আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশে চার খাতে বাড়তি ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেসব মানদণ্ড রয়েছে সেগুলো পূরণ করতে পারলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।ইরানের ওপর হামলা না চালানোর ঘোষণা দেওয়ার একদিন পরেই লেবাননের একটি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। দিনের প্রধান খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারাল বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল ম্যাথডে অজিদেরকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা।

    মঙ্গলবার মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ।

    দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে তোলেন তানজিদ হাসান এবং নাজমুল হোসেন শান্ত, দুজনেই করেন অর্ধশতক। আর ৮৬ রানের দূর্দান্ত ইনিংস খেলেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন।

    সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

    ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে টিম অস্ট্রেলিয়া। বাংলাদেশের দ্রুতগতির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতীতে উইকেট হারায় অজিরা।

    অস্ট্রেলিয়া ৪২ ওভারে নয় উইকেট হারিয়ে ১৯১ রান করার পর ম্যাচে বৃষ্টি হানা দেয়। পরে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ।

    বাংলাদেশের হয়ে নাহিদ রানা চারটি এবং মুস্তাফিজ ও মোসাদ্দেক দুটি করে উইকেট নেন।

  2. মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশে চার খাতে বাড়তি ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে জ্বালানি নিয়ে অস্থিরতার কারণে ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি। অর্থমন্ত্রী বলেন, “ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সরকারের ভর্তুকি ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।''

    মন্ত্রী বলেন, “প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুন মাস পর্যন্ত শুধু এই চার খাতেই অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকার ভর্তুকি প্রয়োজন হতে পারে।”

    তিনি জানান, অতিরিক্ত ভর্তুকির মধ্যে তেল খাতে প্রায় ১০ হাজার ২৫৮ কোটি টাকা, গ্যাস খাতে ১১ হাজার ১৭০ কোটি টাকা, বিদ্যুৎ খাতে ১৯ হাজার ৮২১ কোটি টাকা এবং সার খাতে ১ হাজার ৩৫০ কোটি টাকা প্রয়োজন হতে পারে।

    এছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতা বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহের ওপরও ঝুঁকি তৈরি করতে পারে বলেও জানান অর্থমন্ত্রী।

  3. ওমান উপকূলে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সেন্টকমের বিবৃতি

    ওমান উপকূলে মার্কিন সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার, অ্যাপাচি এএইচ- ৬৪ বিধ্বস্তের ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

    বিবৃতিতে বলা হয়েছে, "গতকাল সোমবার ইস্টার্ন টাইম সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাটাক হেলিকপ্টার ওমান উপকূলে বিধ্বস্ত হওয়ার পর মার্কিন বাহিনী এর দুই পাইলটকে সফলভাবে উদ্ধার করেছে।"

    সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় সেন্টকম জানায়, হেলিকপ্টারটি "আঞ্চলিক জলসীমায় টহল দেওয়ার সময়" এই দুর্ঘটনার কবলে পড়ে।

    সেন্টকমের তথ্য অনুযায়ী, "উদ্ধার অভিযানটি সফল হয়েছে এবং প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর দুই পাইলটকে পানি থেকে নিরাপদে উদ্ধার করা হয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।"

    দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে সেন্টকম। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

    এর আগে, এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান যে, হেলিকপ্টারের দুই পাইলটই নিরাপদে আছেন এবং কেউ আহত হননি।

  4. তৃণমূল কংগ্রেস দফতরে সিআইডি দলের তল্লাশি

    কলকাতার কালীঘাট অঞ্চলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়ি সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় দফতরে মঙ্গলবার তল্লাশি চালায় রাজ্য পুলিশের সিআইডি-র তদন্তকারীদের একটি দল।

    এরপরে তার ভাইপো, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর দফতরেও গিয়েছিল তদন্তকারী দলটি।

    দুজনের কেউই সেই সময়ে বাড়িতে বা দফতরে ছিলেন না, তারা সর্বভারতীয় স্তরে বিজেপি-বিরোধী জোট 'ইন্ডিয়া'র বৈঠকে যোগ দিতে দিল্লি গেছেন।

    অভিষেক ব্যানার্জীর ক্যামাক স্ট্রীটের অফিসে হানা তদন্তকারী সংস্থা সিআইডির।

    তৃণমূল কংগ্রেসের বিধায়কদের এক সভায় তাদের সই জাল করে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়েছে বলে দলটির 'বিদ্রোহী' বিধায়ক ঋতব্রত ব্যানার্জী ও সন্দীপন সাহা বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করেছিলেন।

    সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে সিআইডি।

    গতকাল আটই জুন অভিষেক ব্যানার্জীকে বিধানসভায় জাল সই কাণ্ডে তৃতীয়বর নোটিশ দিয়েছিল তদন্তকারী সংস্থা সিআইডি। তবে অভিষেক ব্যানার্জী তখন কলকাতায় ছিলেন না।

    তৃতীয় বারের নোটিশেও হাজিরা না দেওয়ায় মঙ্গলবার তার অফিসে গিয়ে হাজির হন সিআইডির তদন্তকারী অফিসাররা। তবে সেখানে গিয়ে তারা বাধার সম্মুখীন হন বলে জানা যাচ্ছে।

    অভিষেক ব্যানার্জীর অফিসে হানার আগে কালীঘাটেও তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালাতে পৌঁছন সিআইডি কর্মকর্তারা। সেখানেও বাধার সম্মুখীন হয়েছেন তারা।

    তবে সেই বাধা সত্ত্বেও তারা কালীঘাটে ৩০বি হরীশ চ্যাটার্জী স্ট্রীটের অফিসে ঢোকেন। এই অফিসটি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জীর বাড়িতেই অবস্থিত।

    তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "মমতা ব্যানার্জীর অনুপস্থিতিতে এটা কেন করা হচ্ছে, এতদিন তো উনি বাড়িতেই ছিলেন। তখন না এসে এখন এলেন কেন? এটি গণতন্ত্রের জন্য শুভ নয়।"

    তবে এই নিয়ে সিআইডির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

  5. যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ ইরানের

    ফুটবল বিশ্বকাপে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতে টিকিট নিয়ে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইরান।

    ইরান ফুটবল ফেডারেশনের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি ফার্সি জানিয়েছে যে, ইরানের সমর্থকদের কাছে টিকিট বিক্রির জন্য, দেশটির ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়া কোটা বাতিল করা হয়েছে।

    তাদের অভিযোগ, বিশ্বকাপের খেলা শুরু হতে তিন দিনেরও কম সময় বাকি থাকতে যুক্তরাষ্ট্র "২৩তম বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান জাতীয় দলের তিনটি ম্যাচের ভেন্যুতে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করার" চেষ্টা করছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিটের প্রায় ৮ শতাংশ সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনকে বরাদ্দ করা হয়, যাতে সমর্থকরা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তা কিনতে পারেন।

    ইরান ফুটবল ফেডারেশনও সেই অনুযায়ী জাতীয় দলের ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছিল, কিন্তু এখন জানানো হয়েছে যে সেই কোটা প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে ফেডারেশনের মাধ্যমে টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না।

    ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ইরানি সমর্থকদের এই আইনি ও অফিসিয়াল টিকিট কোটা থেকে বঞ্চিত করা "আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী।"

    এ বিষয়ে ফিফা বা মার্কিন আয়োজকদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

    এর আগে, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ইরানের কিছু সাপোর্ট স্টাফের যুক্তরাষ্ট্র প্রবেশে বাধার কথাও উল্লেখ করেছিল ইরান ফুটবল ফেডারেশন।

    আগামী ১৫ই জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে ইরান।

  6. ইসরায়েলি হামলায় দুই ইরানি সেনা নিহত, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি ফার্সি

    ইসরায়েলি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম।

    নিহত ওই দুই সেনার নাম বাহমান হোসেইনি এবং আলিরেজা আবিরি। মঙ্গলবার তেহরানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

    সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, "দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব পালনরত অবস্থায়" তারা নিহত হন। সোমবার নতুন করে হামলা চালানোর পর ইরানি সামরিক বাহিনীর হতাহতের এটিই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা।

    উল্লেখ্য যে, এর আগে ইরানি সংবাদমাধ্যম তেহরানসহ অন্যান্য শহরে ইসরায়েলি হামলার খবর জানিয়েছিল।

  7. ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলার দাবি হেজবুল্লাহর

    দক্ষিণ লেবাননের দিকে এগোতে থাকা ইসরায়েলি বাহিনীর ওপর রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী, হেজবুল্লাহ।

    সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক আপডেটে হেজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বায়্যাদা শহর থেকে বায়ত আল-সাইয়দ এর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল।

    কিন্তু "ধারাবাহিক রকেট হামলার" মুখে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয় বলেও দাবি করা হয়েছে।

    এই সংঘাত নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান অব্যাহত রেখেছে।

    তাদের ভাষ্যমতে, উত্তর ইসরায়েলে হেজবুল্লাহর হামলা বন্ধ করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে।

  8. বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল কারা দেখাবে, কত টাকায় চুক্তি হলো?

    বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বেসরকারি দুটি টেলিভিশন এবং তিনটি মোবাইল ফোন অপারেটর আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের দর্শকদের জন্য সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

    মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, বিটিভির পাশাপাশি বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস এবং সময় টেলিভিশন বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করবে। এছাড়া গ্রামীণফোন, বাংলালিংক এবং রবির সঙ্গে চুক্তি সাক্ষর হয়েছে।

    প্রতিমন্ত্রী বলেন, এবছর ফিফার সঙ্গে চুক্তিমূল্য নির্ধারণ হয়েছে তিন দশমিক ৮৫ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি টাকার কিছু বেশি। এক্ষেত্রে ভ্যাট ও আয়করসহ মোট প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা ব্যয় হবে বলেও জানান তিনি।

    মি. চৌধুরী দাবি করেন, অতীতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব অর্জনে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ ছিল। এবারও বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

    ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান চুক্তির জন্য প্রথম দিকে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল বলেও জানান তিনি।

  9. দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিনজনের মৃত্যু

    দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

    মঙ্গলবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ন্যাশনাল নিউজ এজেন্সি' – এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি উর্দু।

    ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ এর তথ্য মতে, টায়ার শহরের পূর্ব দিকে মাসাকেন আল-শাবিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

    এছাড়া এই হামলার ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে লেবানিজ ওয়েবসাইট 'লোরিয়েন্ট টুডে'।

    এনএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, টায়ারের উত্তর-পূর্বের পার্বত্য এলাকা কাফর রামান শহরে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুইজন নিহত হয়েছেন।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার সকালে লেবাননের নাবাতীয়া এবং কাফর সাইর এলাকায় বিমান হামলা চালানো হয়েছে এবং জাবশীত এলাকায় কামান দিয়ে গোলাবর্ষণ করা হয়েছে।

    এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছিল যে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন; যার মধ্যে নাবাতীয়া জেলার সাতজন এবং টায়ার শহরের পাঁচজন রয়েছেন।

  10. স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে যা জানালেন তথ্য উপদেষ্টা

    স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেসব মানদণ্ড রয়েছে সেগুলো পূরণ করতে পারলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

    মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনসহ নানা ইস্যুতে কথা বলেন তিনি।

    আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দেশে আছেন, তাদের কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে সরকার সেই স্পেস বা সুযোগ দেবে কি না?

    সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মি. রহমান বলেন, “কোনো রকম কোনো সমস্যা নেই... মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ, এটা নির্দলীয়।”

    ''তবে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকায়, প্রচার প্রচারণার সময় আওয়ামী লীগের কথা বা তাদের যা বলা সেগুলো সামনে এনে প্রচারণা চালান তাহলে সেটা সমস্যা'', বলেন মি. রহমান।

    তিনি বলেন, “ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা যা আছে সেটি ফুলফিল করতে পারে, তিনি যদি মনে করেন যে তিনি নির্বাচন করবেন তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাঁধা দেওয়ার কোনো কারণ নেই।”

  11. যুদ্ধবিরতি ঘোষণার একদিন পরেই লেবাননের এক শহরের বাসিন্দাদের সরে যেতে বলল ইসরায়েল

    ইরানের ওপর হামলা আপাতত বন্ধ থাকবে, এমন ঘোষণা দেওয়ার একদিন পরেই লেবাননের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে ইসরায়েল।

    হেজবুল্লাহ যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, তাই তাদের জোরালো জবাব দেওয়া হবে বলে ইসরায়েলের একজন মুখপাত্র দাবি করেছেন।

    সাধারণত কোনো স্থানের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার পর সেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে থাকে।

    এবারের নির্দেশনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবিসি সংবাদদাতারা বলছেন, কারণ এবার খৃষ্ট ধর্মাবলম্বীদের একটি এলাকাকেও খালি করতে বলা হয়েছে।

    সোমবারই ইরানের পর ইসরায়েলও ঘোষণা দিয়েছিল, আপাতত তারা হামলা বন্ধ করছে। তবে তেহরান আবার হামলা চালালে তারাও হামলা চালাবে।

    অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছিল, তারাও যুদ্ধবিরতি করছে। তবে লেবাননে ইসরায়েলি হামলা চললে তারাও জবাব দেবে।

  12. সোমবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশে ভারতের 'পুশইনের' চেষ্টার বিষয়ে দিল্লিকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
    • ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পর্যায়ের প্রথমদিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। সেখানেও আলোচনায় গুরুত্ব পাচ্ছে 'পুশব্যাক' ইস্যু।
    • কয়েকদফায় পরস্পরের ওপর হামলার পর ইরান ও ইসরায়েল জানিয়েছে, আপাতত তারা পরস্পরের ওপর হামলা বন্ধ করেছে। তবে আবার হামলার শিকার হলে জোরালো জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরানের ওপর বা হেজবুল্লাহর ওপর হামলা হলে আবার হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান।
    • ২০২৫ সালের তুলনায় বিএনপি সরকারের সময়ে এ বছর দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
    • ভারতের রাজধানী দিল্লিতে ভেঙে গেল তৃণমূলের সংসদীয় দল। শুভেন্দু অধিকারীর ডাকা মিটিংয়ে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ সদস্য।
    • আগামী ২০ শে জুলাই এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • হাম ও এর উপসর্গে শিশুদের মৃত্যু ‘দায়িত্বে চরম অবহেলার’ কারণে হয়েছে, বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।
    • আগামী বছরের শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি নতুন বিষয় চালু করতে যাচ্ছে বাংলাদেশের সরকার।
    • দুর্যোগ মন্ত্রণালয় থেকে দেওয়া ত্রাণের বরাদ্দ কেবল সরকারি দলের সংসদ সদস্যদের আসনগুলোতে দেওয়া হয়েছে, বিরোধী দলের কোনো সংসদ সদস্যের আসনে দেওয়া হয়নি বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
    • ফিলিপাইনে একটি সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৯ জন মারা গেছেন। দেশটির স্থানীয় সময় সকাল সাতটা ৩৭ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে।
    • হরমুজ প্রণালিতে “নৌযান চলাচলে বাধা সৃষ্টির” কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। ইইউ’র পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এ কথা জানিয়েছেন।
  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে