আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্ত করতে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

বাংলাদেশের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে দেখা করে দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান নির্বাচন কমিশনার। সদ্য-বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছেড়ে ঢাকার গুলশানে নিজ বাসভবনে উঠেছেন। অন্যদিকে বার্লিন হামলায় সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে জার্মানির পুলিশ।

সরাসরি কভারেজ

  1. রোববার সারা দিন যা যা ঘটেছে:

    • পদত্যাগের দু’দিন পর বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসায় উঠেছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।
    • সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে দেখা করে দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
    • সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে এটা করতে গিয়ে তিনি যেন অন্যায়ের শিকার না হন, সে বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
    • লন্ডনে চিকিৎসারত অবস্থায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন, এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সংবিধানে রাষ্ট্রপতিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি আইনে মামলা করা যায় না।
    • জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে দেশটির পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আব্দুল বাল্লুত, যিনি লেবানন বংশোদ্ভূত একজন জার্মান নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
    • যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করায় ইরানের দিক থেকেও আর কোনো পাল্টা হামলা চালানো হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
    • অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. বার্লিন হামলায় সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ

    জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে দেশটির পুলিশ।

    অভিযুক্ত ওই ব্যক্তির নাম আব্দুল বাল্লুত, যিনি লেবানন বংশোদ্ভূত একজন জার্মান নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে তাকে এখনও গ্রেফতার করা যায়নি।

    মি. বাল্লুতের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একটি মামলায় এক বছর দশ মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছিল তাকে।

    কিন্তু পরে সেই সাজা কমিয়ে মি. বাল্লুতকে প্যারোলে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন বার্লিন পুলিশের কর্মকর্তারা।

    চরমপন্থি মতাদর্শে দিক্ষিত হয়ে মি. বাল্লুত হামলার ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

    হামলার সময় আব্দুল বাল্লুতের সঙ্গে কোনো সহযোগী ছিল কি-না, সেটি এখনও নিশ্চিত নয় পুলিশ।

    এ ঘটনায় এখনও বেশ কয়েক জনকে আটক রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা।

    শনিবার রাতে বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ওই ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।

  3. যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করায় আমরাও পাল্টা হামলা চালাচ্ছি না: ইরানের সামরিক মুখপাত্র

    যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করায় ইরানের দিক থেকেও আর কোনো পাল্টা হামলা চালানো হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

    তিনি বলেছেন, চলমান যুদ্ধে ইরানের কৌশল হচ্ছে হামলার বিপরীতে পাল্টা হামলা।

    "যুক্তরাষ্ট্র গত দুই রাতে যেহেতু হামলা বন্ধ রেখেছে, সেজন্য আমরা আমাদের অভিযান বন্ধ করে দিয়েছি,” বলেন জেনারেল আকরামিনিয়া।

    যুদ্ধবিরতি পুনরায় কার্যকর হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পাচ্ছে। তাদের কোনো সুস্পষ্ট কৌশল নেই। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে এবং সেন্টকমের কর্মকাণ্ডে এটি প্রতিফলিত হয়।"

    এদিকে, মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের ওপর সামরিক হামলা বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছেন।

    ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়া এবং পারস্য উপসাগরে আমেরিকার আরব মিত্রদের বিচ্ছিন্ন করে ফেলার শঙ্কা থেকে গত শুক্রবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবরে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস।

  4. আয় কমার মধ্যেই রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ বেশি নির্ধারণ করল সরকার

    যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের প্রভাবে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের আয় যখন কমেছে, তখন নতুন অর্থবছরের জন্য আগের চেয়েছে ১৫ শতাংশ বেশি প্রবৃদ্ধি নির্ধারণ করল বিএনপি সরকার।

    সদ্য বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় যেখানে প্রায় চার হাজার ৮০০ কোটি মার্কিন ডলার অর্জিত হয়েছে, নতুন লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে সেখানে সাতশ' কোটি ডলার বেশি রপ্তানি করতে হবে।

    “এই অর্থবছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা, সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও ১৫ শতাংশ প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও ১৫ শতাংশ প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি, তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় ৬৩ দশমিক ৪০ বিলিয়ন," রোববার সচিবালয়ে বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

    “তাতে পণ্য হবে ৫৫ দশমিক দুই বিলিয়ন এবং সেবা হবে আট দশমিক দুই বিলিয়ন। পণ্য এবং সেবা মিলিয়ে ৬৩ দশমিক চার বিলিয়ন হচ্ছে আমাদের এই অর্থবছরের রপ্তানির ঘোষিত লক্ষ্যমাত্রা," যোগ করেন তিনি।

    এদিকে, বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ১৩ শতাংশ কম অর্জিত হয়েছে।

    "এই যে অচল অবস্থা বা রপ্তানির ক্ষেত্রে একটা মন্দা অবস্থা, আশা করি এই অর্থবছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারব,” বলেন বাণিজ্যমন্ত্রী।

  5. সাভারে ইয়ামিন হত্যা মামলায় ১৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    মামলার পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া অন্য মামলায় গ্রেফতার থাকা বাকি আসামিদেরকে আগামী ২৫শে অগাস্ট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

    রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়।

    "ট্রাইব্যুনাল ভিডিও পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে এবং তাদের গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে," সাংবাদিকদের বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

    ২০২৪ সালের ১৮ই জুলাই সাভারে শিক্ষার্থীদের আন্দোলনের সময় এপিসি থেকে ফেলে দেওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় মারা যান ইয়ামিন।

    তখন ইয়ামিনকে পুলিশের এপিসি থেকে নির্মমভাবে ফেলে দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নানা ক্ষোভ ও প্রতিক্রিয়াও তৈরি হয়েছিল।

  6. মসজিদ নির্মাণের নামে সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ 'দখলের চেষ্টা', উচ্ছেদ করল কর্তৃপক্ষ

    ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে মসজিদ নির্মাণের নামে 'দখলের পাঁয়তারা' চালানো একটি স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    রোববার দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযানটি পরিচালনা করে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    কর্মকর্তারা জানান, বারবার নোটিশ দেওয়ার পরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পারিচালনা করা হয়েছে। এক্ষেত্রে অন্য কোনো কিছু বিবেচনা নেওয়া সুযোগ নেই।

    ডিএসসিসি বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে একটি মসজিদ থাকার পরও সম্প্রতি রাজিব শাহ নামের একজন ব্যক্তির নেতৃত্বে আরেকটি 'মসজিদ নির্মাণের নামে সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ দখলের পাঁয়তারা' চালানো হচ্ছিলো।

    সেখানে ইট, কাঠ ও বাঁশের খুঁটি গেড়ে ত্রিপলের ছাউনিও টানানো হয়। এসবের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থাপনাটি সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেয় গণপূর্ত মন্ত্রণালয়।

    সরকারি ওই নোটিশে বলা হয়, "সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু বহিরাগত অসাধু ভবঘুরে ও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্দিরের গেট বরাবর কিছু অবৈধ দোকানপাট বসিয়েছে এবং উদ্যানের এম্পিথিয়েটার সংলগ্ন কিছু স্থান জুড়ে অস্থায়ী নামাজের স্থান নির্মাণের নামে উদ্যানের জায়গা দখল করে দিনরাত অবস্থান করছেন"

    "প্রকল্পের আওতাধীন একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ উদ্যানে থাকা সত্ত্বেও শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই বহিরাগতরা অস্থায়ী নামাজের স্থান নির্মাণ করে নিয়মিত অবস্থান করছেন বলে সর্বসাধারণ মনে করছে"

    নোটিশে আরও বলা হয়, দখলেন চেষ্টা চালানো ব্যক্তিদের বারবার ওই স্থান ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হলেও যায়নি। উল্টো হুমকি-ধমকি দেখানোসহ গণপূর্ত উপ-বিভাগের কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে 'রূঢ় আচরণ করছেন'।

    এমন পরিস্থিতিতে রোববার অভিযান চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকার অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

  7. অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন কারা?

    অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ওই স্কোয়াডে ফিরেছেন জাকের আলী অনিক এবং সৌম্য সরকার। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন মুশফিক হাসান।

    এছাড়া সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকের পাশাপাশি পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন চৌধুরীকে রাখা হয়েছে।

    তবে দলে নেই লিটন দাস, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।

    টেস্ট স্কোয়াডের ১৫ সদস্য: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান এবং তাসকিন আহমেদ।

    আগামী ১৩ই অগাস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২শে অগাস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০০৩ সালে। প্রায় ২৩ বছর পর সেখানও আবারও টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা।

  8. রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্ত করতে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

    বাংলাদেশের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে দেখা করে দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

    রোববার নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

    বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে নির্বাচন হবেন রাষ্ট্রপতি।

    এর জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে। সেটার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে নির্বাচন কমিশন।

    এরপরই ঘোষণা করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল।

  9. সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী

    সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে এটা করতে গিয়ে তিনি যেন অন্যায়ের শিকার না হন, সে বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

    রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

    "আমরা একদিকে যেমন জন দাবিকে গুরুত্ব দেব, একইসাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায়ের শিকার হোক সেটাও চাইব না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে, সেটা সরকার যথাসময়ে দেখবে,” বলেন মি. আসাদুজ্জামান।

    এছাড়া মি. সাহাবুদ্দিনের বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা আছে কী না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "এগুলো কনফিডেনশিয়াল বিষয়, এটা পাবলিকলি এভাবে আমরা বলতে পারব না। কার নিষেধাজ্ঞা আছে, সেটা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে যথাসময়ে প্রকাশ করা হবে।"

  10. বিদায়ী রাষ্ট্রপতি লন্ডনে হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    লন্ডনে চিকিৎসারত অবস্থায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন, এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

    "এটা আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিলো, তার কাছে কী তথ্য-প্রমাণ আছে, তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই," বলেন মি. আহমদ।

    "আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজ-কালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেতে কারো সঙ্গে কথা বলতে হয় না তো। এটা আমার কাছে অলীক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়," যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  11. ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না’: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশটির সংবিধানে রাষ্ট্রপতিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি আইনে মামলা করা যায় না।

    এছাড়া পদ ছেড়ে দেওয়ার পরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাষ্ট্রপতিকে 'সুরক্ষা ও নিরাপত্তা' দেওয়ার বিধান রয়েছে বলে জানান তিনি।

    সেই হিসেবে, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকেও 'সুরক্ষা ও নিরাপত্তা' দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    রোববার ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা স্বরাষ্ট্রমন্ত্রী।

    "তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধি-বিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে, তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না," বলেন মি. আহমদ।

    সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মি. সাহাবুদ্দিনের 'সুরক্ষা ও নিরাপত্তা'র বিষয়ে মন্ত্রী বলেন, “তিনি আইনানুগ যা সুবিধা পাবেন অবশ্যই পাবেন এবং তার প্রটেকশনের জন্য এসএসএফ-পিজিআর সুবিধা পাওয়ার ছয় মাসের বিধান আছে। এছাড়া পুলিশ এবং অন্যান্য সংস্থার মাধ্যমে তার নিরাপত্তার বিষয় গ্রহণ করা হবে।”

    মি. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়ে কিছু দল ও সংগঠনের পক্ষ থেকে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোতে আমলে নেওয়ার মত কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

    শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে গত ২৪শে জুলাই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

    আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত মি. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইনকিলাব মঞ্চ।

    তবে সরকার বলছে, মি. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী নিজের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু দল ও সংগঠনের দেওয়া বক্তব্যকে 'মত প্রকাশের স্বাধীনতা' হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    "আমরা গণঅভ্যুত্থানের পরে প্রত্যাশা করি রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। সেটা আছে।''

    ''বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছেন। সেটা করতে পারে। কিন্তু আমলে নেওয়ার মত কোনো বক্তব্য ওখানে নাই,” বলেন মি. আহমদ।

  12. বঙ্গভবন ছাড়লেন সদ্য-বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

    পদত্যাগের দু’দিন পর বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

    রোববার দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন ছাড়েন তিনি। সরকারি বাসভবন ছাড়ার পর মি. সাহাবুদ্দিন ঢাকার গুলশানে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে উঠেছেন বলে জানা যাচ্ছে।

    বাংলাদেশের ২২তম এই রাষ্ট্রপতি এর আগে শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে গত ২৪শে জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।

    সংবিধান অনুযায়ী, পাঁচ বছর জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি দায়িত্ব পালন করেছেন প্রায় তিন বছর তিন মাস।

    মি. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে