আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে ইতালি

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে ইতালি। এদিকে, যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি পার হলো চারটি জাহাজ। দিনের ঘটনাপ্রবাহ দেখুন এক নজরে...

সরাসরি কভারেজ

  1. হরমুজ প্রণালি নিয়ে যৌথভাবে আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে ব্রিটেন ও ফ্রান্স

    ফ্রান্স ঘোষণা করেছে যে, তারা ব্রিটেনের সাথে যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ে একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে।

    এলিসি প্রাসাদের ঘোষণা অনুযায়ী, হরমুজ প্রণালিকে সুরক্ষিত করতে তারা একটি পূর্ণাঙ্গ ও প্রতিরক্ষামূলক মিশনে অংশ নিতে প্রস্তুত। এ উপলক্ষ্যে শুক্রবার ভিডিও কনফারেন্সে একটি বৈঠকও অনুষ্ঠিত হবে।

    এই সভার উদ্দেশ্য হলো, নিরাপদে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের উপায় নিয়ে আলোচনা করা।

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পরে এই বৈঠকটি এই সংকট সমাধানে কার্যকরী হতে পারে।

    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোঁ-নোয়েল বারো বলেছেন যে, বৈঠকটি প্রাথমিকভাবে একটি বড় ধরনের উদ্যোগ। এর সাথে অন্তত ডজনখানেক দেশ যুক্ত হচ্ছে।

    তিনি আরও জানান, উপসাগরীয় রাষ্ট্রগুলোর সাথে সমন্বয়ক করেই উদ্যোগটি বাস্তবায়ন করতে চান তারা।

  2. হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন শিশুর মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৫জন শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৪ জন।

  3. তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল ১০ দিনের ইডি হেফাজতে

    গ্রেফতার হওয়া তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলের ১০ দিনের ইডি হেফাজত মঞ্জুর করেছে ভারতের আদালত।

    মঙ্গলবার দিল্লির একটি আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) ১০ দিনের হেফাজত নেয়ার আদেশ দেয়।

    পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে, সোমবার রাতে কয়লা পাচার মামলায় মি. চান্দেলকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লি পুলিশের দায়ের করা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের ভিত্তিতে এই মামলার তদন্ত শুরু হয়।

    আইপ্যাক হলো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা। গত জানুয়ারি মাসে এই একই মামলায় আইপ্যাকের আর এক প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাক-এর কলকাতা দফতরে তল্লাশি চালিয়েছিল ইডি।

    সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী সশরীরে ওই স্থানে উপস্থিত হন। ইডির অভিযোগ, মিজ. ব্যানার্জী তদন্তে বাধা সৃষ্টি করেছিলেন।

    তৎকালীন সময়ে মিজ. ব্যানার্জী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে তার দলের সমস্ত নথিপত্র হাতিয়ে নেওয়া হচ্ছে।

    মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তৃণমূলের রাজ্যসভার সংসদ ডেরেক ও'ব্রায়েন বলেন, “আমরা বিনেশ চান্দেলের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সংস্থাগুলিকে সরিয়ে নেওয়ার দাবিও রাখছি।”

  4. আম যখন ধরবে, জাম যখন ধরবে, আমি খাবো, আমাকে পাঠাবেন: তারেক রহমান

    কৃষকদের মাঝে গাছের চারা বিতরণকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "উপস্থিত ভাই ও বোনেরা, ওনাদের একেকটা করে গাছের চারা দিচ্ছি। কয়েকজনকে জাম গাছ দিয়েছি, আম গাছ দিয়েছি, ওনাদের বলেছি এগুলো বাসার সামনে রোপন করতে হবে। ওনাদের আশাপাশে যারা আছে খেয়াল করবেন। আর যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে, আমি খাবো, আমাকে পাঠাবেন, আপনারাও খেয়াল রাখবেন।"

    মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, "বর্তমান নির্বাচিত সরকারের লক্ষ্যই হচ্ছে, কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসেবে গড়ে তোলা। সেইজন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি।"

    প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লক্ষ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে।

    ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী সরাসরি টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়াম আসেন। বেলা ১২ টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন চাপ দেওয়ার সাথে সাথে টাঙ্গাইলসহ সারাদেশে ১১টি উপজেলার ২২ হাজার ৬৭ জন কৃষকের প্রত্যেকের মোবাইলের মাধ্যমে ব্যাংক একাউন্টে আড়াই হাজার টাকার নগদ অর্থ চলে যায়। টাঙ্গাইলে ১৪শ ৫৩ জন কৃষক এই অর্থ পান।

  5. ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে ইতালি

    ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই একটি ব্রেকিং নিউজ জানাচ্ছে ইতালির সংবাদ মাধ্যমগুলো।

    সেখানে বলা হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে দেশটির প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

    মঙ্গলবার ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, হরমুজ প্রণালি আবার চালু করতে সব ধরনের চেষ্টা চালানো উচিত।

    ইসরায়েলের সাথে ইতালির চুক্তিটি ২০০৩ সালে স্বাক্ষরিত হয়েছিল এবং ইতালির রাজনৈতিক সরকারগুলো প্রতি পাঁচ বছর পরপর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করে আসছিল।

  6. সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সমস্যা আরও বাড়বে: ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথই তাদের পছন্দনীয়।

    ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাথে এক কথোপকথনে এ কথা বলেন।

    পেজেশকিয়ান জানান, হুমকি, চাপ কিংবা সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিজেদের সমস্যা আরো বাড়াবে এবং পরিস্থিতি আরো জটিল হবে।

    ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও নীতি মেনে চলতে উৎসাহিত করা- এমন মন্তব্যও করেছেন মি. পেজেশকিয়ান।

  7. যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পার হয়েছে চারটি জাহাজ

    যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই চারটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার খবর মিলেছে।

    জাহাজের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই। তথ্য বিশ্লেষণে দেখা গেছে ওয়াশিংটনের নৌ অবরোধ শুরু হলেও চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

    মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এই জাহাজগুলোর মধ্যে দুটি আগেই ইরানের বন্দরে গিয়েছিল।

    এদের মধ্যে ‘ক্রিস্টিয়ানা’ নামের একটি জাহাজ আগে ইরানে গিয়েছিল।

    অন্যদিকে, রিচ স্টারি নামের আরেকটি জাহাজ আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত ছিল। এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে যাত্রা করে রাতেই হরমুজ প্রণালি পাড়ি দেয়।

    যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আরেকটি জাহাজ মুরলিকিশান। এই জাহাজটি চীনের লানসান থেকে রওনা হয়ে রাতের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ওই জাহাজের সর্বশেষ অবস্থান ছিল ইরানের কেশম দ্বীপের পূর্বদিকে।

    এছাড়াও এলপিস নামের আরেকটি ট্যাংকার ইরানের বুশেহর বন্দর থেকে মঙ্গলবার পূর্বদিক দিয়ে প্রণালি অতিক্রম করেছে। এটিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তবে এই জাহাজটির গন্তব্য কোথায় সেটি নিশ্চিত হওয়া যায়নি।

    তবে, ধারণা করা হচ্ছে এই জাহাজগুলো তাদের অবস্থান গোপন করতে কৌশলের আশ্রয় নিয়ে থাকতে পারে।

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, সোমবার দুপুর থেকে তারা ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া পথ অবরোধ করবে।