আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লেবানন- ইসরায়েলের ১০ দিনের যুদ্ধ বিরতি, নেতানিয়াহু ও আউনকে আমন্ত্রণ হোয়াইট হাউসে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে পরবর্তী আলোচনার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাচ্ছেন। লেবাননের প্রধানমন্ত্রী ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এদিকে, ইরানকে ‘বিচক্ষণতার সাথে সঠিক পথ’ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার ১৬ই এপ্রিলের উল্লেখযোগ্য খবর

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে পরবর্তী আলোচনার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাচ্ছেন।
    • মি. ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
    • হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
    • ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে ইসরায়েল ইরানের ওপর "আরও ভয়াবহ" হামলা চালাবে বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
    • ইরান সরকারকে ‘বিচক্ষণতার সাথে সঠিক পথ’ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। চলমান যুদ্ধ ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পেন্টাগনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন তিনি।
    • ইরানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাগের কালিবাফ। এ সময় তিনি বলেন, তেহরানের কাছে “ইরানে যুদ্ধবিরতির” সমান গুরুত্ব বহন করে “লেবাননে যুদ্ধবিরতি”।
    • যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার পর কোনো জাহাজই এই অবরোধ ভেঙে পার হতে পারেনি।
    • ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যে লক্ষ লক্ষ মানুষের নাম কাটা গেছে, তাদের ভোটাধিকার ফেরত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেশটির সুপ্রিম কোর্টের দেওয়া বুধবারের এক রায়ে।
    • পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। তবে দুই পক্ষের বৈঠকের বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
    • দক্ষিণ লেবাননের বিনত জুবাইল এলাকায় বুধবার হেজবুল্লাহর প্রায় ৭০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
    • যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
    • বিশ্বের সকল দেশে তেল–ডিজেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • বাংলাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছে দুইজন এবং হাম সন্দেহে বা হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছে।
    • জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী ও এনসিপির ১১ দলীয় জোট গণমিছিল, সভা-সমাবেশ, সেমিনারসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূলপাতায়...

  2. লেবানন- ইসরায়েলের ১০ দিনের যুদ্ধ বিরতি ঘোষণা,নেতানিয়াহু ও আউনকে আমন্ত্রণ হোয়াইট হাউসে

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে পরবর্তী আলোচনার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাচ্ছেন।

    মি. ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা যখন দিয়েছেন, এর পর পরই তিনি দেশ দুটির নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণের কথা জানালেন। তিনি এ-ও জানান, ১০ দিনের ওই যুদ্ধবিরতি শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে।

    তিনি ট্রুথ স্যোশালে লিখেছেন, দুই পক্ষই শান্তি দেখতে চায় এবং তা খুব শিগগিরই সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।

    এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, "আমি এইমাত্র লেবাননের অত্যন্ত শ্রদ্ধেয় প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে চমৎকার আলোচনা করেছি।

    "এই দুই নেতা সম্মত হয়েছেন যে, তাদের দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে তারা আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করবেন।"

    মি. ট্রাম্প আরও বলেন, "গত মঙ্গলবার, আমাদের প্রতিরক্ষামন্ত্রী মার্কো রুবিও'র উপস্থিতিতে ওয়াশিংটন ডি.সিতে এই দুই দেশ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসেছিল। একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অফ স্টেট রুবিও এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে একটি স্থায়ী শান্তির জন্য ইসরায়েল ও লেবাননের সাথে কাজ করার নির্দেশ দিয়েছি।"

    "বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল এবং এটি হবে আমার দশম। তাই চলুন, এটি সম্পন্ন করি" বলেন মার্কিন প্রেসিডেন্ট।

    এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

  3. ইসরায়েল ও লেবাননের নেতাদের মধ্যে আলোচনার কোনো সম্ভাবনা নেই

    লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলের সাথে কোনো আলোচনার বিষয়ে তারা অবগত নন।

    এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ কথা বলবেন। ইসরায়েলি মন্ত্রিসভার একজন সদস্যও একই কথা বলেছিলেন।

    তবে লেবাননের সরকারি সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, বর্তমানে দুই নেতার মধ্যে কোনো কথা হওয়ার সম্ভাবনা নেই।

    সূত্রগুলো বলছে, লেবাননের প্রেসিডেন্ট আউন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন, তিনি আলোচনা করবেন না।

    প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

    সম্ভবত ট্রাম্পকে ক্ষেপানোর ভয় থেকে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

    ইসরায়েলি সামরিক অভিযান চলাকালীন নেতানিয়াহুর সাথে কথা বলা প্রেসিডেন্ট আউনের জন্য হেজবুল্লাহ এবং লেবাননের সাধারণ জনগণের সাথে সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে।

    লেবাননের প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে আলোচনার পক্ষে থাকলেও যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

    তবে ইসরায়েল এখন পর্যন্ত লেবাননে তাদের সামরিক অভিযান বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে।

  4. ইরানকে ‘আরও ভয়াবহ’ হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

    ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে ইসরায়েল ইরানের ওপর "আরও ভয়াবহ" হামলা চালাবে বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

    "ইরান এখন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। এটি তাদের বেছে নেওয়ার সময়, ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সেতু নাকি বিচ্ছিন্নতা ও ধ্বংসের অতল গহ্বর" বলেন কাৎজ।

    তিনি আরও বলেন, ইরান যদি ধ্বংসের পথ বেছে নেয়, তবে তারা "খুব দ্রুতই টের পাবে" যে ইসরায়েল এখন পর্যন্ত যেসব জায়গায় হামলা চালায়নি, সেগুলো "এর আগে আক্রান্ত হওয়া জায়গাগুলোর চেয়েও অনেক বেশি স্পর্শকাতর হবে।"

    "সিদ্ধান্ত তাদের হাতে এবং এর পরিণামের দায়ভারও তাদেরই নিতে হবে" বলেন কাৎজ।

  5. ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের

    ইরান সরকারকে ‘বিচক্ষণতার সাথে সঠিক পথ’ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

    চলমান যুদ্ধ ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পেন্টাগনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন তিনি।

    তার সাথে সংবাদ সম্মেলনে ছিলেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

    ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম তারা জনসমক্ষে কথা বলেন।

    মি. হেগসেথ হুঁশিয়ারি দেন, ইরান যদি ভুল পথ বেছে নেয় এবং চুক্তিতে না আসে, তবে যুদ্ধ আবার শুরু করার মতো যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত শক্তি আছে।

    ইরান আর তাদের হারানো শক্তি ফিরে পাবে না বলেও উল্লেখ করেছেন মি. হেগসেথ।

    ইরানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ করে হেগসেথ বলেন, “আমরা আপনাদের ওপর নজর রাখছি।” তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সক্ষমতা এক নয় এবং এটি কোনো ‘সমান শক্তির লড়াই’ নয়।

    “আমরা দিন দিন আরও শক্তিশালী হচ্ছি। আপনারা আপনাদের বাকি লঞ্চার ও মিসাইলগুলো খুঁড়ে বের করছেন ঠিকই, কিন্তু সেগুলো নতুন করে তৈরি বা প্রতিস্থাপন করার ক্ষমতা আপনাদের নেই,” বলেন মি. হেগসেথ।

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে পুনরায় প্রস্তুত হচ্ছে বলে জানান তিনি।

    “আমাদের প্রেসিডেন্টের নির্দেশ এবং একটি মাত্র বোতামের চাপে আমরা যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে তৈরি,” বলেন মি. হেগসেথ।

    যুক্তরাষ্ট্র কীভাবে ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর করছে? সাংবাদিকদের এমন প্রশ্নে মি. হেগসেথ বলেন, ইরানের নিয়ন্ত্রণ ক্ষমতা আগের চেয়ে কমে গেলেও, যুদ্ধবিরতির জন্য তাদের আগ্রহ “খুবই বেশি”।

    তিনি আরো জানান, ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা এই যুদ্ধ থেকে দূরে আছে বলে মনে হচ্ছে। “তাদের পক্ষ থেকে এটি একটি ভালো সিদ্ধান্ত বলে আমরা মনে করি” বলেন মি. হেগসেথ।

    সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, গত ১৫ দিনে তিনি দুইবার মধ্যপ্রাচ্য সফর করেছেন।

    এই সময়ে মার্কিন বাহিনী তাদের “কৌশল, পদ্ধতি ও কার্যপ্রণালী” নতুন করে সাজাচ্ছে এবং সমন্বয় করছে বলে জানান তিনি।

  6. ‘লেবাননে যুদ্ধবিরতি ইরানে যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ’- বললেন ইরানি পার্লামেন্ট স্পিকার, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি ফার্সি

    ইরানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাগের কালিবাফ।

    এ সময় তিনি বলেন, তেহরানের কাছে “ইরানে যুদ্ধবিরতির” সমান গুরুত্ব বহন করে “লেবাননে যুদ্ধবিরতি”।

    কালিবাফ বলেন, “ইসলামাবাদে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আলোচনার সময় এবং তার পরেও” ইরান “শত্রুপক্ষকে বাধ্য করতে” গুরুত্বসহকারেচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তারা “স্থায়ী যুদ্ধবিরতি”তে সম্মত হয়।

    ইরানি গণমাধ্যম জানায়, তিনি আজ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেছেন।

    খবরে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আলোচনা চালিয়ে যেতে পাকিস্তানি প্রতিনিধি দল তেহরান সফর করেছে।

    যুদ্ধ শুরুর পর থেকে কালিবাফ ইরানের ক্ষমতাকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছেন। সাম্প্রতিক ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় তিনি ইরানি প্রতিনিধি দলের প্রধান ছিলেন।

    এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল বলেছেন, রোববার আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান “চলমান” রয়েছে।

    তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে তিনি কিছুনিশ্চিতকরেননি।

  7. পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়াদের ভোট দেওয়ার সম্ভাবনা দেখা দিল সুপ্রিম কোর্টের রায়ে

    ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যে লক্ষ লক্ষ মানুষের নাম কাটা গেছে, তাদের ভোটাধিকার ফেরত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেশটির সুপ্রিম কোর্টের দেওয়া বুধবারের এক রায়ে।

    এর আগে, নির্বাচনের আইন অনুযায়ী ভোটার তালিকা 'ফ্রিজ' করে দেওয়া হয়েছিল, যার ফলে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় যে লক্ষ লক্ষ মানুষের নাম প্রথমে 'বিবেচনাধীন' থেকে অবশেষে 'বাদ' চলে গিয়েছিল, তাদের এবছরের নির্বাচনে ভোট দানের কোনো সম্ভাবনা ছিল না।

    যদিও তালিকা থেকে বাদ পড়া ভোটারদের বিশেষ ট্রাইবুনালের কাছে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল।

    তবে আজকের রায়ে শীর্ষ আদালত বলেছে, ভোটগ্রহণের দুদিন আগেও যদি কোনও ভোটারের নাম ট্রাইবুনালে পাশ হয়, তবে তিনি ভোট দিতে পারবেন।

    ১৩ই এপ্রিল এসআইআর মামলার শুনানি হয়। সেই শুনানির ভিত্তিতে ১৬ই এপ্রিল রায় জানিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।

    এই নির্দেশের পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাদ পড়া ভোটারদের উদ্দেশ্যে ট্রাইব্যুনালে আবেদন করার আহ্বান জানিয়েছেন।

    তবে ট্রাইবুনালের পক্ষে লক্ষ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা সম্ভব কী না, কতজনের নামই বা ট্রাইবুনাল নিষ্পত্তি করতে পারবে, তা নিয়ে অনেকেরই সন্দেহ আছে।

  8. জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত তেলের দাম বাড়ানো হয়নি:প্রধানমন্ত্রী

    বিশ্বের সকল দেশে তেল–ডিজেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।

    বৃহস্পতিবার বিকেল চারটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছর পুরস্কারের জন্য মনোনীতদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

    জ্বালানি সংকটের মতো বৈশ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিক বলে জানান তিনি।

    "বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি। বিশ্বের সকল দেশে তেল–ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে। জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে" বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    অনুষ্ঠানের প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কারটি তার নাতনি জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে গ্রহন করেন।

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে’ সার্বিক অবদানের জন্য।

    খালেদা জিয়াসহ মরণোত্তর এই সন্মাননা পেয়েছেন সাতজন।

    এরা হলেন- মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল, সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী, সমাজ সেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরীন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান।

    এ বছর যে পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে মনোনীত করা হয়েছে তা হলো, মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসা বিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), জনসেবায় এসওএস শিশু পল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীনতা পুরস্কার পেয়েছে।

  9. ভারতের সংসদে ডিলিমিটেশন বিলের তীব্র বিরোধিতায় বিরোধীরা, আশ্বাস প্রধানমন্ত্রীর

    ১৬ই এপ্রিল সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন। বিতর্কিত ডিলিমিটেশন বিল-সহ আরও দুটি বিল নিয়ে আলোচনা করার জন্য ডাকা হয়েছে এই অধিবেশন।

    এই বিলের বিরোধিতা করেছে ইন্ডিয়া জোটের সদস্য দলগুলি। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস ও তামিলনাডুর শাসকদল দ্রাবিড়ার মুন্নেত্রা কাঝাগম বা ডিএমকে। বিরোধিতার সুরে সুর মিলিয়েছে কংগ্রেসও।

    তবে শুক্রবার ১৭ই এপ্রিল ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি শুরুর আগে ১৬ ঘণ্টা ধরে সংসদে আলোচনা চলবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই বিলের সমর্থনে কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    কংগ্রেস নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ বিলের সমর্থন করলেও এর সঙ্গে ডিলিমিটেশন বিলকে জুড়ে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কংগ্রেস নেতা কে সি বেণুগোপালের আপত্তি উড়িয়ে অমিত শাহ বলেন, "মহিলাদের সংরক্ষণকে পূর্ণতা দিতেই দুটি বিল একসঙ্গে আনা হয়েছে।"

    অন্যদিকে ডিলিমিটেশন বিলের সমর্থনে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের অভিযোগ ছিল এই বিল পাশ হলে কয়েকটি রাজ্যই বাড়তি সুবিধা পাবে। হিন্দিভাষী নয়, এমন রাজ্যগুলি সমস্যায় পড়বে।

    এ দিন প্রধানমন্ত্রী সংসদে বলেন, "দেশের কোনও অঞ্চলকেই বঞ্চিত রাখা হবে না।" ছোট ও বড় রাজ্যগুলির মধ্যে ভেদাভেদ করা হবে না ও রাজ্যগুলির মধ্যে আসনের অনুপাত একই থাকবে বলেও জানিয়েছেন তিনি।

    যদিও প্রধানমন্ত্রীর আশ্বাসে খুশি নন বলেই জানিয়েছেন কংগ্রেসের সংসদ সদস্য কেসি বেণুগোপাল। তিনি বলেন, "প্রধানমন্ত্রী সন্তর্পণে মুখ্য সমস্যাগুলো এড়িয়ে যাচ্ছেন।"

  10. ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননকে সংযোগকারী সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে:লেবাননি কর্মকর্তা

    দক্ষিণ লেবাননের সাথে দেশের বাকি অংশের সাথে সংযোগকারী সর্বশেষ সেতুটি ইসরায়েলি হামলায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

    লেবাননের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্স নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।

    লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, টায়ার এলাকার সাথে সিডনের সংযোগকারী কাসমিয়া সেতুটি পরপর দুটি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

    এর আগে ইসরায়েল জানিয়েছিল, হেজবুল্লাহ যাতে লেবাননের রাষ্ট্রীয় অবকাঠামো ব্যবহার করতে না পারে, সেজন্য তারা ওই দেশটির বিভিন্ন সেতুতে হামলা চালাচ্ছে।

  11. লেবাননে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়

    লেবাননে ইসরায়েলি হামলার সবশেষ কিছু ছবি।

    লিটানি নদীর ঠিক উত্তরে অবস্থিত প্রায় ৪০ হাজার জনসংখ্যার শহর নাবাতিয়েহতে একটি হামলার পর ধোঁয়া উড়তে দেখা গেছে।

    এদিকে উপকূলের কাছের শহর কাসমিয়েহতে হামলার পর সাধারণ মানুষ ধ্বংসলীলা পর্যবেক্ষণ করেছেন।

    লেবাননের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তার মতে, এই হামলার ফলে দক্ষিণ লেবাননের সাথে দেশের বাকি অংশের সংযোগের সর্বশেষ সেতুটি বিচ্ছিন্ন হয়ে গেছে।

  12. পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক

    পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।

    তবে দুই পক্ষের বৈঠকের বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

    কালিবাফ গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

    আসিম মুনির গতকাল উচ্চপর্যায়ের এক রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছান।

    ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইরানের সংবাদ মাধ্যমে জানানো হয়, তিনি সেখানে “আমেরিকার বার্তা এবং আলোচনার দ্বিতীয় দফার পরিকল্পনা” পৌঁছে দিতে এসেছেন।

    সফরের অংশ হিসেবে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও বৈঠক করেছেন।

  13. দক্ষিণ লেবাননে হেজবুল্লাহর ৭০টি স্থাপনা ধ্বংস করার দাবি ইসরায়েলের

    দক্ষিণ লেবাননের বিনত জুবাইল এলাকায় বুধবার হেজবুল্লাহর প্রায় ৭০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    টেলিগ্রামে দেওয়া এই বিবৃতিটি এমন এক সময়ে দেওয়া হলো, যখন গতকাল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ওই এলাকায় হেজবুল্লাহর "প্রধান ঘাঁটি নির্মূল করার দ্বারপ্রান্তে" রয়েছে।

    বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে রাতভর চালানো একটি ড্রোন হামলা প্রতিহত করেছে তারা।

    আইডিএফ আরো জানিয়েছে, ইসরায়েলি নৌ-বাহিনীর ক্রুরা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে।

    "যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা দেশের আকাশ রক্ষায় এখন পর্যন্ত প্রায় ৪০টি প্রতিরক্ষামূলক অভিযানে অংশ নিয়েছে।"

  14. গণমিছিল-সমাবেশের কর্মসূচি ঘোষনা করল জামায়াত ও এনসিপির ১১ দলীয় জোট

    জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী ও এনসিপির ১১ দলীয় জোট গণমিছিল, সভা-সমাবেশ, সেমিনারসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

    এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    এই সংবাদ সম্মেলনের আগে এগারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে এক বৈঠকে এসব কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেন।

    মি. পরওয়ার জানান, “আগামী ১৮ই এপ্রিল থেকে দোসরা মে পর্যন্ত প্রত্যেকটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে। এই কর্মসূচির পর বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।”

    তিনি জানান, ১৮ই এপ্রিল ঢাকায় গণমিছিল করবেন তারা। পরদিন থেকে দোসরা মে পর্যন্ত ১২টি সিটি করপোরেশন ও বিভাগীয় শহরগুলোতে সমাবেশ, সেমিনার ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা বেদনার সাথে দেখতে পাচ্ছি, গণভোটের গণরায় কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার বাস্তবায়ন করছে না, বরং তার থেকে সোজা ইউটার্ন করে নানা অজুহাত তুলে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে।”

  15. ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ এখনো চূড়ান্ত হয়নি: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

    যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

    বৃহস্পতিবার তিনি আরো জানান, দুই দেশের মধ্যে আলোচনার বিষয়বস্তুর মধ্যে পরমাণু ইস্যুটিও রয়েছে।

    এদিকে, ইরানের একজন সিনিয়র কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান ও যুক্তরাষ্ট্র অগ্রগতি অর্জন করেছে।

    কিন্তু তেহরানের পরমাণু কর্মসূচিসহ বেশ কিছু বিষয়ে এখনো বড় ধরনের মতভেদ রয়ে গেছে।

    ওই কর্মকর্তা আরো জানান, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের দূরত্ব রয়ে গেছে।

    ওই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরো জানিয়েছে, গতকাল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফর কিছু ক্ষেত্রে এই মতভেদ কমাতে সাহায্য করেছে। যুদ্ধবিরতির সময় বাড়ানো এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আবার আলোচনা শুরু করার বিষয়ে সহায়তা করেছে তার এই সফর।

  16. হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু

    বাংলাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছে দুইজন এবং হাম সন্দেহে বা হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছে।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে জানানো হয়, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। আর ওই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৭২ জন মারা গেছেন।

    ১৫ই এপ্রিল সকাল আটটা থেকে ১৬ই এপ্রিল সকাল আটটা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল এক হাজার ১৯১ জন। আর ওই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯২ জন।

  17. লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে 'কথা বলবেন' ইসরায়েলি প্রধানমন্ত্রী

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন দেশটির মন্ত্রিসভার একজন সদস্য।

    ইসরায়েলি আর্মি রেডিওতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সদস্য গিলা গামলিয়েল এ কথা জানিয়েছেন।

    এর আগে, মার্কিন সময় বুধবার রাতে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ একটি পোস্টে লিখেছেন, ইসরায়েল ও লেবাননের নেতারা ‘আগামীকাল’ (অর্থাৎ আজ) কথা বলবেন।

    তবে বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলের সাথে হতে যাওয়া যোগাযোগের বিষয়ে তারা অবগত নন।

  18. হরমুজ প্রণালিতে ইরানকে ঘিরে নৌ অবরোধে ১০টি জাহাজ ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার পর কোনো জাহাজই এই অবরোধ ভেঙে পার হতে পারেনি।

    মার্কিন বাহিনীর ভাষ্য, ইরানের উপকূলে যাতায়াতকারী জাহাজগুলোকে তারা আটকাবে বা ফিরিয়ে দেবে; তবে ইরান ছাড়া অন্য দেশগুলোর জন্য যাতায়াতকারী জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে।

    গত রাতের এক হালনাগাদ তথ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, “সোমবার যুক্তরাষ্ট্রের অবরোধ শুরুর পর এখন পর্যন্ত ১০টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজই অবরোধ ভেঙে যেতে পারেনি।”

    ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য জাহাজগুলোর কাছ থেকে ইরান যে অর্থ আদায় করতে চাইছিল, তা বন্ধ করে দেশটির ওপর চাপ সৃষ্টি করা এবং একই সঙ্গে ইরানের তেল রপ্তানি কমিয়ে দেওয়া।

    ইরান এই অবরোধকে ‘দস্যুতা’ বলে আখ্যা দিয়েছে এবং এর প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগর, ওমান উপসাগর ও লোহিত সাগরে নৌ চলাচল লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুধবার জানায়, “ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ বন্দর আব্বাস (ইরান) ছাড়ার পর মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করেছিল… গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স সফলভাবে জাহাজটিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়।”

  19. লেবাননে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত, ‘জরুরি’ সহায়তার আহ্বান জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধানের

    লেবাননের জন্য “জরুরি সহায়তা ও ত্রাণ” দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান বারহাম সালিহ।

    সংঘাতের কারণে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা লেবাননের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ। সালিহ এই পরিস্থিতিকে “অভূতপূর্ব” বলে বর্ণনা করেছেন।

    এএফপি বার্তা সংস্থার খবরে বলা হয়, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বৈঠকের পর সালিহ বলেন, “লেবানন বারবার সহিংসতার চক্রে আটকে থাকতে পারে না; দেশটির প্রয়োজন সমর্থন ও স্থিতিশীলতা”।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দোসরা মার্চ থেকে ইসরায়েলি হামলায় দুই হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

    ইসরায়েল বলছে, লেবাননে তাদের অভিযান ইরান-সমর্থিত হিজবুল্লাহকে দুর্বল করা এবং সীমান্ত পেরিয়ে আসা রকেট হামলাসহ বিভিন্ন আক্রমণ থেকে নিজেদের নাগরিকদের সুরক্ষার লক্ষ্যেই পরিচালিত।

  20. ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের

    হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

    তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করাও সুরক্ষিত রাখা উচিত, আবার একই সঙ্গে এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।

    তিনি বলেন, প্রণালিটি উন্মুক্ত রাখার বিষয়ে সর্বসম্মত আগ্রহ রয়েছে।

    ওয়াং ই আরও বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফেরার পক্ষে চীন সমর্থন দিচ্ছে।