লাইভ , ঢাকার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

গভীর রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

বিবিসি বাংলার লাইভ পাতায় স্বাগত। রিপোটিং করছেন তানহা তাসনিম, সম্পাদনা করছেন সাইয়েদা আক্তার

  1. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
    ছবির ক্যাপশান, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

    উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বিবিসি বাংলাকে বলেছেন, রাত দুইটা ২০ মিনিটের দিকে নুরুল ইসলাম নাহিদকে তার মেয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

    মি. মনসুর জানান, তার বিরুদ্ধে “অনেকগুলো মামলা আছে। সুনির্দিষ্ট কোন মামলায় সেটা আমরা তদন্ত ও যাচাই-বাছাই করতেছি”।

    এদিকে, নুরুল ইসলাম নাহিদকে আটকের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

    ভিডিওতে মি. নাহিদ ও তার পরিবারের সদস্যদের অভিযোগ করতে দেখা যায় যে, পুলিশ যাওয়ার কিছুক্ষণ আগে তাদের বাসায় কিছু লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা-পয়সা ও গহনা নিয়ে গেছেন।

    এ বিষয়ে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছু জানেন না বলে বলতে শোনা যায় ভিডিওতে।

    ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী ছিলেন।

    নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

  2. বুধবার সারা দিন যা যা ঘটেছে

    • নড়াইলে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন। পুলিশ বলছে, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।
    • গোপালগঞ্জে বিএনপি দলীয় সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন একটি হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এছাড়া কাশিয়ানিতে 'জয় বাংলা' স্লোগান দিয়ে থানা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিস ভাঙচুর করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
    • নতুন করে হামলা হওয়ার আশঙ্কা থাকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ছেড়েছেন সেখানে দায়িত্বরত পুলিশের বেশিরভাগ অংশ।
    • জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতোই দেশের গণতন্ত্রকামী সকল মানুষকে দল-মত নির্বিশেষে একমঞ্চে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
    • চীনে ট্রাম্প, পুতিন ও শি'কে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে। বৃহস্পতিবার বিকেলে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
    • ঢাকায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কমপক্ষে ৭১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একটি দলের কাছ থেকে দুই কেজির বেশি গান পাউডার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
    • ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
    • বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    • বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা ও গাজীপুরে বুধবারও রাস্তায় নামে তৈরি পোশাক শ্রমিকরা। বেশ কয়েক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।
    • আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
    • বঙ্গোপসাগরে ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা ঘূর্ণিঝড় ‘আকভান’ বাংলাদেশের দিকে এগিয়ে না এলেই এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • ঢাকার পল্লবী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
    • বাংলাদেশ প্রায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি এবং সংশোধিত প্রকল্প রয়েছে দু'টি।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।