছেন এনসিপির নেতারা।

    এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির সিনিয়র নেতারা।

    আর আগে থেকেই সেখানে আছেন নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

    এনসিপির মিডিয়া উপ কমিটির সদস্য ইয়াসির আরাফাত বিবিসি বাংলাকে জানান, কর্মসূচি পালনের উদ্দেশ্যে এনসিপি নেতারা এখন খুব কাছাকাছি রয়েছে।

    ১৪৪ ধারার মধ্যে কিভাবে কর্মসূচি পালন করবে এমন প্রশ্নের জবাবে মি. আরাফাত বলেন, ''আহ্বায়কসহ কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছানোর পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে''।

    মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র কর্মসূচি চলাকালে ও শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগ ওঠে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

    পরে কয়েকজন সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে। পরে পুলিশি অবরোধের পর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় হবিগঞ্জ ছেড়েছিলে।

    এরপরই বুধবার হবিগঞ্জে নতুন কর্মসূচি ঘোষণা করায় সেখানে ১৪৪ ধারা জারির পর জেলাটিতে কিছুটা উত্তেজনা বিরাজ করছে।

  17. গতকাল মঙ্গলবারের উল্লেখযোগ্য ঘটনাগুলো:

    • হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই এনসিপি নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। যদিও বিএনপি নেতারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
    • বাংলাদেশের বাজারে ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
    • ফরিদপুরের সদরপুরে রাস্তায় হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে ১০ মাস বয়সের একজন শিশু নিহত হয়েছে।
    • বাংলাদেশে চলমান গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এসময় দেশটির প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমকে ফোন করে তার সাথে কথাও বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং সেন্টারের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
    • কলকাতায় সিজেপির প্রতিবাদ মিছিলে সাংবাদিকদের নিগ্রহের ঘটনায় যে ১৬ জনকে আটক করেছিল পুলিশ, তাদের সবাইকে মঙ্গলবার জামিন দিয়েছে আদালত।
    • ঢাকার মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে অন্তত দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    • রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে নির্বাচনের জন্য ইসি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
    • রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ।
  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে