মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভরত রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে জোর করে সরিয়ে দিয়েছে পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভরত বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ ইয়াদবকে দিল্লি পুলিশ আটক করে। কিছুক্ষণ পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা চার মাসের ব্যবধানে আটশোর কাছাকাছি পৌঁছেছে।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভরত বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ ইয়াদবকে দিল্লি পুলিশ আটক করে। কিছুক্ষণ পরে অবশ্য অন্যত্র নিয়ে গিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
    • আলোচনায় বসতে ইরান মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • নিজেদের পানি শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্রে ইরান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েত। গত চার দিনের মধ্যে চতুর্থবারের মতো এই ধরনের হামলার ঘটনা ঘটলো।
    • ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লির কিষাণ ঘাটে পাঞ্জাব, হরিয়ানা এবং কয়েকটি অন্যান্য রাজ্যের কৃষকদের যে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল, তাতে যোগ দিতে হাজার হাজার কৃষক ভারতের রাজধানীর দিকে রওনা দিয়েছিলেন। তবে প্রশাসন তাদের আটকে দেয়।
    • বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা চার মাসের ব্যবধানে আটশোর কাছাকাছি পৌঁছেছে।
    • রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দুই একদিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
    • ২০২৭ সালের জন্য নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। যেখানে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা খরচ করতে হবে।
    • জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে কাতারের ভূখণ্ডে হামলার জন্য ইরানকে দায়ী করেছে কাতার সরকার। একই সঙ্গে এতে সব ধরনের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে।
    • বাহরাইনে মার্কিন কোম্পানি অ্যামাজনের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে পুলিশ

    ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করার সময় আটক করার পর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে পুলিশ।

    ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে জোর করে ধরে আনার পর রাহুল গান্ধীকে ছত্রাশাল স্টেডিয়ামে নিয়ে আসা হয়েছিল। একটি গাড়িতে করে তাকে সেখান থেকে চলে যেতে দেখা গেছে।

    অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের পর মন্দির মার্গ পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই সেখানে হাজির হন কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। কিছুক্ষণ পরে প্রিয়াঙ্গা গান্ধীকে সেই পুলিশ স্টেশন থেকে চলে যেতে দেখা যায়।

    সেই সাথে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ ইয়াদবকেও আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। তিনি সাংবাদিকদের বলেন, ''সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। যেভাবে তাদের মারধর করা হয়েছে, জামাকাপড় ছেড়েছে, সেটা গণতান্ত্রিক সরকারের আচরণ নয়। আমরা বিষয়টি হাউজে তুলবো।''

  3. ভারতের উত্তরাখণ্ডে পুলিশের মুখোমুখি চাকরির দাবিতে আন্দোলনকারীরা

    দেরাদুনে বিপুল সংখ্যক যুবক রাস্তায় নেমে আসে

    ছবির উৎস, Asif Ali

    ছবির ক্যাপশান, দেরাদুনে বিপুল সংখ্যক যুবক রাস্তায় নেমে আসে

    ভারতের উত্তরাখণ্ডে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং স্থগিত থাকা নিয়োগ পরীক্ষাগুলোর ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ হয়েছে।

    মঙ্গলবার উত্তরাখণ্ড বেকার সংঘের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক তরুণ প্যারেড গ্রাউন্ডে জড়ো হন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

    বিক্ষোভকারীদের বাধা দিতে সচিবালয়ের আগে ব্যারিকেড তৈরি করে পুলিশ। এ সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

    বিক্ষোভকারীদের বক্তব্য, উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং উত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশনের অনেক পদের নিয়োগ বিজ্ঞপ্তি দীর্ঘদিন ধরে প্রকাশ করা হয়নি।

    তাদের অভিযোগ, কিছু নিয়োগ পরীক্ষার ফলাফলও আটকে আছে, যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া তরুণদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    উত্তরাখণ্ড বেকার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুরজ পওয়ার অভিযোগ করেন যে, সরকার কর্মসংস্থান দেওয়ার নানা দাবি করলেও সেগুলো মাসের পর মাস ঝুলে আছে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না।

    নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা এবং আটকে থাকা ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে রাজ্যের যুবসমাজ এখন রাজপথে নামতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    বিক্ষোভ নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়

    ছবির উৎস, Asif Ali

    ছবির ক্যাপশান, বিক্ষোভ নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়
  4. 'ইরান আলোচনার জন্য আকুতি জানাচ্ছে': দাবি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    আলোচনায় বসতে ইরান মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যুক্তরাষ্ট্র সফররত লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "তারা (ইরান) যুদ্ধ শেষ করার জন্য মরিয়া হয়ে সংলাপ চাচ্ছে, নতুবা তারা ধ্বংস হয়ে যাবে।"

    "তারা আমাদের সাথে দেখা করার জন্য মরিয়া, কিন্তু অর্থপূর্ণ কোনো বৈঠক না চাইলে আমরা এতে আগ্রহী নই," বলেন ট্রাম্প।

    সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথিদের নৌ অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুথিরা যদি সৌদি বন্দরগুলো বন্ধ করে দেয়, তবে যুক্তরাষ্ট্র এই সমস্যার সমাধান করবে।

    এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এর সঙ্গে বৈঠকে লেবাননকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।

  5. নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ ইয়াদব আটক

    প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে থেকে রাহুল গান্ধীকে আটক করে পুলিশ

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে থেকে রাহুল গান্ধীকে আটক করে পুলিশ

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভরত বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ ইয়াদবকে দিল্লি পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা সুমেধা পাল।

    মঙ্গলবার বিকেলে ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ শুরু করেন।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন তারা।

    কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া জানিয়েছেন, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে এবং তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানেন না।

    এর আগে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভকারী রাহুল গান্ধী এবং অন্যান্য কংগ্রেস নেতাদের সাথে দেখা করেন। বৈঠকের পর তিনি এক্স-এ এই ঘটনা নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন।

    জিতেন্দ্র সিং দাবি করেছেন যে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং পরে কথা থেকে সরে এসেছেন।

    একই সাথে কংগ্রেস দল বলেছিল যে শিক্ষার্থী ও যুবসমাজ বিচার না পাওয়া পর্যন্ত দলের নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে সরবেন না।

    কংগ্রেস বলেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার বাসভবন থেকে বেরিয়ে আসতে হবে।

    বর্তমানে জিতেন্দ্র সিংয়ের দাবির বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    ৭ লোক কল্যাণ মার্গে উপস্থিত বিবিসি প্রতিনিধি সুমেধা পাল জানিয়েছেন যে বিক্ষোভস্থলে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ ইয়াদবকে আটক করা হয়েছে।

    লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সোশাল মিডিয়া এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেস এমপিদের বিক্ষোভের কথা জানিয়েছিলেন।

    তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে জবাব চাইতে আমরা প্রধানমন্ত্রী মোদীর বাড়ির দিকে পদযাত্রা করেছি।"

    "সরকার কোনো দায়বদ্ধতা নিতে বা সংসদে এ নিয়ে বিতর্ক করতে চায় না। ভারতের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।"

    কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও দলের সংসদ সদস্যদের নিয়ে বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন।

    তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে কংগ্রেস দল পাশে রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ধর্নায় বসেছি।"

    "এই কাপুরুষ একনায়কতন্ত্র সরকারকে লাঠিচার্জ ও শক্তি প্রয়োগের জবাব দিতে হবে। মোদী-শাহ আমাদের যুবসমাজের কাছে অপরাধী, তাদের পদত্যাগ করতে হবে।"

    এই সময় পুলিশ পাঞ্জাব কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নি এবং সুখজিন্দর সিং রানধাওয়াকে আটক করে।

    চান্নি গণমাধ্যমকে বলেন, "এটি বিজেপির সন্ত্রাসবাদ। তারা শিক্ষার্থীদের কথা শুনছে না।"

    রাহুল গান্ধীসহ বিক্ষোভরত কংগ্রেস নেতারা নিজেদের দড়ি দিয়ে বেঁধেছেন।

    এদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 'ককরোচ জনতা পার্টি' বা সিজেপি-র প্রতিবাদ কর্মসূচি যন্তর মন্তরে অব্যাহত রয়েছে।

  6. কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলা

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ তুলেছে ইরান

    ছবির উৎস, Handout Photo by Morteza Akhoundi via Getty Images

    ছবির ক্যাপশান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ তুলেছে ইরান

    নিজেদের পানি শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্রে ইরান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েত। গত চার দিনের মধ্যে চতুর্থবারের মতো এই ধরনের হামলার ঘটনা ঘটলো।

    কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, "কুয়েত সরকারের ওপর ইরানের ধারাবাহিক জঘন্য আগ্রাসনের প্রেক্ষিতে, টানা চতুর্থ দিনের মতো বেশ কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পানি শোধন কেন্দ্রে হামলা চালানো হয়েছে, যার ফলে সেগুলোর বেশ কয়েকটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।"

    এর আগে ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি জানিয়েছিল যে, তারা কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে।

    ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দশম দফার হামলার পরপরই এই হামলাগুলো চালানো হয়।

  7. পাঞ্জাবের প্রতিবাদী কৃষকরাও দিল্লি অভিমুখে

    দিল্লির কাছে শামভু সীমান্তে কৃষকদের ঠেকাতে পুলিশের কড়া ব্যবস্থা

    ছবির উৎস, BBC PUNJABI

    ছবির ক্যাপশান, দিল্লির কাছে শামভু সীমান্তে কৃষকদের ঠেকাতে পুলিশের কড়া ব্যবস্থা

    ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লির কিষাণ ঘাটে পাঞ্জাব, হরিয়ানা এবং কয়েকটি অন্যান্য রাজ্যের কৃষকদের যে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল, তাতে যোগ দিতে হাজার হাজার কৃষক ভারতের রাজধানীর দিকে রওনা দিয়েছিলেন।

    ট্রাক্টরে চেপে তারা দিল্লির দিকে রওনা দেন দু'তিনদিন আগে থেকেই, যা কয়েক বছর আগে দিল্লি সীমান্ত অচল করে দেওয়া কৃষক বিক্ষোভের কথা মনে করিয়ে দিয়েছিল।

    'দেশ বাঁচাও মোর্চা'-র ব্যানারে কৃষকেরা এই কর্মসূচির ডাক দিয়েছিলেন। তবে পাঞ্জাব থেকে আসা কৃষকদের দিল্লির কাছে শমভু সীমান্তেই আটকে দেওয়া হয়।

    পরে হরিয়ানার কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সরকারের তরফে আশ্বাস পেয়ে কৃষকেরা আপাতত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাদের অনেকে ইতিমধ্যেই ফিরতে শুরু করেছেন বলেও জানা যাচ্ছে।

    এই বিক্ষুব্ধ কৃষকদের আশঙ্কা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরূপ প্রভাব কৃষি, দুগ্ধশিল্পসহ কৃষিভিত্তিক বিভিন্ন ক্ষেত্রেও পড়বে, যা কৃষকদের স্বার্থের পরিপন্থী হতে পারে।

    তবে ভারত সরকার দাবি করছে, অন্তর্বর্তীকালীন এই চুক্তির ফলে কৃষকরা তো বটেই, কোনও শ্রেণি-পেশার ভারতীয়দেরই স্বার্থ ক্ষুণ্ণ হবে না।

    'দেশ বাঁচাও মোর্চা' কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি-সংক্রান্ত সমস্ত নথি জনসমক্ষে প্রকাশ করতে হবে।

    পাশাপাশি কৃষক, শ্রমিক, দুগ্ধ উৎপাদক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে বিস্তারিত আলোচনা না করে কোনও চুক্তি স্বাক্ষর করা যাবে না।

  8. সংসদ সদস্যের ভিডিও ভাইরালের ঘটনায় জামায়াতের বিবৃতি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami/FB

    ছবির ক্যাপশান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

    সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

    বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর প্রচারের প্রেক্ষিতে মঙ্গলবার এ নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের দেওয়া ওই বিবৃতিতে, প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

    গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

    সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    ছড়িয়ে পড়া ভিডিওতে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরার শ্যামনগরের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়।

  9. দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা আটশোর কাছাকাছি

    ঢাকার সরকারি হাসপাতাল গুলোর হাম ওয়ার্ড এখনও রোগিতে পরিপূর্ণ

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকার সরকারি হাসপাতাল গুলোর হাম ওয়ার্ড এখনও রোগিতে পরিপূর্ণ (ফাইল ছবি)

    বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা চার মাসের ব্যবধানে আটশোর কাছাকাছি পৌঁছেছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের মৃত্যুর পর এই রোগের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭৯৭ জনে দাঁড়িয়েছে।

    চলতি বছরের ১৫ই মার্চ থেকে ২১শে জুলাই সকাল আটটা পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৭০২ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

    এছাড়া হামের উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

  10. শাপলা চত্বর হত্যাকাণ্ড: দুই-একদিনের মধ্যে অভিযোগপত্র জমা

    সংবাদ সম্মেলনে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

    রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দুই একদিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

    মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

    এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন যে, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ৬১ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

    এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হওয়া সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোজাফ্ফর হোসেনকে নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর।

    তিনি জানান, “আগামী ২৩ তারিখে দশটার মধ্যে তাকে আদালতে হাজির করার জন্যে সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেলের বরাবর একটি প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে ট্রাইবুনালে আনা হলে আমরা তাকে শ্যেন অ্যারেস্টের আবেদন করবো।”

  11. ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে কাতার

    কাতারের পতাকা

    ছবির উৎস, Getty Images

    জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে কাতারের ভূখণ্ডে হামলার জন্য ইরানকে দায়ী করেছে কাতার সরকার। একই সঙ্গে এতে সব ধরনের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ করেছে।

    চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ৭ই জুলাই হরমুজ প্রণালির কাছে একটি কাতারি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করে ইরান। এরপর ১২ই এবং ১৭ই জুলাই দেশটির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা।

    কাতারের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১২ই জুলাইয়ের হামলায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় গিয়ে পড়ে। এতে এক শিশুসহ তিনজন আহত হন।

    বিবৃতিতে কাতারি ভূখণ্ডে " ইরানের আগ্রাসনকে" দেশটির জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার জন্য প্রত্যক্ষ হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে।

    কাতার জানিয়েছে যে, "নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং নাগরিকদের জীবন রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবে না।"

    অন্যদিকে ইরান জানিয়েছে, আঞ্চলিক দেশগুলোতে তাদের হামলা মূলত সেখানে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও বাহিনীকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

  12. হজে যেতে কমল বিমান ভাড়া, নতুন প্যাকেজে আরও যা থাকছে

    হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

    ২০২৭ সালের জন্য নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। যেখানে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

    আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা খরচ করতে হবে।

    মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

    ধর্মমন্ত্রী জানান, এ বছরের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। যেখানে সাশ্রয়ী প্যাকেজে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর উন্নত সুবিধার প্যাকেজে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে।

    সরকারি দুই প্যাকেজেই বাংলাদেশ-সৌদি আরব-বাংলাদেশ রুটে যাওয়া-আসার বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা ধরা হয়েছে।

    এছাড়া প্রশাসনিক ব্যয়, প্রশিক্ষণ, কল্যাণ তহবিল, স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যয়সহ অন্যান্য নির্ধারিত খরচ প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে।

    মন্ত্রী জানান, সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজের হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে এক হাজার থেকে এক হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন।

    বেসরকারি ব্যবস্থাপনায় অনুমোদিত হজ এজেন্সিগুলো সরকার নির্ধারিত সাধারণ প্যাকেজ অনুসরণ করবে। এছাড়া অতিরিক্ত সুবিধা সংযোজন করে সর্বোচ্চ তিনটি বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে বলেও জানান মন্ত্রী।

    ২০২৭ সালের হজের নিবন্ধন ২৪শে সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হবে। হজে যাওয়ার জন্য ২০২৭ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে বলেও জানান মন্ত্রী।

  13. সিকিমে নির্মীয়মাণ টানেল ধসে অন্তত আটজন শ্রমিকের মৃত্যু

    উদ্ধার হওয়া শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

    ছবির উৎস, Namchi District Admin

    ছবির ক্যাপশান, উদ্ধার হওয়া শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

    সিকিমের নামচি জেলার সামারডুং-এ নির্মীয়মাণ টানেলের একাংশ ধসে পড়ায় বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন। এখনো পর্যন্ত সেখান থেকে আটজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই টানেল এনএইচপিসি-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের অংশ।

    নামচি জেলার ডেপুটি কমিশনার অনুপ তামলিং দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টা নিশ্চিত করে জানিয়েছেন যে, টানেলের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন। সোমবার টানেলের একটি অংশ ধসে পড়ে এবং এর ফলে প্রবেশপথ বন্ধ হয়ে যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে টানেলে গ্যাস লিক হওয়ার কারণে উদ্ধারের কাছে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।

    অনুপ তামলিং বিবিসি নিউজ হিন্দিকে বলেছেন, “সংশ্লিষ্ট দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, টানেলের ভেতরে অন্তত ২৫ জন আটকিয়ে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ভেতরে আটকিয়ে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে এবং তাদের নিরাপদে বের করে আনার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে।"

    অনুপ তামলিং জানিয়েছেন আটকিয়ে পড়া শ্রমিকরা টানেলের বেশ ভেতরে রয়েছেন এবং সেখানে অক্সিজেনের অভাব ও গ্যাস লিকের সমস্যা রয়েছে।

  14. বাহরাইনে অ্যামাজনের অবকাঠামোয় হামলার দাবি আইআরজিসির

    বাহরাইনে মার্কিন কোম্পানি অ্যামাজনের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।

    তাদের বিবৃতিতে বলা হয়, বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বাহরাইনে মার্কিন কোম্পানি অ্যামাজনের ‘কেন্দ্রীয় ডেটা অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে আইরআরজিসি এবং সেটি ‘ধ্বংস’ করেছে।

    আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্রের দারখুয়েন পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে।

    বাহরাইনের কর্তৃপক্ষ এখনো এ খবর নিশ্চিত করেনি।

  15. কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন রাডার, প্রতিরক্ষা ব্যবস্থা এবং এফ-১৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

    এফ-১৫ যুদ্ধবিমান, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, এফ-১৫ যুদ্ধবিমান, প্রতীকী ছবি

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনের আল-মুহাররাক ও আল-রিফা অঞ্চলে মার্কিন রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালিয়েছে।

    এছাড়া কুয়েতে অন্তত তিনটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলাও দাবি করেছে তারা।

    আইআরজিসির জনসংযোগ বিভাগ বলেছে, ওই অঞ্চলে মার্কিন রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধারাবাহিকতায় তারা জর্ডানে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান তার হ্যাঙ্গারের ভেতরেই ধ্বংস করেছে।

    গতকাল নিউ ইয়র্ক টাইমস এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, গত সপ্তাহে জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় কয়েক ডজন সেনা আহত হয়েছেন এবং কয়েকটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কয়েক ঘণ্টা আগে পেন্টাগন নিশ্চিত করেছে যে, গত দুই সপ্তাহে অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলায় ইরান প্রায় ১০০ জন মার্কিন সামরিক সদস্যকে আহত করেছে।

    ১৭ই জুলাই জর্ডানে ইরানের হামলায় দুই জন মার্কিন সেনাসদস্যের মৃত্যুও হয়েছে।

  16. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা:

    • রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা। মতবিরোধ থাকলেও তাদের মধ্যে বিভেদ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
    • বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের চেয়ে কমে দুই দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে।
    • জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা।
    • স্যার কিয়ের স্টারমারের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি বার্নহাম। সোমবার লেবার পার্টির এই নেতাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।
    • ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে খলিল আল হায়াহকে নির্বাচিত করেছে।
    • বাংলাদেশে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • ইরানে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার শিরাজের উত্তর-পশ্চিম দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র সেখানে বিমান হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
    • সরকার নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশের পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা 'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন' (বিএসটিআই)। নতুন করে অনুমোদন না পাওয়া পর্যন্ত ওইসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
    • ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। সোমবার এক বিবৃতি নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
    • দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচটি শিশু মারা গেছে। এছাড়া বিভিন্ন জেলায় নতুন করে আরও এক হাজার ৬৯টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে