মঙ্গলবার সারাদিন যা যা ঘটেছে
- হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই এনসিপি নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। যদিও বিএনপি নেতারা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
- বাংলাদেশের বাজারে ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
- ফরিদপুরের সদরপুরে রাস্তায় হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে ১০ মাস বয়সের একজন শিশু নিহত হয়েছে।
- বাংলাদেশে চলমান গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এসময় দেশটির প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমকে ফোন করে তার সাথে কথাও বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
- জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং সেন্টারের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
- কলকাতায় সিজেপির প্রতিবাদ মিছিলে সাংবাদিকদের নিগ্রহের ঘটনায় যে ১৬ জনকে আটক করেছিল পুলিশ, তাদের সবাইকে মঙ্গলবার জামিন দিয়েছে আদালত।
- ঢাকার মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে অন্তত দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে নির্বাচনের জন্য ইসি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
- রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ।
বিবিসি বাংলা'র লাইভ পাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।