লাইভ, চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বাংলাদেশ সরকার চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের আইআরজিসির চার জ্যেষ্ঠ কর্মকর্তার ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধে সরকারের কোন মানসিকতা নেই: তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে সরকারের কোন ধরনের মানসিকতা নেই:তথ্যমন্ত্রী

    সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে সরকারের কোন ধরনের মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

    মঙ্গলবার সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি বিষয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

    ব্রাক্ষণবাড়িয়াতে কনসার্ট বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, “আমরা প্রথম থেকে দেখছি আজকে থেকে না, ৪০ বা ৫০ বছর ধরে দেখে আসছি যে, কালচারাল বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা গোষ্ঠী সব সময়ই এরকম করে। এটা বাংলাদেশে অনেক সময়ই হয়ে আসছে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমরা জানি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের পাশে কীভাবে থাকতে হয়। কিছু কিছু মানুষ ওভার রিঅ্যাক্ট করে।”

    পুলিশ কনসার্টের পারমিশন বাতিল করেছে মানে সরকার সহযোগিতা করেনি এমন প্রশ্নে মি. পার্থ বলেন, " নট নেসেসারিলি, কনসার্ট বাতিল হওয়া মানেই যে সরকার সহযোগিতা করেনি। মেবি সেখানে সিকিউরিটি ইস্যু ছিল আরো অনেক কিছু ছিল সেটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানতে পারব। মাঝে মাঝে কনসার্ট অন্যান্য ডিফারেন্ট কারণেও বাতিল করা হয়, নট নেসেসারি কারো অবজেকশনের কারণে।”

    “আমাদের সরকারের তরফ থেকে এই ধরনের কোন মানসিকতা নেই যে কালচারাল কোন ব্যাপারে বাধা বা বিঘ্ন এইরকম” বলেন তথ্যমন্ত্রী মি. পার্থ।

    গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এক প্রশ্নে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, “গণতন্ত্র বিশ্বাস করাটা আসলে মানসিকতার ব্যাপার, এটা সিস্টেমের ব্যাপার না। ১৭ বছর দেখেছি সমালোচনা নেয়ার মানসিকতা ছিল না।”

    “আমরা কাউকে নিয়ন্ত্রণ করবো না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না। আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা অংশ” বলেন তথ্যমন্ত্রী।

  2. আইআরজিসি কমান্ডারদের কয়েকজনের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

    আইআরজিসির জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তার ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

    ছবির উৎস, @RFJ_USA

    ছবির ক্যাপশান, আইআরজিসির জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তার ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের রেভোল্যুশনারি গার্ড বা আইআরজিসির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন বা এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ অ্যাকাউন্ট এক্স-নেটে দেওয়া এক বার্তায় লিখেছে, “এই ব্যক্তিরা বিপ্লবী গার্ডের এমন সব ইউনিটের নেতৃত্ব দেন, যারা সশস্ত্র হামলার মাধ্যমে মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করেছে এবং ধ্বংসাত্মক সাইবার অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আঘাত হেনেছে।”

    এই তালিকায় রয়েছেন বিপ্লবী গার্ডের কমান্ডার আহমদ ভাহিদি, খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি এবং গার্ডের সাইবার বিভাগের কমান্ডার হামিদরেজা লাশগারিয়ান।

    তালিকায় আরও রয়েছে আইআরজিসির সাবেক মহাকাশবাহিনী কমান্ডার সাঈদ আগাজানির নাম এবং আইআরজিসির গোয়েন্দা বিভাগের কমান্ডার মাজিদ খাদেমির নাম। সাম্প্রতিক যুদ্ধে তারা দুজনই নিহত হন।

  3. চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, বাংলাদেশ সরকার চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।

    মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।

    চিনের তৈরি জে-১০সিই ফাইটার বিমান বাংলাদেশ কিনতে পারে এমন আলোচনার কথা উল্লেখ করে মি. রহমান এ কথা জানান।

    তিনি বলেন, “সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত-পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল, সেটা করেছিল চাইনিজ জে-১০। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার, এখন রাফালকে বলা হয় ৪.৫ জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা। তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। সো, বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি।”

    তিনি জানান, ইউরোপীয়ান যুদ্ধবিমানের তুলনায় চীনের তৈরি যুদ্ধবিমানের দাম তুলনামূলকভাবে অনেক কম।

    “একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির রাফাল বলি বা ইউরো ফাইটার টাইফুন বলি, ইউরোপীয়ান ভ্যারিয়েন্টের তার তুলনায় চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম,” বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

    তিনি আশা প্রকাশ করে বলেন, “আশা করি আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ নেবে।”

  4. যুক্তরাষ্ট্র ৪৭ বছর পর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে বাদ দিল সিরিয়াকে

    ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা হাত মেলাচ্ছেন

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, একসময় যার মাথার জন্য যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছিল, সেই আহমেদ আল-শারাকেও সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে স্বাগত জানিয়েছিল ট্রাম্প প্রশাসন

    যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে ৪৭ বছর পর সিরিয়াকে বাদ দিয়েছে। বিদেশি বিনিয়োগের পথে থাকা বাধা দূর করা এবং দেশটিকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে পুনরায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার পর বর্তমানে ওই তালিকায় রয়েছে মাত্র তিনটি দেশ– ইরান, উত্তর কোরিয়া ও কিউবা।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, গত জুলাইয়ে প্রথম প্রস্তাবিত এবং সোমবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত সিরিয়ার জন্য “সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার সুযোগ” তৈরি করবে।

    মার্কিন অর্থমন্ত্রী স্কট বেস্যান্টও বলেন, “আজকের এই পদক্ষেপ সিরিয়ায় আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে, যা রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করবে।”

    আল-কায়েদার একটি সহযোগী সংগঠনের নেতৃত্ব দেওয়ার কারণে একসময় যার মাথার জন্য যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছিল, সেই সাবেক যোদ্ধা ও বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকেও এর আগে স্বাগত জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

    গত বছর যুক্তরাষ্ট্র আহমেদ আল-শারার নেতৃত্বাধীন ইসলামপন্থি গোষ্ঠী তাহরির আল-শামকে তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে দেয়।

    ২০২৪ সালের শেষ দিকে সরকারবিরোধী বাহিনীর অভিযানের নেতৃত্ব দেয় তাহরির আল-শাম ফ্রন্ট। সেই অভিযানের ফলেই সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন।

  5. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রেখে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশের মন্ত্রিসভা।
    • ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, এমন এক প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেছেন, "এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?"
    • কানাডা থেকে আমদানি করা গাড়ি, ট্রাক ও গাড়ির যন্ত্রাংশের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • এনইইটি বা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি।
    • বাগেরহাটের মোংলার নিখোঁজ মিরাজ শেখকে আটক, হেফাজতে নেওয়া বা গুম করার অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর আগে সোমবার ভুক্তভোগীর পরিবার একটি সংবাদ সম্মেলন করে। সেখানে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দাবি করে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাই প্রথম গুমের ঘটনা।
    • বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই'র দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।
    • ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ই মার্চ থেকে পরীক্ষা শুরু হবে।
    • ফেনীতে নূসরাত জাহান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বাকিদের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে অ্যান্ডি বার্নহ্যাম একটি চুক্তির ঘোষণা দেবেন, যার আওতায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করে ইউক্রেন নিজের দেশেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে।
  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে