লাইভ, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের কাছ থেকে প্রথম টোল সংগ্রহের খবর জানালো ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের ওপর টোল আরোপ করার পর প্রথম সংগৃহীত অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তার ওপর কোনো 'সময়ের চাপ নেই'। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে আজ: বিদ্যুৎ বিভাগ

    বিদ্যুতের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ বিভাগ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিদ্যুতের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ বিভাগ

    জ্বালানি সংকটের কারণে উৎপাদন ঘাটতি থাকায় আজ (বৃহস্পতিবার) সারাদেশে তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

    বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা।

    তিনি জানান, বৃহস্পতিবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট। যার বিপরীতে ১৪ হাজার মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

    “আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অনেক কিন্তু পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি তৈরি হয়েছে,” বলেও জানান তিনি।

    তিনি বলেন, বুধবার ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। ফলে ওই দিন দুই হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঘাটতি থাকায় দেশব্যাপি লোডশেডিং ছিল।

    জ্বালানি সংকট, তীব্র গরমে চাহিদা বৃদ্ধি, আদানির বিদ্যুৎ ইউনিটে কারিগরি সমস্যা এবং বাঁশখালির আইপিপি প্লান্টের একটি ইউনিটে কারিগরি জটিলতা তৈরি হওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলেও জানান তিনি।

  2. ঢাকার বনানীতে বাসচাপায় দুই জনের মৃত্যু

    ঢাকার বনানীতে যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বনানী থানার ওসি ফরিদুল ইসলাম।

    তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।

    ঘটনাস্থল কোথায় ছিল, এর ব্যাখ্যায় তিনি বলেন যে বনানীতে অবস্থিত সেতু ভবনের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটেছে এবং সঙ্গে সঙ্গেই ওই দুই জন নিহত হন।

    নিহতদের পরিচয় সম্বন্ধে তিনি বলেন, পরিচয় এখনো শনাক্ত হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সিটি কর্পোরেশনের শ্রমিক, রোড ডিভাইডারের (সড়ক বিভাজক) কাজ করছিলেন।

    "আমরা জানতে পেরেছি, বাসটা এক পথচারীকে বাঁচানোর জন্য ব্রেক করেছিলো। এসময় বাসটি ডিভাইডারের সাথে লেগে যায়। নিহত ব্যক্তিরা বাস ও ডিভাইডারের মাঝখানে চাপা পড়েছিলো।"

    এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, চালক ও চালকের সহযোগী পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যায়। বাস রেখে গেছে, ওটা আছে।

    এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তারা এখন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

  3. ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের

    মোমবাতি জ্বালিয়ে বই পড়ছেন একজন তরুণী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে, প্রতীকী ছবি

    বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রাথমিকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    বৃহস্পতিবার জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন এবং ঘাটতির বিষয়ে মন্ত্রী জানান, বুধবার প্রায় ১৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৪ হাজার ১২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে।

    অর্থাৎ সারাদেশে প্রায় দুই হাজার মেগাওয়াট লোডশেডিং হয়েছে।

    প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কাগজে কলমে অনেক বেশি থাকলেও বাস্তবের সঙ্গে তার গড়মিল রয়েছে।

    অতীতে বিদ্যুৎ নিয়ে হওয়া নানা অব্যবস্থাপনার কারণেই এখন বিদ্যুৎ নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

  4. হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের কাছ থেকে প্রথম টোল সংগ্রহের খবর জানালো ইরান

    হরমুজ প্রণালিতে চলা জাহাজ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালিতে চলা জাহাজ

    ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজি বাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের ওপর টোল বা রাজস্ব আরোপের পর প্রথম সংগৃহীত অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে।

    তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত খবর অনুযায়ী, এ রাজস্ব কীভাবে সংগ্রহ করা হয়েছে বা কারা এ টোল পরিশোধ করেছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

    বিবিসি স্বাধীনভাবে তার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

    চলমান যুদ্ধবিরতির আগে তেহরান জানিয়েছিল যে, তারা কেবল তাদের ভাষায় 'বন্ধুত্বপূর্ণ' দেশগুলো বাদে অন্যদের জন্য হরমুজ প্রণালিতে যাতায়াত সীমিত করেছে এবং হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের বিষয়ে আলোচনা চলছিল।

    তবে সেসময় ইরান যাতায়াতের জন্য ঠিক কী পরিমান অর্থ ফি হিসেবে নিচ্ছে, বা আদৌ কোনো ফি নিচ্ছে কী-না - সে নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

    যেমন, মার্চের শেষের দিকে হরমুজ প্রণালি পার হওয়ার জন্য তেহরান জাহাজপ্রতি ২০ লক্ষ ডলার বা দেড় মিলিয়ন পাউন্ড ফি নিচ্ছে এমন খবর প্রকাশিত হলে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস সে দাবি অস্বীকার করেছিল।

    আজ ইরানের আরেকজন ঊর্ধ্বতন সংসদ সদস্য আলিরেজা সালিমি তাসনিম নিউজকে বলেছেন, "আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি সংগ্রহ করেছে।"

    তিনি আরও বলেন, "প্রতিটি জাহাজ থেকে সংগৃহীত অর্থের পরিমাণ এবং ফি নির্ভর করে জাহাজের ধরন, বহন করা পণ্যের পরিমাণ এবং ওই জাহাজ ইরানের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তার ওপর। এই ফি কীভাবে এবং কী পরিমাণে সংগ্রহ করা হবে তা ইরান নির্ধারণ করে। এসব নিয়ম আমরাই ঠিক করি।"

  5. ইরানে কে ক্ষমতার কেন্দ্রে রয়েছে?

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনেই অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারির হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    এরপর দেশের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হলেও ইরানের বর্তমান শাসনব্যবস্থার কাঠামো এবং দেশটির ক্ষমতা আসলে কার হাতে রয়েছে, সে সম্পর্কে নানা আলোচনা রয়েছে।

    বিবিসি ফার্সির সংবাদদাতা ঘোনচে হাবিবিয়াজাদ লিখেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সব গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী হিসেবে পরিচিত।

    তবে গত মার্চের শুরুতে নিযুক্ত হওয়ার পর থেকে তাকে এখনো জনসমক্ষে কিংবা সাম্প্রতিক কোনো ভিডিও বা ছবিতে দেখা যায়নি।

    দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, আলোচনাকারীরা খামেনির 'নির্দেশনা' অনুযায়ী কাজ করছেন। তিনি সরাসরি আলোচনার বিষয়ে কোনো কথা বলেননি, তবে তার নামে প্রচারিত সাম্প্রতিক বার্তাগুলোতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হয়েছে।

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে ইরানের শীর্ষ কর্মকর্তাদের যে দলটি, তাতে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে বেশ সক্রিয় ও প্রভাবশালী ভূমিকায় দেখা যাচ্ছে।

    কালিবাফের সাথে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের গভীর সম্পর্ক রয়েছে।

    আইআরজিসির প্রভাব কেবল একটি প্রথাগত সামরিক বাহিনীর ভূমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশেষ করে যুদ্ধকালীন সময়ে।

    যদিও আইআরজিসি যুদ্ধে তাদের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হারিয়েছে, তবুও তারা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারের পাশাপাশি একটি সমান্তরাল সরকার হিসেবে কাজ করে যাচ্ছে।

    পেজেশকিয়ান নিয়মিত বিবৃতি দিয়ে যাচ্ছেন, তবে তার হাতে আসলে কতটুকু ক্ষমতা রয়েছে তা নিয়েও প্রশ্ন রয়ে যায়।

  6. জাতীয় সংসদের সংরক্ষিত একটি আসন নিয়ে যে জটিলতা হতে পারে

    বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন

    ছবির উৎস, BBC/MUKIMULA AHSAN

    ছবির ক্যাপশান, বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন

    জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের বিপরীতে ৪৯ জন প্রার্থীর মনোনয়ন প্রাথমিক বাছাইয়ে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

    বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান জানান, প্রাথমিক বাছাইয়ে বিএনপির দাখিল করা ৩৬ জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

    তবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ হলেও বাতিল হয়েছে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন।

    সরকারি চাকরি থেকে অব্যাহতির পর তিন বছর পেরোনোর আগে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করা যাবে না, মূলত এই নিয়মের কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

    আইন অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীর কমিশনে আপিলের সুযোগ রয়েছে। তবে সেখানেও তার মনোনয়ন বৈধ না হলে ওই আসনে পরবর্তীতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

    “কমিশনে ওই প্রার্থীর আবেদনের সুযোগ রয়েছে। তিনি আবেদন করবেন বলেও আমাদের জানিয়েছেন। আইন অনুযায়ী কোনো আসনে প্রার্থী না থাকলে সেখানে পরবর্তীতে উপ-নির্বাচন হবে। সেক্ষেত্রে আসনটি তখন সব দলের জন্য উন্মুক্ত হয়ে যাবে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

    ঘোষিত তফসিল অনুযায়ী, প্রাথমিক বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ২৬শে এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ই মে।

  7. ইরানে জরুরি সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
    ছবির ক্যাপশান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন

    বাংলাদেশ থেকে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  8. ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ওপর ‘সময়ের চাপ’ নেই - ফক্স নিউজ

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেজেন্টার মার্থা ম্যাককালামকে বলেছেন, ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যাপারে তার ওপর কোনো 'সময়ের চাপ' নেই।

    ম্যাককালামের ভাষ্য অনুযায়ী, বুধবার এক ফোনালাপে মি. ট্রাম্প তাকে বলেছেন, সংঘাত শেষ করার জন্য তার কোনো 'তাড়া নেই' এবং তিনি একটি 'ভালো চুক্তি' চান।

    হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটও বুধবার জানিয়েছেন, ইরানের সাথে আলোচনা 'অব্যাহত রয়েছে'।

    তিনি আরও বলেন, মি. ট্রাম্প ইরানিদের কাছে তার 'রেড লাইন' বা সীমা খুব স্পষ্ট করে দিয়েছেন, যেখানে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে।

    লিভিট আরও বলেন যে, ওয়াশিংটন 'ইরানি প্রশাসনের জবাবের অপেক্ষায় রয়েছে'।

    তার মতে, ইরান এখন পর্যন্ত কোনো "একীভূত বার্তা পাঠাতে পারছে না, যেকারণে প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।"

  9. বাংলাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল

    সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

    ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ সারা দেশে যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

    বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নতুন নির্ধারিত ভাড়া বৃহস্পতিবার (আজ) থেকেই কার্যকর হবে।

    জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে যাত্রী পরিবহনে ভাড়া সমন্বয় করা হলেও রেল ও নৌ পরিবহনে ভাড়া বাড়ানোর বিষয়টি সরকার এখনও বিবেচনায় নেয়নি বলেও জানান সড়ক মন্ত্রী।

    তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা এবং আন্তজেলা বাস ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।

    শিতাতপ নিয়ন্ত্রীত বা এসি বাসের ভাড়া কত হবে, এ বিষয়ে আলাদা করে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

    সড়কমন্ত্রী বলেন, “বাস মালিকরা এই সিদ্ধান্তের ব্যত্যয় করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তেলের দাম বৃদ্ধি বা কমার সঙ্গে ভবিষ্যতে ভাড়া সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

  10. বুধবার সারাদিন যা যা হলো:

    • ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ জানিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ সদস্যদের হামলায় গুরুতর আহত হওয়ার পর আরও এক ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।
    • লেবাননের দক্ষিণাঞ্চলের আল-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।
    • আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা হওয়ার "সম্ভাবনা রয়েছে" বলে নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে আনা হয়।
    • বাংলাদেশের কুমিল্লায় সেনানিবাস এলাকায় নিহত ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খবরটি নিশ্চিত করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।
    • বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তানের যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান তাদের রাজনৈতিক পরিস্থিতির ওপর সতর্কভাবে নজর রাখছে।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
    • ইরানি গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে যে তিনটি জাহাজ হামলার শিকার হয়েছে, তা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর - আইআরজিসি।
    • ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পাম্প পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন।
    • ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে জানায়—চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার নতুন দফায় তারা অংশ নেবে কি না, সে বিষয়ে তেহরান এখনো সিদ্ধান্ত নেয়নি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরান “আর্থিক ধসের” মুখে পড়েছে এবং তারা "অবিলম্বে প্রণালিটি খুলে দিতে চায়"।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলা'র মূল পাতায়।

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে